২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিও বার্গাস যোসা: বোর্হেস এক অনন্য ঘটনা, তার কোনো অনুকরণকারী নেই

রাজু আলাউদ্দিন

Published : 24 Aug 2020, 04:05 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


এবছর জুন মাসেই আলফাগুয়ারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হোর্হে লু্ইস বোর্হেসকে নিয়ে মারিও বার্গাস যোসার গ্রন্থ Medio Siglo con Borges। এতে বোর্হেস সম্পর্কে তার কয়েকটি প্রবন্ধ, একটি কবিতা আর মারিওর নেয়া বোর্হেসের দুটি সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে। এই বইটির প্রকাশ উপলক্ষেই El Cultural পত্রিকায় ১২ জুনে প্রকাশিত হয়েছিল বোর্হেস বিষয়ে মারিওর একটি সাক্ষাৎকার। আজ বোর্হেসের জন্মদিন উপলক্ষ্যে মারিওর সাক্ষাৎকারটি লাতিন আমেরিকান সাহিত্য-বিশেষজ্ঞ রাজু আলাউদ্দিন কর্তৃক স্প্যানিশ থেকে বাংলায় তর্জমা করা হলো। সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন হুয়ান হোসে আর্মাস মার্সেলো। বি. স.

মার্সেলো: মারিও, বোর্হেস তো তোমার কাছে এক সাহিত্যিক ধ্রুবসত্য, যেমনটা ফ্লবেয়ার তার সাহিত্যিক পদ্ধতির জন্য। আমার একটা সন্দেহ হচ্ছে এই যে তোমার কাছে হোর্হে লুইস বোর্হেসের সাহিত্য, আবারও বলছি, গত সত্তুর বছরে স্প্যানিশ-ভাষী সাহিত্যে এক শীর্ষস্তম্ভ।
মারিও: হ্যাঁ, আমার বিশ্বাস আজ পর্যন্ত আমাদের ভাষায় বোর্হেস হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক। তিনি ইতিমধ্যে চিরায়ত সাহিত্যের অন্তর্ভুক্ত এবং সম্ভবত যদি কারোর সাথে তার তুলনা করতে হয়, তাহলে সেটা করতে হবে কেবেদোর সাথে, যার প্রতি তিনি মুগ্ধতা অনুভব করেছেন এবং বহু বছর আগে তিনি যার একটি চমৎকার সংকলন করেছিলেন।
বিয়ই কাসারেসের বইটি দেখার পর থেকেই আমার মধ্যে একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে এবং আমি ওটা পড়িনি এবং পড়বোও না। বয়ই কাসারেসের সাথে বোর্হেসের একান্ত সব সংলাপ নথিবদ্ধ করা আর মৃত্যুর পরে সেগুলো বই আকারে প্রকাশের চিন্তা থেকে প্রকাশ করা—এই ব্যাপারটা আমার কাছে অনৈতিক মনে হয়।


মার্সেলো: বিয়ই কাসারেসের ওই বইটা আমি পড়েছি। বিতৃষ্ণা জাগানোর কিছু আছে বটে, তবে আমার কাছে 'বোর্হেস বিরোধী' বলে মনে হয়নি। মনে হয়নি আজীবনের বন্ধু হওয়ার কারণে—যার বাসায় তিনি প্রতিরাতে নৈশভোজ সারতেন এবং পরে 'আদোলফিতো'র গাড়িতে বোর্হেসকে বাসায় পৌঁছে দিতেন—তার প্রতি এক প্রতিশোধ নিয়েছেন। আমি শেষ পর্যন্ত সেই সময়কার তাদের ছন্মনাম 'বুস্তস দোমেক' আর বিয়ই-পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান ' লা মার্তোনা'র জন্য বিজ্ঞাপনের কাজে যৌবনকালের বোর্হেসের কাজে আকৃষ্ট থাকবো। উভয়ের মহৎ বন্ধুত্বই আমার কাছে গুরুত্বপূর্ণ। মানুষের হৃদয় বৈপরীত্যে ভরা, সেটা তো আমরা জানিই… কিন্তু, শেষ পর্যন্ত, বোর্হেসের জন্য তুমি সবসময়ই বিরাট পক্ষপাত অনুভব করেছ, তার সঙ্গে তোমার বেশ কয়েকবার দেখা হয়েছে, জানি না এটাই যথেষ্ট কিনা, কিন্তু আমি যেটা জানতে চাই তাহলো ব্যক্তি হিসেবে বোর্হেস কেমন ছিলেন। অনেকেই যারা তাকে চিনতেন, যারা তার খুব প্রশংসা করতেন, তারা বলেছেন তিনি নাকি ভীষণ অশিষ্ট ছিলেন…। যে-বইটি নিয়ে আমরা কথা বলছিলাম, বিয়ই নিজে সেখানে বোর্হেসকে হাতুড়ি(martillo pilón) আর অশিষ্ট রূপে দেখিয়েছেন। হয়তো জ্ঞানের মধ্যে এসব পরস্পরবিরোধিতা আছে, শেষ পর্যন্ত যাকে মানব পরিস্থিতি বলা যায়…। মারিও, অনেক লেখকই তাদের লেখায় বোর্হেসের অনুকরণের চেষ্টা করেছেন। তার স্বচ্ছতা, তার নান্দনিকতা, তার উচ্চতা, তার শৈলীকে উন্মাদনার পর্যায়ে অনুকরণের চেষ্টা করেছেন। মনে পড়ে, কোনো কোনো লেখক, পরবর্তীকালে এবং সবসময়ই হতাশ হয়ে পড়েছেন ওই অসম্ভব অভিযানের চেষ্টা করে। তোমার সাহিত্যিক মানদণ্ডে, প্রথম পাঠে সঙ্গে সঙ্গে লক্ষ্য না করেই, বোর্হেসকে অনুকরণ বা আত্মসাৎ করা কেন অসম্ভব?


মারিও: বোর্হেসের শৈলী আর বিষয়বস্তু পুরোপুরি ব্যক্তিগত, এবং এ কারণে বোর্হেসের কোনো বৈধ অনুকরণকারী নেই, যেমনটা আছে ফকনারের বা জয়েসের। বোর্হেস তার অনুকরণকারীদের হত্যা করেন, অর্থাৎ তাদেরকে নিশ্চিহ্ন করে দেন এবং 'ক্ষুদ্র বোর্হেস' রূপে তুলে ধরেন। ভিন্ন ভিন্ন প্রজন্মের এবং ভিন্ন ভিন্ন ভাষার অনেক লেখক তাকে অনুকরণের চেষ্টা করেছেন। তাদেরকে মৌলিকতার দিকে ঠেলে দেয়ার পরিবর্তে, বোর্হেস তাদেরকে অনুকরণকারী হিসেবে রূপান্তরিত করেছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, কারণ সাধারণত দেখা যায় বড় লেখকরা উদ্দীপ্ত করেন আর প্রস্তুত করে তোলেন অতি তরুণ লেখকদেরকে এবং তাদেরকে নিজস্ব স্বর খুঁজতে সাহায্য করেন। কিন্তু এই ক্ষেত্রেও বোর্হেস এক অনন্য ঘটনা।

মার্সেলো: যেমন তার কবিতা, তুমি তো জানই… সাহিত্যিক গুরুত্বসম্পন্ন সমালোচকসহ অনেকেই আছেন যারা তার গদ্য, তার কথাসাহিত্য, তার গল্প, তার প্রবন্ধের মতো বোর্হেসের কবিতাকে অতটা 'কৌতূহলোদ্দীপক' বলে মনে করেন না…। তার সমগ্র রচনার পাশে, কবিতাকে তার গল্প ও প্রবন্ধের তুলনায় যথেষ্ট গৌণ বলে যারা মনে করেন তুমিও কি তাদের মতোই মূল্যায়ন কর?
মারিও: আমার মনে হয় বোর্হেসের কবিতা তার প্রবন্ধ এবং গল্পের মতোই খুব ভালো। বলতে চাই, তিনি যখন মাইয়োর্কাতে বা বুয়োনোস আইরেসে ফিরে যৌবনবয়সে যেসব কবিতা লিখেছেন, যে-সময়ে তিনি উল্ত্রায়িস্তা কিংবা ক্রিয়োইস্তা হওয়ার চেষ্টা করেছিলেন, এবং দ্রুতই যা ত্যাগ করেছিলেন –সেসব কবিতা নয়। আমি বলবো Historia universal de la infamia পর থেকে, যখন থেকে বোর্হেস নিজের বিষয়আশয় খুঁজে পেয়েছেন এবং অসামান্য মৌলিকতা নিয়ে লিখতে শুরু করেছিলেন, তখনকার কবিতা।

মার্সেলো: বোর্হেসের 'হুল-ফোটানো মশকরা' ("boutades" ) সম্পর্কে তোমার কী অভিমত যা নিঃসন্দেহে ডান এবং বাম, ডানের চেয়ে বামদেরকেই বেশি বিরক্ত করে? এসব 'হুল-ফোটানো মশকরা', বোর্হেসের বিখ্যাত সব উক্তি সংকলিত হয়ে কিছু বইও তো আছে যেগুলো আনন্দময় পরিহাস, কঠিন সব হাস্যরসে ভরা, যে-কারোর জন্যই তা সবসময় বেশ মজার এবং অন্যদের জন্য ততটা নয়…


মারিও: সব ধরনের ছিটগ্রন্ত কল্পনিক ব্যাপার আছেই এবং আমি অবাক হবো না জেনে যে বোর্হেসকে নিয়ে গালগপ্পের বহু বই আছে। আসল ঘটনা হলো এসব উদ্ভাবনার কোন অভাব ছিল না, কারণ তার জীবনের একটা চমৎকার প্রতিফলন আছে ছোট্ট আর উজ্জ্বল মুখবন্ধের জন্য লেখা এক উক্তিতে: "পড়েছি অনেক কিছু আর জীবনে তা যাপন করেছি অল্পই"। তিনি সময় কাটিয়েছেন গ্রন্থাগারে পড়ে, প্রথমে তার বাবার গ্রন্থাগারে পরে গণগ্রন্থাগারে এবং কোনই সন্দেহ নেই যে, তার বিস্ময়কর স্মৃতিশক্তির কারণে, তিনি হয়ে উঠেছিলেন অসামান্য পণ্ডিত, তার জীবনাভিজ্ঞতা ছিল খুব সামান্য আর বেঁচেও ছিলেন মোটামুটি গরিবি হালে, বিশেষ করে আবেগ ও যৌন দৃষ্টিকোণ থেকে। আনন্দের ব্যাপার হলো, বৃদ্ধ বয়সে তিনি মারিয়া কোদামা নামের এক সুন্দরী, যুবতী আর বোর্হেসের জগত সম্পর্কে আগ্রহী এক নারীকে খুঁজে পেয়েছিলেন যিনি তাকে দিয়েছেন প্রশান্তি আর শেষ দিন পর্যন্ত দিয়েছেন সঙ্গ। আমার ধারণা এই বছরগুলোয় তিনি খুব সুখী ছিলেন যা ছিল তার যৌবন ও পরিপক্ক সময়কালের ঠিক বিপরীত। আমরা যারা বোর্হেসকে ভালোবাসি তাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত মারিয়া কোদামার প্রতি বোর্হেসের মৃত্যুর পর তিনি যা করেছেন, সেই জন্য।

মার্সেলো: সাহিত্যিক জায়গা থেকে যদি বলি, তাহলে বোর্হেসের বিবর্তন এক বিষ্ময়। নিজেকে তিনি ক্রিয়োইসমো থেকে মুক্ত করেছেন, তিনি উল্ত্রাইসমোর একেবারে কেন্দ্রে প্রবেশ করলেন, নেতৃত্ব দিলেন, কিছু সময়ের জন্য( মৃত্যুর পরেও আর্হেন্তিনো) ক্রিয়োইসমোর জন্য আকুলতা বোধ করেছেন, আর সবশেষে চিরন্তন ও বিশ্বজনীন জগতে অবস্থান অর্জনে নিজেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে আসেন। তিনি সাফল্য অর্জন করেন, তার কাজ ও কথা দিয়ে এ্টা বিশ্বাস করিয়েছেন যে তিনি সেই বোর্হেস, সেই লেখক যার অপেক্ষায় ছিল সবাই, আমাদের ভাষায় বিশ শতকের দ্বিতীয়ার্ধের সবচেয়ে বড় লেখক, এবং একুশ শতকে অন্য যেসব ভালো লেখক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছেন এবং আমাদের স্প্যানিশ জগতে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যেও তিনি এগিয়ে। বিশ্বের অভিমুখে এই বিবর্তনের শুরু হয়েছিল বিক্তোরিয়া ওকাম্পোর সম্পূর্ণ আভাঁ গার্দ সুর(Sur) পত্রিকা থেকে। তুমি কী বল? আরও কিছু ঘটনা আছে: তোমার শ্রেষ্ঠ সাহিত্যিক কনফারেন্সগুলোর একটি শুনবার জন্য কয়েক বছর আগে সর্ববর্নে গিয়েছিলাম। মনে হয় ওটার শিরোনাম ছিল 'প্যারিসে এক বর্বর' (Un bárbaro en París ), সেই উজ্জ্ল ঘটনার দিন আমরা বার্গাস যোসা চেয়ার অন্তুর্ভুক্ত করেছিলাম। লোকেলোকারণ্য হয়ে গিয়েছিল সেদিন, ফরাসি শিল্পসংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে গালিমার প্রকাশনীর মালিকও ছিলেন। তুমি কথা বলছিলে ফরাসি ভাষায় আর বোর্হেস সম্পর্কে দিয়েছিলে মহৎ ধারণা। সম্ভবত ১৯৬৩ সালে বোর্হেস প্যারিসে একাডেমিসিয়ান ও অধ্যাপকদের সামনে যে বক্তৃতা দিয়েছিলেন এবং তারা যে অসামান্য এক সাহিত্যিক দানবের মুখোমুখি — ফ্রান্স এবং গোটা ইউরোপকে এটা বিশ্বাস করাবার মাধ্যমে তার বক্তৃতা শেষ হয়েছিল– তার সাথেই কি মিল রয়েছে তোমার এই দৃষ্টিভঙ্গির?


মারিও: আমার সবসময়ই মনে থাকবে ১৯৬৩ সালে প্যারিসে বোর্হেসের সাথে সাক্ষাতের ঘটনাটি, যখন আমি রেডিও টেলিভিসন ফ্রান্সেসা'র জন্য করতাম। ইউনেস্কোর আয়োজনে শেক্সপিয়রের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে লরেন্স ডারেল এবং উনগারেত্তিও ছিলেন। উনগারেত্তি শেক্সপিয়রের সনেটের অনুবাদ পাঠ করেছিলেন, আর ডারেল বেশ মজার একটা দিক তুলে ধরেছিলেন এই কথা বলে যে তার সময়ে শেক্সপিয়র হলিউডের সমতুল্য হয়ে উঠেছিলেন। তবে ফরাসিদেরকে যিনি অভিভূত করে দিয়েছিলেন তিনি বোর্হেস। রোজার কাইলোয়া তাকে মঞ্চে নিয়ে গেলেন এবং স্মৃতি থেকে নাটক ও কবিতার বিভিন্ন অংশ উদ্ধৃত করে পুরোনো ধাঁচের চিরায়ত ফরাসি ভাষায় শেক্সপিয়র সম্পর্কে বিস্ময়কর এক বক্তৃতা দিলেন। ওই সফরের সময়ে বোর্হেস সর্বর্ন এবং মাসিয়ঁ দ্য লামেরিকে লাতিনে আরও দুটি বক্তৃতা দিয়েছিলেন যেখানে লোকেভর্তি সমাগমে অনেক বড় বড় ফরাসি লেখকরাও ছিলেন যারা ওই প্রথম এবং ওই একবারই 'লাতিন আমেরিকান সহযাত্রী'র উন্মুক্ত বক্তৃতা শুনেছেন যিনি নিখুঁত ফরাসি বলেন আর ওদের সবার চাইতেও অনেক বেশি ফরাসি সাহিত্য পড়েছেন। বোর্হেস ততদিনে বেশ বৃদ্ধ, তবে প্যারিসকে তিনি যেভাবে জয় করেছিলেন সেটা নিশ্চয়ই তাকে আলোড়িত করেছিল। এই সফরের ফলস্বরূপ L'Herne এবং la NRF পত্রিকা তাকে নিবেদন করে বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। তখন থেকেই ফ্রান্সে বোর্হেস এক বিশেষ ব্যক্তিত্ব, যার প্রমাণ হচ্ছে তাকে নিবেদন করে Pléiade থেকে প্রকাশিত দুটি খন্ড যা আদর্শস্থানীয় এবং তার তুলনা স্প্যানিশ ভাষাতেও নেই।