২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলুন দেখি এটা কার গরু

ঈদ মানে আনন্দ। সে আনন্দ ছড়িয়ে থাকে গরু কেনা থেকে শুরু করে টেবিলের খানাপিনা পর্যন্ত সবখানে। ঠিক এ মূহুর্তে অবশ্য আনন্দ খানাপিনা পর্যন্ত না গড়ালেও সেটা ছড়িয়ে আছে গরু কেনা এবং তৎসম্পর্কিত বিষয়াদির ভেতরে। বিষয় যেহেতু গরু চলুন তাহলে একটা কুইজ হয়ে যাক-

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

• একটি গরুর কপালের চামড়ায় বেশ ভাঁজ পড়েছে। একটু পর পর আশেপাশে রাখা গাভীদের দিকে বেশ প্রেম প্রেম দৃষ্টিতে তাকাচ্ছে। বলুন দেখি এটা কার গরু?....ঠিক ধরেছেন, এটা হো. মো. এরশাদের গরু।

• অদ্ভুত কারণে একটা গরুর বেশ কিছু দাড়ি আছে। ইন্ডিয়ান গরুদের এটি সহ্যই করতে পারে না। অন্যদিকে পাকিস্তানী গরুদের সঙ্গে এর গলায় গলায় ভাব। বলুন দেখি এটা কার গরু?....ঠিক ধরেছেন, এটা রাজাকারদের গরু।

• বিক্রি হয়ে যাওয়ার পরও এই গরুটিকে টেনে নামানো যাচ্ছে না হাট থেকে। সবার সম্মিলিত চেষ্টাতেও কাজ হচ্ছে না। বলুনতো এটা কার গরু?....ই য়ে-স, এটা সিইসি আজিজের গরু।

• বাজারের সবচেয়ে বড় গরু। দেখতে বেশ মোটাতাজা। কোনকিছু খাওয়ার ব্যাপারেই এর কোনো আপত্তি দেখা যায় না। বলুন দেখি এটা কার গরু?....জ্বী হ্যাঁ, এটা ঘুষখোরদের গরু।

• গরুটার পুরো শরীরই কালো। তার আশপাশ দিয়ে লোকজন বা অন্য গরু যাওয়ার সময় সে তার পা টা ক্রস করে দিয়ে অন্যদের ফেলে দেওয়ার চেষ্টা করে। বলুন দেখি এটা কার গরু?....এটাও ঠিক ধরেছেন, র‌্যাবের গরু।

• বিক্রি হয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে হাটিয়ে বাসায় আনার পথে গরুটি শুধু বিভিন্ন ট্রাক বা বাসের ড্রাইভারের জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ড্রাইভার কিছু না দিলে সে গাড়ির পথরোধ করে রাখে। বলুন দেখি এটা কার গরু?....জ্বী হ্যাঁ, এটা পুলিশ সার্জেন্টের গরু।