২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলা প্রকাশকবান্ধব না হলে তা পাঠকবান্ধবও হবার সম্ভাবনা নেই

তবে ফ্যাসিবাদের সমর্থনকারী কোনো বই প্রদর্শন করা ঠিক হবে না।

অলাত এহ্সান

Published : 27 Sep 2025, 02:28 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

বাংলা ভাষার অধিকার ধরেই বাংলাদেশের আবির্ভাব স্পষ্ট হতে শুরু করে। এই অধিকারের জন্য শহীদ হয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা। সেই ভাবধারায় ২১ শে ফেব্রুয়ারি সামনের রেখে মাসব্যাপী বইমেলা ছিল ভাবনার যথার্থ প্রকাশ। শত শত প্রকাশকের অংশগ্রহণে মুখরিত বইমেলা আমাদের মন ও মননের এক নান্দনিক অভিব্যক্তি। কিন্তু গত বছর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত সময়ে বইমেলা থেকে অনেক প্রকাশক অংশগ্রহণের খরচটুকুও তুলতে পারেননি। অভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের প্রসঙ্গ মাথায় রেখে এবারের বইমেলা মাস দেড়ে এগিয়ে আনা হয়েছে। চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিনব্যাপী মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রকাশক সমিতি। এ নিয়ে নানা হিসেব চলছে প্রকাশক-পাঠকের ভেতর। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হলেও বইমেলা সরানো হয়নি। তবে সামান্য আগ-পিছ হচ্ছে পরিস্থিতি বিবেচনায়। এবার সময় এগিয়ে আনায় পরিকল্পিত অনেক পাণ্ডুলিপিই বই আকারে বের করা সম্ভব হবে না। প্রকাশকের সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে লেখক-পাঠকও। 

বই উৎপাদনের ক্ষেত্রে মান রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে– এই বিষয়টিও বুদ্ধিদীপ্ত পাঠকদের একটি প্রধান কৌতূহল। কিন্তু মেলাকেন্দ্রিক সব প্রকাশনাই মানসম্মত নয়। বিগত সময়ে মেলায় এসেছে দলীয় ও রাজনৈতিক প্রচারধর্মী বহু বই। বর্তমান পরিবর্তিত সময়েও এর কতটা পরিবর্তন হয়েছে, তা স্পষ্ট নয়। গত বছরও প্রায় তিন হাজার নতুন বই প্রকাশিত হয়েছে। মেলা এলেই প্রকাশকের সঙ্গে লেখকের রয়ালটি নিয়ে বিবাদ ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠে যেন। আবার মুদ্রণ সরঞ্জামের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে প্রতি বছরই পুঁজি হারানোর ঝুঁকিতে পড়েন প্রকাশক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষে গল্পকার অলাত এহ্সান এসব কৌতূহল ও প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানী ও মননশীল প্রকাশকদের। প্রতি পর্বে মোট পাঁচজন প্রকাশকের অভিমত প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব। এতে অংশগ্রহণ করেছে পাঠক সমাবেশ, কথাপ্রকাশ, সূচীপত্র, বেঙ্গলবুকস ও উজান। বি.স

সাহিদুল ইসলাম বিজু, প্রকাশক, পাঠক সমাবেশ

সাহিদুল ইসলাম বিজু, চার দশক ধরে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত। তাঁর ‘পাঠক সমাবেশ’ প্রতিষ্ঠানটি রুচি ও মানের নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে। শাহবাগ এলাকায় একাধিক নান্দনিক আউটলেট ছাড়াও সীমানা পেরিয়েছে পাশের দেশেও। দীর্ঘ সময় এই শিল্পে জড়িত থাকার সুবাদে এর বহু উত্থান-পতনের সাক্ষী হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার নিরিখে কথা বলেছেন এই প্রকাশক।

অলাত এহ্সান: প্রকাশক সমিতির আগ্রহেই বইমেলা এগিয়ে না হয়েছে। সময়টি কি আপনাদের জন্য অনুকূল?

সাহিদুল ইসলাম বিজু: ২০২৬-এ অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা এ বছরেরই ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে। হঠাৎ মেলার তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত অস্বস্তিকর মনে হতেই পারে। দেশের নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের মনে এই মেলার আগের সময়ের সঙ্গে সংযোগ যে-ঐতিহ্য তৈরি করেছে, তার বাইরে গেলে— আগে হোক বা পরে— স্বভাবতই তা অনুকূল মনে হবে না। তবে সান্ত্বনার কথা এই যে, এমনটি হয়তো আগামীতে বারবার ঘটবে না। মেলাটি আগের সর্বজনপ্রিয় তারিখেই ফিরে আসবে।

এহ্সান: ভাষার মাস ধরে বইমেলার যে ধারণাগত কেন্দ্রটি, তা এবার থাকছে না। নীতগতভাবে একাত্মবোধ করছেন কি?

বিজু: ভাষার মাসকে কেন্দ্র করে বইমেলার শুরু, সন্দেহ নেই। এবারে তার ব্যত্যয়ও ঘটছে। তবে আমি বিশ্বাস করি যে, এই পরিবর্তন একান্তই বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে করা হয়েছে। পরিবর্তনটি স্থায়ী হওয়ার কোনো কারণ নেই। সুতরাং এই পরিবর্তনের সঙ্গে ‘নীতিগতভাবে একাত্মবোধের’ প্রশ্ন আসে না। তবে বইমেলার সবচেয়ে বড় উৎসব ও উদযাপনের দিন ‘২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ সাক্ষাৎ পাবে না এবারের মেলা— এ আক্ষেপ থেকে যাবে সবার মনে।

এহ্সান: প্রকাশক সমিতি এক চিঠিতে বলেছে, ‘২০২১ হতে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বইমেলা তার শৌর্য ও বোধ হারাচ্ছে। একই ধারাবাহিকতায় ব্যাবসায়িক সফলতা না পাওয়া সৃজনশীল প্রকাশকদের পঙ্গুত্বের দিকে ধাবিত করছে।’ 

বিজু: ২০২১ সাল থেকে বইমেলা ধারাবাহিকভাবে তার শৌর্য ও বোধ হারাচ্ছে এবং একই ধারাবাহিকতায় সৃজনশীল প্রকাশকদের ব্যবসায়িক সফলতা আসছে না— প্রকাশক সমিতির এ বিবৃতির ব্যাখ্যা-বিশ্লেষণ তারাই সবচেয়ে ভালো দিতে পারবে। আমার মনে হয়, আর্থ-সামাজিক অস্থিরতা ও তরুণ সমাজের ক্রমবর্ধমান ইন্টারনেট নির্ভরতা প্রকাশকদের ব্যবসায়িক সফলতায় ভাটার কারণ হতে পারে। তা ছাড়া ২০২১ সালের বইমেলা করোনা মহামারির কারণে মার্চের তৃতীয় সপ্তাহে পিছিয়ে নিতে হয়েছিল— এ সংশ্লিষ্ট ক্ষতি পোষাতে না-পোষাতে পরবর্তী বছরগুলোতে কাগজের অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি, দেশের প্রকাশনা জগতে ব্যসায়িক বিপর্যয়ের বড় কারণ।        

এহ্সান: গতবারের বইমেলায় অনেক প্রকাশক অংশগ্রহণের খরচটুকু তুলতে পারেননি মেলা থেকে। এবারও কেমন মনে করেন?

বিজু: গতবারের মেলায় আশানুরূপ বিক্রি হয়নি। পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত প্রথম একুশে বইমেলার পরিস্থিতি নিয়ে মানুষের মনে দোলাচল ছিল। গুজবও ছিল নানারকম। আশা করি, এবার সে রকম কোনো সম্ভাবনা  নেই। তবে গতবারের মেলায় প্রকাশকদের আর্থিক ক্ষতির বড় একটা প্রভাব পড়েছে আসন্ন মেলায় প্রকাশিতব্য পুস্তকের সংখ্যার ওপর। অনেকেই ন্যূনতম বা প্রত্যাশিত পরিমাণে মেলায় নতুন বই আনতে পারবেন না।   

এহ্সান: কোনো কোনো প্রকাশক মেলার সময়কাল ১৫ দিন রাখার পক্ষে বলছেন। তাতে প্রকাশকদের কী লাভ বা ক্ষতি হতে পারে।

বিজু: দুদিন এগিয়ে মেলা শুরু করার দিন নির্ধারণের মধ্যে প্রকাশকদের কী লাভ বা ক্ষতি হতে পারে, এ-ব্যাপারে আমার কোনো ধারণা নেই।

এহ্সান: মেলায় বিষয়ভিত্তিক বইগুলো— যেমন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা— অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা একাডেমি বা প্রকাশক সমিতির কোনো সিদ্ধান্ত কি আপনারা জানতে পেরেছেন?

বিজু: এ-বিষয়ে বইমেলার আয়োজকদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা সমীচীন হবে। আশা করি, তাঁরা সবদিক বুঝে-শুনেই সিদ্ধান্ত দেবেন।

এহ্সান: মেলার সময় এগিয়ে আনায় আপনাদের পরিকল্পিত সব পাণ্ডুলিপিই বই হয়ে বের করা সম্ভব হবে?

 বিজু: মেলার সময় প্রায় দেড় মাস এগিয়ে আনার ফলে অবশ্যই কিছু সংখ্যক বইয়ের মুদ্রণ সময়াভাবে স্থগিত হয়ে যাবে। এতে লেখক ও প্রকাশক উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মেলা আয়োজনের বাস্তবতার পটভূমিতে এটা মেনে নেওয়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ, বিডিনিউজ-কে।

সাঈদ বারী, প্রকাশক, সূচীপত্র। সভাপতি, বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি

সূচীপত্র-এর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী। তিনি বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি। তিনি একজন লেখকও, মৌলিক ও সম্পাদনা মিলিয়ে প্রকাশিত হয়েছে প্রায় ২৫টি বই। সূচীপত্র সাড়ে তিন দশকব্যাপী সৃজনশীল ও মননশীল বই প্রকাশনায় সম্পৃক্ত। এ পর্যন্ত প্রকাশ করেছে ২০০০ বই। 

অলাত এহ্সান: বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে। সেটা প্রকাশক সমিতির আগ্রহেই। সময়টি কী মেলার জন্য অনুকূল হচ্ছে?

সাঈদ বারী: সত্যি বলতে, ডিসেম্বর–জানুয়ারির সময় আমাদের জন্য একেবারেই অনুকূল নয়। বাংলা একাডেমির বইমেলা বরাবরই ভাষা আন্দোলনের স্মৃতির সঙ্গে যুক্ত থেকে এক গভীর সাংস্কৃতিক তাৎপর্য বহন করেছে। এখনকার প্রস্তাবিত সময়টা শুধু শীতকালীন অবকাশ নয়, বরং একাডেমিক ও সামাজিক নানা চাপের সময়। অনেক লেখক-পাঠকই ব্যস্ত থাকবেন পরীক্ষা ও অন্য কাজে। ফলে বইমেলার প্রাসঙ্গিকতা ও উচ্ছ্বাস কমে যেতে পারে।

এহ্সান: বলছিলেন, ভাষা আন্দোলনের স্মৃতির সঙ্গে যুক্ত সাংস্কৃতিক তাৎপর্যের কথা। এইবার সেই ধারণাগত কেন্দ্রটি থাকছে না। আপনি কি এতে একাত্মবোধ করছেন?

বারী: একদমই একাত্মবোধ করছি না। বইমেলা শুধু ব্যবসা বা পণ্য বিক্রির জায়গা নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। ভাষার মাসে বইমেলা হওয়াটাই এর মূল বৈশিষ্ট্য। রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন বা অন্য কোনো প্রয়োজনে এটি সরানো যুক্তিযুক্ত নয়। সব সময়ই এই নীতিগত অবস্থান অক্ষুণ্ণ রাখা উচিত। ফেব্রুয়ারির কেন্দ্রবিন্দু থেকে সরালে বইমেলার আত্মা ক্ষতিগ্রস্ত হবে।

এহ্সান: প্রকাশক সমিতি এক চিঠিতে বলছে, বইমেলা শৌর্য ও বোধ হারাচ্ছে? এর কারণ কী? 

বারী: শৌর্য ও বোধ হারানোর মূল কারণ হচ্ছে বইমেলাকে সাহিত্য-সংস্কৃতির উৎসব হিসেবে না দেখে অনেক সময় প্রশাসনিক বা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা। পাঠকবান্ধব পরিবেশ, মানসম্মত গ্রন্থ নির্বাচনে গুরুত্ব, বইয়ের নান্দনিকতা ও বৈচিত্র্য— এসব জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে। ব্যবসায়িক সাফল্য আসবে কেবল তখনই, যখন মেলা হবে পাঠককেন্দ্রিক, লেখকসম্মত এবং সময়োপযোগী।

তা ছাড়া ফ্যাসিবাদের আমলে বইমেলাকেও দলীয়করণ করা হয়েছিল। বইমেলায় প্রবেশ করলে মনে হতো, কোনো রাজনৈতিক দলের কাউন্সিলে এসেছি।

এহ্সান: কোনো কোনো প্রকাশক তো মেলার সময়কাল ১৫ রাখার পক্ষে বলছেন?

বারী: আমার মনে হয়, আমরা গত কয়েক দশক থেকে যেভাবে অভ্যস্ত, তাতে বইমেলার সময়কাল ছোট করলে পাঠক, লেখক ও প্রকাশক— সবারই ক্ষতি হবে। বইমেলায় পাঠকের ভিড় ধীরে ধীরে বাড়ে; প্রথম কয়েক দিন তুলনামূলকভাবে কম থাকে, পরে জমে ওঠে। তাই মাত্র ১৫ দিনের মেলা হলে যথেষ্ট পাঠক টানা সম্ভব হবে না, প্রকাশকরাও বিনিয়োগের সঠিক ফল পাবেন না। 

দীর্ঘ সময় মেলা চললে অন্তত পাঠক টানার সুযোগ থাকে। তবে অদূর ভবিষ্যতে বইমেলা ১৫ দিন করার দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া যেতে পারে সময়ের চাহিদা অনুযায়ী। 

এহ্সান: মেলায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা— এ ধরনের বিষয়ভিত্তিক বইগুলো অংশগ্রহণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত জানিয়েছে বাংলা একাডেমি বা প্রকাশক সমিতি?

বারী: আমাদের কাছে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত পৌঁছায়নি। তবে কোনো সিদ্ধান্তই যদি হয়, সেটি যেন সাহিত্যিক স্বাধীনতা ও প্রকাশনার বৈচিত্র্যকে সম্মান করে হয়— সেটাই প্রত্যাশা। তবে ফ্যাসিবাদের সমর্থনকারী কোনো বই প্রদর্শন করা ঠিক হবে না।

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা— এসব আমাদের জাতীয় ইতিহাস ও পরিচয়ের অংশ। তাই স্বাভাবিকভাবেই এসব বিষয়ে বই প্রকাশ ও প্রদর্শনের জায়গা সবসময় খোলা থাকা উচিত।

এহ্সান: মেলার সময় মাস দেড়েক এগিয়ে আনায় আপনাদের পরিকল্পিত সব পাণ্ডুলিপি বই হয়ে বের করা সম্ভব হবে?

বারী: এটি আমাদের জন্য বড় আঘাতের মতো। আমরা পছন্দ করি বা না করি, বাস্তবতা হলো— আমাদের এখানে সৃজনশীল ও মননশীল বই প্রকাশনা মূলত বইমেলাকেন্দ্রিক। বইমেলার মূল প্রস্তুতি শুরু হয় মেলার কয়েক মাস আগে— প্রকাশকরা লেখক নির্ধারণ করেন, সম্পাদনা ও ছাপার কাজ শেষ করেন। এখন হঠাৎ সময় এগিয়ে আসায় অনেক বই শেষ করা সম্ভব হবে না। এর ফলে বিশেষ করে নতুন লেখকেরা ক্ষতিগ্রস্ত হবেন, পাঠকও প্রত্যাশিত অনেক নতুন বই পাবেন না। আমাদের প্রকাশনা পরিকল্পনা ভেঙে পড়বে, যা বইমেলার সামগ্রিক গুণমানেও নেতিবাচক প্রভাব ফেলবে।

এহ্সান: গতবার তো মেলা অংশগ্রহণের খরচটুকু তুলতে পারেননি অনেক প্রকাশক। এবারের মেলা নিয়ে আপনার পূর্বধারণা কেমন?

বারী: বাস্তবতা হলো, গতবারের মতো যদি পরিস্থিতি হয়, তাহলে আমাদের আশা কমই থাকবে। আবার সময়টা যেহেতু এগিয়ে আনা হয়েছে, পাঠক উপস্থিতিও কম হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরও আমরা বিশ্বাস করি— সঠিক প্রচার, পাঠক-আকর্ষণী আয়োজন ও বইয়ের বৈচিত্র্য থাকলে কিছুটা ইতিবাচক ফল পাওয়া সম্ভব। তবে আগের অভিজ্ঞতা থেকে বলতে হয়, প্রকাশকরা ঝুঁকির মুখে থাকবেই।

জসিম উদ্দিন, প্রকাশক, কথাপ্রকাশ

 বাংলাদেশের প্রকাশনাশিল্পে কথাপ্রকাশ নিজস্ব একটা রুচি ও অবস্থান তৈরি করেছে। নবীন-প্রবীণ লেখদের রচনা প্রকাশের মধ্য দিয়ে ২০০২ সালে কথাপ্রকাশের যাত্রা শুরু। এই প্রকাশনার বই দেখলেই বোঝা যায়—সৃজন ও মননশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে। কেবল দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা বইমেলায় অংশগ্রহণ, বই উৎসব ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে বাংলা বই আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের উদ্যোগও প্রশংসনীয়। গুণগত মানসম্পন্ন ও ভালো বই প্রকাশের জন্য কথাপ্রকাশ বাংলা একাডেমি প্রবর্তিত একাধিক পুরস্কার অর্জন করেছে। 

অলাত এসহান: প্রকাশক সমিতির আগ্রহে পরবর্তী বইমেলা ১৭ ডিসেম্বর (২০২৫) থেকে ১৭ জানুয়ারি (২০২৬) করা হয়েছে। মেলার জন্য এই সময়টি কি আপনাদের জন্য অনুকূল মনে করেন?

জসিম উদ্দিন: বর্তমান বাস্তবতা চিন্তা করে হয়তো এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সিদ্ধান্ত কেউ এককভাবে নেননি। প্রকাশক সমিতি, বাংলা একাডেমি—সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে বইমেলা ডিসেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন এবং রোজা শুরু হবে, সেসব ভাবনা তাঁদের চিন্তায় ছিল।

মেলার জন্য ডিসেম্বর-জানুয়ারি সময়ের কথা যদি বলি, তাহলে বলতে হবে সময়টা ঠিক প্রতিকূল নয়। কেননা, আবহাওয়া যথেষ্ট ঠাণ্ডা থাকবে, তবে তা এত বেশি নয় যে, কেউ মেলায় আসতে পারবেন না। এ সময় ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে না। তবে যেটি ভাবতে হবে সেটি হল ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথমে স্কুলে বাচ্চাদের ভর্তির ব্যাপার থাকে। কিন্তু সেটির জন্য একটি বাচ্চাকে নিশ্চয় মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি—এই ১ মাস ব্যস্ত থাকতে হয় না। এসব দিক বিবেচনা করে শিশুপ্রহরের দিন ঠিক করা যেতে পারে। ফলে সময়ের বিবেচনায় এটা খুব একটা প্রতিকূল নয়।

এহসান: বইমেলা শুরু হয়েছিল ভাষার মাসকে কেন্দ্র করে। এইবার সেই ধারণাগত কেন্দ্রটি থাকছে না। আপনি কি এই পরিবর্তনে নীতিগতভাবে একাত্মবোধ করছেন?

জসিম উদ্দিন: হ্যাঁ, এটা ভাববার বিষয়। তবে আমার মনে পড়ে শহীদ দিবসের ওই স্মরণীয় স্লোগানটি—একুশ মানে মাথা নত না করা। অর্থাৎ কোনো অন্যায়, অপসংস্কৃতি, অবিচার, রাষ্ট্র ও মানবতা বিরোধী কোনো শক্তির কাছে মাথা নত না করার অঙ্গীকার। তো সেই অঙ্গীকার কেবল কি ফেব্রুয়ারি মাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমি মনে করি এটি একটি চেতনা। এই চেতনা সারা বছরের জন্য, সারা জীবনের জন্য। এই চেতনায় যদি বিশ্বাস করি তাহলে মহান একুশের বইমেলা প্রতীকী অর্থে অন্য যে কোনো সময় হতে পারে। সেজন্যই একুশের বইমেলার ধারণাগত কেন্দ্র থাকছে না, বিষয়টি আমার কাছে তা মনে হয় না। একুশের চেতনা সবসময়ই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনগুলোতে অনুপ্রেরণা জোগায়। কাজেই কোনো চেতনাকে তো একটি নির্দিষ্ট সময়ে বন্দি করে রাখা যায় বলে মনে হয় না। 

তাছাড়া ডিসেম্বরও আমাদের মহান বিজয়ের মাস। এই মাসের সঙ্গেও আমাদের মুক্তিযুদ্ধের আবেগ ও দায়িত্ব জড়িয়ে আছে। ধারণাগত কেন্দ্রের বিষয়টি সে কারণে চেতনা, আদর্শ এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত বলে আমার ধারণা। 

তারপরও কথা থেকে যায়, সেটি হলো, ফেব্রুয়ারিতে বইমেলা উদযাপনের একটা প্রতীকী আয়োজন করা যায় কিনা সেটিও আমাদের ভাবা দরকার। কেননা, একটা স্বাধীন রাষ্ট্রে সব রকম বাস্তবতাকেই মানুষের মূল্যবোধ, সংস্কৃতি ও চেতনার অনুকূলে আনতে হবে। সেটিও আমাদের সবার দায়িত্ব।

এহসান:  প্রকাশক সমিতি তাদের লিখিত এক চিঠিতে বলেছে: “২০২১ হতে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বইমেলা তার শৌর্য ও বোধ হারাচ্ছে। একই ধারাবাহিকতায় ব্যাবসায়িক সফলতা না পাওয়া সৃজনশীল প্রকাশকদের পঙ্গুত্বের দিকে ধাবিত করছে।”কী কারণে শৌর্য ও বোধ হারাচ্ছে বলে মনে করেন? সফলতা না আসারই বা কারণ কী?

জসিম উদ্দিন: আমরা সবাই জানি ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হয়। অন্য দেশগুলোতে আরো আগেই শুরু হয়েছিল। ফলে আমাদের সবাইকে একটা শারীরিক দূরত্ব বজায় রেখে সব কিছু আয়োজন করতে হয়েছিল। তখন বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল। তার প্রভাব পড়েছিল বইমেলায়ও। এতে ছোট প্রকাশনা তো বটেই বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিল। তারপরে ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। অর্থনৈতিক বিপর্যয়। 

প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতির বাইরে ছিল না।

তাছাড়া আমার মনে হয়, প্রকাশনার শৌর্য বা বোধ তৈরি হয় পাণ্ডুলিপি নির্বাচন দিয়ে। অনির্বাচিত বা অসম্পাদিত পাণ্ডুলিপি প্রকাশে যেমন অর্থ দরকার হয়, নির্বাচিত বা সম্পাদিত পাণ্ডুলিপির প্রকাশেও দরকার হয়। সেক্ষেত্রে কোন বই প্রকাশ করা উচিত, কোন বই পাঠকের সৃষ্টিশীলতা, মননশীলতা বিকাশে সহায়ক হবে সেসব বিবেচনায় না নিলে প্রকাশনা প্রতিষ্ঠানের শৌর্যই বলুন আর বোধই বলুন, সেগুলো তৈরি হয় না। বাংলাদেশে বই সম্পাদনার বিষয়টি এখনও লেখক, প্রকাশক বা পাঠকের মধ্যে সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। যদিও অনেকেই সেই চেষ্টা করছেন, সেটি ইতিবাচক।

বই লেখা শেষ হলেই সেটা প্রকাশযোগ্য হয়ে ওঠে না। সেজন্য সম্পাদনা দরকার হয়। অনেকেই বইমেলা সামনে রেখে পাণ্ডুলিপি তৈরি করেন এবং প্রকাশের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ফলে সম্পাদনার সময় পাওয়া যায় না। এভাবে বই প্রকাশের ফলে একটা ভালো পাণ্ডুলিপিও অনেক সময় পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে না। কাজেই এ বিষয়টি লেখক, প্রকাশক সবাইকে উপলব্ধি করতে হবে। ভালো বই প্রকাশিত হলে প্রতিষ্ঠানের সুনাম, শৌর্য না বাড়বার কোনো কারণ দেখি না।

এহসান: গতবারের মেলা আশানুরূপ বিক্রি হয়নি। অনেক প্রকাশক অংশগ্রহণের খরচটুকু তুলতে পারেননি মেলা থেকে। এবারও সেরকম সম্ভবনা আছে বলে মনে করেন?

জসিম উদ্দিন: গত বছর বাংলাদেশ নতুন এক বাস্তবতার মধ্য দিয়ে গেছে। কোভিড-১৯ এবং রাজনৈতিক কারণে অর্থনৈতিক মন্দা চলছিল। সবকিছু নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তাছাড়া ভালো বইয়ের অভাবের কথা তো বললামই। সব মিলিয়ে বিক্রি আশানুরূপ হয়নি। এ বছরও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যে অনুকূলে আছে এমন বলা যাবে না। তাছাড়া একুশের বইমেলা মানে ফেব্রুয়ারি মাস। ডিসেম্বরে বইমেলা হলে সেটিও হয়তো একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

অন্যদিকে অনেক লেখক ফেব্রুয়ারিকে সামনে রেখে পাণ্ডুলিপি তৈরি করেন। মেলা এগিয়ে আনার ফলে সেসব বই হয়তো প্রকাশ করা সম্ভব হবে না। এই প্রভাবের আশঙ্কা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

এহসান: কোনো কোনো প্রকাশক মেলার সময়কাল ১৫ রাখার পক্ষে বলছেন? এতে করে প্রকাশকদের লাভ বা ক্ষতি হতে পারে বলে আপনার ধারণা?

জসিম উদ্দিন: একুশের বইমেলা দীর্ঘদিন ধরে মাসব্যাপী হয়ে আসছে। এটি বাঙালির অন্যান্য ঐতিহ্যবাহী উৎসবের মতো আরও একটি উৎসবে পরিণত হয়েছে। সেভাবেই প্রকাশকরা নিজেদের পরিকল্পনা তৈরি করেন। হঠাৎ করে মেলার সময় কমিয়ে আনা হলে একটা ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 

অনেকে হয়তো বলবেন, ১ মাস মেলা হলে খরচ বেড়ে যায়। ১৫ দিন হলেও খরচ যে খুব একটা কমবে তা নয়। কারণ বইমেলায় স্টল তৈরির খরচ তো আর ১৫ দিনের জন্য কমবে এমন নয়। হয়তো বিপণন কর্মীদের ১৫ দিনের বেতন-ভাতা কমবে। কারণ, তখন বিপণনের জন্য বাড়তি কর্মী নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেখানে বিপণন কর্মীরা ১৫ দিনের কাজ হারাবে। তাছাড়া পাঠকের মনস্তত্ত্বে আছে মাসব্যাপী মেলার উৎসব। সেভাবেই পাঠক বই কেনার বাজেট, পরিকল্পনা করেন। ফলে মেলার সময় কমালে প্রকাশকদের অর্থনৈতিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে বলে মনে হয়।

আরেকটি কথা বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি বইমেলা বেলা ৩টার পরিবর্তে বেলা ১১টায় শুরুর বিষয়ে। এটা নিয়ে আমি বিগত বছরগুলোতে অনলাইন, অফলাইন মিডিয়ায় বারবার অনুরোধ জানিয়েছি। বিশ্বের অন্যান্য দেশে বইমেলা বেলা ১১টাতে শুরু হয়। ৩টায় শুরু হলে পাঠক মেলা প্রাঙ্গণে প্রবেশ করে বই দেখতে দেখতে, ভালো বই বাছাই করতে না করতেই মেলার সময় ফুরিয়ে যায়। এ ক্ষেত্রে মেলা ১১টায় শুরু হলে প্রকাশকরা অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করি। আশা করি বাংলা একাডেমি এবং সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনায় নেবেন।

এহসান:  মেলায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা,বঙ্গবন্ধু, শেখ হাসিনা—এ ধরনের বিষয়ভিত্তিক বইগুলো অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা একাডেমি বা প্রকাশক সমিতির কোনো সিদ্ধান্ত কি আপনারা জানতে পেরেছেন? যদি সিদ্ধান্ত নেতিবাচক হয় তাহলে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?

জসিম উদ্দিন: এ ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি। 

দেখুন বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ। ইতিহাস জানা দরকার। নতুন প্রজন্মকে ইতিহাস জানানোর দায়বদ্ধতাও থাকা দরকার। ইতিহাস না জানলে আপনি ইতিবাচক বা নেতিবাচক—কিছুই জানবেন না। ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হয়।

এহসান: যেহেতু মেলার সময় মাস দেড়েক এগিয়ে আনা হয়েছে, ফলে আপনাদের পরিকল্পিত অনেক পাণ্ডুলিপিই বই হয়ে বেরুবার সুযোগ পাবে না। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?

জসিম উদ্দিন: বাংলাদেশে একটা সময় সারা বছর বই প্রকাশিত হতো। বিভিন্ন দিবস, উৎসবকে কেন্দ্র করে অথবা তার বাইরেও প্রকাশিত হতো। বাংলা একাডেমি থেকে কিন্তু সারা বছরই বই প্রকাশিত হচ্ছে। কেননা, বই তো আর কোনো একটা মাসের ব্যাপার নয়।

কথাপ্রকাশ গত কয়েক বছর ধরে প্রতি মাসেই বই প্রকাশ করছে। তবে মেলা এগিয়ে আসাতে কিছু পাণ্ডুলিপি মেলা উপলক্ষে প্রকাশ করা সম্ভব হবে না এটা ঠিক। সেসব বই ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। আর আমরা সম্পাদনার কথা বলালাম। কথাপ্রকাশ অনেক সীমাবদ্ধতা নিয়েও বই সম্পাদনার কাজটি গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করছে। সেজন্যও আমাদের কিছুটা সময় লাগে। কিন্তু আমরা মনে করি, বইয়ের সঙ্গে পাঠককে সারা বছরই যাপনের সুযোগ দেওয়া উচিত। কাজেই হতাশার কিছু নেই। 

আজহার ফরহাদ, মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান, বেঙ্গলবুকস ও কিন্ডারবুকস

আজহার ফরহাদ ব্যক্তিগতভাবে একজন শিল্পী ও লেখক। প্রকাশ পেশায় যুক্ত থাকার দীর্ঘ সময়ে তিনি এখন বেঙ্গলবুকস ও কিন্ডারবুকস-এর মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান। তাঁর নেতৃত্বাধীন বেঙ্গলবুকস স্বল্প সময়ে প্রকাশনায় যুক্ত হলেও, মানসম্মত ও রুচিশীল বই করে ইতিমধ্যে পাঠকের নজর কেড়েছে। আহজার কথা বলেছেন, প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল জায়গা থেকে, বিবেচক পাঠকের প্রত্যাশা রক্ষা করেই।

অলাত এহ্সান: ২০২৬ সালের বইমেলা চলতি বছরের শেষের দিকে শুরু হচ্ছে। সেটা প্রকাশক সমিতির আগ্রহেই। সময়টা মেলার জন্য কী অনুকূল?

আজহার ফরহাদ: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির (বাপুস) বইমেলা স্ট্যান্ডিং কমিটির সভায় আমরা একটি বিষয় নিয়ে একমত হয়েছিলাম, তা হলো— অমর একুশে বইমেলা পুরো ফেব্রুয়ারি জুড়ে অনুষ্ঠিত হবার সুযোগ কম। এর পেছনে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা অন্যতম প্রধান কারণ হিসেবে এসেছিল। এখন প্রশ্ন, মেলার জন্য ডিসেম্বর মাস অনুকূল কি না? তার উত্তরে এটুকুই বলা যেতে পারে— না, তা অনুকূল নয় তেমন। কারণ এখন যে সময়টা ধরা হয়েছে, সেটা মূলত প্রচণ্ড শীতের সময়। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির প্রথমার্ধে তীব্র শৈত্যপ্রবাহের সময়কাল। বইমেলা জমে ওঠে মূলত সন্ধ্যার পর। এমন খোলা উদ্যানে কুয়াশা ও ঠান্ডায় আসলে তখন বইমেলা কতখানি জমবে অনুমান করা কঠিন নয়।

আমরা বাপুসের পক্ষ থেকে তিনটি সময়ের কথা বলেছিলাম। এর ভেতর সবচেয়ে উত্তম প্রস্তাব ছিল ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। ব্যক্তিগতভাবে আমি নিজে এ প্রস্তাবের সাথে জোরালোভাবে সমর্থন দিয়েছিলাম। তাতে আমরা একুশে বইমেলার ভাবধারাকে আংশিক হলেও ছুঁতে পারতাম।

এহ্সান: ফেব্রুয়ারিতে নির্বাচনা ১৯৯১ ও ১৯৯৬ সালে হয়েছে। বইমেলার সময় বদলায়। বলেছে অন্যকারণে। বইমেলা শুরু হয়েছিল ভাষার মাসকে কেন্দ্র করে। এইবার সেই ধারণাগত কেন্দ্রটি থাকছে না।

আজহার: দেখুন নির্বাচনের সাথে বইমেলা কোনো অর্থেই সংঘর্ষিক নয়, বরং একটি উৎসবের সাথে আরেকটি উৎসবের বৃহৎ সম্মিলন ঘটবার সুযোগ সৃষ্টি হয়। নির্বাচন কেন্দ্র করে বইমেলাও তখন এক প্রকার প্রচারকেন্দ্রে পরিণত হয়ে উঠতে পারে। সে যাই হোক, ব্যাপারটি নির্বাচনের উৎসবমুখর স্বাভাবিকতায় সীমাবদ্ধ থাকলে তো সমস্যা হবার কথা নয়। কিন্তু প্রশ্ন হলো, এখন আমরা সে রাজনৈতিক বাস্তবতায় আছি কি না।

আর কেবল নির্বাচন নয়, মাহে রমজানও ফেব্রুয়ারির শেষে। এরপর ঈদ। এতগুলো বিষয় একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এ বাস্তবতাকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্তই প্রকাশকবান্ধব হবে না। আর মেলা প্রকাশকবান্ধব না হলে তা পাঠকবান্ধবও হবার সম্ভাবনা নেই। আমরা হয়তো ঐতিহ্য রক্ষার্থে একটি আনুষ্ঠানিকতাকেই বাস্তবায়ন করতে পারি।

এহ্সান: প্রকাশক সমিতি তাদের এক চিঠিতে বলেছে, ‘২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বইমেলা তার শৌর্য ও বোধ হারাচ্ছে। একই ধারাবাহিকতায় ব্যবসায়িক সফলতা না পাওয়া সৃজনশীল প্রকাশকদের পঙ্গুত্বের দিকে ধাবিত করছে।’

আজহার: এটা সমিতির বক্তব্য। হয়তো অনেক প্রকাশকরা এমন মনে করছেন। এর নানান কারণও থাকতে পারে। তবে আমি ঠিক এভাবে না বলে অন্যভাবে বলতে চাই, বইমেলার শৌর্য ও বোধ আসলে অনেক আগে থেকেই ম্রিয়মাণ। আপনি যদি বইমেলাকে একটি সাংস্কৃতিক উৎসবের আলোকে বিবেচনা করেন তবে একরকম, আর বুকট্রেডের ভাবনায় বিচার করেন, তখন দেখবেন আরেকরকম ফলাফল পাবেন। বাপুস এখানে ব্যবসায়িক সফলতা বলতে মূলত এ ট্রেড-এর কথাই বলছে। যদিও আমাদের প্রকাশনা জগত শিল্প হিসেবে স্বীকৃত নয়। তো যেখানে ইন্ডাস্ট্রিই নেই, সেখানে শুধু ব্যবসায়িক কেন, সামগ্রিক সফলতাই মুখ থুবড়ে পড়বে।

এহ্সান: গতবারের মেলা আশানুরূপ বিক্রি হয়নি। অনেক প্রকাশক অংশগ্রহণের খরচটুকু তুলতে পারেননি। এবারের মেলা নিয়ে কেমন আশা করছেন?

আজহার: আপনার এ প্রশ্নের উত্তর নেই আসলে। তবে আমার পাল্টা প্রশ্ন আছে। একুশে বইমেলা কি কেবল বই বিক্রয়ের দোকানসমষ্টি? প্রকাশক যতখানি পেশাদার তার প্রকাশও তেমন ঘটবে। আবার, চাওয়ার সাথে প্রাপ্তি সবসময় নাও মিলতে পারে।

এহ্সান: কোনো কোনো প্রকাশক যে মেলার সময়কাল ১৫ রাখার পক্ষে বলছেন?

আজহার: একুশে বইমেলা জমে উঠতেই ১৫ দিন লেগে যায়।

এহ্সান: মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা— এ ধরনের বিষয়ভিত্তিক বইগুলো মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনারা জানতে পেরেছেন?

আজহার: না, এ ধরনের কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।

এহ্সান: মেলার সময় মাস দেড়েক এগিয়ে আনায় আপনাদের পরিকল্পিত অনেক পাণ্ডুলিপি থেকে বই করতে পারবেন?

আজহার: অনেক পান্ডুলিপিই বই আকারে এখন আর বের করা সম্ভব হচ্ছে না। অনেক প্রকাশনা প্রতিষ্ঠানই এ সমস্যায় পড়বে। তারাই বেশি পড়বেন, যারা কেবল বইমেলাকে কেন্দ্র করে বই ছাপেন।

ষড়ৈশ্বর্য মুহম্মদ, প্রকাশক, উজান

ষড়ৈশ্বর্য মুহম্মদ একজন লেখক ও সাংবাদিক। প্রকাশনা ব্যবসায় আসার আগে অনেকটা সময় সেভাবেই বইমেলা উদযাপন করেছেন। কয়েকজন সুহৃদের সঙ্গে গড়ে তোলা উজান প্রকাশন সব ধরনের সৃজনশীল বই নিয়ে কাজ করছে। বিশ্বসাহিত্য ও দর্শন এবং জ্ঞানের অন্যান্য শাখার বইপত্র অনুবাদের মাধ্যমে উজান সমৃদ্ধ করে তোলার চেষ্টা করছে দেশের জ্ঞানচর্চার পরিসরকে। ষড়ৈশ্বর্যের কথোপকথন পাঠক-প্রকাশের অনুকূল রক্ষা করছে।

অলাত এহ্সান: পরবর্তী সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। প্রকাশক সমিতির আগ্রহেই এই সময় নির্ধারণ করা হয়েছে। এটা আপনাদের জন্য কতটা অনুকূল হবে?

ষড়ৈশ্বর্য মুহম্মদ: বইমেলা এবং বাণিজ্যমেলার মধ্যে কিছু পার্থক্য আছে। বাণিজ্যমেলা পণ্যায়নের এই যুগে নিজে নিজেই নিজের বাণিজ্য করার সামর্থ্য রাখে। যে সামর্থ্য আসলে বইমেলার নেই। বইমেলাকে পৃষ্ঠপোষকতা দিতে হয়। এই পৃষ্ঠপোষকতার সঙ্গে জ্ঞানের গরিমা, দেশাত্ববোধের মহিমা এবং ঐতিহ্য ও চেতনার উজ্জ্বলতা যুক্ত করতে হয়। বইমেলা বরাবর যে সময়টায় হতো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, এবার তা না হওয়াতে সেই রেওয়াজ, গরিমা, মহিমা ও উজ্জ্বলতা কিছুটা তো ক্ষুণ্ন হলোই। যাঁরা ডিসেম্বরে বইমেলার আয়োজন করছেন তাঁদের কথাবার্তা ও যুক্তি খেয়াল করলে দেখবেন, তাঁরাও তা মেনে নিয়েই কথা বলছেন। অতএব, বুঝতেই পারছেন নতুনভাবে নির্ধারিত সময়টি মেলার জন্য খুব একটা অনুকূল নয়। তবে, প্রতিকূল সময়ে আয়োজিতব্য বইমেলাকে অনুকূল ও সফল করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে বাড়তি প্রচেষ্টা থাকলে সুফল আসতে পারে।

এহ্সান: বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনিবার্যভাবে সময়টা এগিয়ে আনা হয়েছে। কিন্তু আমরা জানি, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হলেও বইমেলা সরানো হয়নি। আবার অন্যকারণে আগে পরে করা হয়েছে। কিন্তু এবার বইমেলায় ভাষার মাসের ধারণাগত কেন্দ্রটি থাকছে না।

ষড়ৈশ্বর্য: আগেই বলেছি ‘অমর একুশে বইমেলা’ নামে বইমেলাকে মহিমা, গরিমা ও উজ্জ্বলতা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করে দীর্ঘদিনে বইমেলাকে একটা রীতি-রেওয়াজ ও মান্যতা দেওয়া হয়েছে। আপনি ঠিকই বলেছেন, ভাষার মাসে বইমেলা আয়োজনের ধারণাগত কেন্দ্রটির এবার বিচ্যুতি ঘটতে যাচ্ছে। তবে, এক্ষেত্রে, নির্বাচনের যে অজুহাত দেওয়া হচ্ছে, আমি মনে করি না, সেটি কোনো বড় কারণ। বইমেলা হবে ঢাকার কয়েক হাজার বর্গফুটের একটা নির্দিষ্ট স্থানে, আর নির্বাচন তো হবে সারা দেশে। এক্ষেত্রে একটার সঙ্গে আরেকটার সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। 

বইমেলা নিয়ে ভয় থাকলে ফেব্রুয়ারিতে আয়োজন করেও নির্বাচনের আগে-পরের তিন-চারদিন বইমেলা বন্ধ রাখা যেত। চাইলে তা করা সম্ভব ছিল। এখন সরকার কেন চাইল না, কেন ডিসেম্বরে বইমেলা করতে চাচ্ছে সেটা আসলে তারাই ভালো জানে। যেকোনো দেশের সরকার ঘোষণা দিয়ে সবসময় যা বলে এবং যে ব্যাখ্যা দেয়, তা তো আর সবসময় আসল কথা নয়।   

এহ্সান: প্রকাশক সমিতির এক চিঠিতে বলছে, বইমেলা ক্রমেই শৌর্য ও বোধ হারাচ্ছে, কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। তাদের কথা সূত্রে বললেন, সেই সফলতা না আসারই বা কারণ কী?

ষড়ৈশ্বর্য: বইমেলার শৌর্য আর প্রকাশকদের একেবারে একাকার করে দেখার কিছু নেই। বই বিক্রির ব্যবস্থা ছাড়াও তো দুনিয়ায় বইমেলা হয়। বিরাট বইমেলা আয়োজন হলো, খুব জাঁকজমক ও চমক থাকল, কিন্তু সারা বছর বই নিয়ে কোনো উদ্যোগ ও উদ্দীপনা, সাড়াশব্দ থাকল না সমাজে, তাতে প্রকাশকদের লাভ কী? বইমেলা শৌর্য হারাচ্ছে বলেই যে সৃজনশীল প্রকাশকরা ডুবছে, ব্যাপারটা সরাসরি এমন নয়। আমাদের সৃজনশীল প্রকাশকদের জন্য কোনো উদ্যোগ, উদ্দীপনা এবং প্রণোদনাই তো নেই বলতে গেলে। যা আছে তাও তো কয়েকজনের হাতেই আটকে যায়। আমাদের গোটা দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির জন্য বরাদ্দ কত? নানা ব্যাপার আছে, নানা জায়গায় সমস্যা আছে। একটা সৃজনশীল বই অধিকাংশ ক্ষেত্রে তিন শ কপির বেশি ছাপা যায় না যে রাষ্ট্রে, সেখানে সমস্যাটা শুধু বইমেলায় সীমাবদ্ধ নয়।

এহ্সান: কোনো কোনো প্রকাশক মেলার সময়কাল ১৫ রাখার পক্ষে বলছেন? এতে প্রকাশকদের লাভ বা ক্ষতি কি হতে পারে?

ষড়ৈশ্বর্য: মেলাকে যখন একটা ঐতিহ্যের জায়গা থেকে দেখবেন, তখন সেটাকে একমাসের রাখাই তো সঙ্গত। ফেব্রুয়ারি জুড়েই তো বরাবর মেলা হয়ে আসছে। এখন ১৫ দিন করার পক্ষে যুক্তিটা কী, সেটা দেখতে হবে। হতে পারে যে, আপনি ১৫ দিনের জন্য একুশে বইমেলার আয়োজন করলেন, আবার বছরের অন্য একটা সময়ে আবারও ১৫ দিনের জন্য আলাদা একটা মেলার আয়োজন করলেন, যেটায় সারা বিশ্বের প্রকাশকদের অংশগ্রহণের সুযোগ রাখলেন। ১৫ দিন করার যুক্তি ও সম্ভাবনাটা দেখতে হবে আগে।

এহ্সান: মেলায় বিষয়ভিত্তিক বইয়ের অংশগ্রহণ নিয়ে নানা সময় তর্ক হয়েছে। যেমন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা— এ ধরনের বইয়ের ক্ষেত্রে বাংলা একাডেমি বা প্রকাশক সমিতির কোনো সিদ্ধান্ত পেয়েছেন?

ষড়ৈশ্বর্য: তেমন কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? এসব সিদ্ধান্ত তো বইমেলা শুরুর আগে আগে নেওয়া হয়, কিংবা বইমেলা কাছাকাছি সময়ে এসে ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বই নিয়ে বোধকরি কেউ কোনো নেতিবাচক সিদ্ধান্ত দেবে না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা তো কোনো দল বা শাসকগোষ্ঠীর একক সম্পত্তি নয়। সেটির একক অধিকার কাউকে দিয়ে দেওয়ার পক্ষে থাকাটা বুদ্ধিমানের এবং বিবেচকের কাজ নয়।

এহ্সান: যেহেতু মেলার সময় মাস দেড়েক এগিয়ে আনা হয়েছে, ফলে আপনাদের পরিকল্পিত সব পাণ্ডুলিপিই বই হয়ে বেরুনোর সুযোগ পাবে?

ষড়ৈশ্বর্য: বইমেলা এগিয়ে আনার কারণে শুধু আমাদের উজান প্রকাশনের নয়, সব প্রকাশনারই তো কিছু অসুবিধা হবে। অনেক পাণ্ডুলিপিই বই আকারে আসবে না। বিশেষ করে যেসব প্রকাশক ও লেখকরা বইমেলাকে কেন্দ্র করে মূলত বই প্রকাশ করেন এবং তেমন প্রস্তুতি নেন, তাদের জন্য তো সমস্যা হবেই। 

এহ্সান: অনেক প্রকাশক বলছেন, গতবার মেলায় অংশগ্রহণের খরচটুকু তুলতেই পারেননি। এবারের মেলা নিয়ে আপনার আশা কেমন?

ষড়ৈশ্বর্য: আমার তো মনে হয়, গতবারের চেয়েও এবারের বইমেলা আরো খারাপ হবে। সামগ্রিক কারণেই তা খারাপ হতে পারে। যদি তা না হয়, তবে সেটা হবে মিরাকল। অবশ্য সরকার চাইলে সারা দেশকে বইমেলামুখী করার নানা প্রচেষ্টা ও প্রচার দিয়ে সেই মিরাকলকে বাস্তবতাও করে তুলতে পারে। তা করার মতো মনোভাব এবং কারণ তৈরি হয়েছে বলে মনে হয় না।