২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের আগেও দারুণ ভিড় বইমেলায়

মেলা শেষের আগে লোকে লোকারণ্য আরেকটা দিন। অবিশ্বাস্য হলেও সত্যি! শিশুপার্ক থেকে এক প্রান্ত আর কার্জন হল থেকে শুরু হয়েছে মেলায় প্রবেশের আরেক প্রান্ত। সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নেমেছে তবু থামেনি মেলায় ঢোকার জন্য মানুষের এ মিছিল। এমন ভিড়ে মেলায় হাঁটাই যেন দায়। পাশাপাশি বিকিকিনিও ছিল বেশ ভালো। প্রকাশকরাও তাই সন্তুষ্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 11:40 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার মেলায় দ্বিতীয়দিনের মতো এসেছিলেন জনপ্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদ। বিকাল ৪টায় অন্যপ্রকাশের স্টলে তিনি আসার পর থেকে মেলা যেন পরিণত হয়েছে হুমায়ূনময়। লম্বা লাইন ধরে দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে আছেন অটোগ্রাফ শিকারীরা। কিন্তু সামান্যতম বিরক্তি নেই। অসীম ধৈর্য্য নিয়ে শেষ পর্যন্ত অটোগ্রাফ নিচ্ছেন তারা। ‘আজ হিমুর বিয়ে’, কিছু শৈশব, মধ্যাহ্ন প্রভৃতি বইয়ে লিখছেন ‘‘অনেক শুভেচ্ছা-- হুমায়ূন আহমেদ’’। এটুকু প্রাপ্তিই ভুলিয়ে দিচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি।

কেউ কেউ বলছেন তার কারণেই মেলায় বাড়তি এ ভীড়। তবে তিনি একা নন। মেলায় কাল ছিলেন এমন বেশ কজন জনপ্রিয় লেখক। সময় প্রকাশনের স্টলে বসেছিলেন লেখক আনিসুল হক। তিনি এবারের মেলায় প্রকাশিত তার ‘আলো অন্ধকারে যাই, ফাজিল, ভালবাসার চার উপন্যাস প্রভৃতি বইয়ে ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন।

এদিন মেলার মূল মঞ্চের আকর্ষণ ছিল বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান। পুরস্কার পাওয়া ৬ সাহিত্যিক তাদের ক্রেস্ট, সনদপত্র আর ৫০ হাজার টাকার চেক নিয়েছেন ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরীর হাত থেকে।

শেষের আগের এই দিনেও মেলায় নতুন বই এসেছে ৮২টি। মোড়ক উন্মোচন করা হয়েছে পাঁচটি বইয়ের। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের “উপমহাদেশের রাজনৈতিক সন্ত্রাস:বাংলাদেশ প্রেক্ষিত”। মিজান পাবলিশার্স প্রকাশিত এ বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন।

মেলার সীমানার বাইরের একটি আয়োজনেও ছিল মেলারই আবহ। তিন বছর আগের এই দিনে একুশের বইমেলাতেই দুর্বৃত্তদের ছোরায় বিদ্ধ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হুমায়ুন আজাদ। সেই দিনটির স্মরণে বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের উদ্যোগে একাডেমীর সামনের ঘটনাস্থলে সকালে ফুল দেওয়া আর সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়। মেলা ভাঙার বেদনার চেয়েও বেদনার এই স্মৃতি কাঁদিয়েছে অনেক আগন্তুককেই।