চট্টগ্রামে ১১ দিনব্যাপী নাট্য উৎসব
চট্টগ্রামে গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে ১১ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার।
সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমিতে উৎসব উদ্বোধন করেন নাট্যকার রবিউল আলম।
তিনি বলেন, দেশের শিল্পাঙ্গন এক সময় উৎসব মুখর থাকত। বর্তমানে নানা কারণে এ ক্ষেত্রে বিশেষ করে মঞ্চ নাটকের ক্ষেত্রে হতাশা নেমে এসেছে।
নাট্যকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে রবিউল আলম বলেন, এ হতাশা বেশি দিন থাকবে না। তরুণ প্রজন্ম এগিয়ে এলে প্রাণ ফিরে পাবে নাট্যাঙ্গন।
নাট্যচর্চায় পৃষ্ঠপোষকতার জন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
মরতুজা রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখলেছুর রহমান, অভিজিৎ সেন গুপ্ত।
উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় থিয়েটার গিল্ড এর নাটক চাঁদের অমাবশ্যা।
১৩ মে পর্যন্ত চলা এ উৎসবে প্রতিদিনই ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন নাট্য সংগঠন তাদের নাটক মঞ্চস্থ করবে।
