২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস, পুরাণ ও বর্তমানের আশুরা

বনে কাঁদে বনের পশু গো/ পাখি কাঁদে বিলে। ওরে দুনিয়া জাহান/ কাঁদে সব/ হোসেন হোসেন বলে গো -- প্রাচীন পুঁথিতে এভাবেই করুণ সুরে গ্রথিত হয়ে আছে মহররমের বিলাপ। এইসব পুঁথি আর মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থ বিষাদ সিন্ধুর কল্যাণে বাংলার ঘরে ঘরে মহররমের মহিমা প্রচারিত হয়ে আসছে বহুদিন ধরে। হাল জমানায় পুঁথি কতটা টিকে আছে কিংবা বিষাদ সিন্ধুও আর সেভাবে পঠিত বা সংরক্ষিত হয় কিনা তা নিয়ে সংশয় থাকতে পারে। তবে ১০ মহররমের দিনটি এলে অন্যসব বিভেদ ভুলে শিয়া-- সুন্নী সবাই এখনো শোকসন্তপ্ত হয়ে ওঠেন ইমাম হোসেনের শাহাদাত বরণের কথা স্মরণ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 03:36 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

আগামীকাল সেই ১০ মহররম পবিত্র আশুরা। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবেন এদেশের শিয়া ও সুন্নী উভয় সম্প্রদায়ের মুসলমানরা। সুন্নীরা মূলত ১০ মহররমের দিনটিই পালন করে থাকেন, শিয়াদের উৎসব শুরু হয় মহররম মাসের প্রথম দিন থেকেই।

সুন্নীদের কাছেও মহররমের গুরুত্ব বহুবিধ কারণে। এমনিতেই মহররম আরবী বছরের প্রথম মাস। তদুপরি মুসলমানরা বিশ্বাস করেন, এই মহররমের দশম দিনে হজরত আদম (আঃ) এর তাওবা কবুল হয়েছিল, হজরত নুহ ( আঃ) মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন, ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেন হজরত মুসা (আঃ), হজরত ঈসা (আঃ) এর জন্ম এই দিনে, হজরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে, কূপ থেকে উঠানো হয় হজরত ইউসুফকে (আঃ)... ইত্যাদি। এর মধ্যে রয়েছে কারবালা প্রান্তরে ইমাম হোসেন (রাঃ) এর শাহাদাত বরণের ঘটনাও।

এইসব ঘটেছিল ১০ মহররমে। তাই এদিনটি তাই সর্বমুসলিমের কাছে মহান আশুরা বলে পরিচিত। আরবীতে আশুরা মানে ১০।

তারপরও মহররম সাদামাটাভাবে শিয়াদের উৎসব বলেই পরিচিত। কারবালার মর্মন্তুদ কাহিনীই এই উৎসবের প্রাণবিন্দু।

কারবালার প্রেক্ষাপট সংক্ষেপে এরকম : উসমান (রাঃ) এর মৃত্যুর পরে খিলাফত নিয়ে বিতন্ডা শুরু হয়। অধিকাংশ মুসলমান হযরত আলী (রাঃ) কে খলিফা মেনে নিলেও একটা গোষ্ঠী এর বিরোধিতা করেন। খারেজি নামে একটি গোষ্ঠীরও উদ্ভব ঘটে তখন। ৫ বছরের শাসন শেষে আততায়ীর হাতে নিহত হন হযরত আলী (রাঃ)। এরপর মুয়াবিয়া ইরাক থেকে নিজেকে মুসলিম সাম্রাজ্যের খলিফা হিসেবে ঘোষণা করলে দেখা দেয় বিপত্তি। অনেকেই তখন এই পদের জন্য আলীতনয় হাসান (রাঃ) কে যোগ্য বলে মত দেন। দেখা দেয় বিভেদ। মুয়াবিয়া (রাঃ) পরে হাসান (রাঃ) এর সাথে এক চুক্তি করেন যে তার মৃত্যুর পরে মজলিসে সুরার পরামর্শক্রমেই নির্বাচিত হবেন পরবর্তী খলিফা। কিন্তু এই চুক্তি অমান্য করে মুয়াবিয়াপুত্র এজিদ নিজেকে পরবর্তী খলিফা ঘোষণা করেন। ইতিমধ্যে গোপনে বিষ দিয়ে হযরত হাসান (রাঃ) কে মেরে ফেলা হয়। এজিদ খলিফা হলে তার বিরোধিতা করেন ইমাম হোসেন (রাঃ) ও তার অনুসারীরা। তাকে সমর্থন দেন ইরাকের অন্যতম প্রদেশ কুফার জনগন। তাদের সমর্থন নিয়ে এজিদের মোকাবেলা করার জন্য অনুসারীদের নিয়ে হযরত হোসেন(রাঃ) রওনা দেন কুফার দিকে। পথিমধ্যে কারবালা নামক স্থানে তিনি এজিদের বাহিনী দ্বারা আক্রান্ত ও শহীদ হন। এজিদের খিলাফত অব্যাহত থাকে।

মহররমকে সামনে রেখে শিয়া সম্প্রদায় ১০দিন ব্যাপী নানা আচার  -  অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর সবই কারবালার সেই কাহিনীকে ঘিরে। যেমন সংবাদবাহক কাসিদের ভুমিকায় ঝান্ডা বহন করে দৌড়ানো, কিংবা মর্সিয়া বা বিলাপগীতিতে অংশ নেওয়া, কারবালার যুদ্ধের অনুকরণে লাঠিখেলা, এমনকি ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করা, আছে দুলদুল এর মতো করে ঘোড়াকে সাজানো, হোসেনের কবরের অনুকরণে কবর তৈরি এবং বিশেষ করে ওই কবর নিয়ে তাজিয়া মিছিল বের করা। এ ছাড়াও নানারকম খন্ড মিছিল বের হয়। যেমন তগ গাশত বা গাহওয়ারা গাশত ইত্যাদি মিছিল। এর কোনটা ভোরে, কোনটা সন্ধ্যায় বের হয়।  এছাড়াও আাছে নানারকম মজলিস যেখানে ধর্মগুরুরা বয়ান করেন। সাধারণত ১০ মহররমের দিনেই প্রধান তাজিয়া মিছিলটি বের করা হয়। একে বলা হয় মঞ্জীল গাশত। বরাবরের মতো এবারেও ঢাকার বিভিন্ন ইমামবাড়া থেকে এই খন্ড খন্ড মিছিল এবারও বের হবে। সবচেয়ে বড় মিছিলটি বের হবে হোসেনী দালান থেকে। নানা পথ ঘুরে এটি গিয়ে শেষ হবে ধানমন্ডি ২ নম্বর সড়কের শেষ প্রান্তে ধানমন্ডি লেকের কারবালা প্রাঙ্গনে।

অতীতে এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোক যোগ দিলেও বর্তমানে কেবল প্রধানত শিয়া মুসলিমরাই এতে অংশ নেন। এমনকি সুন্নীরাও এখন আর সেভাবে এসব অনুষ্ঠানে যোগ দেন না। এইসব আচার অনুষ্ঠানকে ‘ইসলাম পরিপন্থী’ বলে মনে করেন তারা। তবে এসব কর্মকান্ডে বাধা দেন না।

শিয়া  --  সুন্নীর মতভেদ

ইন্দোনেশিয়া থেকে মরক্কো অব্দি ছড়িয়ে থাকা শত কোটি সুন্নীর সঙ্গে শিয়াদের বিরোধ তৈরি হয়েছিল মূলত মুসলিম সাম্রাজ্যের খেলাফত নিয়েই। বিশিষ্ট ধর্মবেত্তাদের বক্তব্যে জানা যায়,  শিয়াদের কলেমায় যুক্ত “আলিউন ওয়ালিউল্লাহ ওয়াছিয়ে রাসুলুল্লাহ ওয়া খলিফাতাহু বিলা ফজল ” শব্দবন্ধই তাদের মূলত আলাদা করে দিয়েছে সুন্নীদের কাছ থেকে। নবীজীর অসিয়ৎ মোতাবেক অনুগৃহীত প্রতিনিধি ও খলিফার দাবিদারের এই বক্তব্য সুন্নীরা মানেন না।

শিয়া বিশ্বাসীরা মহম্মদ (সাঃ)এর পরে ইমাম হিসেবে স্বীকার করেন হযরত আলী (রাঃ) ও তার ধারাবাহিকতায় ১২ জন ইমামের কথা। দ্বাদশ ইমাম ৯৪০ সালে আত্মগোপনে চলে গেছেন। তিনিই পরে ইমাম মেহেদীরুপে আবির্ভূত হবেন বলে শিয়ারা মনে করেন।

সুন্নীরা মহম্মদ (সাঃ) ব্যতীত অন্য কাউকে স্বর্গীয় প্রেরণাসঞ্জাত ব্যক্তিত্ব মনে করেন না। তবে অনেক শিয়াই মনে করেন হযরত আলী (রাঃ) ও তার বংশের ইমামরা মানুষ ও স্রষ্টার মধ্য সম্পর্ক তৈরির দূত হিসেবেও কাজ করতে পারে। মহম্মদ (সাঃ) এর বৈধ উত্তরাধিকারী ছাড়া অন্য কারো অধীনে দেশ শাসন তারা মেনে নিতে পারেন না। মেহেদী হিসেবে নিজেকে ঘোষণা না করলেও ইমাম খোমেইনিও নিজেকে হযরত আলীর বৈধ উত্তরাধিকারী হিসেবে দাবি করতেন।

সুন্নীরা শিয়া মতবাদকে বেদাত হিসেবে দেখে। তাদের ধর্মাচরণে নানারকম প্রতীকের ব্যবহার অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। এমনকি ১৯৫৯ সালের আগ পর্যন্ত শিয়াকে ইসলাম ধর্মমতের কোন পন্থা বলেও স্বীকার করেনি।

পারস্য উপসাগরে শিয়া সুন্নীর বিভেদ যে কতো প্রকট তা উপসাগরীয় রাজনীতির নানা তৎপরতায় ফুটে ওঠে।

মহররম ব্যপকভাবে পালিত হয় ইরান, সিরিয়া, লেবানন, ও ইরাকের একাংশে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে শিয়াদের সংখ্যা কম। কিন্তু এখানেও বিভিন্ন স্থানে উৎসবটি বেশ জাঁকজমকের সঙ্গেই পালিত হয়। সুলতানী ও মুঘল আমলে এদেশে আসা শাসকেদের মাধ্যমে এই রেওয়াজ ছড়িয়ে পরেছিল এখানে। বিশেষ করে আকবরের শাসনামলে প্রতীকি কবর তৈরি, তাজিয়া মিছিল, মানত ইত্যাদি কর্মকান্ড ব্যপকভাবে উৎসাহিত হয়। তারই ক্ষীণধারা এখনো বহমান।

এই উৎসবের অনেক কিছুর সাথেই সুন্নীদের চরম মতভেদ থাকলেও এ নিয়ে কোথাও দাঙ্গা  -  ফ্যাসাদ বাঁধেনি, এর একটা কারণ সম্ভবত যাকে কেন্দ্র করে এই আয়োজন তিনি মহানবীর প্রাণপ্রিয় দৌহিত্র ছিলেন।

মহররমের অনুষ্ঠান জাঁকজমকের সাথে শুরু হয় উমাইয়া বংশের পতনের পরে আব্বাসীয় বংশের শাসনামলে। প্রথম অনুষ্ঠানটি হয় ৯৬২ খ্রীষ্টাব্দে।

পুরাণ ও শিল্পসাহিত্যে

মহররমের  অনুষ্ঠানের সাথে প্রাচীন ইরাকের অ্যাডোনিস-তামুুজ কাল্টের গভীর সম্পর্ক আছে বলে মনে করেন অনেকে। শিয়া মতবাদ গড়ে ওঠার সময় ইরাকে অ্যাডোনিস-তামুজ পূজার চল ছিল ব্যপক। সবাই মনে করতো, গরমের তাপে মৃত্যু হয়েছে ওই দেবতার, তার মৃত্যুতে ৭দিন ধরে পালিত হতো শোক। তার শব নিয়ে হাহুতাশ করে মিছিল বের করা হতো।

আমাদের পুঁথি, লোকগাথা আর বিষাদ সিন্ধুতে যেভাবে চিত্রায়িত হয়েছে কারবালার কাহিনী তা কতটা বাস্তবিক কতটা অতিরঞ্জিত তা নিশ্চিত করে বলা মুশকিল। মাবিয়া পুত্র এজিদ নাকি সুমাইয়ার পুত্র ইবনে জিয়াদ এই হত্যাকান্ডের সাথে জড়িত তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও বিতর্ক আছে। অনেকে বলেন ইমাম হোসেনের মৃত্যুতে এজিদ সারাজীবন অশ্র“পাত করে বেরিয়েছেন। এই ব্যাপারে সাক্ষীদাতার সংখ্যাও অনেক। এই হত্যাকন্ডে ক্ষুদ্ধ হয়ে এজিদ সীমারকেও মৃতুদণ্ড দিয়েছিলেন বলে শোনা যায়।

শিল্পসাহিত্য বাস্তবের হুবহু অনুসরণ করবে এটা আশা করাও অবশ্য ঠিক নয়। ‘বিষাদ সিন্ধ’ুকে মীর মোশাররফ হোসেন নিজেও ইতিহাসগ্রন্থ বলে বর্ণনা করেননি।

সুন্নীপ্রধান বাংলাদেশে কারবালাকেন্দ্রিক শিল্পসাহিত্যের নমুনা খুব বেশি নেই। ‘বিষাদ সিন্ধু’ ছাড়া কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘মোহররম’ সহ কিছু কবিতা ও শোকগীতি একমাত্র অবলম্বন।

তবে কারবালার কাহিনী যে শিয়া সাহিত্যকে কতটা অনুপ্রেরণা যোগায় সেটা টের পাওয়া যায় ইরান, ইরাক, লেবাননের দিকে তাকালে। বিশেষ করে ইরানে কারবালার কাহিনীর প্রেরণায় রচিত অসংখ্য নাটক প্রায়শই প্রদর্শিত হয়।

এ বছরই লেবাননের কিছু এনিমেশন চলচ্চিত্রকার কারবালার কাহিনী নিয়ে তৈরি করেছেন এক সাহসী চলচ্চিত্র। সাহসী, কারণ এই প্রথমবারের মতো চলচ্চিত্রে বিশ্বনবী (সাঃ) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রাঃ) কে একটি চরিত্র হিসেবে নিয়ে আসছেন তারা। ‘আরজ আল তাফ’ নামের ওই ছবি মুক্তি পাচ্ছে আশুরার সময়। ত্রিমাত্রিক এনিমেশনের ওই ছবিটি সুন্নীসহ সকল পর্যায়ের মুসলিমদের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। ছবির নেপথ্যে আছেন বৈরুত প্রোডাকশন এর পরিচালক আহমেদ হোমানি।

ইসলামে বিশিষ্টজনদের প্রতিকৃতি নির্মান নিষিদ্ধ বিধায় ‘আরজ আল তাফ’ ছবির নির্মাতারা এ ছবিতে ইমাম হোসেন (রাঃ) এর চেহারা একটা আলোকবলয় দিয়ে ঢেকে দিয়েছেন। চলচ্চিত্রে ইমামের চরিত্রে কণ্ঠস্বর দিয়েছেন লেবাননের দ্রুজ অভিনেতা জিহাদ আল আতরাশ।

এইসব গল্প, কবিতা, চলচ্চিত্রই মহররমের অফুরান প্রাণশক্তির অন্যতম উৎস হয়ে আছে এবং থাকবে। নানা মাধ্যমে নানাভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এই লড়াই আর আত্মত্যাগের মহিমা প্রচারিত হবে। নজরুল যেমন লর্ড ক্লাইভের দস্যুতাকে ‘সীমারের খঞ্জরে’ প্রতীকায়িত করেছিলেন, আয়াতুল্লাহ খোমেনি যেমন শাহের দুঃশাসনকে চিহ্নিত করেছিলেন এজিদের শাসনামল বলে, আগামীতেও  তেমনি এই কারবালার কাহিনীকে কেন্দ্র করে নানা বিপ্লবের পুনরাবর্তন হবে তাতে কোন সন্দেহ নেই।