ফরিদপুরে জসীম পল্লীমেলা ১১ ফেব্রুয়ারি থেকে
‘আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও...’ আসমানীদের দেখার সেই পথ বাতলে দিয়ে জসীমউদ্দীন আমাদের রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যেতে বলেছিলেন। আর এভাবেই তিনি তার কবিতায় আমাদের শহুরে সমাজের সামনে গ্রাম-- বাংলার সনাতন রূপটি তুলে ধরেছিলেন।
তাই তো এখনও ডালিম গাছ দেখলে আমাদের মনে হয় এর আশপাশেই হয়তো রয়েছে কারো দাদির কবর।
পল্লীকবি জসীমউদ্দীন এভাবেই মিশে আছেন আমাদের বাঙ্গালী সত্ত্বায়। সেই কবির স্মরণেই ১১ ফেব্র“য়ারি থেকে কবির নিজের শহর ফরিদপুরে শুরু হতে যাচ্ছে জসীম পল্লীমেলা। পক্ষকালব্যাপী এই মেলার আয়োজক জসীম ফাউন্ডেশন।
পহেলা জানুয়ারি জসীম উদ্দীনের জন্মদিন। প্রতিবছর এ দিনটাকে উপলক্ষ করেই সেখানে জমে উঠে মেলা। কিন্তু এ বছর ওই সময়টাতে ঈদুল আযহা থাকার কারণে মেলা পিছিয়ে নতুন তারিখ নির্ধারিত হয় ৩০ জানুয়ারি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন তারিখেও মেলা আয়োজন নিয়ে সংশয় সৃষ্টি হয়। অবশেষে ২৪ জানুয়ারি বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি ইয়াহ ইয়ার সভাপতিত্বে এক সভায় মেলার তারিখ পুনর্নির্ধারিত হয়। সেই অনুযায়ী মেলা শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে।
১৫ দিনব্যাপী এ মেলায় প্রতিদিনই অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বিসিকের সহযোগিতায় বসবে কারুপণ্য ও লোকশিল্পের মেলা।
