কোরবানীর হাটের সংখ্যা কমেছে এবারে
রাজনৈতিক অস্থিরতা বা অন্য যে কোন কারণে হোক গতবারের চেয়ে এবার রাজধানীতে হাটের সংখ্যা কম। গতবার ঢাকায় হাটের সংখ্যা ছিল ১৪। এবারে হাটের সংখ্যা ১৩। জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
ডিসিসি পশুর হাটগুলো ইজারার মাধ্যমে বন্টন করে। ডিসিসি জানিয়েছে, এই হাটগুলো সর্বোচ্চ তিন দিনের জন্য বসানো যাবে।
ডিসিসি সুত্রমতে, ঢাকার সবচেয়ে বড় পশুর হাটটি বসেছে নয়াবাজারে। এছাড়া অন্যান্য হাটগুলো হচ্ছে-ধুপখোলা মাঠ হাট, সানরাইজ স্পোর্টিং ক্লাব হাট, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ হাট (কমলাপুর), রহমতগঞ্জ খেলার মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, মেরাদিয়া বাজার, আগারগাঁও বস্তির খালি জায়গা হাট, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন হাট, হোসেনী দালান রোড, খিলক্ষেত টানপাড়া হাট, পোস্তগোলা হাট, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ।
এবারের হাটের হাসিল বা খাজনা সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে শতকরা পাঁচ টাকা।
গাবতলীসহ রাজধানীর অন্যান্য স্থায়ী গরুর হাটও যথারীতি সরগরম থাকছে কোরবানী উপলক্ষে।
