২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকুতাগাওয়া সম্পর্কে হোর্হে লুইস বোর্হেস

আকুতাগাওয়ার লেখায় প্রাচ্য ও পাশ্চাত্যের উপকরণ আলাদা করে শনাক্ত করা একরকম অসম্ভব; যাহোক এই দুই প্রপঞ্চ কিন্তু পুরোপুরি বিপরীতমুখী নয়, কারণ প্রাচ্যে উদ্ভব খ্রিষ্টধর্ম কী বিপুল্ভাবেই না পাশ্চাত্যকে প্রভাবিত করেছে। তা সত্বেও, আমি বিপদ জেনেও বলবো যে আকুতাগাওয়ার বিষয়বস্তু এবং ভাবাবেগ প্রাচ্য দেশীয়, কিন্তু তাঁর শৈলী অনেকটাই ইউরোপীয়।

খালিকুজ্জামান ইলিয়াস

Published : 24 Aug 2025, 01:00 AM

Updated : 26 Aug 2026, 01:38 PM

বোর্হেস বিদেশি সাহিত্য প্রচুর অনুবাদ যেমন করেছেন, তেমনি অসংখ্য বিদেশি বইয়ের ভূমিকাও লিখেছেন। প্রাচ্যের সাহিত্যের প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। জাপানের সাহিত্যের প্রতি তো ছিলই। আশির দশকে তিনি জাপান ভ্রমণও করেছেন। তবে এই লেখাটি তাঁর জাপান ভ্রমণের আগে, অর্থাৎ ১৯৫৯ সালে লিখিত হয়েছিল। পরে এটি এন্ড্রু হার্লির অনুবাদে ইংরেজিতে প্রকাশিত হয়। অনুবাদক ও প্রাবন্ধিক খালিকুজ্জামান ইলিয়াস বোর্হেসের জন্মদিন উপলক্ষ্যে এই প্রথম বিডি আর্টসের পাঠকদের জন্য ইংরেজি থেকে বাংলায় তর্জমা করলেন। --বি. স

একটা পিরামিডের উচ্চতা মাপতে থ্যালিস এর ছায়ার মাপ নিয়েছিলেন; পাইথাগোরাস আর প্লেটো পুনর্জন্মবাদ শিখিয়েছেন; সত্তুর জন অনুবাদক ফারোস দ্বীপে বিচ্ছিন্নভাবে বসে সত্তুর দিনে বাইবেলের প্রথম পাঁচটি কান্ড হুবহু একইরকম অনুবাদ করলেন; তাঁর জরজিক Georgic)-এর ২য় খন্ডে ভার্জিল চীনাদের সূক্ষ্ম সূচিকর্মের নৈপুণ্য নিয়ে অনেক কিছুই ভাবলেন; আবার, অতীতে বুয়েনোস আইরেসের উপকন্ঠে ঘোড়সওয়াররা পার্সিয়ানদের সঙ্গে পোলো প্রতিযোগিতায়ও পাল্লা দিত। সত্য কি মিথ্যা, এইসব গল্প (এর সঙ্গে যোগ করা যায় এল্ডার এড্ডার ক্যাণ্টোগুলিতে এট্টিলার উপস্থিতি), তো এইসবই আমাদের জটিল ও সেক্যুলার পদ্ধতির পরবর্তী ধাপগুলিকে নির্দেশ করে যা এখনও বিদ্যমান; যেমন, প্রাচ্যকে প্রতীচ্যের আবিস্কার করা। বলা যেতে পারে এই একই পদ্ধতিতে এর বিপরীতটিও রয়েছে, অর্থাৎ প্রতীচ্যকে প্রাচ্যের আবিস্কার। এই অন্য দিকটায় রয়েছে গেরুয়া বসনের ভিক্ষুরা যাদের একজন বৌদ্ধ সম্রাট পাঠিয়েছিলেন আলেকজান্দ্রিয়ায়, রয়েছে ইসলাম কর্তৃক খ্রিস্টান স্পেনের বিজয়, এবং আছে আকুতাগাওয়ার চিত্তাকর্ষক, কখনো আবার ভয়ঙ্কর, সব বই।

    আকুতাগাওয়ার লেখায় প্রাচ্য ও পাশ্চাত্যের উপকরণ আলাদা করে শনাক্ত করা একরকম অসম্ভব; যাহোক এই দুই প্রপঞ্চ কিন্তু পুরোপুরি বিপরীতমুখী নয়, কারণ প্রাচ্যে উদ্ভব খ্রিষ্টধর্ম কী বিপুল্ভাবেই না পাশ্চাত্যকে প্রভাবিত করেছে। তা সত্বেও, আমি বিপদ জেনেও বলবো যে আকুতাগাওয়ার বিষয়বস্তু এবং ভাবাবেগ প্রাচ্য দেশীয়, কিন্তু তাঁর শৈলী অনেকটাই ইউরোপীয়। এভাবে “কেসা ও মারিতো” এবং “রাসোমন” গল্পে আমরা একটি গল্পেরই একাধিক স্বর শুনতে পাই, এবং তা একাধিক নায়কের মাধ্যমে প্রকাশিত হয়। একই কৌশল নিয়েছিলেন ব্রাউনিং তাঁর The Ring of the Book কাব্যগ্রন্থে। অন্যদিকে দুঃখকষ্টে এক ধরনের সংযম, চাক্ষুষের প্রতি এক রকম পক্ষপাতিত্ব, এক প্রকার হাল্কা অভিঘাত, আমার কাছে মনে হয়েছে, বিশেষত অনুবাদের কিছু অবধারিত দুর্বলতা সত্ত্বেও মনে হয়েছে যে সেগুলো বিশেষভাবেই জাপানি। তাঁর লেখায় রয়েছে বর্ণাঢ্য বাড়াবাড়ি আর সন্ত্রাস, কিন্তু তাঁর শৈলীতে এসব নেই; শৈলী তাঁর সবসময়ই একেবারে স্ফটিকস্বচ্ছ।

    আকুতাগাওয়া ইংরেজি, ফরাসি ও জার্মান সাহিত্য পড়েছেন। তাঁর পিএইচ ডি থিসিস ছিল উইলিয়াম মরিসের ওপর; তিনি যে শোপেনহাওয়ার পড়েছেন, ইয়েটস, বোদলেয়ারও ভালমতো পড়েছেন তা নিশ্চিত করেই বলা যায়। তাঁর নিজের দেশের ঐতিহ্য ও কিংবদন্তি নিয়ে লেখা গল্পগুলোর মনস্তাত্ত্বিক পর্যালোচনা তাঁর একটি গুরুত্বপূর্ণ কাজ।

    থ্যাকারে বলেছিলেন যে সুইফটকে নিয়ে ভাবতে গেলে ভাবতে হয় বিশাল এক সাম্রাজ্যেরই পতন নিয়ে। একই ধরনের অবক্ষয় আর বেদনার ব্যাপার ঘটেছে আকুতাগাওয়ার শেষ দিকের লেখায়। Kappa উপন্যাসে লেখক মানুষকে তাঁর-যে পরিচিত কল্পকাহিনির মাধ্যমে চাবুক মারার কৌশল, তা প্রয়োগ করেন কল্পিত এক অসম্ভব প্রজাতি সৃষ্টির মাধ্যমে। এ ব্যাপারে সম্ভবত তিনি সুইফটের ইয়াহু প্রজাতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন; কিংবা আনাতোল ফ্রাঁসের পেঙ্গুইনদের দ্বারা; কিংবা বুদ্ধের রূপক কাহিনিতে পাথরের বাঁদর যেমন এক আজব দেশ পার হয়, সে রকম কিছু দ্বারা। গল্পের মাঝামাঝি যেতেই আকুতাগাওয়া ব্যাঙ্গাত্মক সাহিত্যিক ঐতিহ্যের নিয়মকানুন ভুলে যান: কাপ্পারা যে ছোটো ছোটো এক একটা জল-চুন্নি তাতে কিছু এসে যায় না, তারা মানুষের মতো মার্ক্স, ডারউইন কিংবা নীটশে সম্পর্কে বাতচিত করে। সাহিত্যিক প্রথা মানলে বলতে হয় তাঁর এই বিস্মৃতি দোষের। বস্তুত, গল্পের শেষ কটি পাতা অবর্ণনীয় বিষন্নতায় ভরা। ব্যাপারটা আমরা এ ভাবে মানতে পারি যে লেখকের কল্পনায় তখন সব কিছু ধ্বসে পড়েছে, এমনকি তাঁর শিল্পের স্বপ্নসাধগুলিও। এর কিছু পরই আকুতাগাওয়া আত্মহত্যা করেন। এই শেষ কটি পাতার লেখকের জন্য কাপ্পাদের জগত আর মানুষের জগত, দৈনন্দিন জগত আর শিল্পকলার জগত সমানভাবে নিষ্ফল, অনিত্য আর অস্থির।

    তাঁর মনের প্রদোষকালের আরো স্পষ্ট দলিল হলো তাঁর লেখা ছোট উপন্যাস Cogwheel. স্ট্রিন্ডবারগের ইনফারনোয় যেমন লেখক শেষদিকে সশরীরে এসে হাজীর হন, সে রকম এই গল্পও একটা নির্মম আত্মজীবনী, একটা সুশৃঙ্খল ডায়েরি, ক্রমান্বয়ে চিত্ত বিভ্রমকারী পদ্ধতির এক দিনপঞ্জী। বলতে পারেন দুই সংস্কৃতির মিলনে তো বিয়োগান্ত ব্যাপার ঘটেই থাকে। ১৮৬৮ সালে যে শক্তিগুলো সক্রিয় হয়েছিল তার ভিত্তিতেই জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়—রাশিয়াকে পরাজিত করে এবং ইংল্যান্ড আর তৃতীয় রাইখের সঙ্গে সমঝোতা করে। এই প্রায়-অলৌকিক পুনর্জন্মের ফলে হয়তো ধরেই নেয়া হয়েছিল দুঃখের এক হৃদয় বিদারক আধ্যাত্মিক সংকট সৃষ্টি হবে। হয়েওছিলো, এবং এই পরিবর্তনেরই একাধারে শিকার ও শিল্পী হলেন আকুতাগাওয়া। ১৯২৭ এর ২৪শে জুলাই তিনি স্বেচ্ছামৃত্যু বেছে নেন।