সৈয়দপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম তাজিয়া মিছিল
ছোটবেলায় ঘোড়া ঘোড়া খেলে অনেকেই। সৈয়দপুরের চানমিয়া বা আসিফও খেলেছেন নিশ্চয়ই। কিন্তু আজ তাজিয়া মিছিলে যে ঘোড়ার সাজে তারা ছুটছেন তার সাথে খেলাধুলার কোন সম্পর্ক নেই। কারবালার যুদ্ধের ময়দানের দুলদুলের আত্মাকেই যেন ধারণ করে দিশেহারার মতো তারা ছুটছেন। সেই যুদ্ধের উত্তাপ - তার সবটুকু উৎকন্ঠা, উত্তেজনা - যেন ভর করেছে তাদের দেহমনে। উন্মাদের মতো তারা ছুটছেন আলীজাদা হোসেনের সন্ধানে যেন বা। প্রতি বছর মহররম এলেই নীলফামারির সৈয়দপুরে চানমিয়া, আসিফের মতো আরো অনেকে এভাবেই শরিক হন তাজিয়া মিছিলে।
৬১ হিজরির সেই বিয়োগান্ত ঘটনার স্মরণে প্রতি বছরের মতো এবারও এই তাজিয়া মিছিলসহ নানান কর্মসূচির মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে সৈয়দপুরে। হাজার হাজার ভক্ত অনুরাগী এদিন ফাতেহা পাঠ, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সাধ্য অনুযায়ী অনেকে তবারক এবং দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেন। গত ১০ দিন ধরে চলে এসব আয়োজন।
ঢাকার পরেই সর্বাধিক অবাঙ্গালী অধ্যুষিত শহর উত্তরবঙ্গের নীলফামারির এই শহরটি। ধারণা করা হয় এখানের মিছিলটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তাজিয়া মিছিল। মিছিলে যথারীতি তাজিয়া ছাড়াও ছিল দুলদুলের সাজ, আলম পাঞ্জা, লাল -- সবুজ পতাকা আর চলছিল ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম এবং মর্সিয়ার করুণবিলাপ। তবে রক্তক্ষরণে ওজু নষ্ট হয় বিধায় ছুরি দিয়ে আত্মপীড়ণের আয়োজনটি বর্জন করা হয়েছে এ বছর।
বিকেলে শহরের পার্বতীপুর সড়কের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলটি বের হয়। মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের প্রতীকী কবর আর দুলদুল ঘোড়া সাজিয়ে, মাতম ও মর্সিয়ার করুণ সুরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে যাত্রাস্থলে গিয়েই শেষ হয় মিছিলটি।
মিছিলে যোগ দেওয়া উত্তরা আবাসনবাসী ১৪ বছরের চান মিয়া বললেন, গত ১০ দিন ধরে ইমাম হোসেনের (রাঃ) দুলদুল ঘোড়ার সাজে সেজে আছি। মহররমের চাঁদ দেখার পর থেকে চলাফেরা করছি নগ্ন পায়ে। এই ১০ দিন মাছ-মাংস খাইনি। নিয়মিত নামাজ ও ফাতেহা পাঠ করেছি।
ভক্তির টানেই শিয়া সম্প্রদায়ের সকলে এই মিছিলে চলে আসেন নিশ্চিত। তবে চানমিয়া, আসিফদের মতো অনেকেই আসেন ভক্তির অতিরিক্ত কিছু দায়বোধ থেকেও।
চান মিয়ার মা পারভীন বেগম (৩৫) জানালেন, “ ৪/৫ বছর বছর বয়সে চান মিয়া জটিল রোগে আক্রান্ত হয়েছিল। তার বেঁচে থাকার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। মহল্লার লোকজনের পরামর্শে মানত করেছিলাম ‘যদি আমার ছেলে এই জটিল রোগ থেকে বেঁচে যায় তাহলে ইমাম হোসেনের দুলদুল করে ছেড়ে দিবো’। এরপর থেকে চান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। সেই থেকে প্রতি বছর মহররম মাসের প্রথম ১০ দিন চান এই ঘোড়ার সাজে থাকে।”
সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আসিফ হোসেনেরও (১৭) একই কাহিনী। তার বাবা ইয়াসিন আলীর কাছে শুনেছেন, ৬ বছর বয়সে তার জটিল রোগ হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন এই শিশুর চিকিৎসা করে কোন লাভ হবেনা। তাকে আল্লার নামে শপে দিন। ইয়াসিন বলেন, “ বাবা মানত করেছিলেন, আমি সুস্থ হলে মহররম মাসের আশুরার প্রথম ৩ দিন ইমাম হোসেনের দুলদুল ঘোড়া সেজে থাকবো। সুস্থ হওয়ার পর আমি বাবার এই মানত পালন করছি।”
হাতিখানা ক্যাম্পের সাব্বির হোসেনের ছেলে রাসেলসহ অনেক কিশোর-যুবক এই সাজে বেদনা বিধুর মহররম পালন করছেন।
শুধু যে শিয়ারাই মহররম পালন করছেন তা নয়। উত্তরা আবাসনবাসী সূন্নি সম্প্রদায়ের মো. বেলাল (৫২) বললেন, প্রতিটি বাড়ীতে ইমামের নামে করা হয় ফাতেহা পাঠ। ফাতেহা শেষে তবারক বিতরণের সময় প্রথমে এক প্লেট তবারক ইমাম হোসেনের নামে দুঃস্থকে খাওয়ানো হয়।
হাতিখানা ক্যাম্পের কাছে একটা এলাকার নাম ‘কারবালা’। আশুরার দিন এখানে ইমাম হাসান -- হোসেনের ধর্মীয় জীবন নিয়ে চলে আলোচনা, মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ।
নিয়ামতপুরের সৈয়দ নাসির আলীর ছেলে সৈয়দ মোস্তাক হোসেন বললেন, ইমাম হোসেন ইসলামের জন্য যে অবদান রেখে গেছেন তার উপর সৈয়দপুর-পার্ব্বতীপুর সড়কের পাশে ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কারবালার প্রান্তরে এজিদের হাতে ইমামের শহীদ হওয়ার সংবাদ শুনে তার অনুসারী-ভক্তরা বুক চাপড়িয়ে মাতম করেছিল। আমরা তার ভক্তরা আজ তাই করছি।
হাওয়ালদার পাড়ার সৈয়দ আহমেদ হোসেনের ছেলে আফতাব হোসেন (৩৮) জানালেন, ইমাম হোসেনের কবরের অনুকরনে কবর তৈরি করে ওই কবর নিয়ে তাজিয়া মিছিল বের করা হয়। ওই কবরের উপর দেয়া পবিত্র ফুল আসরের নামাজের পর দাফন করে দেয়া হয়। তিনি আরও জানালেন, ৬ বছর আগেও ব্লেড দিয়ে বুক চিরে মাতম করা হতো। রক্তক্ষরণে ওজু নষ্ট হয়ে যায় -- নামাজ হয় না, এ কারণে এখন তা বন্ধ করে দেয়া হয়েছে।
