জলধি শঙ্খ ঘোষ সংখ্যা: নিবেদনে ও মূল্যায়নে
কবি শঙ্খ ঘোষের যাপিত জীবন আর নান্দনিক চিন্তাকে বিশ্লেষণ করেছেন অনেকেই তাদের লেখাগুলোয়
আধুনিক বাংলা কবিতার অগ্রগতিকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শঙ্খ ঘোষ তাদের অন্যতম। কবিতা, প্রবন্ধে সমানুপাতিক চিন্তাদর্শী এই লেখক বাংলা কবিতার নতুন বাঁকবদল তৈরি করে গিয়েছেন।তার কাব্যভাষা,বাক্সময়তা সাবলীল হলেও ভাবনার গভীর বহিঃপ্রকাশ রয়েছে তার কবিতায়। তার প্রয়াণে অপূরণীয় যে ক্ষতি হয়েছে বাংলা কবিতার সে বিষয়টি বর্ণনাতীত।পাঠকের পাঠ বিচারের পাশাপাশি একজন কবির কবিতা আর সুন্দর চিন্তাকে বাঁচিয়ে রাখে তাঁর লেখার উপর সমসাময়িক অগ্রজ অনুজদের মূল্যায়ন। কেবল বাংলা সাহিত্যেই নয় বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটে এই মূল্যায়ন একটি প্রচলন হিসেবে বিদিত রয়েছে দীর্ঘকাল যাবত। এই ধরনের কাজগুলো যারা করে থাকেন তারা নিঃসন্দেহে সাহিত্যসমাজ এবং শিল্পের জন্য অনেক ইতিবাচক চিন্তা-ভাবনা করেন সব সময়। বাংলা সাহিত্যের অন্যতম কবি শঙ্খ ঘোষের প্রয়াণের পর তার স্মৃতি এবং সাহিত্য অবদানকে চিরস্মরণীয় করে রাখার স্বার্থে বাংলার সাহিত্যকর্মীদের একটি বড় দায় তৈরি হয়। সে চিন্তার বাস্তবায়নের চিহ্ন স্বরূপ কবি শঙ্খ ঘোষ মূল্যায়িত হচ্ছেন বিভিন্নভাবে। শঙ্খ ঘোষের প্রয়াণের পর ছিন্ন-বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের গদ্য স্মৃতিকথা এবং তার সাহিত্য মূল্যায়নের লক্ষ্যে বিশ্লেষণধর্মী গদ্য প্রকাশিত হতে থাকে,কিন্তু পূর্ণাঙ্গ সংকলনের অভাব বরাবরই রয়ে গিয়েছিল।সে অভাবটি পূরণ করেছে জলধি’র শঙ্খ ঘোষ সংখ্যা। কবি শঙ্খ ঘোষকে নিয়ে জলধি'র এই নিবেদন নিঃসন্দেহে শঙ্খ ঘোষ মূল্যায়নে এক অনন্য সংযোজন। এই সংকলনে সূচিবদ্ধ প্রবন্ধসমূহ এবং একটি দীর্ঘ সাক্ষাৎকার মননশীল পাঠকের শঙ্খ ঘোষ-তৃষ্ণাকে নিবৃত করতে সক্ষম হবে। প্রায় প্রতিটি প্রবন্ধের প্রাবন্ধিকগণই শঙ্খ ঘোষকে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন আগামীর কবি,আগামীর প্রাবন্ধিক এবং অনাগত সময়ের চিন্তাশীল পাঠকের সাথে। অনিন্দিতা গোস্বামী, জয়া মিত্র থেকে শুরু করে মুহাম্মদ ফরিদ হাসান পর্যন্ত প্রাবন্ধিকগণ তাদের আত্মিক তাগিদ থেকে নিবেদন করেছেন তাদের লেখা,তাদের শ্রদ্ধার্ঘ।স্পষ্টত কোন লেখকই কেবলমাত্র দায়মুক্তির উদ্দেশ্যে কোন লেখা তৈরি করেননি, বরং তারা প্রত্যেকেই নিজের বোধ-বিশ্লেষণের জায়গা থেকেই তুলে ধরেছেন তাদের সর্বোচ্চ চিন্তা।বাংলা কবিতার এই প্রবাদপুরুষের সাহিত্য জীবন, সামাজিক জীবন,ব্যক্তিগত আলাপচারিতা নিয়ে সাজানো হয়েছে এই সংখ্যা।
এই সংখ্যার প্রতিটি লেখায়ই স্পষ্টভাবে ফুটে উঠেছে শঙ্খ ঘোষের বহুমূখী কাব্যচিন্তার মানচিত্র। কবি শঙ্খ ঘোষকে নিয়ে জলধি’র এই সংখ্যাটিতে লিখেছেন অনিন্দিতা গোস্বামী, অনিমেষ মিত্র,অমলেন্দু বিশ্বাস,অমিত গোস্বামী, অমিত সাহা, অয়ন বন্দ্যোপাধ্যায়, আশীষ চৌধুরী,একরাম আলী, কাজল চক্রবর্তী,কৌশিক বড়–য়া, রাজু আলাউদ্দিন, তপন গোস্বামী, নরেশ মণ্ডল,নীলাদ্রি শেখর সরকার,গৌতম গুহ রায়, চন্দ্রনাথ মুখোপাধ্যায়, চিন্ময় গুহ, জয় গোপাল মন্ডল, জয় মিত্র, তপন বাগচী, তাপস রায়, নরেশ মন্ডল,নৈরিতা বিশ্বাস, বীরেন মুখার্জী, শ্যাম প্রসাদ ঘোষ, শাহনাজ পারভিন, শাশ্বতী দাশগুপ্ত, রামপ্রসাদ মুখোপাধ্যায়, রাজীব চক্রবর্তী, হাসান মাহমুদ,, স্বপন শর্মা সৌরভ দত্ত,রিনি গঙ্গোপাধ্যায়,সন্দীপন চক্রবর্তী সুবীর সরকার,সুব্রত মন্ডল,বঙ্গ রাখাল, বন্দনা মিত্র,বাসুদেব মণ্ডল,বিভাস রায় চৌধুরী, মনোজিৎ কুমার দাস প্রমুখ। সেই সাথে যুক্ত কবি শঙ্খ ঘোষ-এর ছোটগল্প। শঙ্খ ঘোষের জীবন ও সাহিত্য নির্ভর বিভিন্ন ধরনের গবেষণা ও বিশ্লেষণ এবং মূল্যায়নধর্মী প্রবন্ধে সমৃদ্ধ হয়েছে সংখ্যাটি। শঙ্খ ঘোষের সমগ্র সাহিত্য জীবনের উপর এরকম একটি সংখ্যা নিঃসন্দেহে জরুরি ছিল। এই অভাবটি পূরণ করতে পেরেছেন জলধি পত্রিকার সম্পাদক,কবি, কথাসাহিত্যিক,প্রাবন্ধিক নাহিদা আশরাফী।
কবি-প্রাবন্ধিক বিভাস রায় চৌধুরী লিখেছেন -' ‘দেশ'হারা মানুষের কান্নার কোন বিচার হয় না। শিল্পী তাঁর বেদনা শিল্পে বহন করেন। কবি শঙ্খ ঘোষ আবেগ নিয়ন্ত্রণে অসম্ভব দক্ষ ছিলেন। তবু তাঁর যেসব কবিতায় দেশ ছাড়ার বেদনা,স্মৃতি,সেসব কবিতা যেন অনেক বেশি স্বতঃস্ফূর্ত। নির্মিতির নৈপুণ্যে ভারসাম্যময় কবিতা শঙ্খ ঘোষকে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে '।
বিভাস রায়চৌধুরী তার এই প্রবন্ধের মধ্যে খুব সহজ করেই কবি শঙ্খ ঘোষের মানসিকতা, কবিতাচিন্তাকে এমনভাবে প্রস্ফূটিত করতে পেরেছেন যে,কোন সচেতন মননশীল পাঠক কিংবা সদ্য লিখতে শুরু করা কবি তার এই প্রবন্ধ পড়া মাত্রই কবি শঙ্খ ঘোষ সম্পর্কে একটি উজ্জ্বল ধারণা পাবেন।
কবি-প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন তার দীর্ঘ লেখায় কবি শঙ্খ ঘোষের কবিতার বহুমাত্রিকতাকে তুলে ধরেছেন নিপুণতার সাথে।একেবারেই আলাদা ঘরানায় রচিত এই প্রবন্ধে তিনি শঙ্খ ঘোষের কবিতায় ছন্দের ব্যবহার, মাত্রা বিন্যাস তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। রাজু আলাউদ্দিন তার প্রবন্ধে একেবারেই স্মৃতিচারণ করেছেন সরলভঙ্গিতে-- ‘তার প্রবন্ধে আমাদের প্রজন্ম খুঁজে পেয়েছিল সাহিত্যরুচির এক পরিশীলিত রূপ। আর কিভাবে উচ্চকন্ঠ না হয়েও প্রায় স্বগতভঙ্গিতে–যুক্তি ও প্রমাণের বিস্তার ঘটিয়ে–পাঠকের সঙ্গে অনবরত কথা বলে যান। পূর্বসূরী বুদ্ধদেব বসুর কাছ থেকে তিনি পেয়েছিলেন ভাষাশৈলীর মখমল রূপ আর ধ্বনির কোমলতা।’
বাংলাসাহিত্যে বিশেষত কবিতায় এত বড় বিপ্লব বোধকরি খুব একটা খুঁজে পাওয়া যাবে না যে কেবল কবিতাচিন্তা আর নিজস্ব ঘরানার ছন্দমাধুর্য দিয়ে বাংলা সাহিত্যের সর্বোচ্চ সম্মান অধিকার করার পরেও যার চিন্তা,মানসিকতায় সবসময় জড়িয়ে থাকে দেশাত্মবোধ আর পূর্বপুরুষের ফেলে আসা স্মৃতি। জলধি সম্পাদক নাহিদা আশরাফী তার ভূমিকায় আর্দ্র কণ্ঠেই বলেছেন--‘বাংলা কবিতাকে অনন্য বিভায় রাঙিয়েছেন তিনি। দূর্মর,দুঃসহ আর অস্থিরতায় আক্রান্ত সময়ে তার কবিতা যেন শান্ত,সৌম,ধ্যানমগ্ন শব্দপাহাড়।এমন স্থিতপ্রাজ্ঞ-অনুদ্বিগ্নমনা-ঋষিকবি খুব একটা দেখিনি বললেই চলে।’
কবি শঙ্খ ঘোষের যাপিত জীবন আর নান্দনিক চিন্তাকে বিশ্লেষণ করেছেন অনেকেই তাদের লেখায়।সাধারণ দৃষ্টিকোণ থেকেও কেউ কেউ তুলে ধরেছেন কবি শঙ্খ ঘোষের চিন্তার ব্যাসার্ধ আর সচিত্র শ্রদ্ধাঞ্জলি। কবির স্মৃতি নিয়ে মর্মস্পর্শী লেখা লিখেছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নামজাদা সাহিত্যিক, সমালোচক, শিল্প বিশ্লেষকগণ।উপানন্দ ধবল তার লেখায় শঙ্খ ঘোষের বিষয়ে লোকজ ঐতিহ্যের সন্ধান করতে গিয়ে বলেছেন-- ‘শঙ্খ ঘোষ তার কবিতায় জীবনের রূপ ফুটিয়ে তুলতে বস্তুকেন্দ্রিক লোকজ উপাদানের অজস্র ব্যবহার ঘটিয়েছেন।... জীবন যন্ত্রণার বৈপরীতে একদা ফেলে আসা গ্রামনির্ভর লোকজীবনের প্রতি কবির অন্তর্গূঢ় টান ছিল বলেই এই গ্রামনির্ভর লোকজীবনের ছবি ফুটিয়ে তুলতে কবি বিস্মৃত হননি।
তাপস রায়ের প্রবন্ধটি একটু ব্যতিক্রম।কয়েকজন লিখেছেন কবি শঙ্খ ঘোষের ছন্দ নিয়ে মুন্সিয়ানা সম্পর্কে, অনেকেই করেছেন তার সাথে ব্যক্তিগত স্মৃতির বয়ান। তাপস রায় সেদিকে যাননি। তিনি ফিরেছেন অনেকটা আলাপচারী ডঙে। কবি শঙ্খ ঘোষের বিভিন্ন মতবাদের বহিঃপ্রকাশের অনেকটাই তাপস রায়ের গদ্য থেকে পাওয়া যায়।তাপস রায় লিখেছেন--‘কবির আত্মার মুক্তি ধ্বনিত হয় সামাজিক সংকটের আলোড়নে।নিজস্ব নিঃশ্বাসের কম্পন যন্ত্রণা ব্যাথা বাঁশির ভেতর দিয়ে চলাচল করে গান হয়ে যায়।শেষ লাইনটি লেখবার আগের মুহূর্ত পর্যন্ত যে যন্ত্রণা ও মুগ্ধতা, যে তর্ক ও উদ্বেগ-পোড়েন,তা থেকে যেন মুক্তি এল।এই দ্বিধা পৃথিবী নিয়ে তার সংঘর্ষ ও চলাচল নিয়ে।’
জলধি শঙ্খ ঘোষ সংখ্যায় স্থান পেয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রবন্ধ যা থেকে কবি শঙ্খ ঘোষকে খুব সহজেই অচেনা পাঠক চিনে নিতে পারবেন, জেনে নিতে পারবেন শঙ্খ ঘোষের সামগ্রিক দৃষ্টিপাত এবং যাপিত জীবনাচারের অনেকটাই। এই সংখ্যাটির সম্পাদক নাহিদা আশরাফী তার নিজের কোন লেখাকে স্থান দেননি এই সংকলনে, বিষয়টি তার সম্পাদনার ইতিবাচক মানসিকতা,উদার চেতনা এবং সম্পাদনায় সততারই পরিচয় বহন করে। একেবারেই প্রথম প্রবন্ধটি অনিন্দিতা গোস্বামী'র।স্মৃতিগদ্যলেখার এক পর্যায়ে তিনি তুলে ধরেছেন বাংলাবিতায় শঙ্খ ঘোষের অবদান।জয়া মিত্র তাঁর প্রবন্ধে বিশ্লেষণ করেছেন কবির নিজস্ব শূন্যতা। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়, সুচরিতা চক্রবর্তী,সন্দীপন চক্রবর্তী,সুব্রত মণ্ডল,হাবীবুল্লাহ সিরাজী,মোস্তাক আহমাদ দীন,রজতকান্তি সিংহ চৌধুরী প্রমুখের লেখায় শঙ্খ ঘোষ মূল্যায়িত হয়েছেন নানামুখী দৃষ্টিভঙ্গি থেকে।
জলধি 'শঙ্খ ঘোষ সংখ্যা' প্রকাশের মাধ্যমে বাংলাসাহিত্য ও কবিতা বিশ্লেণধর্মী সংখ্যাগুলোর মধ্যে অনন্য আসনে আসীন হয়েছে—এমনটা সংশয়হীনভাবেই বলা যায়।
জলধি
৬ষ্ঠ বর্ষ,১ম সংখ্যা, আগস্ট ২০২২
লেখ আয়ু, শব্দহীন হও
শঙ্খ ঘোষ সংখ্যা
সম্পাদক- নাহিদা আশরাফী
মূল্য- ৩০০ টাকা
