হোসেনি দালানে এখন সাজসাজ রব
হোসেনি দালানের নাম আগে অনেক শুনলেও এর ভৌগলিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা ছিলো না। তবে অনুমান ছিল, আধুনিক ঢাকাতে যেহেতু কেবল অ্যাপার্টমেন্টই হয়, আর এটা যেহেতু দালান, সুতরাং এটা সম্ভবত পুরাণ ঢাকাতেই হবে। এই ধারণাকে কেন্দ্র করে খুঁজতে গিয়ে দেখি এর অবস্থান খুব একটা জটিল জায়গায় না। বকশীবাজার এলাকার রিকশাওয়ালা থেকে শুরু করে সবাই পথ বাতলে দিতে খুবই উৎসাহী। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সামনে দিয়ে যে গলিটা ঢুকে গেছে সেটা দিয়ে কিছুক্ষণ ডান বাম করে এগুলে পাঁচ মিনিটের রাস্তা।
হোসেনি দালানে ঢোকার আগেই এর প্রবেশপথের ধারে আগরবাতি, ধুপ, মোমবাতি, জরি এসব দেখেই যে কেউ বুঝতে পারবেন এ দালানের একটা ধর্মীয় গুরুত্ব আছে। জরির মালার চাকচিক্য ছড়িয়ে আছে ক্রেতাদের চোখে মুখেও। বাচ্চা ছেলে মেয়েরা শুধু শুধুই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তাদের আনন্দ দেখে কে!
উৎসবটা শোকের, কিন্তু মহহরমকে ঘিরে এরকম জমজমাট আয়োজনই হয়ে থাকে ফি বছর। এর সবচেয়ে খোলতাই রুপটি দেখা যায় হোসেনি দালানকে ঘিরে। রংদার পোশাক আশাকের পাশাপাশি এখানে থাকে খাবার দাবারেরও আয়োজন।
দালানের বাইরের একটা মিষ্টির দোকান। বহু রকমের মিষ্টি দিয়ে দোকানি সাজিয়েছে দোকানটি। শুকনা মিষ্টিই বেশী। দূর থেকেই যে কেউ শুনতে পাবেন দোকানীর আহ্বান। মিষ্টি কিনে ভেতরেই যদি নিয়ে যাবেন তাহলে এখান থেকে কেন কিনবেন না? সবাই এখান থেকে কিনছে, আপনিও কিনুন। দোকানীর কথাকে বঙ্গানুবাদ করলে তার অর্থ এমনটাই দাঁড়ায়।
মিষ্টির দোকানের পাশের সবগুলো দোকানই মহররম উদযাপনের জিনিসপত্রে ভরপুর। প্রাকৃতিক ও কৃত্রিম নানারকম ফুল ও ফুলের মালা, রঙিন কাগজ, চিকা এবং জরির তৈরি বিচিত্র সব আইটেমের কারণে দোকানগুলোয় এসেছে জমকালো একটা ভাব। তার সামনে বসে অলস সময় কাটাচ্ছে কয়েকজন পুলিশ। কয়েকজন আবার এদিক সেদিক ঘুরে অনুষ্ঠানের আয়োজন দেখছে।
প্রতি বছর ১০ মহররমের সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়। তার মধ্যে হোসেনি দালান থেকে বের হওয়া মিছিলটিই সবচেয়ে জাঁকজমকপূর্ণ। পহেলা মহররম থেকে অনুষ্ঠান শুরু হলেও দশ তারিখ সবচেয়ে বড় শোক মিছিলটি বের হয়। প্রতিদিনকার নানান কর্মকান্ড ছাড়াও হোসেনি দালানের সবাই এখন ব্যস্ত সেই শোক মিছিলকে ঘিরে।
হোসেনি দালানের মূল প্রাঙ্গনে ঢুকতেই চোখে পড়বে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে অনেক লোক নানান রঙয়ের জুতা সাজিয়ে বসে আছে। প্রথমে মনে হতে পারে এটা বুঝি কারওয়ানবাজার আর ফার্মগেটের ফুটপাতের জুতার দোকান, দরদাম করে পছন্দমতো একটা কম দামে কেনা যাবে। কিন্তু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে ঘটনা আসলে অন্যরকম। এরা টাকার বিনিময়ে আপনার জুতার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এখানে বসেছে। মূল ভবনে জুতা নিয়ে উঠা নিষেধ। কাজেই দু’টাকার বিনিময়ে এখানে জুতা রেখে উঠে যান উপরে।
কয়েকপ্রস্থ সিঁড়ি ভেঙ্গেই দেখতে পাওয়া যাবে নানান ধরনের লোকের আনাগোনা। চারপাশে চরম ব্যস্ততা। মহররমের বিশেষ পোশাক পড়ে নিজেদের কাজে ব্যস্ত একদল বাচ্চা ছেলে। চারপাশ আগরবাতির গন্ধে মৌ মৌ অবস্থা। আগরবাতির উৎস সন্ধান করে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে তাজিয়া। চারপাশে বাংলা এবং আরবীতে মহররম সংশ্লিষ্ট নানান বাণী। তাজিয়ায় রয়েছে ইমাম হোসেনের ব্যবহৃত তলোয়ারের রেপ্লিকা। পাক পাঞ্জাতনের নাম (‘আল্লাহু, মহম্মদ, ফাতেমা, হাসান, হোসেন’) খোদাই করা ফ্রেম ঝুলছে তাজিয়ার মাঝখানে। লাল - সবুজ পতাকাসম্বলিত আলাম ও আছে এখানে।
তাজিয়ার পাশে সার্বক্ষণিক একজন লোককে অন্যদের মানত করা জিনিস তাজিয়ায় রাখতে দেখা গেলো। মানত করে কেউ দিচ্ছেন খাবার কেউ বা দিচ্ছেন ফুলের মালা। অনেকেই নামাজ পড়ছেন। নামাজিদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। কয়েকজনকে দেখা গেলো মাটির ছোট্ট সরাতে করে পায়েশ জাতীয় জিনিস খাচ্ছেন।
তাজিয়ার পাশে একটা লম্বা লাঠি, কালো রঙেÍর এ লাঠিটি তাজিয়া মিছিলের সময় বহন করা হবে। এর নাম আলাম। এর মাথায় তখন শোভা পাবে স্বর্ণ বা রৌপ্য নির্মিত পাঞ্জা যাতে উৎকীর্ণ থাকবে পাক পাঞ্জাতন।
দালানের পাশেই একটা বড় পুকুর। সেখানে কয়েকজন ব্রজেন দাশের দেখা মিলল। মহা উদ্যমে তারা সাঁতার কাটছে আর পুকুর পাড় থেকে কয়েকজন উৎসাহ দিয়ে যাচ্ছে। অনেকক্ষন থেকেই খেয়াল করছিলাম এক যুগল কোনায় বসে আছেন। কথা হলো তাদের সঙ্গে। এর আগে নাম শুনলেও তারাও এই প্রথম এসেছে হোসেনি দালানে। দু’জনই পড়ছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানের আয়োজন দেখে তারা মুগ্ধ।
দৃক গ্যালারির কয়েকজন ফটোগ্রাফার নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলছেন। আইডি কার্ড গলায় ঝুলানো কালো শার্ট প্যান্ট পড়া কয়েকজন ব্যস্ততার ভঙ্গিতে কাজের তদারক করছেন। একে অপরের সঙ্গে উর্দু ভাষায় কথা বলছেন। তারা সবাই হোসেনি দালান ট্রাস্টের সেচ্ছাসেবক। প্রতি বছর এরা মহররমের সময় পুরো কাজের তদারকি করে থাকে।
এদেরই একজন টিপু। বেশ আন্তরিক ছেলে। কথায় কথায় নানান বিষয় জানা গেলো তার কাছে। “আসলে শুধু ১০ তারিখ না, মহররমের প্রথম দিন থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিদিনই মজলিস অনুষ্ঠিত হচ্ছে। ১ থেকে ৮ মহররম মাজলিস এ আযা বয়ান করেছেন হুজ্জাতুল ইসলাম জনাব মাওলানা সৈয়দ রাশেদ হোসাইন জায়দী এবং বাংলায় বয়ান করেছেন মাওলানা সৈয়দ আফতাব হোসাইন নাকভী। সেসব অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।”
অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, “৮ মহররম সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় তগ গাশ্ত। এর মানে হলো সন্ধ্যা রাতের মিছিল। এই মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে যথাক্রমে বকশীবাজার, উর্দ্দু রোড, চক বাজার, বেগম বাজার, নাজিমুদ্দিন রোড ও হোসেনি দালান রোড অতিক্রম করে শেষ হয় আবার হোসেনি দালান ইমামবাড়াতে এসেই। ঠিক এমন ভাবে আজ ৯ মহররম রাত একটা তিরিশ মিনিটে বের হবে গাহওয়ারা গাশত বা শেষ রাতের মিছিল। এ মিছিল অতিক্রম করবে হোসেনি দালান রোড, নাজিমুদ্দিন রোড, জের রোড, চক সার্কুলার রোড, রহমতগঞ্জ, চান্দিঘাট, উর্দ্দূ রোড এবং বকশীবাজার রোড।”
আর ১০ মহররমের অনুষ্ঠান সম্পর্কে টিপু জানালেন, এদিন সকাল দশটায় বের হবে মঞ্জীল গাশ্ত বা প্রধান শোক মিছিল। এ মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে আরম্ভ হয়ে যথাক্রমে বকশীবাজার রোড, হরনাথ ঘোষ রোড, আজিমপুর রোড, নিউ মার্কেট এবং ধানমণ্ডি ২ নম্বর সড়ক অতিক্রম করে ধানমণ্ডি লেক ‘কারবালা’ প্রাঙ্গনে শেষ হবে।
১০ তারিখের মিছিল শুধু যে হোসেনি দালান থেকে বের হবে তা না। ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড, পুরানা পল্টন, মগবাজার, মিরপুর, পুরান ঢাকার বড় কাটরা এবং চানখারপুল ছাড়াও বিভিন্ন এলাকা থেকে বের হবে তাজিয়া মিছিল। যে কেউ চাইলেই যোগ দিতে পারেন সেই মিছিলে।
