ওয়ান্ডারল্যান্ডে পিঠা উৎসব
শীতকাল এলেই বাঙ্গালীর পিঠা খাবার ধুম পড়ে যায়। তার মানে অবশ্য এই নয় যে শীতকাল ছাড়া বাকি সময় পিঠা খাওয়া হয় না। অবশ্যই হয়, তবে সেটা খুব কম পরিসরে।
আপনার বাসার গলির মোড়ে সন্ধ্যা হতেই ভাপা পিঠা বানানোর সরঞ্জাম নিয়ে যে লোক অথবা মহিলাটি বসে পড়ে তাকে কি আপনি গরম বা বর্ষাকালে খুঁজে পাবেন? পাবেন না। কারন সেও জানে গরম গরম পিঠা খাওয়াটা বাঙ্গালীর শীতকালীন স্বভাব।
শীতের হিম হিম সন্ধ্যায় ওম ওম পিঠার তুলনাই হয়না। আর কত ধরনের পিঠা যে আছে! নানা বর্নের, নানা গন্ধের, নানা স্বাদের পিঠা আমাদের পিঠার ভান্ডারকে করে রেখেছে সমৃদ্ধ। সেসব পিঠাকে একসঙ্গে দেখতে আর একসঙ্গে চাখতে চলে আসুন পিঠা উৎসবে।
২৬ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে ঢাকার গুলশানের ওয়ান্ডারল্যান্ডে শুরু হচ্ছে দিনব্যাপী পিঠা উৎসব। দিনটা যেহেতু ছুটির দিন তাই ঘুরে আসতে পারেন আপনি পরিবার পরিজনসহ। হরেক রকম পিঠার দেখা মিলবে সেখানে। পিঠাও খাওয়া হবে আর পার্কটাও ঘুরে দেখা হবে। ‘মোজো পিঠা উৎসব’ নামের এ উৎসব চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
