২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির ফাঁদে বাংলাদেশ

আগামীকাল থেকে কার্যত টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে সারাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

কোরবানীর ঈদ, সাপ্তাহিক ছুটি ও বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের নেওয়া দুই দিনের নৈমিত্তিক ছুটি মিলিয়ে নয়দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সব সরকারি দপ্তর।

অবশ্য নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন এমন সব কর্মকর্তা ও কর্মচারিগণ এ দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন না। এক্ষেত্রে তাদের জন্য নির্ধারিত হয়েছে মাত্র এক দিনের ছুটি।

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হবে।

এর আগে ২৯ ও ৩০ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় পাঁচ দিন ছুটি উপভোগ করবেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রায় সব কর্মকর্তা কর্মচারিগণ।

সংস্থাপন মন্ত্রণালয় সূত্র আরো জানায়, ঈদের ছুটির পর ৩ ডিসেম্বর প্রথম কার্যদিবস হলেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারিগণ ইতিমধ্যেই ৩ ও ৪ ডিসেম্বর নৈমিত্তিক ছুটি নিয়েছেন। পাশাপাশি ৫ ও ৬ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ঐচ্ছিক ছুটি প্রাপ্তদের ছুটির তালিকা দীর্ঘ হয়ে দাড়িয়েছে টানা নয় দিন।

এদিকে একাধিক মন্ত্রাণালয় ও বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৩ ডিসেম্বর সরকারি অফিস খুললেও তেমন কোন কাজ কর্ম হবেনা। ঈদের ছুটির রেশ কাটতে কাটতে এক দুইদিন এমনিতেই চলে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক জন সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “ ঈদের ছুটির পর এক দুই দিন সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মধ্য দিয়েই পার হয়ে যায়। এ সময়ে একেবারেই দায়সারা গোছের কাজ সেরে কর্মকর্তা কর্মচারিরা নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করেন। এটা এক ধরনের স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে।এ কারণেই তেমন কোনো জরুরি কাজ না থাকলে ঈদের ছুটির সঙ্গে যোগ করে কেউ এক দুই দিনের জন্য ঐচ্ছিক ছুটি চেয়ে থাকলে তা মঞ্জুর করা হয়ে থাকে।”

এদিকে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন নির্বাচন প্রস্তুতিমূলক কাজের জন্য নির্বাচন কমিশন, সংস্থাপন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং এসব মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট সব শাখা সাপ্তাহিক ছুটির দিনও খোলা থাকবে।ফলে নির্বাচন সংশ্লিষ্ট কাজের সঙ্গে যেসব কর্মকর্তা ও কর্মচারি সম্পৃক্ত রয়েছেন তারা শুধুমাত্র দিনটিতে ছুটি ভোগ করতে পারবেন।