প্যারিসে উর্মিলা শুক্লার একক প্রদর্শনী ‘আন্ডার দ্য ট্রি’
“নানান বাস্তবতায় আমরাও আশ্রয় নিতে বাধ্য হই গাছতলায়; পাখিদের মতোই,” বলেন শুক্লা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি চিত্রশিল্পী উর্মিলা শুক্লার একক শিল্পকর্ম প্রদর্শনী ‘আন্ডার দ্য ট্রি’।
শুক্রবার সিতে ইউনিভার্সিটিতে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত।
উর্মিলা শুক্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উন্মুক্ত এ প্রদর্শনীটি সাজানো হয়েছে গাছের নিচে।
শুক্লার আঁকা শিল্পকর্মের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে ইন্সটলেশন আর্ট।
এ চিত্রশিল্পী বলেন, “সিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক বড় আর সবুজে ঘেরা। প্রচুর পাখি আর নানারকম ফুল।
“প্রতিদিন এই পাখিদের আসা-যাওয়া দেখি। ফুল ফুটতে দেখি, ঝরে পড়তে দেখি। সেই অনুভূতিই এঁকেছি।”
শুক্লার স্বামী রাহুল আনন্দ বাংলাদেশের জনপ্রিয় সংগীতজ্ঞ ও চিত্রশিল্পী। শুক্লার বাবাও একজন খ্যাতিমান চিত্রশিল্পী। গত ৫ অগাস্ট ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকার রাহুল ও শুক্লা দম্পতির বাসভবনটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তাদের ঘর থেকে বাদ্যযন্ত্র ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্লা বলেন, “নানান বাস্তবতায় আমরাও আশ্রয় নিতে বাধ্য হই গাছতলায়। পাখিদের মতোই। গাছের ডালে ডালে ফুল আর পাখিদের আনন্দমুখর জীবন।
“ওরাই সকল সময় আমাদের সঙ্গী, সুখে-অসুখে। ওদের দেখি, ওদের আঁকি। ওদের সাথে গল্প করি - জীবন ও যাপন, সত্য ও সুন্দরের।”
