২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্তাবিও পাসের সাক্ষাৎকার: বৌদ্ধধর্ম আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে

samin_sababa

Published : 31 Mar 2012, 12:06 AM

Updated : 02 Sep 2022, 08:37 PM

সাক্ষাৎকার নিয়েছেন: আলফ্রেড ম্যাকাডেম

৩১শে মার্চ মেহিকোর মহান কবি ও প্রাবন্ধিক অক্তাবিও পাসের ৯৮তম জন্মবার্ষিকী। ১৯৯০ সালে তিনি সাহিত্যে অসামান্য অবদানের জন্য নোবেল পুরষ্কার অর্জন করেন। দু দফায় তিনি ভারতে আসেন। দ্বিতীয় দফায় তিনি ভারতে মেহিকোর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ছয় বছরের মত। ১৯৯৮ সালে তিনি মৃত্যু বরণ করেন। অনূদিত এই সাক্ষাৎকারটি ১৯৯০ সালে গৃহীত হয়েছিলো প্যারিস রিভিউ পত্রিকার পক্ষ থেকে। পাসের ৯৮তম জন্মবার্ষিকীতে এই দীর্ঘ সাক্ষাৎকারের নির্বাচিত কিছু অংশ এখানে প্রকাশ করা হলো। সাক্ষাৎকারটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন সামিন সাবাবা–বি.স.

Image
octaviopaz.jpg


………
অক্তাবিও পাস
………

প্রশ্ন: অক্তাবিও, সম্ভবত আপনার মনে আছে, আপনি জন্মেছিলেন ১৯১৪ সালে….
অক্তাবিও: খুব ভাল মনে নেই।

প্রশ্নঃ : মেহিকান বিপ্লবের ঠিক মাঝামাঝি এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরুর দিকে। বলা যেতে পারে একটা যুদ্ধ জর্জরিত শতাব্দির মধ্য দিয়ে আপনি জীবন পার করেছেন। বিংশ শতাব্দি নিয়ে আপনার ভালো কিছু বলার আছে কি ?

অক্তাবিও :আমি টিকে আছি, আমার মনে হয় তাই যথেষ্ট। আপনি জানেন ইতিহাস এক জিনিস আর আমাদের জীবন আরেক জিনিস। আমাদের শতাব্দিটা ছিল ভয়ানক, এই সর্বজনীন ইতিহাসের এক অন্যতম দুঃখময় শতাব্দি-কিন্তু আমাদের জীবন প্রায় সবসময়ই কমবেশি একরকম। ব্যক্তিগত জীবন কখনই ঐতিহাসিক নয়। ফরাসি এবং আমেরিকার বিপ্লব অথবা গ্রিক আর পারসিকদের মাঝে যুদ্ধের কালে অথবা যে কোনো তাৎপর্যপূর্ণ সর্বজনীন ঘটনার মাঝে ইতিহাস বিরামহীনভাবে বদলাতে থাকে। কিন্তু মানুষ বাঁচে, কাজ করে, প্রেমে পড়ে, মারা যায়, অসুস্থ হয়, বন্ধুত্ব পাতায়, আলোকিত মুহূর্ত অথবা দুঃখময়, এবং তার কোনোই সম্পর্ক নেই ইতিহাসের সাথে । থাকলেও খুব কম আছে।

প্রশ্নঃ : তাহলে আমাদের অবস্থান ইতিহাসের ভেতরে এবং বাইরেও?

অক্তাবিত্ত :হ্যাঁ, ইতিহাস আমাদের পটভূমি ও পরিপ্রেক্ষিত এবং তার মাঝে আমাদের বিচরণ। কিন্তু আসল নাটকীয়তা আর কৌতুক হলো আমাদের ভেতরে, এবং তা পঞ্চম শতাব্দি অথবা ভবিষ্যত শতাব্দির যে-কারো জন্যেও তা সমানভাবে প্রযোজ্য। জীবন ঐতিহাসিক নয় বরং প্রকৃতির মত কিছু।

প্রশ্নঃ :The privileges of Sight বইটিতে আপনি এর সাথে আপনার সম্পর্ক সম্বন্ধে বলেছেন "আমি অথবা আমার বন্ধুরা কেউই কখনও টিসিয়ান, ভেলাসকেথ অথবা সেজান দেখেনি, তা সত্তেও আমরা শিল্প দ্বারা পরিবেস্টিত"। সেখানে 'মিসোআক'-এর কথা বলেছেন, ছেলেবেলায় যেখানে থাকতেন এবং বিংশ শতাব্দির শুরুর দিককার মেহিকান শিল্পের কথাও বলেছেন।

Image
paz-1.jpg


………
কৈশোরে অক্তাবিও পাস
………

অক্তাবিও: 'মিসোআক' এখন মেহিকো সিটির একটি বিচ্ছিরি আবাসিক এলাকা, কিন্তু যখন আমি ছোট ছিলাম জায়গাটা একটা ছোট গ্রাম ছিল। কলম্বাস আসার পূর্বের সময়কার একটি পুরোনো গ্রাম, 'মিসোআক' নামটা এসেছে দেবতা Mixcoatl-এর নাম থেকে, যা হলো Nahuatl ভাষায় ছায়াপথের নাম, এর আরেক অর্থ "মেঘলা সাপ", যেন ছায়াপথটা একটা মেঘের তৈরি সাপ। আমাদের একটা ছোট পিরামিড ছিল, ছোটখাটো কিন্তু পিরামিড বটে। আরও ছিলও সপ্তদশ শতাব্দির একটি কনভেন্ট। আমাদের পাড়াটার নাম ছিল সান হুয়ান এবং এর সবচাইতে পুরোনো জায়গাগুলির মধ্যে অন্যতম ছিল ষোল শতাব্দির একটি প্যারিশ গির্জা, আঠার ও উনিশ শতাব্দির ঘরানার বাড়িঘরও ছিলো, বিশাল বাগানওয়ালা। কারন মেহিকো উনিশ শতাব্দির শেষের দিকে বুর্জোয়া মেহিকানদের জন্য গ্রীষ্মকালীন রিসোর্ট ছিল। আমার পরিবারের একটা গ্রীষ্মনিবাস ছিলো সেখানে। কলম্বাস-পূর্ব এবং উপনিবেশিক, এই দুই ভিন্ন অতীতের ক্ষুদ্র স্মৃতি দ্বারা পরিবেষ্টিত ছিলাম যা তখনও বেশ ভালোভাবেই টিকে ছিল।

প্রশ্ন: আপনি মেহিকোর আতশবাজি সম্পর্কে The privileges of Sight-এ বলেছেন।

অক্তাবিও: আমি আতশবাজির খুব ভক্ত। এগুলো আমার ছেলেবেলার অংশ। শহরে একটি অংশ ছিল যেখানে কারিগররা সবাই আতশবাজির শিল্পে বিশেষ পারদর্শী ছিল, পুরো মেহিকোতে তাদের খ্যাতি ছিল। তারাই শহরের যত ধর্মীয় অনুষ্ঠান যেমন বির্হেন দে গুয়াদালুপে, ধর্মীয় নানা অনুষ্ঠান এবং বর্ষবরণের জন্য আতসবাজি তৈরি করত। আমার মনে আছে তারা কিভাবে গির্জার দেয়ালগুলোকে অগ্নি-ঝরনায় রূপান্তরিত করত। এটা ছিলো বিষ্ময়কর! মিসোআক এমন এক জীবন দ্বারা প্রণোদিত ছিল যা আজ বড় শহরগুলোতে খুঁজে পাওয়া যায় না।

প্রশ্ন: আপনাকে মিসোআক-এর জন্য স্মৃতিকাতর মনে হচ্ছে। কিন্তু আপনি সেই অল্পসংখ্যক মেহিকান লেখকদের মধ্যে একজন, যারা মেহিকো সিটির একদম প্রান কেন্দ্রে বসবাস করেন। মেহিকো সিটি বৈচিত্রময় এবং অচিরেই পৃথিবীর বৃহত্তম শহর হতে চলেছে, কিন্তু, এর দূষণ, গাদাগাদি অবস্থা, দারিদ্র যেন এক দুঃস্বপ্ন। ওখানে থাকাটা কি আপনার জন্য উদ্দীপনা নাকি বাধা?

অক্তাবিও:মেহিকো সিটির প্রাণকেন্দ্রে থাকা কোনো উদ্দীপনাও নয়, আবার কোনো বাধাও না। এটি একটি চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ-এর মোকাবেলা করার একমাত্র উপায় তার মুখোমুখি হওয়া। আমি মেহিকোর অন্য শহরগুলোতে থেকেছি কিন্তু আমার কাছে কোনো কারণে পছন্দের হওয়া সত্ত্বেও সেগুলোকে অবাস্তব মনে হয়েছে। এক পর্যায়ে আমি এবং আমার স্ত্রী আমরা এখন যে আপার্টমেন্টটাতে আছি সেখানে চলে আসার সিদ্ধান্ত নেই। যদি মেহিকোতে থাকেন তাহলে অবশ্যই আপনার মেহিকো সিটিতে থাকতে হবে।

প্রশ্ন :পাস পরিবার সম্পর্কে কিছু বলবেন কি?

অক্তাবিও:আমার বাবা ছিলেন মেহিকান, এবং মা স্পেনীয়, আমাদের সাথে এক ফুপু থাকতেন- উনি ছিলেন একটু পাগলাটে, ফুপুরা যেমন হয়, তিনি ক্যাব্যিকও ছিলেন নিজের অদ্ভুত নিয়মে। আমার দাদা ছিলেন আইনজীবী এবং লেখক, খ্যাতিমান ঔপন্যাসিক । আমাদের পরিবার একসময়ে তার একটি সর্বাধিক বিক্রিত বইয়ের উপার্জন দিয়ে চলেছে, মিসোয়াকের বাসাটা তারই ছিল।

প্রশ্ন: আর বই? আমি ভাবছি সেই বোর্হেসের কথা, যিনি বলতেন যে, যিনি তার বাবার গ্রন্থাগার ছেড়ে কখনোই দূরে যাননি।

অক্তাবিও:এইটা একটা কৌতুহল উদ্দীপক সাজুয্য। আমার দাদার একটি খুব সুন্দর গ্রন্থাগার ছিলো, যা ছিল মিসোআক-এর বাড়িটার বিশেষ আকর্ষণ। তাতে ৬ থেকে ৭ হাজার বই ছিল, এবং আমারও ছিল পড়ার অগাধ স্বাধীনতা। আমি পড়ুয়া হিসেবে অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম এবং ছেলেবেলায় নিষিদ্ধ বইও পড়েছি। কারণ কারো খুব একটা খেয়াল ছিলো না আমার পড়ার বস্তুর দিকে। আমি খুব যৌবনেই ভলতেয়ার পড়েছি। হয়তবা তার কারণেই আমি এক পর্যায়ে ধর্মে বিশ্বাস হারিয়েছে। আমি যৌনধর্মী উপন্যাস পড়তাম, ঠিক পর্নোগ্রাফি নয় কিন্তু রগরগে বটে।

প্রশ্ন: আপনি কি শিশুদের জন্য লিখা বই পড়তেন?

অক্তাবিও: অবশ্যই। আমি সালগারি নামের এক ইতালীয় লেখকের অনেক বই পড়েছি। সে মেহিকোতে বেশ জনপ্রিয়। আর ছিলো জুল ভার্ন। আমার এক বিশেষ প্রিয় নায়ক ছিলো আমেরিকার বাফেলো বিল। আমি ও আমার বন্ধুরা কালানুক্রম লঙ্ঘন করার বোধ অথবা বিবেকের ন্যূনতম দংশন ছাড়াই আলেক্সান্ডার ডুমার থ্রি মাস্কেটিয়ার্স থেকে কাউবয়দের কাহিনীতে চলে যেতাম।

Image
paz-2.jpeg


………
যৌবনে অক্তাবিও পাস
………
প্রশ্নঃ: আপনার দেখা প্রথম পরাবাস্তব ছবি-যা ছিলো একটি ঘরের দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসা ডালপালার ছবি-আপনি একসময় বলেছিলেন যে তা দেখে আপনার কাছে চরম বাস্তব মনে হয়েছে।

অক্তাবিও: তা সত্য। মিসোআক-এর বাসাটি ধীরে ধীরে চারিদিকে ক্ষয়ে যেতে থাকে। আমরা একটার পর একটা ঘর ছাড়তে বাধ্য হই কারণ ছাদ আর দেয়ালগুলো খসে পড়ছিলো।

প্রশ্ন: ১৯৩০ সালে, যখন আপনি ১৬ তখন ন্যাশনাল প্রিপারেটরি স্কুল-এ ভর্তি হন। স্কুলটি কেমন ছিলো? এবং আপনি ওখানে কী কী পড়েছেন?

অক্তাবিও: স্কুলটা সুন্দর ছিল। ওটা তৈরি করা হয়েছিলো সতের শতাব্দির শেষের দিকে, যা হলো মেহিকান স্থাপত্যে"ব্যারোক" চর্চার শীর্ষ সময়। স্কুলটি বেশ বড় ছিল, এবং এর পাথর, থাম আর করিডোরগুলোর মধ্যে আভিজাত্য ছিল। এর একটা নান্দনিক আকর্ষণ ছিল। দ্বিতীয় দশকের সময় সরকার এইখানে অরোস্কো এবং রিভেরাকে দিয়ে দেয়ালচিত্র আঁকিয়েছিলো। (দিয়েগো) রিভেরার আঁকা প্রথম দেয়ালচিত্র ছিল আমার এই স্কুলেই।


প্রশ্ন: আমরা যদি যুদ্ধের সময়কার মেহিকোতে ফিরে যাই, তাহলে আপনার সাথে পাবলো নেরুদার সম্পর্কের ব্যাপারে জানতে চাইবো, যিনি তখন চিলির কনসাল জেনেরাল হয়ে মেহিকোতে ১৯৪০ সালে এসেছিলেন।

অক্তাবিও: আগেই বলেছি, তিনের দশকে যখন আমি প্রথম আধুনিক কবিতা পড়তে শুরু করি তখন নেরুদার কবিতা আমার কাছে ওহির মতো মনে হয়েছিলো। আমার বই প্রকাশের পরে, নেরুদাকে একটা কপি পাঠিয়েছিলাম। তিনি আমাকে কোনো উত্তর দেননি, কিন্তু স্পেন-এর কনগ্রেসে যোগ দেয়ার জন্য তিনিই আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি যখন ১৯৩৭ সালে প্যারিস-এ পাড়ি দেই, তখন কাউকেই চিনতাম না। কিন্তু ট্রেন থেকে নামতে যাব এমন সময় এক লম্বা লোক আমার দিকে 'অক্তাবিত্ত পাস! অক্তাবিত্ত পাস!' বলতে বলতে দৌড়ে এলেন। তিনি ছিলেন নেরুদা । তিনি বললেন, 'ওহ, তুমি এত কমবয়সী!' এবং আমরা আলিঙ্গন করি। নেরুদা আমাকে একটি হোটেল খুঁজে দেয় এবং আমরা ভাল বন্ধুতে পরিণত হই। যারা আমার কবিতাগুলো প্রথম লক্ষ্য করে সহানুভূতির সাথে পড়েছিলেন তাদের মধ্যে নেরুদা অন্যতম।

প্রশ্ন :তাহলে সমস্যাটা কোথায় ছিলো?

অক্তাবিও: উনি যখন মেহিকোতে প্রথম এলেন, আমি প্রায়ই দেখা করতাম তার সাথে। কিন্তু কিছু সমস্যা ছিল। প্রথমটা হল ব্যক্তিগত। নেরুদা মহৎ কিন্তু প্রভাব খাটাতে পছন্দ করতেন। হতে পারে আমি আমার নিজস্ব স্বাধীনতার ব্যাপারে অতি ইর্ষান্বিত এবং বিপ্লবী। নেরুদা তার নিজস্ব দলবল দ্বারা পরিবেষ্টিত থাকতে ভালবাসতেন, এদের কেউ কেউ বুদ্ধিদীপ্ত হলেও বেশিরভাগই ছিল মাঝারি মাপের মানুষ। দ্বিতীয়টি হল রাজনীতি। নেরুদা দিনে দিনে আরও বেশী স্তালিনপন্থি হচ্ছিলেন, যখন আমার স্তালিনের প্রতি মোহ ক্রমশ কমে যাচ্ছিল। শেষে লড়াইটা প্রায় হাতাহাতির পর্যায় পৌছল আর আমরা কথা বলা বন্ধ করে দেই। তিনি আমার সম্পর্কে ভয়ংকর বাজে কিছু লেখার পাশাপাশি একটি নোঙরা কবিতাও লিখেছিলেন। আমি তার ব্যাপারে খুব খারাপ কিছু লিখেছিলাম এবং তাতেই শেষ।

Image
pablo-neruda.jpg


………
পাবলো নেরুদা
………
প্রশ্ন: কোন কি মিটমাট হয়েছিল?

অক্তাবিও: আমরা বিশ বছর কথা বলিনি। তবে মাঝে মাঝে একই সময়ে, একই জায়গায় আমরা হাজির হতাম এবং আমি বুঝতাম যে নেরুদা আমাদের উভয়ের বন্ধুদেরকে আমার সাথে দেখা করতে বারণ করতো, কারণ আমি নাকি বিশ্বসঘাতক । তারপর যখন স্তালিনের ত্রাস নিয়ে ক্রুশেভের রিপোর্ট জনসমক্ষে বেরিয়ে এলো, তখন নেরুদার বিশ্বাস চুরমার হয়ে যায়। আমরা দুজনই এক কবিতা উৎসবে লন্ডনে ছিলাম। আমি কিছুদিন আগেই আবার বিয়ে করেছি এবং পাবলোও। আমি আমার স্ত্রী মারিএ হোসের সাথে ছিলাম যখন পাবলোর স্ত্রী মাতিল্দে উররুতিয়ার সাথে আমাদের দেখা হয়। উনি বললেন, আমি যদি ভুল না করি, আপনি অক্তাবিও পাস। উত্তরে আমি বলি, হ্যাঁ, আর আপনি মাতিল্দে। উনি তখন বললেন, আপনি কি পাবলোর সাথে দেখা করতে চান? আমার মনে হয় সে আপনাকে আবার দেখতে পেলে খুব খুশি হবে। আমরা যখন পাবলোর ঘরে যাই, একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিচ্ছিলো। উনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে পাবলো বললেন, 'My son', এবং আমাকে বুকে টেনে নিলেন। চিলীয় ধরণের আবেগময় প্রকাশ–mijito- এবং সে সেই বলাটা ছিলো খুব আবেগ মেশানো। আমি এতে খুবই আলোড়িত হই, এমন যে আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। আমরা অল্প কিছুক্ষণের জন্য কথা বলতে পেরেছিলাম। কারণ উনি চিলিতে ফেরত যাচ্ছিলেন। তারপর উনি আমাকে একটা বই পাঠিয়েছিলেন, এবং আমিও তাকে একটা পাঠাই, তার কয়েক বছর পরই তিনি মারা যান। ব্যাপারটা দুঃখের ছিল কিন্তু তা আমার জীবনে ঘটে যাওয়া একটি শ্রেষ্ঠ ঘটনা- এমন এক মানুষের সাথে বন্ধুত্ব অর্জনের সম্ভাবনা যাকে আমি অনেক পছন্দ করি এবং ভালবাসি।

প্রশ্ন: আপনি ঠিক কোন সময় এশীয় চিন্তাধারার প্রতি তুমুলভাবে আগ্রহী হয়ে উঠলেন?

অক্তাবিও: এটা শুরু হয় ১৯৫২ সালে প্রাচ্যে আমার প্রথম ভ্রমণের সময় । আমি প্রায় এক বছর কাটিয়েছি ভারত ও জাপানে। এই দেশগুলোর দার্শনিক এবং শৈল্পিক চর্চা বোঝার সামান্য কিছু চেষ্টা করেছিলাম। আমি ভারতের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি এবং চিরায়ত ভারতীয় কিছু চিন্তাধারার ওপর পড়াশুনা করেছিলাম। আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল চীনা এবং জাপানের কবি এবং দার্শনিকরা । ১৯৬২ সাল থেকে ১৯৬৮ সালের মাঝে, আমার দ্বিতীয় ভারত ভ্রমণের সময় আমি বেশ কিছু বড়মাপের দার্শনিক এবং ধর্মীয় গ্রন্থ পড়েছি। বৌদ্ধধর্ম আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছে।

Image
octaviopaz-3.jpg


………
জীবনের শেষ দিকে অক্তাবিও পাস
………
প্রশ্ন: আপনি কি কখনো ধর্মান্তরিত হওয়ার কথা ভেবেছেন?

অক্তাবিও: না। বৌদ্ধধর্ম একটি মানসিক এবং আত্মিক চর্চা যা আমাকে অহং এবং তার মরিচিকাগুলোর ব্যাপারে সন্দেহ গড়ে তুলতে সাহায্য করেছে। আধুনিক মানুষ এর সবচেয়ে বড় ত্রুটি হল তার আহংনিষ্ট প্রকৃতি। আমার মতে বৌদ্ধধর্ম হল অহং এবং বাস্তবতার সমালোচনা। এটি একটি মৌলিক সমালোচনা যা নেতিতে নয় বরং তা গ্রহণ গিয়ে শেষ হয়। ভারতের বিরাট বিরাট বৌদ্ধ মঠগুলি অনেক আবেদনময়ী মূর্তি এবং চিত্রদ্বারা খচিত (হিন্দুগুলোও তাই, তবে এগুলো সম্ভবত আরও পরে হওয়ার কারণে, দেখতে আরো বিচিত্র এবং 'ব্যারোক')। মূর্তি এবং চিত্রগুলোতে সবল কিন্তু শান্তিময় এক যৌনতা রয়েছে। একটি ধর্ম এবং দর্শন যা পৃথিবীকে শূন্যতা শেখায় এবং আবেদন ফিরিয়ে দিতে শেখায়, তারই মাঝে শরীর ও প্রাকৃতিক শক্তির উচ্ছলতা আমাকে বিস্মিত করেছে। আমি এই সময় একটা ছোট বই লিখি conjunctions and Disjunctions যার কেন্দ্রীয় বিষয় এটা হয়ে দাঁড়ায়।

প্রশ্নঃ: ভারতকে আবিস্কার করার পাশাপাশি সেখানে মেহিকোর রাষ্ট্রদূত হিসেবে কাজের ভারসাম্য বজায় রাখাটা কি কঠিন ছিলো?

অক্তাবিও: রাষ্ট্রদূতের কাজ কঠিন ছিলো না। আমার সময় ছিল অনেক, আমি ঘুরতে ও লিখতে পারতাম। আর তা শুধু ভারত নিয়েই নয়, ১৯৬৮ সালের ছাত্র আন্দোলনও আমাকে অভিভূত করে। আমার মনে হয়েছিল যে আমার যুবক বয়সের আশা এবং বিশ্বাসগুলোর আবার পূনর্জন্ম হচ্ছে। আমার কখনো মনে হয়নি যে এসব কিছু সমাজকে বদলে দেবে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি এক নতুন সংবেদনশীলতার আবির্ভাবের প্রত্যক্ষদর্শী, যা কোনো একভাবে আমার আগের চিন্তা এবং অনুভূতির সাথে তাল মিলিয়ে যায়।