মারিয়া হেলেনা বাররেরা আগারওয়াল: আজ অব্দি লাতিন আমেরিকান পাঠকদের বাংলা ভাষায় রচিত অনেক দুর্দান্ত রচনা পড়ার সুযোগ হয় নি
ইকুয়েডরিয় লেখিকা মারিয়া হেলেনা বাররেরা আগারওয়াল নিউইর্য়কভিত্তিক প্রাবন্ধিক, গবেষক ও অনুবাদক। স্প্যানিশ ভাষায় অনূদিত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গল্প পড়ে বেড়ে উঠেছেন। কবি নজরুল ইসলামের কবিতার পাশাপাশি স্প্যানিশে ভাষান্তর করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, সম্প্রতি অনুবাদ করেছেন রাজু আলাউদ্দিনের কবিতা। এ আলাপচারিতায় একজন অনুবাদক হিসেবে তিনি তার বিভিন্ন অভিজ্ঞতা, চলমান কাজ আর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন শাহরোজা নাহিরন।
শাহরোজা: রবীন্দ্র-রচনা স্প্যানিশে অনূদিত হওয়ার প্রায় এক শতাব্দী পর স্পেনের পাঠকদের আপনি আপনার ভাষান্তরিত কবিতা ও গল্প সংকলনের মাধ্যমে নজরুলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। বাংলা কবিতা সেখানে কতটা সমাদৃত হয়েছে বলে আপনি মনে করেন?
মারিয়া: আমাদের মনে রাখতে হবে যে, লাতিন আমেরিকার সাহিত্যিক পরিমন্ডলে আধুনিক বাংলা কবিতার অন্তর্ভুক্তি ঘটে সুস্পষ্টভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর মাধ্যমে এবং স্প্যানিশ ভাষা-ভাষী দেশগুলোতে তার নামটি অনেকটা ঘরোয়া হয়ে ওঠে। রবীন্দ্রনাথ তার লেখাতে আমাদের সমাজের মূল্যবোধের বিষয়গুলোকে নান্দনিকভাবে তুলে ধরেন— যেখানে কোনো কাপট্য নেই— তিনি তখনও সাহিত্যে নোবেল পাননি, সে সময় কিউবার একজন কবি তার রচনাগুলো প্রথম স্প্যানিশে রূপ দেন। তীব্র অনুরাগের পাশাপাশি রবীন্দ্রনাথ বড় মাপের সাহিত্যিক হিসেবে বিবেচিত। রবীন্দ্রনাথের বিপুল সাফল্যের পথ ধরে অন্যান্য বাঙালি লেখকদের রচনা আর স্প্যানিশে অনুদিত হয়নি। সরাসরি যোগাযোগ ছিল না বলে বাংলা ও লাতিন আমেরিকান সাহিত্যের মধ্যকার সংযোগটি স্থবির হয়ে পড়ে। তাছাড়া ইউরোপিয় উপনিবেশিক শক্তি কাজী নজরুল ইসলাম, শরত্চন্দ্র চট্টপাধ্যায় কিংবা জীবনানন্দ দাশের মতো প্রতিভাদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে আগ্রহী ছিল না।
১৯৭১ সালে চিলির কবি পাবলো নেরুদার নোবেল প্রাপ্তির মাধ্যমে দক্ষিণ এশিয়াতে স্প্যানিশ সাহিত্য ঘিরে আগ্রহ তৈরি হয়। আগ্রহটি আরো প্রকট হয়, ১৯৮০ সাল সুভাষ মুখোপাধ্যায় যখন তার বাছাইকৃত নেরুদার কিছু কবিতা নিয়ে পাবলো নেরুদার আরো কবিতা নামে একটি বই প্রকাশ করেন। মূলত তখন থেকেই স্প্যানিশ থেকে বাংলা ভাষায় অনুবাদের জোয়ার ব্যাপক ও প্রবলভাবে ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে, বিপরীত বিষয়টি বাংলা সাহিত্যের ক্ষেত্রে ঘটে না। আজ অব্দি লাতিন আমেরিকান পাঠকদের বাংলা ভাষায় রচিত অনেক দুর্দান্ত রচনা পড়ার সুযোগ হয় নি। তাই এটি নিয়ে কাজ করাটা জরুরী ছিল। আমার অনূদিত কাজী নজরুল ইসলামের রচনা ও এর প্রকাশনার কাজটিতে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা করেছে নজরুল ইনস্টিটিউট। আমি আশা করছি, পরবর্তীতে আরো উদ্যোগের মাধ্যমে অনেক বেশি সম্ভাবনা তৈরি হবে।
শাহরোজা: একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে গিয়ে ভাষাগত অতিসুক্ষ্ম তারতম্যের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেল করেছেন?
মারিয়া: অনুবাদের কাজটি মূলত উপভোগ্য এবং অপরিহার্য এক জ্ঞানকাণ্ড। এর উপর আমাদের সংস্কৃতি নির্ভর করে, একটি ভাষার রচনা অন্য ভাষাতে তুলে ধরা ব্যতীত বুদ্ধিবৃত্তিক উন্নতি অর্জন অসম্ভব। প্রতিটি স্বতন্ত্র অনুবাদ প্রক্রিয়া অবশ্যই জটিলতায় পরিপূর্ণ। তবে সবচেয়ে সহজ এবং তুলনামূলক কম সন্তোষজনক দিকটি হচ্ছে আক্ষরিক অনুবাদে নিযুক্ত হওয়া, যেখানে মূল বক্তব্যকে সামান্যই বিবেচনায় নেওয়া হয়। ভারসাম্যপূর্ণ অনুবাদে অবশ্যই অর্থের প্রকাশ ও বিন্যাসের যুগলবন্দি জরুরী।
কবিতার মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন সে অর্থ বোঝাটা স্বভাবতই একটি জটিল বিষয়। এমনকি মাতৃভাষায় কবিতা পড়াটাও অনেক সময় শ্রমসাধ্য হতে পারে, কেননা কবিতার মর্মার্থ তৎক্ষনাত কিংবা পরিপূর্ণভাবে দৃশ্যমান নয়। স্প্যানিশ পাঠকেরা হয়তো অক্টাভিও পাজের মূল লেখাগুলো পড়তে পারেন তবে কবিতার প্রতিটি স্তরে যে ব্যাঞ্জনা লুকিয়ে আছে সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন নাও হতে পারেন। একজন অনুবাদকের জন্য, ভিন্ন ভৌগলিক স্থান এবং সাংস্কৃতি থেকে কোনো কবির কাছে আসাটা দুঃসাহসিক। এর জন্য যথেষ্ট গবেষণার প্রয়োজন পড়ে। তাছাড়া কেবল লেখকই নয়, তার সময় এবং তার দেশ সম্পর্কেও আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকতে হয়। তাই কাজী নজরুল ইসলাম যখন দ্রোহের কবিতা লেখেন, সেগুলো অনুবাদ করার সময় এসে স্প্যানিশ ভাষায় সেরা শব্দটি বাছাইয়ের জন্য তিনি যে প্রেক্ষাপটে দ্রোহ শব্দটির ব্যবহার করেছেন তা উপলব্ধি করাটা জরুরী। ওই সময় বা প্রসঙ্গ উপেক্ষা করে যদিও একটি পঠনযোগ্য সংস্করণ তৈরি করা যাবে, তবে ওটি সঠিক সংস্করণ হবে না। এটি এমন একটি প্রক্রিয়া যা সময় আর প্রতিশ্রুতির মাধ্যমে অর্জন করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি অনেকটা ভালোবেসে নিঃস্বার্থভাবে করে যাওয়া কাজের মতো।
শাহরোজা: স্প্যানিশ ভাষায় রাজু আলাউদ্দিনের কবিতা অনুবাদ সম্পর্কিত আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলবেন কি?
মারিয়া: অনেক দিন ধরেই আমি রাজুর কবিতার গুনগ্রাহী। তাছাড়া তিনি একজন দুর্দান্ত অনুবাদক, অনর্গল এ ভাষায় কথা বলতে পারেন এবং স্প্যানিশ সংস্কৃতি সম্পর্কে বিস্তৃত জ্ঞানের অধিকারী, লাতিন আমেরিকান কবি ও লেখকদের রচনা বাংলায় তর্জমার বিষয়টি তার প্রজ্ঞার পরিধিকে আরো বেশি প্রগাঢ় করে। তার সম্পর্কিত এ তথ্যগুলো অনুবাদের গোটা প্রক্রিয়াটিকে বেশ উপভোগ্য করে তোলে; রাজুর কবিতা বাংলার ঐতিহ্যের সঙ্গে দারুন সমন্বয়পূর্ণ, তাছাড়া এগুলোতে এমন এক স্বাদ আছে যা লাতিন আমেরিকার সাহিত্যের প্রতি তার ব্যাপক আগ্রহ আর অভিজ্ঞতার কারণে হয়ে উঠতে পারে। কবিতার মধ্যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা খুবই যথাযথ ও ভীষন প্রতীকি। তার রচনাগুলো ব্যক্তিগত ও অন্তর্দৃষ্টিমূলক, তবে দৃষ্টিভঙ্গির দিক থেকে এগুলো সর্বজনীন। কবির অভিপ্রায়ের সাথে যাতে খাপ খায় সে জন্য প্রতিটি কবিতার অসংখ্য খসড়ার প্রয়োজন হয়েছিল উক্ত বিষয়গুলোর সাথে সতর্কভাবে সাজুয্য বজায় রাখার লক্ষ্যে। কাজটি সত্যিই আমার জন্য খুব বিশেষ ও মর্যাদার ছিল।
শাহরোজ: রাজুর কবিতা স্প্যানিশ পাঠকদের মধ্যে কতটা প্রশংসিত হবে বলে আপনি মনে করছেন?
মারিয়া: আমি নিশ্চিত রাজুর রচনা স্প্যানিশ পাঠকদের আলোড়িত করবে। তার অনুবাদ করার সময় আমাকে নিজ সংস্কৃতি এবং বিশ্বজগতের প্রতি আমরা যে অভিন্ন দৃষ্টিভঙ্গি ধারন করি— এ দুয়ের মধ্যকার ঘনিষ্ট সম্পর্কটাকে স্মরণ করিয়ে দিয়েছে। এখানে একটি খুব সুনির্দিষ্ট সংযোগ রয়েছে যা পুরোপুরি আবিস্কৃত হয়নি। আকাঙ্ক্ষার মানচিত্রে গোপনে এঁকেছি বইয়ের বেশ কয়েকটি কবিতা সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার সম্ভাবনাগুলোকে নিয়ে বিশদভাবে চিন্তা করে। স্প্যানিশ ভাষায়, এ কবিতাগুলো সুক্ষ্ণতায় পরিপূর্ণ। রাজুর অন্যান্য রচনাগুলিতে খুব স্বতন্ত্র অনুভূতির স্বাক্ষর রয়েছে, যা একইসঙ্গে কবিতাগুলোকে সুবোধ্য ও আর্কষনীয় করে তোলে। লেখাগুলো পাঠককে সম্পৃক্ত হতে ও কবি সৃষ্ট অনুভূতিগুলোতে সিক্ত হতে আহ্বান জানায়।
শাহরোজ: বাংলা থেকে স্প্যানিশে আরো অনুবাদের পরিকল্পনা রয়েছে কী?
মারিয়া: আমার হাতে কয়েকটি কাজ রয়েছে, সম্ভবত অনেক বেশিই বলা যায়। বেশ কয়েক বছর ধরে কবি মুহাম্মদ নূরুল হুদার নির্বাচিত কিছু লেখার অনুবাদের কাজে নিযুক্ত ছিলাম। একটি সুনির্দিষ্ট ভাষায় তার রচনাকে তুলে ধরতে শ্রম ও ধৈর্য্যের প্রয়োজন। এছাড়া কাজী নজরুল ইসলামের একটি উপন্যাসের অনুবাদ করতে আমি আগ্রহী, কেননা তার কথাসাহিত্য তার কাব্যিক ও রাজনৈতিক দর্শনকে পূর্ণতা দেয়। তবে অনুবাদের আরো একটি কাজ, যা করতে আমি ভীষণভাবে উৎসুক ও প্রস্তুতি নিচ্ছি তা হলো, সমসাময়িক বাংলা কবিতার সংকলন। আশা করছি, পরিকল্পনাগুলো পূর্ণতা পাবে।
শাহরোজ: আপনি কী মনে করেন ভালো অনুবাদ স্প্যানিশ পাঠকদের মধ্যে বাংলা কবিতার আবেদন তৈরি করতে সক্ষম হবে?
মারিয়া: ভালো অনুবাদের বিষয়টি অবশ্যই অপরিহার্য। ত্রুটিপূর্ণ তর্জমা এক ভাষা থেকে অন্য ভাষায় কাজের ধারাবাহিক প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে, আমি বলবো ভালো অনুবাদ নেহাতই প্রথম ধাপ। এর জন্য উভয় সংস্কৃতিতে সক্রিয় সাহিত্যিক পরিমন্ডলের মধ্যে সার্বিক যোগাযোগের প্রয়োজন পড়ে। মধ্যস্থতাকারীর উপর নির্ভর করা উচিত্ নয়—ইঙ্গ-ইউরোপিয় প্রভাব এখানে কোনো সুফল বয়ে আনতে পারে না। এক্ষেত্রে বরং সরাসরি যোগাযোগ তৈরিতে অগ্রসর হতে হবে যা কিনা সত্যিকারের প্রভাব ফেলবে। আর এ কাজে আমরা সবাই সম্পৃক্ত হতে পারি। আরো বেশি পারস্পারিক সেতুবন্ধন তৈরির সময় হয়েছে বলেই আমি বিশ্বাস করি।
সম্প্রতি ঢাকা ট্রিবিউন-এ প্রকাশিত শাহরোজা নাহরিন কর্তৃক গৃহীত মারিয়া হেলেনা বাররেরা আগরওয়ালের সাক্ষাৎকারটি বাংলায় ভাষান্তর করেছেন রুহিনা ফেরদৌস
