২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হায় হোসেন রব তাজিয়া মিছিলে

দুপুর দেড়টার দিকে নিউমার্কেট এলাকার লোকজন সচকিত হয়ে উঠলো স্লোগানের মতো শব্দে। উৎস লক্ষ করে তাকালে চোখে পড়লো দুরের একটা মিছিল, তাতে বর্ণিল পতাকার সমারোহ, ঘোড়ার সমাবেশ আর সাজানো কবর দেখে সবাই বুঝলেন এটা তাজিয়া মিছিল। কাছে আসতেই পুরো এলাকা সরগরম হয়ে গেল। মাইকে সুর করে পুঁথি পড়া আর মিছিলে অংশগ্রহণকারীদের ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ রবে কম্পিত হতে লাগলো পুরো এলাকা। এই মিছিলটি বের হয় হোসেনি দালান থেকে সকাল ১০টার দিকে। নফহবংি২৪.পড়স--এর প্রতিনিধি সিমু নাসের এই মিছিলে ছিলেন প্রায় পুরোটা সময় জুড়ে। সঙ্গে ছিলেন শরিফুল বারী টুটুল। জানাচ্ছেন তারা:

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 07:36 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তাজিয়া মিছিলটি নিউমার্কেট অতিক্রম করার সময় রাস্তার দু’ধার আর ওভারব্রিজ উপচেপড়া মানুষ ঠেকাতে ব্যস্ত হয়ে ওঠে পুলিশ বাহিনী। মিছিলে এর মাঝে দেখা গেলো রক্তাক্ত পিঠের তরুন বাহিনীকে। লম্বা রশি দিয়ে বাঁধা ছুরি দিয়ে তারা একটু পরপর আঘাত করছে নিজেদের পিঠে। সবারই পিঠ রক্তে লাল হয়ে আছে। তার উপরই আবার চলছে আঘাত। পিঠের চামড়ায় অসংখ্য কাটাকুটি। রক্তের ধারায় মাখামাখি হয়ে গেছে তাদের কাপড় চোপড়।

২.

পুরান ঢাকায় এমনিতেই গলিঘুপচি বেশি। সেসব গলি ঘুপচি দিয়ে যেভাবে লোকজন হোসেনি দালানের দিকে এগুচ্ছে তাতে সে জায়গার অবস্থা কী দাঁড়াতে পারে তা সহজেই অনুমেয়। দীর্ঘ সাধনার পর কচ্ছপের গতিতে এগুতে এগুতে অবশেষে পৌঁছানো গেলো সেখানে। অবস্থা কহতব্য নয়। তিল ধারণের স্থান নেই কোথাও। চারদিকে কেবল মানুষের মাথা আর মাথার উপর লাল, সবুজ অথবা কালো রংয়ের ঝাণ্ডা।

আজ ১০ মহররম প্রধান শোক মিছিল উপলক্ষে গত রাত থেকেই হোসেনি দালানে চলছিল সাজ সাজ রব। পহেলা মহররম থেকে অনুষ্ঠান শুরু হলেও সবাই আসলে অপেক্ষা করে এ দিনটির জন্যই। প্রধান শোক মিছিলে অংশ নিতে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন জমায়েত হয় এখানে।

সকাল থেকেই একজন মাইক দিয়ে বর্ণনা করে যাচ্ছিলেন কারবালার মর্মস্পর্শী কাহিনী। সুরে সুরে সেই কাহিনী কখনো বর্ণিত হচ্ছে বাংলায় কখনো বা উর্দূতে। নিঃসন্দেহে বর্ণনাকারীর কণ্ঠ অনেক চমৎকার। এত হই  --  হট্টোগোলের মাঝে তার করুণ বর্ণনা শুনতে খুব একটা খারাপ লাগছিল না। হঠাৎ মনে হলো তার বলায় কিছু একটা ঝামেলা হচ্ছে। কোথাও সুর কেটে গেছে। খেয়াল করে শুনলাম তিনি পুঁথির সুরে সুরে রক্ত দানের মাহাত্ম্য বর্ণনা করছেন।

ভেবেছিলাম কারবালায় হোসেনের শহীদ হওয়া রক্তের সঙ্গে বিষয়টি সম্পর্কিত। তিনি বুঝি আমাদের ন্যায়ের পথে রক্ত দেওয়ার কথাই বলছেন। কিন্তু হঠাৎ করে সন্ধানীর নাম বলায় বুঝলাম এটা আক্ষরিক অর্থেই রক্ত দান করার আহ্বান। সে আহ্বানে সাড়াও দিয়েছেন বেশ কয়েকজন। সন্ধানীর স্টলে বসে থাকা তরুণ হবু ডাক্তারটি জানালেন, এ পর্যন্ত তিনজন রক্ত দিয়েছে।

পাশেই একটা গ্যালারির মতো। সেখানে ক্যালিগ্রাফি প্রদর্শনী হচ্ছে। দেয়ালের তিন দিক জুড়ে ঝুলানো ফ্রেমে শোভা পাচ্ছে হোসেন এবং কারবালা সংশ্লিষ্ট নানান বিষয়ের রং বেরংয়ের ক্যালিগ্রাফি। হাতে লেখা কোরান শরীফ ছাড়াও সেখানে প্রদর্শিত হচ্ছে পুরোনো দিনের বিভিন্ন কোরান শরীফ। লোকজন হুমড়ি খেয়ে সেসব দেখছেন।

এই অংশটুকু শেষ করে ভিড় ঠেলে একটু সামনে এগুতেই দেখা গেলো বেশ তেজী একটা ঘোড়াকে ঘিরে ভয়ানক ভিড় জমে গেছে। ঘোড়াটিকে সাজানো হয়েছে ইমাম হাসানের ঘোড়া দুলদুলের অনুকরণে। মাথায় আয়না সম্বলিত মস্তক আবরণীর কারণে ঘোড়াটি কিঞ্চিৎ বিরক্ত। সারাক্ষণই এদিক সেদিক মাথা দোলাচ্ছে। সেই মস্তক আবরণী থেকে আবার লম্বা দুটি টিনের পাত বেরিয়ে গেছে উপরের দিকে। পুরো শরীর জুড়ে তার গাঁদা ফুলের মালা। তার ওজনও নেহায়েত কম হবে না। ঘোড়া একটি শক্তিশালী প্রাণী, সেজন্যই হয়তোবা এ ভার সহ্য করতে পারছে।

ভিড়ের কারণে এতক্ষণ বুঝতে পারিনি এখানকার মূল কাহিনী। কাছে গিয়ে দেখি সাদা সাদা একপ্রকার তরলে চারপাশ সয়লাব। সেখানকার নারী পুরুষ নির্বিশেষে সবাই সেই তরল হাতে নিয়ে মুখে অথবা মাথায় মাখছে। সাদা এ তরল যে দুধ হতে পারে প্রথমে মাথায় আসেনি। কিন্তু একটু দূরেই অনেকগুলো মিল্কভিটার প্যাকেট দেখে নিঃসন্দেহ হলাম এগুলো আসলে দুধ। দুধ দিয়ে তারা ঘোড়ার চার পা ধুয়ে দিচ্ছে। সেই পা ধোয়া দুধ মাখলে সওয়াব হবে এমনটাই তাদের বিশ্বাস।

মূল মিছিলে অংশ নেওয়ার জন্য ‘বইল’ দল বেশ মহড়া দিচ্ছে হোসেনি দালানের প্রাঙ্গণে। গায়ের পোশাকের সঙ্গে পিতলের ঘণ্টা আর পাইক লাগানো বইল দল ঝমঝম শব্দে একবার এদিক আরেকবার ওদিক যাচ্ছে। সবচেয়ে বেশী আনন্দে আছে বাচ্চারা। সব কাজেই দেখা যাচ্ছে তাদের প্রবল উৎসাহ। অকারণেই এদিক সেদিক ছোটাছুটি করছে তারা। মূল ভবনেও পা ফেলার জায়গা নেই। তার ভেতর একজনকে দেখা গেলো দু’হাতে দুটি মুরগি নিয়ে সিঁড়ি ভেঙে ওপরে ওঠার চেষ্টা করছে। এগুলো তার মানত। মানত দিলে নাকি রোগব্যাধি ভালো হয়ে যায়।

 হোসেনি দালান থেকে মিছিল বের হওয়ার কথা সকাল ১০ টায়। অনেকটা ঘড়ির কাঁটা ধরেই ধাপে ধাপে শুরু হলো মিছিল। প্রথমে ‘ভেস্তা’ দল। এ দলের মূল বৈশিষ্ট্য পরনের লাল পোশাক। এরা অগ্রবর্তী দল। সরু রাস্তা দিয়ে মিছিল বের হচ্ছে তো হচ্ছেই, শেষ আর হয় না। অনেকের হাতে লম্বা লাঠি, সেগুলোর মাথায় পাঞ্জা এবং পাক--পাঞ্জাতনের নাম সম্বলিত পতাকা। ঢোল, সানাই বাজাতে বাজাতে তারা এগুতে থাকলো নির্দিষ্ট পথে।

তারপর বের হলো কালো পোশাক পরিহিত দল। এদের বেশিরভাগই তরুণ। কালো শার্ট অথবা পাঞ্জাবি আর কালো প্যান্ট তাদের পরনে। তাদের সঙ্গে রয়েছে একটি মাইক। সেই মাইকে দুতিনজন মিলে বর্ণনা করছেন কারবালার করুণ কাহিনী। পুরো দল তাদের সঙ্গে কোরাস করছে, ‘সীমার, একটু সবুর কররে/সীমার একটু সবুর কর....।’

সবশেষে বের হলো ‘বইল’ বাহিনী। ঘণ্টা আর পাইক পরিহিত এ দলের সামনে রয়েছে দুলদুল ঘোড়া। তার পেছনে বোলতা ঘোড়া। বইল সাজে সজ্জিত একজন মোঃ আব্দুর রহমান। মিছিল স¤পর্কে কথা হলো তার সঙ্গে। প্রতিবারই সে এ মিছিলে যোগ দেয়। কারণ মিছিলে যোগদান করলে অশেষ সওয়াবের ভাগিদার হওয়া যাবে। শুধু সওয়াব নয়, মিছিলে যোগ দেওয়া আনন্দেরও বিষয়। বছরের এই দিনটির জন্য অনেকের মতো সেও অধীর আগ্রহে অপেক্ষা করে।

মিছিলের শুরুটা হয়েছিল সকাল দশটায়। হোসেনি দালান থেকে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ লোকটি বেরিয়ে গেলো সোয়া এগারোটায়। এ মিছিল এখন বকশীবাজার রোড, হরনাথ ঘোষ রোড, আজিমপুর রোড এবং নিউ মার্কেট হয়ে যাবে ধানমণ্ডি দুই নং সড়কের কারবালা প্রাঙ্গণে। আমি পুরান ঢাকার গলি দিয়ে মিছিলের সঙ্গে ঘোরার আশা বাদ দিয়ে চলে এলাম আজিমপুর রোড়ে। মিছিলতো এদিক দিয়েই যাবে। কিন্তু ১২ টা বেজে ১ টা পার হয়ে গেলেও মিছিলের দেখা নেই। অবশেষে দেড়টায় মিছিলের মাথা দেখা গেলো।

ইতিমধ্যে মিছিল চলে এসেছে একটা গোছানো ভাব। প্রথমেই এলো বাচ্চা--কাচ্চার দল। তারা নানান কসরত দেখাতে ব্যস্ত। হঠাৎ একজন বলে উঠলো ‘আগুন’ ‘আগুন’। তাকালাম সেদিকে। সত্যি সত্যিই আগুনের একটা হলকা দেখা গেলো। আবার নিমিষেই নাই। বাচ্চাদের জটলার মাঝখানে একজনের হাতে দেখলাম স্বচ্ছ একটা পলিথিনে নীল রঙের তরল। সেটা মুখে নিচ্ছে আর ফুঁ দিয়ে ছেড়ে দিচ্ছে, তাতেই আগুন ধরছে, আগুনের একটা হলকা ওপরে উঠে যাচ্ছে। পরে বুঝলাম নীল তরলটা আসলে পেট্রোল।

ভাগ্যিস আজকে ছুটির দিন। না হয় নিউ মার্কেট এলাকায় যে আজ কয় প্রস্থ জ্যাম লাগতো সেটা বলা মুশকিল। লম্বা লম্বা আলাম উঁচিয়ে আসতে থাকলো পুরো মিছিলটি। সেই মিছিলে রক্তাক্ত পিঠের তরুণ বাহিনী লম্বা রশি দিয়ে বাঁধা ছুরি দিয়ে একটু পরপর আঘাত করছে নিজেদের পিঠে। রক্তের ধারায় মাখামাখি হয়ে গেছে তাদের কাপড় চোপড়। তাদেরই একজন শোয়েব। সে জানালো, “ব্যথাতো করেই কিন্তু তাতে কী? ব্যথা ছাড়া সওয়াব পাওয়া যাবে কী করে।” মিছিল শেষে ডাক্তার দেখাবেন কিনা জানতে চাইলে হেসে বললো, “প্রয়োজন নাই। বেশি ব্যথা করলে পেইন কিলার খেয়ে নিলেই হয়।” কয়েকজন বিদেশি ফটোগ্রাফারকে দেখা গেলো মহাবিস্ময় নিয়ে তাদের দেখছে। অবশ্য বিস্ময়ের পাশাপাশি ক্যামেরার শাটারও চলছে সমান তালে।

হোসেনি দালান থেকে যে মিছিলটি বেরিয়ে গিয়েছিল সেটি আরো বড় আকারে আত্মপ্রকাশ করল নিউ মার্কেট এসে। কারণ মাঝখানে হোসেনি দালান ইমামবাড়ার সঙ্গে এই মিছিলে যোগ দিয়েছে বড় কাটরার মিছিল এবং মীর ইয়াকুব ইমামবাড়ার মিছিলের লোকজন।

মিছিল একটু করে চলে আবার থামে। মাঝখানে চলে তাদের নানা ধরনের আচার অনুষ্ঠান। দুধ দিয়ে ঘোড়ার পা ধোয়ানো আর পিঠে ছুরি মারা বেশ মোহিত করে ফেলেছে দর্শকদের। ফলে নিউ মার্কেট এলাকা অতিক্রম করতে পুরো মিছিলটির সময় লাগালো প্রায় দুই ঘণ্টা। আস্তে আস্তে সেটি এগুতে থাকলো ধানমণ্ডি দুই নম্বর সড়কের দিকে।

বেলা প্রায় তিনটার দিকে পুরো মিছিল গিয়ে পৌঁছালো দুই নম্বর সড়কে। সেখানেও চলতে থাকলো আচার অনুষ্ঠান। মিছিলের উত্তেজনা থামতেও বেশ সময় লাগলো। তারপর সবাই আস্তে আস্তে আবার হাঁটা শুরু করলো নিজ নিজ গৃহ অভিমুখে।  

৩.

হোসেনি দালান থেকে বের হওয়া এ মিছিলটি ছিল সবচেয়ে বড়। তবে মোহাম্মদপুর, মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে একইভাবে আয়োজন করা হয় বেশ কটি তাজিয়া মিছিলের।    

রংবেরংয়ের পতাকা ফিতা, জরি আর লাল সবুজ স্কার্ট পরে কেউ বা আপাদমস্তক শোকের প্রতীক কালো কাপড়ে আবৃত হয়ে বর্ণাঢ্য তাজিয়া মিছিলে এসে দাঁড়িয়েছিল মোহাম্মদপুর শিয়া মসজিদের গেটে। ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। ঘোড়া, দোলনা বিভিন্ন ইমামের প্রতীকী প্রতিকৃতি নিয়ে ভাবগম্ভীর ও শোকাবহ পরিবেশে এগিয়ে যায় সহস্রাধিক লোকের মিছিলটি। কিছুদুর এগোতেই মিছিলকারী কয়েক যুবক ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ মাতম করতে করতে মাথা, খোলা বুকে ও পিঠে চালাচ্ছে খঞ্জর ও কামজানি। রক্তে ভিজে যাচ্ছে শরীর। থামছে না তবুও। কেন এই আত্মপীড়ন জানতে চাইলে তাদেরই একজন রকিব যা বলল তার সারমর্ম হচ্ছে, মর্মন্তুদ শোকাবহ সেই দিনে যদি কারবালা প্রান্তরে থাকতে পারতাম তাহলে সেদিনের পরিণতি হয়তো এমন হতো না। আফসোস থেকেই নিজেদের ক্ষতবিক্ষত করে মাতম করছি আমরা।

অগ্রগামী তাজিয়া মিছিলটি দেখার জন্য রাস্তার দুপাশে বহুলোক দাঁড়িয়ে; কৌতূহলী অনেকে দেখছে উঁচু বাড়ির ব্যালকনি বা ছাদ থেকে। মিছিলটি মোহাম্মদপুরের তাজমহল রোড, নূরজাহান রোড, আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ, খামার বাড়ি হয়ে ফার্মগেটের দিকে যাওয়ার সময় মনোবাসনা পুরণ করার জন্য ধর্মপ্রাণ অনেক নারী পুরুষ মিছিলের ওপর ছুড়ে দিচ্ছে টাকা--পয়সা।

ফার্মগেটে মিছিলটি পৌঁছালে পুরান পল্টন ও মগবাজার থেকে আসা তাজিয়া মিছিলগুলো এর সাথে যোগ দেয়। একত্র হয়ে বিশাল মিছিলটি দুপুর বারোটায় তেঁজগাও ড্রাম ফ্যাক্টরিতে এসে শেষ হয়। মিছিল শেষে এর প্রধান উদ্যোক্তা মোহাম্মদপুর শিয়া জামে মসজিদের সভাপতি শামীম হায়দার বললেন, “ইসলামের ইতিহাসে শোকাবহ দিন আজ। হিজরি ৬১ সালের এই দিনে ঘটে কারবালার বিয়োগান্ত ঘটনা। ইমাম হোসেন (রাঃ) সহ তার অনুসারীদের আত্মত্যাগের এই দিনটি সহস্রাধিক বছর ধরে মুসলমানদের মধ্যে সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর আমাদের তাজিয়া মিছিলের এই উদ্যোগ। এ ছাড়াও থাকে মিলাদ মাহফিল জিকির ও আলোচনা সভার আয়াজন।”