২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও পটুয়াখালীতে ঈদ উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার চাঁদপুর ও পটুয়াখালীর বিভিন্ন জায়গায় কোরবানির ঈদ উদ্যাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার পাঁচটি উপজেলার প্রায় ৫০টি গ্রামে ঈদুল আযহা উদ্যাপিত হয়। আবু জাফর মো. আব্দুল হাইয়ের ইমামতিতে চাঁদপুরে ঈদের প্রধান জামাত হয়েছে হাজীগঞ্জ উপজেলার সান্দ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের বাড়ির সামনে।

জেলার হাজীগঞ্জ উপজেলার সার্দ্রা, সমশেরপুর, আলিপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, প্রতাপপুর, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলি, বালুথুবা, বদরপুর, মতলবের দশানী, মোহনপুর, ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামেও শনিবার ঈদ উদযাপন করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন উপজেলাার প্রায় পাঁচ হাজার পরিবার কোরবানির ঈদ উদযাপন করেছে।

সদর উপজেলার বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুস শাহাদাত জানান, সেখানকার ছোট পীরজাদা হাফেজ মো. নাসির বিল্লাহ রাব্বানি শনিবার সকাল সাড়ে ৯টায় ঈদের জামাতের ইমামতি করেন।

এছাড়া, সদর উপজেলার বড় বিঘাই, গলাচিপার কানকুনিপাড়া, সেনের হাওলাসহ কলাপাড়া ও দুমকী উপজেলার অনেক গ্রামে কোরবানির ঈদ উদ্যাপিত হয়েছে।