পরাবাস্তব কবিতা : আঁদ্রে ব্রেতোঁ ও জীবনানন্দ হয়ে মান্নান সৈয়দ
বাংলাদেশের কবিতায় পরাবাস্তবতা বা অবচেতন মনের কল্পনার সফল ও একক রূপকার কবি আবদুল মান্নান সৈয়দ। বাস্তবতার নিয়মকানুন ভেঙে ফেলে এক নতুন দৃশ্যপট তৈরি করে তাঁর পরাবাস্তব কবিতায় সাধারণ বস্তুকে অতি-বাস্তব ও রহস্যময় মনে হয়।
পরাবাস্তববাদী কবিতা হলো এক প্রকার লিখন-শৈলী, যা যুক্তিকে পাশ কাটাতে স্বপ্নবৎ ও অযৌক্তিক চিত্রকল্প ব্যবহার করে। এর সূচনা হয়েছিল ১৯২০-এর দশকে প্যারিসে। স্যুরলিয়স্টিক কবিরা জেগেও স্বপ্ন দেখেন। ঘুমের মধ্যে স্বপ্নলোকে চলে যান। ফ্রয়েডীয় মনস্তত্ত্বের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। real and unreal, meditation and action মিশে একাকার হয়ে যায়। যা যুক্তিগ্রাহ্যও নয় আবার বিশ্বাসযোগ্যও নয়। অথচ মনকে দুর্নিবার আকর্ষণ করে টেনে নেয়। স্বপ্ন স্বপ্নের সঙ্গে মিশে যায়। এ অবস্থাকে পরাবাস্তব বা সুররিয়ালিস্ট বলে। কল্পনায় যখন সীমা ছেড়ে যায় তখন জন্ম হয় পরাবাস্তব চিত্রকল্পের। অবচেতন মনের কল্পনা থেকেই সৃষ্টি হয় পরাবাস্তব চিত্রকল্প। পরাবাস্তবতা অবচেতনের প্রতীকী ভাষা।
ফরাসি কবি আঁদ্রে ব্রেতোঁ পরাবাস্তবকে বিশ্বকবিতায় পরিচয় ঘটিয়ে জনপ্রিয় করে তোলেন। এটি করতে তিনি শিল্প আন্দোলন হিসাবে দাঁড় করান। ১৯২৫ সালে 'ম্যানিফেস্ত দ্যু সুররিয়ালিজম' ইশতেহার প্রকাশ ও প্রচার করেন। পরাবাস্তবতার সঙ্গে রোমান্টিকতার অনেক মিল রয়েছে। ১৯৬৩ সালের জুন মাসে লন্ডনে আন্তর্জাতিক পরাবাস্তবতার প্রদর্শনীর চিত্রতালিকার ভূমিকায় লেখা হলো, সাধারণ অর্থে পরাবাস্তব শিল্প রোমান্টিক নীতির অন্য নাম। পরবর্তীতে পরাবাস্তব আন্দোলন দুর্বল হয়ে যায় সাহিত্যিক ও শিল্পীদের নিস্ক্রিয়তায়। তারপরেও এ আন্দোলনের প্রভাব চলতে থাকে। আঁদ্রে ব্রেতোঁ তাঁর বিখ্যাত কবিতা ‘ফ্রি ইউনিয়ন’-এ ভালোবাসার তীব্রতা বোঝাতে প্রাণবন্ত ও অবাস্তবধর্মী প্রাণী ও প্রকৃতির চিত্রকল্প ব্যবহার করা হয়েছে। পল এলুয়ার স্বপ্নবৎ, কোমল এবং অত্যন্ত দৃশ্যমান বা চিত্রধর্মী কবিতার জন্য তিনি পরিচিত। ফেদেরিকো গার্সিয়া লোরকা তাঁর অন্ধকারাচ্ছন্ন ও অস্বস্তিকর অবাস্তববাদী রচনার জন্য বিখ্যাত; যেমন- ‘ডন’ ( Dawn ) কবিতায় প্রলয়ঙ্করী বা মহাপ্রলয়-সদৃশ চমকপ্রদ চিত্রকল্পের ব্যবহার দেখা যায়। গিয়োম আপোলিন্যার পরাবাস্তব বা ‘অবাস্তববাদী’ পরিভাষাটি প্রবর্তনের কৃতিত্ব তাঁর। পরাবাস্তব কবিতার ক্ষেত্রে আঁদ্রে ব্রেতেঁর কেন্দ্রীয় কিংবা প্রধান চরিত্র। আঁদ্রে ব্রেতোঁ (১৮৯৬-১৯৬৬) ১৯২৪ সালে পরাবাস্তববাদের প্রথম ইশতেহার প্রকাশ করেন এবং তখন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন এই আন্দোলনের প্রধান সংগঠক ও তাত্ত্বিক। ১৯৩৫ সালে তিনি কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং এরপর মেক্সিকোতে দিয়েগো রিভেরা ও লিওন ত্রোৎস্কির সাথে সাক্ষাৎ করেন; পরবর্তীতে নিউ ইয়র্কে গিয়ে মার্সেল দুশঁ, মাক্স আর্নস্ট ও ডেভিড হেয়ারের সাথে মিলে ‘ভিভিভি’ ( VVV ) নামক পত্রিকা প্রতিষ্ঠা করেন। তিনি কবিতা ও গদ্যের বহু সংকলন প্রকাশ করেছেন। অদ্ভূত সব চিত্র এঁকেছেন কবিতায়। ব্রেতোঁর পাথরের মোরগগুলো স্ফটিকে পরিণত হয় ( The stone cocks turn to crystal ), বালু ফসফরাস-দীপ্ত ঘড়ি ছাড়া আর কিছু নয় ( The sand is no more than a phosphorescent clock ), ইত্যাদির মতো অবাস্তবতার উপাদান কবিতাকে আরও মুক্ত করে কল্পনার ডানাকে মেলে দিতে পেরেছেন। বিস্মৃত এক নারীর বাহুবন্ধনেই তিনি আশ্রয় খুঁজেছেন ( Through the arms of a forgotten woman / No shelter revolving in the fields )। ব্রেতোঁর ফ্রি ইউনিয়ন পরাবাস্তবতার অন্যতম উদাহরণ; যেখানে প্রিয়তমার বিভিন্ন স্বরূপ আবিষ্কার করার চেষ্টা করেছেন। ‘ফ্রি ইউনিয়ন’ কবির প্রিয়তমা, যার চুল যেন কাঠ-পোড়ানো আগুনের শিখা-যার ভাবনাগুলো যেন গুমোট গরমের বিদ্যুৎ-ঝলক-যার স্তন যেন রুবি গলানোর পাত্রের মতো-শিশির-ভেজা গোলাপের প্রেতচ্ছায়ার মতো তার স্তন-যার নিতম্ব বেলেপাথর ও অ্যাসবেস্টসের গড়া-যার চোখ সাভানা-প্রান্তর-সদৃশ-যার চোখ জল, বাতাস, মাটি ও আগুনের মতো ইত্যাদির মতো অদ্ভূত ও বিচিত্র চিত্র এঁকেছেন।
My wife with the hair of a wood fire
With the thoughts of heat lightning
With the waist of an hourglass
With the waist of an otter in the teeth of a tiger
My wife with her rosette mouth and a bouquet of stars of the last magnitude
With the teeth of tracks of white mice on the white earth
With the tongue of rubbed amber and glass
...My wife with eyes full of tears
With eyes of purple panoply and of a magnetic needle
My wife with savanna eyes
My wife with eyes of water to be drunk in prison
My wife with eyes of wood always under the axe
My wife with eyes of water-level air-level earth and fire
পল এলুয়ার (১৮৯-১৯৫২) ফরাসি ‘ডাডা’ ( Dada) আন্দোলনের কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীকালে পরাবাস্তববাদী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল দ্য লা দুলর (Capitale de la douleur), লা রোজ পাবলিক ( La Rose publique ), লে জিউ ফের্তিল (Les Yeux fertiles ) এবং কর্প মেমোরাবল ( Corps mémorable )। পল এলুয়ারের প্রিয়তমা সে দাঁড়িয়ে থাকে তাঁর চোখের পাতায় অথবা প্রিয়তমার চুল মিশে থাকে এলুয়ারের চুলে। আকাশের পটভূমিতে কোনো পাথরের মতো প্রিয়তমা তাঁর ছায়ায় বিলীন হয়ে যায়, সূর্যকে বাষ্পীভূত করে দেয় কবির স্বপ্ন :
She is standing on my lids
And her hair is in mine
She is the form of my hands
And the color of my eyes,
She is swallowed in my shadow
Like a stone against the sky
(Ladz Love / Paul Éluard)
অক্টাভিও পাজ-এর মতো অনেক মেক্সিকান, ল্যাটিন এবং আদিবাসী কবি পরাবাস্তববাদকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। মেক্সিকোর এই কবি ও কূটনীতিক কৈশোরেই তাঁর প্রথম কবিতাগুলো প্রকাশ করেছিলেন। অন্যান্য পরাবাস্তববাদী কবির মতোই, পাজ এই আন্দোলনকে সমাজ-সমালোচনা ও পরিবর্তনের পক্ষে কথা বলার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর অন্যতম বিখ্যাত কবিতা ‘বিটুইন দ্য স্টোন অ্যান্ড দ্য ফ্লাওয়ার’ ( Between the Stone and the Flower )-এ মেক্সিকোর শ্রমজীবী মানুষ এবং ভূস্বামীদের হাতে তাদের শোষণের বিষয়টি তুলে ধরা হয়েছিল। পাজ ১৯৯০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ‘দ্য কালেক্টেড পোয়েমস অফ অক্টাভিও পাজ’ গ্রন্থটি তাঁর সমগ্র কাব্যকর্মের এক বিস্তৃত ও সামগ্রিক চিত্র তুলে ধরে। বেঞ্জামিন পেরে আরেকজন গুরুত্বপূর্ণ পরাবাস্তববাদী। তাঁর লেখার কয়েকটি সংকলন পাওয়া যায়, যার মধ্যে দ্য বিগ গেম ( The Big Game ) অন্যতম। আ মেনাঞ্জারি ইন রিভল্ট সংকলনটিতে গল্প, কবিতা ও প্রবন্ধ রয়েছে এবং পেরে-র সামগ্রিক সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এটি একটি ভালো সূচনা হতে পারে। জয়েস মানসুর আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরাবাস্তববাদী কবি। তাঁর কবিতা ও লেখার একটি চমৎকার দ্বিভাষিক সংকলন-এসেনশিয়াল পোয়েমস অ্যান্ড রাইটিংস-পাওয়া যায়। এমে সেজেয়ার-এর নোটবুক অফ আ রিটার্ন টু দ্য নেটিভ ল্যান্ড একটি ধ্রুপদী দীর্ঘ পরাবাস্তববাদী কবিতা। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফরাসি-ভাষী আফ্রিকান বুদ্ধিজীবী ও আফ্রিকান জাতীয়তাবাদীদের মধ্যে সেজেয়ারের ব্যাপক প্রভাব ছিল। অক্টাভিও পাজ মেক্সিকান সাহিত্যের অন্যতম দিকপাল এবং তিনি পরাবাস্তববাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যা তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। স্প্যানিস কবি গার্সিয়া লোরকার কবিতায় নিউইয়র্কে পায়রাদের ‘পচা জলে’ জলকেলি করতে দেখা কিংবা শিকল আর কোলাহলের নিচে চাপা পড়ে যায় আলো :
Dawn in New York has
four columns of mire
and a hurricane of black pigeons
splashing in the putrid waters.
... The light is buried under chains and noises
in the impudent challenge of rootless science.
And crowds stagger sleeplessly through the boroughs
as if they had just escaped a shipwreck of blood.
(Dawn / Federico García Lorca)
বাংলা কবিতায় তিরিশের দশকে এ আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায়। বিষ্ণু দের কিছু কবিতায় পরাবাস্তবতার উপাদান রয়েছে। জীবনানন্দ দাশের পথ ধরে কাব্যসাহিত্যে প্রথম ব্যাপকভাবে পরাবাস্তব অনুষঙ্গের কবিতা লেখেন শামসুর রাহমান। তাঁর আগে আহসান হাবীব, সৈয়দ আলী আহসান চেষ্টা করেছেন। তাদের সে উদ্যোগ চেষ্টার পর্যায়েই ছিল। তবে জীবনানন্দকে আলোকবর্তিকা হিসেবে এবং পরে প্রভাবমুক্ত হয়ে বিস্তৃত পরিসরে শামসুর রাহমান কবিতায় পরাবাস্তব উপাদানের কবিতা লেখেন। তাঁর এ উদ্যোগ যথেষ্ট সফল। পরবর্তীতে আব্দুল মান্নান সৈয়দ এ ধারার সফল প্রয়োগ করেন। বাংলাকাব্যে প্রথম খাঁটি স্যুররিয়লিস্ট কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। কোনো-কোনো কবিতায় অবচেতন মনে কথা বলেছেন তিনি। তাঁর কবিতায় ‘হিরের প্রদীপ জ্বেলে শেফালিকা বোস হাসে’, অথবা ‘স্বপ্নের ভিতরে হরিণেরা খেলা করে’। ‘শিকার’ কবিতায় স্যুয়ালিস্টিকের রঙে আকাশের রঙ হয় ঘাসফড়িঙের মতো। পরাবাস্তবতার উপাদান রয়েছে এমন কবিতা নাবিক, হাঁস, মহিলা, গোধূলি সন্ধির নৃত্য (সাতটি তারার তিমির), রাত্রি এবং জয়জয়ন্তীর সূর্য, সময়ের তীরে, (বেলা অবেলা কালবেলা), শিকার, হরিণেরা, নগ্ননির্জন হাত, বেড়াল, (বনলতা সেন), নিরালোক, পরিচায়ক, শ্রাবণ রাত, শব, স্বপ্ন, আজকের এক মুহূর্ত, (মহাপৃথিবী) কবিতায়। অন্যান্য কিছু কিছু কবিতায় হালকাভাবে এ বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
(১) ‘যে ঘোড়ায় চড়ে আমি অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাবো’ (আজকের এক
মুহূর্ত/মহাপৃথিবী)
(২) ‘সারাদিন একটা বেড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয় :
গাছের ছায়ায় রোদের ভিতরে,
বাদামি পাতার ভিড়ে :’
(বেড়াল, বনলতা সেন)
(৩) ‘লাল নীল মাছ মেঘ-সম্নান নীল জ্যোৎস্নার আলো
এইখানে; এইখানে মৃণালিনী ঘোষালের শব
ভাসিতেছে চিরদিন; নীল, লাল রূপালি নীরব।’
(শব, মহাপৃথিবী)
(৪) ‘এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে।
একটি মোটরকার গাড়লের মতো গেল কেশে।
... নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো’
(রাত্রি, বেলা অবেলা কালবেলা)
আব্দুল মান্নান সৈয়দের প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭)। প্রথম গ্রন্থেই সৈয়দের শিল্প ও কাব্যভাবনায় শৈল্পিকতা লক্ষ করা যায়। এখান থেকেই তাঁর স্বপ্নময় ফ্যান্টাসির জগতে ভ্রমণ। মানে পরাবাস্তব কবিতার শুরু। এরপরে জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা (১৯৬৯), সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪), পরাবাস্তব কবিতা (১৯৮২), কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২), মাছ সিরিজ (১৯৮৪) প্রভৃতি কাব্যের বিভিন্ন কবিতায় চলমান থাকে। জন্মান্ধ কবিতাগুচ্ছ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে পরাবাস্তব শিল্পের বিকাশ ঘটেছে। জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসায় কাব্যগন্থেও পরাবাস্তব বিকশিত হয়েছে। কবিতা কী তাই এখনো ঠিক করতে পারেনি। কুয়াশায় মোড়ানো একটি বিষয় হচ্ছে কবিতা। পরাবাস্তব কবিতা তো আরো কুয়াশার চাদরে মোড়ানো বিষয়াদি লুকিয়ে থাকে। মান্নান সৈয়দের কল্পময় ভ্রমণে স্বপ্নের ব্যাকরণ প্রকাশ ঘটিয়েছেন। তাঁর চেতনায় রাত্রি, পুলিশ, বাড়ি, দোকান, ভৌতিক আবহের রাত্রি কিংবা এমন অনুষঙ্গ, ভূত ইত্যাদি ঘুরে ফিরে এসেছে। তাঁর কবিতা মূলত উপমা, প্রতীক, রূপক ও চিত্রপ্রধান। প্রায়ই এসেছে রাত্রি কিংবা ভৌতিক আবহের অনুষঙ্গ। কিছু উদাহরণ :
(১) ‘আমি ভূতের মতো উল্টা-পায়ে পুরোনো এই বাড়িতে উঠছি, নামছি, চাবিহীন হাসছি-কতোদিন আমি কাঁদিনি, মনে হলো: আমার একটি মাত্র কান্নার ফোঁর উপর বিবাঁ একটি জাহাজ দাঁড়িয়ে আছে, নোঙর নেমে গেছে মাটি ভেদ করে পাতালের দিকে, মাল্লারা দড়িদড়া ছুঁড়ে দিচ্ছে চারদিক থেকে’ [পাগলা এই রাত্রিরা]
(২) ‘জ্যোৎস্না কী?-না, জ্যোৎস্না হয় জল্লাদের ডিমের মতো চুলহীন জলবায়ুহীন মুন্ডু, জোড়া-জোড়া চোখ, সাতটি আঙুরের একমুষ্টি হাত, রক্তকবরীর অন্ধকার, একগুচ্ছ ভুল শিয়ালের সদ্যোমৃত যুবতীকে ঘিরে জ্বলজ্বলে চিৎকার’ (জ্যোৎস্না)
(৩) ‘এই সন্ধ্যে, মৌমাছির মতো ব্যস্ত শহর, যেন কোনো মহাকাব্য জ্যান্ত হয়ে উঠেছে: জানালার পাহাড় হয়ে উঠেছে আমার শরীর, শরীরের মধ্যে সন্ধ্যের দোকান--কী ভীড়ের চাপ! পশ্চিম সীমা টেনে দিলে তুমি, সন্ধ্যে পড়েছে, তবু আমাদের বাড়ির বাইরে তেতো রাত, আমাদের বাড়ির বাইরে সেতুর ব্যান্ডেজ করা রাত, মেয়ে-মানুষ রাত, পশ্চিমে, ছাড়া পেয়ে ডাকাত নেমে পড়ল ঘোড়ার ক্লিপক্লাপ ভিজে মাঠে, লেনে-বাইলেনে’ (সমস্ত ভাসান দিলাম সমস্ত উড়াল/কবিতা সমগ্র, ২০০২))
(৪) ‘কালো দড়ির ভিতরকার ফেটে পড়া হাসির মতো সরোবর থেকে লাল-লীল-সবুজ মাছ তাকে জেনো আমার যৌবন-কাঁচের ভিতরে জলে আঁশ ঝেড়ে ফেলে জ্বলতে-জ্বলতে চলে যায় তৎপর মাছের ঝাঁক’ (জীবন আমার বোন)
'চুলহীন জলবায়ুহীন মুন্ডু', 'জল্লাদের ডিম' বস্তুর লজিকহীন জ্যোৎস্নার আবহ কবিতায় নতুন ও পরাবাস্তবতার ধারণার জন্ম দেয়। তিনি পৃথিবীকে পরাপৃথিবী, গ্রামকে পরাগ্রাম কিংবা শহরকে পরানগর রূপান্তর করতে সক্ষম হয়েছেন। এসব পরানগরে তিনটি স্তনের মেয়েমানুষ, বিভিন্ন রকমের রাত্রি কিংবা জ্যোৎস্না, 'সবুজ মশাল জ্বেলে নিসর্গ খেলছে তলোয়ার (দুপুরবেলার প্রকল্পনা), ফেরেশতা, নক্ষত্র, বেশ্যা, ঘোড়া ইত্যাদি ভৌতিক ও অচেনা চেতনার বসবাস। ষাটের দশকের শহীদ কাদরী কিংবা রফিক আজাদসহ অন্যান্য কবির কবিতায় নাগরিক চিত্র ফুটে উঠেছে। মান্নানের কবিতায় নাগরিক জীবনের ক্ষয়িষ্ণু অংশ জোরালো হয়েছে। তাঁর কবিতায় নাগরিক বীভৎসতার চিত্রও আছে। যেমন :
‘কী চড়া বাজার! আমাদের পাশের লোকটির সত্যি-সত্যি গলা কেটে নিল চীনে প্লেটের উপর এক গাঢ় দোকানদার। এরকম প্রমাণ আমি কখনো দেখিনি। তারপর করল কি?-না, তার কাটা-মুণ্ডু ঝুলিয়ে দিল দোকানের উইন্ডোর নিচে বিজ্ঞাপনে টপটপ’ (সমস্ত ভাসান দিলাম সমস্ত উড়াল)
মান্নান সৈয়দের কবিতায় আছে রঙের বহুবর্ণিল বিচ্চুরণ। মনের বিভিন্ন রঙ দিয়ে ভ্রমণ করেছেন কবিতায়। তুলির আঁচড়ে নির্মাণ করেছেন বাংলা কবিতায় নতুন কিন্তু বৃহত্তর এক জগৎ। সে জগতের এখন পর্যন্ত বড় অংশের মালিক তিনি। বলছি, পরাবাস্তবতার কথা। কবিতার তাঁর রূপ-বর্ণ ও তার রূপান্তর হয়েছে গভীর ও সুক্ষ্ণ চিন্তাচেতনার। আবার ধুসর বিবর্ণতায়ও ধরা দিয়েছে মান্নানের কবিতায়। নিস্তব্ধতার মধ্যে ভৌতিক আবহের জগৎ। প্রচলিত রঙকে ভেঙেচুরে অধিক উজ্জ্বল করেছে শৈল্পিক সত্তাগুলোকে। পরাবাস্তবতায় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভট, কাল্পনিক, ভৌতিক আবহ নিয়েই সৃষ্টি হয়েছে বৃহত্তর পরাবাস্তব জগৎ। বাংলা কবিতায় এখনো তিনি অগ্রগামী পথিক। সম্পূর্ণ সম্পর্কহীন বস্তুকে পাশাপাশি ( Juxtaposition ) রেখে চমকপ্রদ ও স্বপ্নবৎ রূপক সৃষ্টি করা পরাবাস্তব কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য। ‘পাঁচটি উজ্জ্বল মাছ’ কবিতায় পরাবাস্তবতার তীব্র উপাদান দেখতে পাই। পাঁচটি মাছ ঝরনা থেকে নেমে চারটি পৃথক নদীতে এবং অন্যটি অভিসারে গেছে। তারপর সমুদ্রে একাকী চলছে। অবাস্তবতার এমন পরিচিত্র মান্নান সৈয়দের অনেক কবিতা জুড়েই রয়েছে।
‘পাঁচটি উজ্জ্বল মাছ ঝর্না থেকে নেমে এসেছিলো।
এখন, রহস্যময় জলে, খেলা করে অবিরল।
পদ্মায় গিয়েছে একটি-মেঘনায়-যমুনায়-সুরমায়-
আর-একটি গোপন ইচ্ছায়। পাঁচটি উজ্জ্বল মাছ
ঝর্না থেকে নেমে এসে সাঁতরে চলে বিভিন্ন নদীতে।
পাঁচটি উজ্জ্বল মাছ জলের রহস্য ভেদ কর
এখন একাকী এক শব্দহীন সমুদ্রে চলেছে’
কোনো কাহিনিকে খন্ডিত করে প্রকাশ পরাবাস্তব কবিতার অন্যতম বৈষিষ্ট্য। ফলে কবিতার মূলবক্তব্য বা প্রেক্ষাপট সম্পর্কে পাঠক কুয়াশায় থাকেন কিংবা বিভ্রান্ত হতে পারেন। অনেক সময় এ কবিতার কোনো সুদৃঢ় কেন্দ্রীয় আখ্যান থাকে না। কবিতার অগ্রগমন ঘটে অনুষঙ্গ বা স্বগতোক্তির ( monologue ) ধাঁচে। মান্নান সৈয়দের কবিতা পড়লে এ ধারণার ভিত্তি সুদৃঢ় হবে।
‘দেখছি ঘাসের মেজে ছিন্ন, লাল মুণ্ডু নিয়ে খেলে বিনা পায়ে, বিনা অপব্যয়ে: সূূর্য টেনে নিয়ে যাচ্ছে কালো রেলগাড়ি...’ (রাত্রিপাত-আবদুল মান্নান সৈয়দ)
পরাবাস্তবতার জগতে প্রবেশ করাটা এক ধরনের মুক্তি দেয়। কবিতার নিয়মকানুন আর বাস্তব জীবনের নিয়মকানুন এক নয়। পরাবাস্তব কবিতায় আমরা অন্য কোনো জগতে, মহাশূন্যে ভেসে বেড়াই। আমরা তখন কবির মনোজগতে, কোনো অজানায় কিংবা ইথারের মতো কোনো অতীন্দ্রিয় স্থানে অবস্থান করি। অথবা হয়তো আমরা ঘরের ভেতরেই আছি, কিন্তু চারপাশের হিসাব-নিকাশ বা যুক্তিগুলো যেন আর মিলছে না। যুক্তিতর্ক, আইন, সমাজ কিংবা রসায়ন-পদার্থবিজ্ঞানের নেক নিয়মকানুন মানুষের জীবনের প্রতিষ্ঠা দিতে পারে, অনেককিছুকেই সীমাবদ্ধ করতে পারে, কিন্তু কবিতা দিয়ে কোনোকিছুই সীমাবদ্ধ করা সম্ভব নয়। কবিতায় কল্পনাকে মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলতে দিতে হয়। পরাবাস্তবতা কবিতার ক্ষেত্রে এ স্বাধীনতা অনেক বেশি, মনে হয় কলপনার বাইরেও। ভূত কালো, রহস্যময় ও অশরীরী। কিন্তু মান্নান সৈয়দের কবিতায় ভূত জ্যোৎস্নার মতো :
‘জ্যোৎস্না ভূতের মতো দাঁড়িয়ে আছে দরোজায়, সব দরোজায়, আমার চারদিকে যতগুলি দরোজা আছে সময়ের নীলিমার পাতালের; জ্বলছে গাছ সকল সবুজ মশাল; বাস একটি নক্ষত্র, পুলিশ একটি নক্ষত্র, দোকান একটি নক্ষত্র; আর সমস্তের উপর বরফ পড়ছে’ (অশোককানন)
কিংবা
‘চাঁদের মুখে ঐ ধুলো ছুড়ে মারল পৃথিবী; আর আকাশের র্ব্রিজ ঝনঝনা তুলে ফের স্থির হয়ে যায় নক্ষত্রের ঢেউয়ের উপর; কেবলি নির্দেশ দিচ্ছে তারা চোখ পিটপিট করে; ‘দুপুর নিবিয়ে, ফুল মেখে নাও কৈশোরবেলায়।’ (জীবন আমার বোন)
পরিচিত বিষয়ের সাথে অদ্ভুত বা উদ্ভট বিষয়ের সংমিশ্রণ করে কবিতা লিখেছেন মান্নান সৈয়দ। পরাবাস্তব পটভূমির অনেক কবিতাই গদ্য-কবিতা হয়ে থাকে। পরাবাস্তব উপাদানের মাধ্যমে প্রচলিত আখ্যানকে ওলটপালট করে দেওয়ার জন্য এই শৈলীটি অত্যন্ত মানানসই। তিন স্তন যুক্ত মেয়েমানুষ (গাধা ও আমি), জ্যোৎস্না ভূতের মতো দাঁড়িয়ে আছে দরোজায় (অশোককানন), আস্তাবলে বাঁধা তিনটি স্তনের এক মাতাল রূপসী, সিংহের খাঁচায় বসে আমি গল্প লিখছি মনে-মনে, ঘোড়ামানুষের জন্ম দিচ্ছে, নোঙর নেমে গেছে মাটি ভেদ করে পাতালের দিকে, খটখটে মাটির ভিতর উনিশ বছর আমি ছিপ ফেলে বসে আছি আত্মার সন্ধানে, (পাগল এই রাত্রিরা) ইত্যাদির মতো অবাস্তব চিত্রকল্প একঁকেছেন।
‘এই রাত্রিরা বেথেলহেম-কে ব্রথেলে পরিণত করে, করুণ কবাটের মতো ঝোলানো বাড়ির দেয়াল থেকে লুটিয়ে থাকে যেন বর্ম কিংবা বিরুদ্ধ পদ্ধতি হাওয়ার-রুপালি চাবির অভাবে। এই রাত্রিরা সেই লাল আলোর ভালো যা তোমাকে প্রশস্ত স্ট্রিট থেকে নিয়ে যাবে কঙ্কালের সরু-সরু পথে, অনাব্য স্ত্রীর মতো কেবলি অন্যদিকে;-যখন জানালায় ছিন্নপত্র ঝরে অবিচ্ছিন্ন, লোকালোক পুড়ে যায় বরফে। ...সিংহের খাঁচায় বসে আমি গল্প লিখছি মনে-মনে। শোনো-এই-যে পুরোনো একটা বাড়ি যেখানে অনেককাল মানুষ বাস করে না, আমরা কয়েক ঘণ্টার খাদ্য, এই বারান্দা এই চৌকাঠ এই মেঘ : সমস্ত এই বাড়িটাকে ইচ্ছে ছিল বদল করব আমার শরীরের সঙ্গে, এখন যেখানে গোধূলি আসন্ন বিশ্বাস তথা কৃষ্ণগোলাপ। দ্যাখো-আস্তাবলে বাঁধা তিনটি স্তনের এক মাতাল রূপসী এমন এক ঘোড়ামানুষের জন্ম দিচ্ছে, ... খটখটে মাটির ভিতর উনিশ বছর আমি ছিপ ফেলে বসে আছি আত্মার সন্ধানে।...আমার প্রতিভা সেই শয়তান, যিনি আমার কাঁধ থেকে আলগা করে ফেললেন হাড়, খুবলে নিলেন চোখ, তারপর নগ্ন করে ছেড়ে দিলেন পুরোনো এই বাড়িতে, যেখানে আমার মধ্য থেকে ডাক দিল মৃত সব নিরিন্দ্রিয় কবি; অথচ কী সাধারণ আমি, মুখে যা-ই বলি আমি জানি আমি কী; প্রতিভা, বেয়াড়া মেয়েমানুষের মতো, আমাকে টান করে ধরে পুরোনো এই বাড়ি অসংখ্যবার ঘুরিয়ে চলেছেন কেবলি, দ্যাখো, আমি তাঁর ক্রীতদাস : জীবন, আমার বোন, কেন আমার চাবি আমার বোনের ভিতর প্রতিশ্রুত হতে পারবে না?’ (মধ্যে মধ্যে চরণ সংক্ষেপিত/ পাগল এই রাত্রিরা)
ইম্প্রেশনিস্ট কবির প্রধান কাজ হলো আলো ও ছায়া তৈরী করা। আব্দুল মান্নান সৈয়দ কবিতায় আলো-আধাঁরীর খেলা খেলেছেন। তিনি তিন স্তনের মেয়ে মানুষ কল্পনা করেছেন।
‘দুপাশে তোমরা কাতার বানিয়ে দাঁড়িয়ে থাকো, চোখের মণিকে জিভ ফলিয়ে চাখো মজা, বাজাও আমিষাশী করতালি, আমার দিকে তাকিয়ে যে-আমি একটা মাছির মতো অসহায়, যে আমাকে তিনটি স্তনের একজন মেয়েমানুষ তাড়িয়ে নিয়ে যাচ্ছে সমুর্দ্র অবধি, যেখানে একটি মাত্র গাছে সমস্ত ফল ঝোলে আত্মহত্যা ভেবে। জনৈক বৃদ্ধ বৃৃক্ষ শাদা এবড়োখেবড়ো ডালপালার দাঁত বের করে খুুব পরিস্কার হাসছে, দ্যাখো।’ (গাধা ও আমি)
পরাবাস্তববাদীদের কাছে ‘কবিতা’র ধারণাটি অত্যন্ত ব্যাপক ও নমনীয়। তাদের কাছে কবিতা সর্বপ্রধান বিষয়, এর পরিধি কেবল পদ্য বা ছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গদ্য-কবিতা, এমনকি দৃশ্যকলা ও সঙ্গীতও এর অন্তর্ভুক্ত। মান্নান সৈয়দ আমাদের স্বাভাবিক চিন্তা পদ্ধতিকে ভেঙেচুরে নির্মাণ করেছেন অতিকাল্পনিক চিত্রকল্প। পাকিস্তান আমলে রাজনৈতিক পরিবেশ ছিল ঘোলাটে ও বিশৃৃঙ্খলাময়। এসব আবহ মান্নান সৈয়দের চিন্তাকে তীক্ষ্ণ করেছে, করেছে অতি প্রাকৃতিক। বাংলাদেশের কবিতায় পরাবাস্তবতা বা অবচেতন মনের কল্পনার সফল ও একক রূপকার কবি আবদুল মান্নান সৈয়দ। বাস্তবতার নিয়মকানুন ভেঙে ফেলে এক নতুন দৃশ্যপট তৈরি করে তাঁর পরাবাস্তব কবিতায় সাধারণ বস্তুকে অতি-বাস্তব ও রহস্যময় মনে হয়। ষাটের দশকের কবি মান্নান সৈয়দ শুধু পরাবাস্তবতার কবিতা সৃষ্টি ও বিকাশের জন্যই পেয়েছেন অনন্য সম্মান ও ভিন্নমাত্রা।
