জয় বাংলা
গভর্নর ডক্টর মালিক টেলিফোনে আর্তস্বরে বলে চলেছে: ও নুরুল আমীন, প্লেন পাঠাও। প্লেন।
একাত্তরের জুন মাসে পটুয়াখালিতে কাজে যোগ দিতে যেতেই হল। সেখানে যাওয়ার পর থেকে আমি যার বাসায় উঠেছি, জেলা প্রশাসককে আশ্বস্ত করে প্রতিদিন বলতে থাকি, একটা বড় যুদ্ধ হবে যেখানে অংশ নেবে মুক্তিযোদ্ধারা আর ভারতের সেনাবাহিনী। তারপর আমরা স্বাধীন হব। শুনে আমার হোষ্ট নিশ্চিন্ত হতে পারতেন না। বলতেন, ভারত সরকার কেন যুদ্ধ করবে? উত্তরে আমি বলতাম, যে হারে উদবাস্তু যাচ্ছে বাংলাদেশ থেকে, ভারতের যুদ্ধ না করে উপায় নেই। এত শরণার্থী কোথায় রাখবে, কতদিন রাখবে? প্রতিবেশী জেলা জজ সাহেব আসতেন রাতের অন্ধকারে মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করার জন্য। তিনজনে মিলে শুনতাম স্বাধীন বাংলা বেতারের খবর। ছদ্মনামে এম আর মুকুলের রসিয়ে 'বিচ্ছু'দের হানাদার বাহিনীকে কচুকাটা করার কথা শুনে শুধু আনন্দ না, কি যে ভরসা পেতাম তা বলে শেষ করা যাবে না।
অক্টোবরে ঢাকায় বদলী হয়ে এলাম এবং যে পদে দায়িত্ব পেলাম তার বদৌলতে গভর্নর ডক্টর মালিকের মন্ত্রিসভার সভায় গিয়ে সভা-বিবরণী লেখার সময় আলোচনা শুনতাম। আমার ভাই আগরতলার মেলাঘর থেকে ঢাকায় গোপনে এলে তাকে সে সব সভার কথা বলতাম। জানাতাম মুক্তিযোদ্ধাদের ভয়ে মন্ত্রিসভার সব মন্ত্রী তাদের বডি গার্ড হিসাবে পাঞ্জাবী পুলিশ চায়। হানাদার বাহিনীর সদস্যরা এসে মাঝে মাঝে ম্যাপ দেখিয়ে বক্তৃতা দিয়ে জানাত মুক্তিযোদ্ধারা কোথায় কোথায় আছে। তারা ঢাকার এত কাছে এসে পড়েছে জেনে মন্ত্রিরা ভয়ে তটস্থ হয়ে তাদের বাড়িতে পাহাড়া জোরদার করার জন্য বলত। কেউ হানাদার বাহিনীর হাতে বন্দী কারো কথা বললে ডক্টর মালিক বলতেন, এ সব কথা শুনলে আর্মি মন্ত্রিসভাকে সন্দেহ করবে। বুঝতাম, বাঙালিদের হয়ে বলার জন্য মন্ত্রিসভায় কেউ নেই। ডিসেম্বরের তিন তারিখে সন্ধ্যার আগে পাকিস্তান বিমান বাহিনীর এক ঝাক যুদ্ধবিমান উড়ে যেতে দেখে সহকর্মী আবু হেনা সাহেবকে বললাম, মনে হচ্ছে বড় যুদ্ধ শুরু হয়ে গেল।এই সময় এতগুলো প্লেন উড়ে যাওয়ার মানে তারা ভারতের বিমান বন্দর আক্রমণ করতে যাচ্ছে।
বাড়িতে ফিরে খাওয়ার পর বিছানায় শুয়ে ট্রাঞ্জিসটার রেডিও শুনতে থাকলাম। আমার মনে খুব বিশ্বাস, ভারত যুদ্ধ ঘোষণা করবে।অপেক্ষা করতে থাকলাম। ঠিক রাত বারটায় ইন্দিরা গান্ধী রেডিওতে বললেন, পাকিস্তান অতর্কিতে বিমান হামলা করেছে। তার উত্তরে ভারত যুদ্ধ ঘোষণা করছে। কিছু পরই শোনা গেল ঢাকার আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর বোমা বর্ষণের শব্দ। বুঝলাম ঢাকা বিমান বন্দরে আক্রমণ হচ্ছে। পরদিন সকালে আকাশের বেশ নিচেই দেখা গেল ভারতীয় আর পাক বাহিনীর প্লেনের ডগফাইট। এত কাছে যে পাইলটদের মুখ পর্যন্ত দেখা গেল। মানুষের তখন ভয়-ডর চলে গিয়েছে।বাড়ির ছাদে উঠে অনেকে ঘুড়ির খেলার মত যুদ্ধ বিমানের ডগফাইট দেখতে থাকল। দু'দিন পর আকাশে আর পাকিস্তানিদের বিমান দেখা গেল না। বুঝলাম তাদের সব প্লেন খতম, আকাশ এখন মুক্ত। মন্ত্রিসভার জরুরী মিটিং-এ দেখা গেল সব মন্ত্রী হাতে মুখ ভর করে টেবিলের দিকে তাকিয়ে আছে।গভর্নর ডক্টর মালিক টেলিফোনে আর্তস্বরে বলে চলেছে: ও নুরুল আমীন, প্লেন পাঠাও। প্লেন। তার পাশে বসে আছে জেনারেল রাও ফরমান আলি। দেখলাম হাতে নামের তালিকা। সেদিন গভর্নরস হাউস থেকে চলে আসার পর বাসার টেলিফোন থেকে সব সচিব, যুগ্ম সচিব এবং বিভাগীয় প্রধানদের যে সভায় ডাকা হয়েছিল তা নিজের থেকেই বাতিল হয়েছে বলে জানিয়ে দিলাম। তারপর বাবা-মাকে গাড়িতে তুলে পরীবাগে এক বন্ধুর বাসায় গিয়ে উঠলাম। দুদিন পর দেশ স্বাধীন হল। যখন নিজের বাড়িতে ফিরলাম, সে আমি অন্য মানুষ। ঢাকার আকাশে বাতাসে তখন একটাই শব্দ,কর্ণবিদারী গর্জন: জয় বাংলা।
