২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণজয়ন্তীতে নব আঙ্গিকে সফিউদ্দিন আহমদের প্রথম বই

প্রবন্ধ সংকলনটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে; প্রচ্ছদ করেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী।

সুবর্ণজয়ন্তীতে নব আঙ্গিকে সফিউদ্দিন আহমদের প্রথম বই

'নতুন প্রত্যয়ের আলোকে’ বইটির নতুন সংস্করণের প্রচ্ছদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 01:13 AM

Updated : 03 Mar 2024, 01:13 AM

গবেষক, সাহিত্যিক ড. সফিউদ্দিন আহমদের প্রথম গ্রন্থ 'নতুন প্রত্যয়ের আলোকে' অর্ধশতক পর পুনঃপ্রকাশ করেছে আজব প্রকাশ।

প্রবন্ধ সংকলনটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে; প্রচ্ছদ করেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সেই প্রচ্ছদ অবলম্বনে আজব প্রকাশের পরিমার্জিত সংস্করণের প্রচ্ছদ করেছেন তার ছেলে সাকী আহমদ।

শিক্ষাবিদ সফিউদ্দিন আহমদের বয়স এখন ৮৫ ছুঁই ছুঁই। তার শতাধিক গ্রন্থ দেশে বিদেশে সমাদৃত। একসময়ে গণমাধ্যমে প্রাঞ্জল উপস্থিতি থাকলেও এখন অনেকটা নিভৃত জীবনযাপন করছেন নিজের বাড়িতে। প্রথম গ্রন্থের ৫০ বছর পূর্তিতে নতুন আঙ্গিকে বইটি প্রকাশিত হওয়ায় দারুণ আপ্লুত তিনি।

সফিউদ্দিন আহমদ বলেন, “মহান মুক্তিযুদ্ধের পর এক আত্মিক সংকটে ভুগছিল এই দেশ-সমাজ। পরবর্তী কয়েক বছরে নতুন সূচনায় এদেশের শিল্পী-সাহিত্যিকদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হয়েছে। এই গ্রন্থটিতে যোজিত প্রবন্ধসমূহ সেই আকরেই।

“এতে যেমন আলোচিত ব্যক্তিত্বদের বিষয়ে বিশদ আলোচনা রয়েছে, তেমনি তৎকালীন প্রেক্ষাপটে নানা বিষয় ও প্রসঙ্গে সমালোচনাও রয়েছে। আমি আমার সাহিত্য-সাধনা ও গবেষণায় এই সততাটুকু রক্ষা চেষ্টা করে চলেছি আজ অবধি। তবে প্রবন্ধগুলো সেই সময়ের প্রেক্ষাপটে। আজ থেকে ৫০ বছরেরও আগের সময়ের কথা বলছি। বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু বিষয় হয়ত অসঙ্গতিপূর্ণও মনে হতে পারে। সেই দায়ভার সম্পূর্ণরূপেই আমার।”

গ্রন্থটির প্রকাশের বিষয়ে প্রকাশক, সংগীত শিল্পী ও লেখক জয় শাহরিয়ার বলেন, “দেশের যশস্বী এই ব্যক্তির প্রথম প্রকাশিত গ্রন্থের অর্ধশত বর্ষপূর্তি উদযাপন নিঃসন্দেহে আমার জন্য আনন্দের। বিভিন্ন ক্ষেত্রে দেশের বরেণ্য ব্যক্তিদের জীবন ও সৃষ্টকর্মও নিয়েও আমি নিয়মিত কাজ করার চেষ্টা করছি। আশা করছি এই প্রজন্মের পাঠকও 'নতুন প্রত্যয়ের আলোকে' পাঠ করার মাধ্যমে নতুন নতুন আলোকে প্রত্যয়ী হয়ে উঠবে।”

Image

গবেষক, সাহিত্যিক ড. সফিউদ্দিন আহমদ

বাংলা একাডেমি, বিশ্বসাহিত্য ভবন, মুক্তধারা, নওরোজ কিতাবিস্তান, কথাকলি, অনন্যা, মিজান পাবলিশার্স, বাংলা প্রকাশ, রোদেলা, নান্দনিক প্রভৃতি স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে ড. সফিউদ্দিন আহমদের শতাধিক মৌলিক গবেষণা, অনুবাদ ও সম্পাদিত গ্রন্থ।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'শিক্ষা পরিকল্পনায় শিক্ষার মাধ্যম ও মাতৃভাষা', 'ইয়ং বেঙ্গল মুভমেন্ট ও ডিরোজিও', 'ডিরোজিও জীবন ও সাহিত্য' গ্রন্থগুলো বেশ সমাদৃত।

পাশাপাশি রবীন্দ্রনাথ প্রসঙ্গে তার সামগ্রিক প্রকাশনার মধ্যে রয়েছে 'বৃত্তাবদ্ধ রবীন্দ্রনাথ', 'সার্বভৌম কবি', 'রবীন্দ্রনাথে ভাষা-সাহিত্য ও শিক্ষাচিন্তা', 'রবীন্দ্র রচনার উৎস উৎসর্গ ও ভুমিকা', 'রবীন্দ্রনাথ নিজেই যেখানে মল্লিনাথ' ইত্যাদি।

রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সাহিত্য বিষয়ে উল্লেখযোগ্য গবেষণাকর্মের জন্য বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার-এও ভূষিত হয়েছেন সফিউদ্দিন আহমদ। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যাপনার পাশাপাশি তিনি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন দুই মেয়াদে।

সাংস্কৃতিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর তাকে শিল্পকলা পদকে সম্মানিত করা হচ্ছে।