২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মকবুল ফিদা হুসেনের সাক্ষাৎকার

শামীমা বিনতে রহমান

Published : 18 Jun 2011, 07:40 PM

Updated : 05 Sep 2022, 07:12 PM

………
মকবুল ফিদা হুসেন (১৯১৫–২০১১)
………
[২০০৬ সালে দুবাইতে স্বেচ্ছা নির্বাসনে যাবার পর সেখানে মকবুল ফিদা হুসেনের বর্তমান সাক্ষাৎকারটি নেন ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ শেখর গুপ্ত। এনডিটিভি ২৪.৭'র ওয়াক দ্য টক অনুষ্ঠানে এটি সম্প্রচারিত হয়।–বি.স.]

অনুবাদ: শামীমা বিনতে রহমান

শেখর গুপ্ত: এম.এফ হুসেন দুবাইতে কি করছেন? এটাতো নিয়্যুর্ক বা প্যারিস, শিল্পকলা বিকশিত কোন পরিচিত স্থানও নয়!


হুসেনের বিরুদ্ধে অভিযোগ, হিন্দু জনজাগৃতি সমিতি/অংশ–০১
মকবুল ফিদা হুসেন: আসলে আমি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করি। গত পঞ্চাশ বছরে আমি পৃথিবীজুড়ে ঘুরে বেড়িয়েছি। আমার কোথাও কোন স্টুডিও নাই। আমি কেবল রঙ সাথে রাখি এবং উঠে পড়ি কোন হোটেল রুম অথবা কোন বন্ধুর বাড়ি অথবা যে কোথাও এবং শুধু ছবিই আঁকতে থাকি। আমার ধারণা, আমার কাজ করার ধরন একজন শিল্পীরই ধরন . . . ৩/৪ বছর হলো আমি এখানে এসেছি, আমার কাছে এর কারণ মনে হয়, এটা এমন এক শহর, যেটা দ্রুত সমৃদ্ধ হচ্ছে। গত ২৫ বছর ধরে আমার ভাইয়ের এখানে বসবাসের কারণে প্রায়ই এই শহরে আমার আসা হয়েছে। মরুভূমি থেকে একটা শহরে পরিণত হতে দেখেছি এখানটিকে।

. . . তারা পুরা স্বাধীনতা দেয়। আইন শৃঙ্খলা না ভেঙে এখানে তুমি যা খুশি করতে পারো। তাই এখানে আসার সিদ্ধান্ত নেই এবং কাজ করছি . . . বছর তিনেক আগে এখানে আমার একটা প্রদর্শনী হয়েছিল এবং লোকে তা পছন্দ করেছে। আমি এখন আরব সভ্যতা নিয়ে কাজ করছি, আল-আরব। নাস্তিবাদের জায়গা থেকে নয়, জ্যোতির্বিদ্যা, ভ্রমণ, বিজ্ঞান সব কিছুতে আরব সভ্যতা কীভাবে মানব সভ্যতায় সহযোগিতা করেছে সেই জায়গা থেকে। এর ওপর ভিত্তি করে এরমধ্যেই বেশ কিছু স্কেচ করে ফেলেছি এবং মনে হচ্ছে চিত্রকর্মের সংখ্যা হবে প্রায় ৯৯টি ।

আমি পুরা দুনিয়ার নাগরিক, একজন চিত্রশিল্পীর যা হওয়া উচিৎ, কারণ তার নজর হচ্ছে দৃশ্যমান পৃথিবী। যদিও গত ৬০/৭০ বছর ধরে আমার মূল নজর হলো ৫ হাজার পুরানো ভারতীয় সভ্যতাকে চিত্রকর্মে ধারণ করা। আমি তাই করছিলাম সেখানে, রামায়ণ এবং মহাভারতকে চিত্রকর্মে প্রকাশ করেছি এবং দেশের প্রতিটি কোনায় কোনায় ঘুরে বেড়িয়েছি। কেন আমার দীর্ঘ ভ্রমণের এমন তিয়াসা, এর একটা কারণ আছে, মাত্র দেড় বছর বয়সে আমি আমার মাকে হারাই এবং তুমি যদি মায়ের সেই ভালোবাসা-টানের অভাব বোধ করতেই থাকো, মায়ের সেই কোল, ওম, তাহলে পৃথিবীর কোথাও সেই স্থান নাই . . . এটাই মূল কারণ। পৃথিবীর প্রতিটি কোনায় আমি যে নারী দেখেছি, প্রত্যেকের মধ্যে আমি আমার মাকে খুঁজে বেড়িয়েছি, বেড়াচ্ছি। খুব পষ্ট করে বললে, আমি এই-ই খুঁজে বেড়াচ্ছি, কারণ ভারতীয় সংস্কৃতির সার কথাই হলো শক্তি, নারী।

শেখর: যখন লোকে আপনাকে সবচে খ্যাত নির্বাসিত ব্যক্তি হিসাবে দেখে, কেমন মনে হয় তখন?

হুসেন: আমার সত্যি এ পৃথিবীর প্রতি হাসি পায়। 'নির্বাসন' কী জিনিস? গত ৫০ বছর ধরে আমি দুনিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছি, এ কারণে? আমি পুরা সময় কাজ করে যাচ্ছি, এখানে নির্বাসন নামক কোন বস্তু নাই। প্রায় বছর তিনেক আগে আমি এখানে আসি এবং স্টুডিও স্থাপন করি, কারণ এটা ভারতের খুব কাছে এবং বহু বছর ধরে আরব বিশ্ব আর ভারত নিজেদের অনেক কিছুই পরস্পরের সাথে লেনদেন করে আসছে। এমনকি আমি যখন লন্ডন যাই, তখনো সেটাকে আমার আধা ভারতই মনে হয়, সব কিছুই অনেক আপন-আপন লাগে। একমাত্র যখন আমি নিয়্যুর্ক যাই, আমার মনে হতে থাকে আমি একজন বহিরাগত।

মকবুল ফিদা হুসেনের পেইন্টিং
(বড় আকারে দেখতে ছবিতে ক্লিক করুন।)

শেখর: অ্যামেরিকায় নিজেকে আপনার বহিরাগত মনে হয় কেন?

হুসেন: প্রথম কথা, আমি ৫ হাজার বছর পুরানো একটা দেশের লোক বিধায় যেইখানে অ্যামেরিকা মাত্র ২শ বছর পুরানো। আর ২শ বছর কিছুই না; তাদের আরো ১ হাজার বছর লাগবে বুঝতে…

শেখর: কিন্তু, আপনি যদি নিয়্যুর্ক, প্যারিস—এমনকি লন্ডনেও যদি চিত্রশিল্পী হিসাবে কাজ করতেন, তাহলে ভারতে আপনাকে যার মুখোমুখী হতে হচ্ছে, তা হতে হতো না?

হুসেন: আমি কী মোকাবেলা করছি? কিচ্ছু না। মামলাগুলা, ওসব তুচ্ছ বিষয় আমার কাছে। সব সত্ত্বেও আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি। এবং আমি যা কিছুই এঁকেছি তা রিয়ালিস্টিক নয়, সেগুলি আমি সমসাময়িক প্রবণতা অনুযায়ী, আধুনিক চিত্রশিল্পের বৈশিষ্ট্যের ভিতরেই এঁকেছি! সুতরাং এটা বোঝা খুব মুশকিল। আমার চিত্রকর্মে, যেখানে নারীর শরীর এঁকেছি, সেটা নগ্ন কিন্তু সেই শরীর বাস্তববাদী নয়। আমার চিত্রকর্মে নারীর শরীরের প্রত্যেকটা অংশের ডিটেইল আমি আঁকি না, যেমনটা এমনকি আমাদের মন্দিরগুলাতেও দেখা যায়। নগ্নতা হলো বিশুদ্ধতা এবং শক্তির রূপক।

শেখর: তো আপনি ভাবছেন লোকে এসব বুঝতে পারছে না? নাকি তারা জেনেবুঝে, উদ্দেশ্যমূলকভাবে বুঝতে না চাওয়াটাকে বেছে নিয়েছে?

হুসেন: আমি আসলে কারণটি জানি না, কিন্তু মনে হয় এটি জানতে সময় লাগবে। যেমন ধরুন, রেনেসাঁসের পর য়্যুরোপে যখন ইমপ্রেশনিস্ট ধারা এলো, ওটা প্রত্যাখ্যাত হলো। ওরা এটাকে অর্থহীন বলেছিল, কিন্তু আজ এটা ধ্রুপদী শিল্প হয়ে উঠেছে। ভারতের স্বাধীনতার পর থেকে কনটেম্পোরারি আর্টিস্টদের কাজের মাধ্যমে বড় একটা শিল্প-আন্দোলন গড়ে উঠেছে। শত শত আর্টিস্ট আঁকছেন এবং এদের সবাই এটির (ইমপ্রেশনিস্ট ধারা) উপর ভিত্তি করেই কাজ করছেন।

শেখর: তাহলে হয়তো সেটা ছিল তার সময় থেকে খানিকটা এগিয়ে থাকা একটা সৃজনশীল আইডিয়া?

হুসেন: সব সময়ই তা আছে। ভিজ্যুয়াল আর্ট সবসময় সময় থেকে এগিয়ে থাকে; কারণ, জীবন ও প্রকৃতির নির্দিষ্ট কাঠামোর পরিবর্তনগুলি তারা আগেই দেখতে পায়। বস্তুজগতকে যেভাবে সে ওলট-পালট করে ফেলেছে তাতে মানুষ একটা শক্তি বটে! যেইভাবে সে আরেকটা পৃথিবী তৈরি করেছে!

শেখর: এটা আপনাকে উদ্বিগ্ন বা হতাশ করেছিল কী? আপনি সারা জীবন নানা বিতর্ক মোকাবেলা করে আসছেন, কিন্তু নির্দিষ্টভাবে এ বিষয়ের ক্ষেত্রে?

হুসেন: মোটেই না। মামলাগুলা চলছে, কিন্তু কেউ আমার কাজ করাকে থামায় নি। এবং বিষয় হচ্ছে, যে কাজ আমি ২০/৩০ বছর আগে করে এসেছি, এখন তো আমি তা করবো না। এমনকি আজকের দিন পর্যন্তও আমি এমনটাই করছি।

শেখর: কিন্তু এ সময়ে এটা সহিংস হয়ে উঠেছে, এক জায়গায় হামলা হয়েছে, সেখানে কিছু ক্ষয়-ক্ষতি, ভাঙচুর হয়েছে।

হুসেন: না, সেখানে কিছুই ঘটেনি। কোন ভাঙচুর হয় নি। কে বলেছে ওরকম ঘটনা ঘটেছিল? সব ঠিক আছে, প্রতিবাদ এবং সবকিছু। কিন্তু তারা কখনো আমার ক্ষতি করে নি এবং আমি যা কিছু করে বেড়াই, তা থেকেও আমাকে থামিয়ে রাখে নি।


হুসেনের বিরুদ্ধে অভিযোগ, হিন্দু জনজাগৃতি সমিতি/অংশ–০২

শেখর: আপনি বলছেন, ভারত থেকে আপনার চলে যাওয়ার সাথে আপনাকে নিয়ে বিতর্কের কোন সম্পর্ক নাই?

হুসেন: না। কোন সম্পর্ক নাই।

শেখর: কিন্তু সেখানে একটা লম্বা দূরত্ব এখন। আমাদের মধ্যকার অনেক প্রশংসাকারী এখন মনোকষ্টে আছেন।

হুসেন: আমি এসব সম্পর্কে আসলে জানি না। ৩০ ডিসেম্বর কোলকাতায় আমার একটা প্রদর্শনী শুরু হতে যাচ্ছে এবং আমি সেখানে থাকবো।

শেখর: যারা আপনার চিত্রকর্ম নিয়ে হতাশ ছিল, মামলা দায়ের করেছিল, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে?

হুসেন: বিষয়টা এখন আদালতে আছে। সেই মানুষগুলা হলো যারা ক্ষিপ্ত হয়েছিল। আমি কীভাবে প্রতিটি ব্যক্তি, বিশেষ করে সাধারণ মানুষের কাছে যাবো! এটা খুব কঠিন।

শেখর: কিন্তু আপনি কাউকে কাউকে আহত করেছেন বলে কি অনুতাপ প্রকাশ করেছিলেন?

হুসেন: এরইমধ্যে আমি বলেছি যে, আমি যা করেছি তা দৃঢ় বিশ্বাস এবং ভালোবাসা নিয়েই করেছিলাম। কিন্তু এরমধ্যে যদি কারো অনুভূতিতে আঘাত লাগে, আহত হন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

শেখর: এবং আগে আপনি যেরকম বলেছিলেন যে আল্লাহ এক। কারণ, এখন যদি আমি আপনার কাছে মানুষের মনের ভেতর থাকা যাবতীয় প্রশ্ন, সমালোচনাকে নির্দয়ভাবে হাজির করি . . .

হুসেন: দেখুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দিকে, আমরা বরং সৌন্দর্য নিয়ে কথা বলি . . .এই পৃথিবীর ইতিবাচক দিকগুলা নিয়ে কথা বলি, কারণ আমাদের এতো বড় দেশে ওসব তুচ্ছ জিনিসের মতো। বাইর থেকে আসা সব ধরনের শক্তিকে ধারণ করে আমরা একটা একক সংস্কৃতি বিকশিত করতে পেরেছি, যাকে বলা যেতে পারে সমন্বিত সংস্কৃতি।

শেখর: যখন কার্টুন বিতর্ক নিয়ে ব্যাপক চলছে, এসময়ে এরকম কথা জটিলতা বাড়াবে . . .

হুসেন: আমি এসবের সাথে একেবারেই যুক্ত না. . .কেবল সৌন্দর্য নিয়েই আমার যত উদ্বেগ, ব্যাস! আর কিছুই আমাকে বিব্রত করে না।

শেখর: ব্যাপক ভক্তি, অনুরাগ নিয়ে আপনি হিন্দু দেবতা-দেবীর ছবি এঁকেছেন, যেমন: গণেশ দেবতা। অনেক দিন ধরে এটা আপনার সাথে রূপক হয়ে আছে।

হুসেন: ভারতে আপনি যে কোন বাড়িতে যান, শুধু একটা না অনেক গণেশ আপনি দেখতে পাবেন।

শেখর: আপনার নিজস্ব যে ব্যক্তিজীবন, সেখানে কি আপনি ধার্মিক?

হুসেন: আমি একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসী নই।

শেখর: আপনি প্রার্থণার কোন ধরন অনুসরণ করেন কি, মন্দির বা মসজিদে কি যান আপনি?

হুসেন: আমি জন্মেছিলাম পাণ্ডারপুরে এবং আমার মা একজন মহারাষ্ট্রীয় এবং 'খুদাই কসম' বলার বদলে তিনি বলতে অভ্যস্ত 'দেবাশীষ শপথ' . . . আমি সেইরকম একটা পরিবেশে বেড়ে উঠি।

শেখর: আশ্চর্য নই যে, এরকম একটা সঙ্গতিপূর্ণ সমন্বিত সংস্কৃতির মধ্যে আপনি বড় হয়েছেন; তো, লোকে যে প্রশ্নটি আপনার দিকে ছুঁড়তে চায়, তা হলো, যদি আপনি হিন্দু দেবী-দেবতার ছবি আঁকতে পারেন, তাহলে নবীর চিত্রকর্ম করেন নি কেন?

হুসেন: আমি কিছুই বলতে চাই না।

শেখর: আমরা সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যখন লন্ডনে আপনার ডান হাতটা ভেঙে গেল।

হুসেন: হুম, দুই মাস আমার ডান হাত প্লাস্টারে ঢাকা ছিল। তো আমি ভাবতে থাকলাম, তাহলে এখন কী করা যায়! তখন আমি আমার বাম হাত দিয়ে আঁকা শুরু করলাম। আমি রঙের গঠন-বৈশিষ্ট্য সম্পর্কে অভিজ্ঞতা নিতে থাকলাম। ৬০/৭০ বছর ধরে আঁকা-আঁকির পর এখন আপনার কারিগরি দিক নিয়ে ধস্তাধস্তির কিছু নাই, কিন্তু কল্পনাশক্তি নিয়ে করার আছে অনেক কিছু।

শেখর: বিবর্তনের প্রেক্ষিত থেকে যদি বলি, আপনার চিত্রকর্ম এখন কোন দিকটিকে বিকশিত করছে?

হুসেন: এখন আমি ব্যাপক আগ্রহী ইতিহাস বিষয়ে. . . এবং ইতিহাস হতে হলে তোমার কী করা উচিৎ! তিন বছর আগে আমি একটা সিরিজ কাজ করেছি, ' বিশ শতকের এক চিত্রশিল্পীর স্বপ্ন', কারণ, মানব সমাজে এই বিশ শতক সবচে বৈচিত্রপূর্ণ সময়কাল। অসংখ্য ঘটনা ঘটেছে। ১৯১১ সালে প্রথম বিমান উড়লো, চাঁদে পৌঁছে গেল ১৯৫০-এর মধ্যে। সকল বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, কবিতা–যা যা কিছু ঘটেছে আমি সব কিছুর ছবি এঁকেছি ওই ধারাবাহিক চিত্রকর্মে। ২৫টি চিত্রকর্ম আমি শেষ করে ফেলেছি, এর একটা প্রদর্শনী এখানে হবে প্রথম, এরপর সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায়। বাকি ৭৫টি ছবি আঁকার কাজ চালিয়ে যাচ্ছি এখন। আরেকটা বিষয় হলো, আরব সভ্যতার ইতিহাস। কিন্তু সবকিছুর পরও চিত্রশিল্পীর পরিবর্তে আমি একজন চলচ্চিত্র নির্মাতা হতে চাই। কারণ আমি চলচ্চিত্র মাধ্যমকে সবচে বৈচিত্র্যপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করি, যেখানে সব ধরনের শিল্পমাধ্যমের আন্তঃসম্পর্ক রয়েছে–সাহিত্য, সঙ্গীত, কবিতা, সবকিছুই এখানে আছে। বাণিজ্যিক বিষয়-আশয়কে আমি পাত্তাই দেই না, কিন্তু সৃজনশীলতা থাকতে হবে। ৪০/৫০ বছর পর আমি সুযোগ পাই এবং মাধুরী দীক্ষিতকে নিয়ে বানাই গজগামিনী চলচ্চিত্র। গত ৫০/৬০ বছর ধরে আমি পেইন্টিংয়ে যে নারী খুঁজে বেড়াচ্ছিলাম, মাধুরীর মাধ্যমে তা একটা পূর্ণতা পায় গজগামিনীতে, পুরা ছবিটাই শরীরী ভাষার ওপর আর তার প্রত্যেকটা নড়ন-চড়ন এত্তো ভারতীয়। এর ১০/১১ বছর পর আমি আরেক জনের মধ্যে নারী গঠন প্রকৃতি খুঁজে পাই, ভারতীয় সিনেমায়, তিনি হলেন অমৃতা রাও। তিনি ম্যাঙ্গালুরের, হাতে গোনা কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সুরাজ ভারজাত্যের ভিভাহ চলচ্চিত্রে, শহুরে ছোট্ট মেয়ে ও তার মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন এমন ভাবে, আমার ধারণা ওইটা একটা অসাধারণ চলচ্চিত্র হয়েছে। এবং এটা বিশাল জনপ্রিয়তার দিকে এগিয়ে যাবে। আমি এখন এই সিনেমা নিয়ে কাজ করছি। এরমধ্যে ছবিটা ১০বার দেখে ফেলেছি।

শেখর: তো আপনার ৭৫ বার দেখা হাম আপকে হ্যায় কৌন ছবিটি ছুঁতে এটির এখনো লম্বা পথ বাকি আছে?

হুসেন: না, আমার ধারণা আমি কমপক্ষে ১শ বার ছবিটি দেখবো। কারণ ছবিটিতে বাঁধন হারা কল্পনার চাইতে অনেক বেশি রকমের বাস্তবতা আছে . . . যেমন একটা বিশাল বাড়ি এবং ব্যাপক নাচ এবং গান। এটা ফ্যান্টাসি থেকে বাস্তবতায় ফিরিয়ে আনার ছবি, একটা ছোট্ট শহরে একটা মধ্যবিত্ত পরিবারের গল্প।

শেখর: তাছাড়াও সিনেমা বানানো দিন দিন ভালো হচ্ছে ভারতে!

হুসেন: আমি দুইটা ছবি বানিয়েছি। আমি বানিয়েছি গজগামিনী এবং আমি বানিয়েছি টেল অব থ্রী সিটিজ, কারণ আমি খুব শহর প্রিয় মানুষ। আমার একটি প্রিয় শহর হায়দ্রাবাদ, আরেকটি জয়সালমির এবং তৃতীয়টি আমি মনে করি প্রাগ, পুরা য়্যুরোপের সবচে সুন্দর শহর।

শেখর: অমৃতা রাওয়ের কোন দিকটি বিশেষভাবে আলাদা মনে করেন? এবং আমি জানি বোম্বে সিনেমার অনেক অভিনেত্রী সত্যিই হতাশ হয়ে পড়বে।

হুসেন: এখানে অনেক ভালো অভিনেত্রী আছে, কিন্তু আমার গভীর মনোযোগ হচ্ছে আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত যে কোন কিছুতেই। আপনি ফ্রান্স, অথবা নিয়্যুর্ক অথবা যে কোথাও একটা বড় মাপের চিত্রকর্ম করেন, কিন্তু এরমধ্যে যদি ভারতীয় সংস্কৃতির নির্যাস থাকে–আমি গভীর গুরুত্ব নিয়েই যুক্ত থাকবো! আমার পুরা জীবনে আমি তা অব্যহত রাখবো। যদিও আমি অন্য দেশগুলাতে কী হচ্ছে, তা খারিজ করে দেই না। আমি যথার্থই আছি পুরোগামী শিল্পী সত্তার সাথে এবং অ্যামেরিকা যা বানাচ্ছে, যেমন অ্যান্ডি ওয়্যেরোল। সে একজন ভালো চিত্রশিল্পী ছিল, কিন্তু সে এমন এক সংস্কৃতিকে ধারণ করে, সেটা হলো জাঙ্ক কালচার। সেটা সেখানে বৈধ বা গ্রহণযোগ্যতা সম্পন্ন, কিন্তু আমি এখানে বসে কেন সেটা অনুকরণ করবো?


হুসেনের বিরুদ্ধে অভিযোগ, হিন্দু জনজাগৃতি সমিতি/অংশ–০৩

শেখর: আপনি বলেছিলেন ভিভাহ, হাম আপকে হ্যায় কৌন ছবির খণ্ডাংশ। অমৃতা রাওকে কি আপনি মাধুরী দীক্ষিতের একটা অংশ মনে করেন?

হুসেন: অভিনয়ের ক্ষেত্রে সে একেবারেই নতুন, কিন্তু তার ভেতরে প্রচণ্ড সম্ভাবনা আছে। সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তার ওপর কাজ করবো এবং আমার বাছাইয়ে ভুল হয়েছে, বলা যায় কালেভদ্রে।

শেখর: তার মানে আপনি বলতে চাচ্ছেন গ্ল্যামার, সৌন্দর্য, আকর্ষণ এসব বাছাইয়ের বিষয়ে আপনার পছন্দ কখনো ভুল হয়নি?

হুসেন: ঠিক বলেছেন। এটাই হচ্ছে জীবনের প্রবল উৎসাহ ও আনন্দকে ধরে রাখার গোপন কথা। সেটা এমন যে তুমি সব সময়, প্রেমে থাকবে। নারীর সাথে শুধু প্রেম নয়, সত্যিকারের আবেশ নিয়েই থাকবে!

শেখর: এবং অমৃতা রাওয়ের বিশেষ ভিন্নতা বা আলাদা দিক কী?

হুসেন: আমি বলেছি-ই, আমি খুব গুরুত্ব দেই শারীরিক ভাষা এবং আমাদের সংস্কৃতির সাথে যায়, এরকম যে কোন কিছু। যা কিছুই তুমি সৃজন করো না কেন, সেটা তোমার নিজস্ব মাটি থেকেই আসা উচিৎ, কেবল তখনই এটা হবে অকৃত্রিম, খাঁটি।

শেখর: আমাদের চলচ্চিত্রে অ্যামেরিকা বা পশ্চিমা প্রভাব যে বাড়ছেই খেয়াল করছেন কি?

হুসেন: অ্যামেরিকানরা মাত্র ২০০ বছরের পুরানো . . .তাদের একমাত্র দিক হলো তাদের জ্যাজ সঙ্গীত ছিল এবং এটা কেবল কালোদের দ্বারাই হয়েছিল এবং ভূমিকাটা ওদের।

শেখর: ইরাক ও অন্যান্যস্থানে প্রেসিডেন্ট বুশ যা যা করে বেড়াচ্ছেন, আপনার কি মনে হয় সাম্প্রতিক এ রাজনীতি আ্যামেরিকা সম্পর্কে সন্দিগ্ধ করে তুলেছে?

হুসেন: এখন আপনাকে রাজনীতির ভেতর ঢুকতে হবে। আমি এখানে বেশি মনোযোগ দেই না, কেবল ওপর থেকে ভাসা ভাসা দেখি, তাতে আমার যা মনে হয়, তা হলো পুরা দুনিয়াই জানে আ্যামেরিকা কী করে বেড়াচ্ছে। এবং এটা অ্যামেরিকার ইতিহাসের খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এরকম কিছু ব্যক্তি, এরা আসবে এবং হারিয়েও যাবে।

শেখর: কিন্তু আ্যামেরিকা অনেক দারুণ দারুণ সিনেমা বানাচ্ছে!

হুসেন: না। বিখ্যাত সিনেমাগুলা ইতালিরই বানানো।

শেখর: আপনার পরবর্তী ছবি কবে নাগাদ প্রদর্শনীতে যাবে এবং কী থাকতে যাচ্ছে তাতে?

হুসেন: গজগামিনী নামে আমি একটা ধ্রুপদী চলচ্চিত্র বানিয়েছি, আরেকটি হচ্ছে টেল অফ থ্রী সিটিজ, এবং তৃতীয় যে ছবিটি আমি বানাতে চাই, তা একটা কমেডি ছবি। এটা এমন এক কমেডি ছবি হবে, যাতে হাস্যরস, রসিকতা থাকবে–আর তা পুরোপুরিই ভারতীয় হাসি-তামাশা-কৌতুক।

শেখর: ছবির প্লট সম্পর্কে আমাদের কিছু বলুন।

হুসেন: না, আমি বলবো না, কত কত চলচ্চিত্র নির্মাতারা চারপাশে বসে আছে . . .

শেখর: ঠিক আছে, ছবিতে অমৃতা রাও থাকছে, এছাড়া আর কাদের বিবেচনা করছেন?

হুসেন: ছবিতে দুটি মেয়ে চরিত্র আছে। দেখি, আমি এখনও সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমি স্ক্রিপ্টের একটা অংশ লিখে ফেলেছি।

শেখর: চলচ্চিত্র বানানোর প্রতি আপনার যে আকর্ষণ, তা কি শুরুতে আপনি যেভাবে আঁকাআঁকি শুরু করেছিলেন, সিনেমার বিজ্ঞাপন পোস্টার তৈরি করা–সেখান থেকেই কি এসেছে?

হুসেন: যখন আমি বোম্বে এলাম, তার আগে প্রায় ১০ থেকে ১৫ বছর আমি আঁকা-আঁকি করি। এরমধ্যে প্রতিকৃতি আঁকার জন্য আমি স্বর্ণপদকও পেয়ে গেছি, তারপর আমি বোম্বে আসি। তখন আমাকে কেউ চিনতো না, থাকার জন্য আমাকে আয় করতে হতো, আমি তখন সিনেমার বিজ্ঞাপনের জন্য পোস্টার আঁকার কাজ করতে শুরু করি। এবং তখন থেকেই চলচ্চিত্র নির্মাতা হবার জন্য আমি আকুল আকাঙ্ক্ষা অনুভব করতাম। এই মাধ্যম খুবই ব্যয়বহুল। ১৯৫৫ সালে জাতীয় পর্যায়ে প্রথম অংশগ্রহণে আমি ১৫ ফুট লম্বা একটা চিত্রকর্ম করি, এর নাম ছিল জামিন, মানে পৃথিবী। এর অনেকগুলো ভাগ ছিল, বলা যায় প্রায় সিনেমাটিক একটা চিত্রকর্ম ছিল সেটা। আমি সেখানে ভারতীয় গ্রামীণ জীবন-যাত্রা তুলে নিয়ে এসেছিলাম।

শেখর: বোম্বের সেই দিনগুলি সম্পর্কে আমি অনেক মুগ্ধতা নিয়ে পড়েছি। বোম্বের রাস্তায় একজন জনপ্রিয় নারী অভিনেত্রীকে পুরোপুরি ডিজাইন করে আপনি কী করে ছবি আঁকলেন! দুর্গা কোটে, ৪০ ফুট লম্বা আকৃতি!

হুসেন: কাজ করার জন্য আমার কোন জায়গা ছিল না, এবং আমরা খুব গরিবী হালে জীবন চালাতাম। সেই সময়ে বোম্বেতে ট্রাম ছিল। তো ট্রাম চলা শুরু করতো দুপুর ১২টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত। তো মাঝরাতের ১২ টা থেকে ভোর ৪টা পর্যন্ত আমি রাস্তায় বিশাল কাট আউট রাখতাম এবং শেষ করতাম।

শেখর: এবং আপনি তো ধাবাতেও কাজ করেছেন?

হুসেন: হ্যা, ঠিক। যখন আমি প্রথম বোম্বে আসি, আমার বাবার তখন চাকরি ছিল না এবং আমাকে কোন আর্থিক সহায়তা করতে পারেন নি। সুতরাং আমি বললাম, আমার জন্য আমাকে কাজ করতে হবে। এবং আমি ফুটপাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে উঠলাম। তখন আমি চলচ্চিত্রের বিজ্ঞাপন পোস্টার বা ব্যানারের জন্য কাজ করা শুরু করলাম এবং দিন শেষে ৬ আনা করে পারিশ্রমিক পেতাম।

শেখর: ৬ আনা থেকে এখন এক চিত্রকর্মের জন্য মিলিয়ন ডলার, কেমন লাগে ভাবতে?

হুসেন: সেটা আমাকে অনেক সুখ এবং আস্থা দিয়েছে। এখন, অকশান হাউজগুলা এসব করছে, নিলামকারী এবং ডিলাররা এটা করছে। ' না অ্যায়ে কি খুশি, না যায়্যে কা গাম; কামায়ে দুনিয়া, খায়েন হাম!' জীবনের এ স্তরটা খুব গুরুত্বপূর্ণ। তখন আমি অনেক পরিশ্রম করতাম আর এখন লোকজন অনেক পরিশ্রম করে টাকা যোগাড় করছে আমার চিত্রকর্ম কেনার জন্য।

শেখর: যখন আপনার একটা ছবির জন্য কোটি বা মিলিয়ন ডলারের হাঁক ওঠে, তখন কি হাসি পায়?

হুসেন: আসলেই আমার হাসি পায়। তারা যেমন বলে তুমি সবসময় হাসির ব্যাংকে যাও। একটা সময় ছিল যখন চিত্রকলাসহ অন্যান্য শিল্প মাধ্যমগুলা কেবল ধর্মীয় স্থানগুলাতে সীমাবদ্ধ ছিল। ৩০ থেকে ৪০-এর দশক সময়টাতে লেখক-সমালোচকরাই সিদ্ধান্ত নিতেন। এখন এটা মার্কেটিংয়ের হাতে চলে গেছে। আমার মনে হয়, শিল্পীদের কাছে পরবর্তী ধাপ এমনভাবে আসবে যে কাজের স্বকীয় গুণাবলীই কেবল কথা বলবে।

শেখর: তো অত টাকা দিয়ে আপনি কী করেন?

হুসেন: প্রথম কথা, আমি তো ছবি বানিয়েছি, ছয় কোটি রুপী খরচা হয়েছে তাতে। ওতে পুরাটাই আমার টাকা ছিল। তারপর দিল্লী, আহমেদাবাদ, হায়দ্রাবাদ আর ব্যাঙালোরে আমি জাদুঘর বানিয়েছি। এটা একটা অলাভজনক বিষয়। সেখানে গ্রন্থাগার, থিয়েটার এবং সবকিছু আমি করেছি—যেটা করা উচিৎ ছিল সরকারের, কিন্তু আমি করেছি, কারণ আমি এটা করতে ভালোবাসি। তারপর আমার ছয় ছেলে-মেয়ে, এটা একটা বিশাল পরিবার। তো তাদেরকে প্রতিষ্ঠিত করতে আমাকে এখনও কাজ করতে হয়। এটা আসলে পুরাপুরিই টাকার ব্যাপার, যেটা আসেও কঠিন পথ দিয়ে, কষ্টোপার্জিত, যায়ও কঠিন পথ দিয়ে।

শেখর: কিন্তু আপনি তো টাকার কাছে বন্দী হয়ে পড়েননি?

হুসেন: ব্যাংকে আমার কোন টাকা নেই। আমার ইচ্ছার কোন অবদমন নাই। কাল থেকে যদি আমার কিছুই না থাকে, তাহলে আমি রাস্তায় বসে পড়তে পারি।

শেখর: আপনি তো মার্কেটিংয়েও পাক্কা।

হুসেন: এমনকি মার্কেটিং একটা শিল্পের ধারা। মার্কেট কিভাবে হয়, এ নিয়ে আমি একটা পুরা নতুন ধারা তৈরি করেছি। এবং এ ব্যাপারে আমি রক্ষণশীল না। আমি আমার কাজের জন্য মার্কেট তৈরি করি। এছাড়া সব বড় ব্যবসায়ীই এখন বাতিল হতে বসেছে।

শেখর: সমালোচকরা বলে হুসেন মার্কেটিংয়ের ওপর চলে। তিনি এখন ঘোড়ার ছবি আঁকবেন, নগ্ন পায়ে হেঁটে বেড়াবেন, এ সব কিছুই মার্কেটিং, কি মনে হয় আপনার?

হুসেন: এ ধারণার মধ্যে কোন ভুল নাই। কিন্তু যে মোদ্দা কথাটা আমি বলতে চাই, তা হলো যদি এটা কিছুই না হয়ে থাকে, তাহলে আগামী ১০ বছরও এটা টিকবে না।

শেখর: আপনার নগ্ন পায়ে হাঁটার ইতিহাস আমাদের বলেন। কিভাবে এটা শুরু হলো এবং কেন?

হুসেন: যখন তুমি কোথাও যাবে, তোমার যে দিকটা প্রথম লোকের দৃষ্টি আকর্ষণ করবে, সেটা হলো তোমার পায়ের জুতা। এবং সেখান থেকেই তারা তোমার সামাজিক মর্যাদা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাবে। ননসেন্স! এবং আমি ধাবায় যেতে খুবই ভালোবাসি এবং এসব কিছু এ কারণে যে আমার শুরুটা ছিল সেইরকম। এবং আমি হয়তো চাইলে ফাইভ বা সেভেন স্টার হোটেলে থাকতে পারি অথবা কোন মহারাজের অতিথি হতে পারি, কিন্তু রাত শেষে ভোরে আমি একটি ধাবাতেই যাই।

শেখর: কবে থেকে এটা প্রথম শুরু হয়?

হুসেন: প্রায় ৪০ বছর আগে। আমি খুব কবিতা ভালোবাসি, এবং কবি মুক্তি বোধ সে সময় দিল্লীতে গুরুতর অসুস্থ্য অবস্থায় চেতনহীন ছিলেন কয়েক মাস। তিনি মারা যান মে মাসে, আমি তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যাই, এবং তখন আমি হঠাৎ করে ভেবে দেখলাম, তার একটা একটা বুকলেট পর্যন্তও প্রকাশিত হয় নাই, এত্ত অবহেলিত ছিলেন তিনি! হিন্দি কবিতায় তাকে আমি একজন বড় মাপের কবি মনে করি। এবং ঠিক সেই সময় আমার এমন এক অনুভূতি তৈরি হয়েছিল যে, অবশ্যই আমারও কষ্ট পাওয়া উচিৎ। আমি জুতা খুলে নিলাম এবং মে মাসেই খালি পায়ে হাঁটা শুরু করলাম।

শেখর: মুক্তি বোধ সম্পর্কে কোন কিছু মনে করতে পারবেন কি?

হুসেন: আমি তার কবিতার কোন লাইনই স্মরণ করবো না. . .

শেখর: আপনি বলছিলেন যে আপনি কবিতা লিখতেন, আমাদের কি সে সম্পর্কে কিছু বলবেন?

হুসেন: আমার স্কুলে পড়ার সময়ে আমি উর্দুতে লিখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু যখন আমি বোম্বে আসলাম, আমি লিখতাম ইংরেজিতে। আমার একটা প্রকাশনা হয়েছিল জেনেভা থেকে, এবং এটাকে বলা হতো 'পোয়েট্রি টু বি সিন'। এরমধ্যে একটা কবিতা মনে পড়ছে, যেটা পুরোটাই ছিল প্রাকৃতিক দৃশ্যের মতো–'তোমার ভেতরে জন্মানো আমার শব্দরা এখনও অনুচ্চারিত . . .' এই সব লাইন আমি লিখেছিলাম চেকোশ্লোভাকিয়ায় থাকা আমার গার্লফ্রেন্ডকে। ১৯৫৬ সালে আমি তার সাথে প্রথম দেখা করি এবং আমি তার অনেক ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। এবং প্রতিদিনই আমি তাকে চিঠি লিখতাম এবং সেসব চিঠিতে এসব কবিতা থাকতো. . .' তোমার ভেতরে জন্মানো আমার শব্দরা এখনও অনুচ্চারিত।'

শেখর: তো চিত্রকলা, চলচ্চিত্র নির্মাণ, কবিতা, কোন বিষয়টি আপনাকে অনেক তরুণ, গতিময় এবং উজ্জীবিত রাখে, পদ্ধতিটা বলেন আমাদের!

হুসেন: কম খাও এবং সবসময় প্রেমের মধ্যে থাকো, এমনকি ৯০ বছর বয়সেও। কেউ কেউ এমন বলে থাকেন, ' প্রতিটা সফল মানুষের পেছনে একজন নারী থাকেন' এবং আমি বলি,' এসব কি বলছ? নারী থাকেন প্রত্যেকটা সফল চিত্রকর্মের পেছনে।'

শেখর: আপনি বলছেন প্রত্যেকটা সফল চিত্রকর্মের পেছনে একজন নারী থাকেন, এবং আমি শুনেছি দুবাইয়ে আপনি আরেকটা বড় শিল্পকর্ম করছেন যাতে প্রেরণা দিয়ে যাচ্ছেন আপনার জীবনের নতুন তন্ময়াচ্ছন্নতা, অমৃতা রাও! এ সম্পর্কে কিছু বলুন।

হুসেন: যখন আমি কাজটা করছিলাম, তখন সে আমাকে অনুরোধ করলো যে সে অবশ্যই আমার চিত্রকর্মের ভেতর থাকতে চায়. . .তাই এইখানে আমি আছি, আঁকছি তাকে . . .
———————

অনুবাদকের নোট:

ভারতের ফোবর্স সাময়িকী তাকে অভিহিত করেছিল, 'ভারতের পিকাসো' নামে। পিকাসো তাঁর জীবদ্দশায় ব্যাপক আলোচিত সমালোচিত ছিলেন, মকবুল ফিদা হুসেন, সাধারণ্যে যিনি এম এফ নামে বেশি পরিচিত, তিনি তাঁর চিত্রকর্মের জন্য মৃত্যুর আগ পর্যন্ত শুধু বিতর্কিতই ছিলেন না, প্রাণনাশের হুমকি বয়ে বেড়িয়েছেন, ৯ জুন লন্ডনের রয়েল ব্রমটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়ার আগ পর্যন্ত। প্রায় শতবর্ষী ( ১৯১৫-২০১১) এই শিল্পী লম্বা এক তুলি আর বিশাল ক্যানভাসে এঁকে গেছেন ভারতীয় সংস্কৃতির নানা দিক, সিরিজ পেইন্টিং করেছেন মোহন দাস কে গান্ধী, মাদার তেরিজা, রামায়ণ, মহাভারত, ব্রিটিশ রাজের ওপর।

কাজ করছিলেন আরব সংস্কৃতি নিয়ে। ২০০৬ সালে, ভারতের বিশাল মানচিত্র জুড়ে শিল্পকলা, ফোকলোর, সাহিত্যের প্রতিনিধিত্বকারী হিসাবে নগ্ন নারী শরীরকে চিত্রায়িত করলে পরে ক্ষেপে ওঠে অনেকেই, যেন নগ্ন নারী শরীর জাতীয়তাবাদী চেতনায় ছুরি বসিয়েছে। তাঁর জীবন নাশের হুমকি তো আসেই, অনেকগুলা মামলা হয় আদালতে। এর আগে ১৯৯৮ সালে হিন্দু দেবী-দেবতার পোর্ট্রেইটে ন্যুডিটি থাকায় শিবসেনার নেতৃত্বাধীন বজরং দল তাঁর ঘরবাড়ি পুড়িয়ে দেয়, শিল্পকর্ম ধ্বংস করে। ২০০৬ সালেই এম এফ চলে যান দুবাই, স্বেচ্ছা নির্বাসনে। ২০১০ সালে কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন, ফেরেন নি আর নিজ দেশ ভারতে। চিত্রকর্ম ছাড়াও চলচ্চিত্র নির্মাণ করেও ব্যাপক আলোচিত হন তিনি।

তাঁর নির্দিষ্ট কোন স্টুডিও ছিল না কোথাও। রাস্তা, হোটেল, বন্ধুর বাড়ি—যখনই মন জেগে ওঠে, শুরু করেন রঙ-তুলির ধারালো খেলা। খালি পায়ে হেঁটে বেড়ান, পরোয়া করেন না অনেক প্রচলিত সংস্কার। গভীর আবেশিত প্রেমে তন্ময় ছিলেন গোটা জীবন, অপ্রকাশ্যও নয় তা।

—–

আর্টস-এ প্রকাশিত লেখা

লাল ব্যাসার্ধ্ব (গল্প)
অরুন্ধতী রায়ের নিউইয়র্ক বক্তৃতা: ইনস্ট্যান্ট-মিক্স সাম্রাজ্যীয় গণতন্ত্র (একটা কিনলে আরেকটা ফ্রি)
সরল রেখা (গল্প)
মকবুল ফিদা হুসেনের সাক্ষাৎকার
বারান্দার টবে তামাক চাষ (গল্প)

লেখকের আর্টস প্রোফাইল: শামীমা বিনতে রহমান
ইমেইল: sbinte@gmail.com


—


ফেসবুক পেজ । আর্টস :: Arts