২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিখ্যাত লেখকদের অদ্ভুত সব অভ্যাস

আগাথা ক্রিস্টি তার হাতের কাছে সবসময় নোটবুক রাখতেন যাতে করে তার মাথায় কোনো কাহিনী আসা মাত্রই তিনি তা লিখে ফেলতে পারেন।

নীলিমা রশীদ তৌহিদা নীলিমা রশীদ তৌহিদা

Published : 10 Feb 2025, 12:51 AM

Updated : 26 Aug 2026, 11:47 AM

নিজের প্রিয় লেখকের বই পড়তে পড়তে কখনো কি মনে হয় যে তিনি কিভাবে লিখতেন? কেমন ছিল তার লেখালেখির রুটিন? রাইটার্স ব্লকে পড়লে কি করতেন তিনি?

প্রতিটি মানুষ আলাদা, সবদিক থেকেই। লেখকরাও এর বাইরে নয়। লেখালেখির প্রসঙ্গ উঠলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, লেখকের একটা নিজস্ব জগত আছে; আছে লেখার নিজস্ব ধরন ও বিচিত্র সব অভ্যাস। পোষা প্রাণীর শরীর থেকে মাছি খোঁজা থেকে শুরু করে উলটো হয়ে ঝুলে থাকা—এমন বিচিত্র সব অভ্যাস আমরা দেখতে পাই অনেক জনপ্রিয় ও পাঠকনন্দিত লেখকদের মধ্যে। নিজেদের সৃজনশীলতা ও লেখার সময় মনোযোগ ধরে রাখতে কিংবা বৃদ্ধি করতে লেখকরা শরণাপন্ন হয়েছেন নানারকম উদ্ভট, অদ্ভুত ও বিচিত্র সব অভ্যাসের। কেউ কেউ মেনে চলেছেন একদম বাঁধা-ধরা সময় ও নিয়ম।

ড্যান ব্রাউন: সবার প্রথমে বলা যাক দ্য ভিঞ্চি কোড-এর রচয়িতা ড্যান ব্রাউনের কথা। স্বনামধন্য এই লেখক নিজের ভাবনাকে পরিস্কার করতে ও সাজাতে এক জোড়া গ্রাভিটি বুট পরে এক্সারসাইজ ফ্রেম থেকে উলটো হয়ে ঝুলে থাকেন। ২০১৩ সালে দ্য সানডে টাইমসকে তিনি জানিয়েছেন যে এ পদ্ধতিটি তাকে তার ভাবনাদেরকে সুপরিকল্পিত করতে বা অপ্রয়োজনীয় ভাবনা ঝেড়ে ফেলতে সাহায্য করে। তিনি বলেন, ‘’এটা আসলেই সাহায্য করে। আপনাকে একদম শিথিল হতে হবে এবং অন্য সবকিছু ভুলে যেতে হবে। আপনি যত বেশি এটা করবেন, ততই সবকিছু ছাড়তে পারবেন। তারপরে একসময় হঠাৎই মনে হবে, বাহ!’’

এছাড়াও তিনি তার লেখার টেবিলে একটি বালিঘড়ি রাখতেন। প্রতি ঘন্টায়, তিনি পাণ্ডুলিপি এক পাশে সরিয়ে রেখে কিছু পুশ-আপ, সিট-আপস ও স্ট্রেচিং করতেন।  

মায়া অ্যাঞ্জেলো: বিখ্যাত লেখক, কবি ও নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক মায়া অ্যাঞ্জেলো নিজের বাড়িতে বসে খুব একটা লিখতেন না। বরং, কাছাকাছি একটি হোটেলে রুম ভাড়া নিতেন, কর্মচারীদের বলতেন দেয়াল থেকে সব ছবি ও সাজসজ্জা সরিয়ে ফেলতে। তারপর সকাল ৬:৩০ থেকে দুপুর পর্যন্ত বিছানায় বসে লিখতেন। ১৯৯০ সালে The Paris Review-কে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি যে শহরেই থেকেছেন, সেখানেই একটা হোটেল রুম রেখেছেন। হোটেলের কর্মচারীদের তিনি কখনোই বিছানার চাদর বদলাতে দিতেন না কারণ তিনি সেখানে ঘুমাতেন না। দুপুর ১২.৩০ বা ১.৩০ পর্যন্ত লিখতেন এবং তারপরে বাড়ি ফিরে গিয়ে স্বস্তির নিশ্বাস নেওয়ার চেষ্টা করতেন।

সিডোনি-গ্যাব্রিয়েল কোলেট: কোলেট ছিলেন একাধারে একজন লেখক, কবি, স্মৃতিকথাকার, নারীবাদী প্রতীক ও সাংবাদিক। পাশাপাশি তিনি একজন পশুপ্রেমীও ছিলেন। লেখালেখির প্রসঙ্গ উঠলে তার সবচেয়ে অদ্ভুত অভ্যাসটির কথা বলা যায়—লেখা শুরুর আগে তিনি তার প্রিয় পোষ্য বুলডগের শরীর থেকে ধীরে ধীরে মাছি খুঁজে বের করতেন।

ভার্জিনিয়া উলফ: বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিকতাবাদী লেখক ভার্জিনিয়া উলফ অনেকগুলো বছর কোনো সাধারণ ডেস্কে বসে লিখতেন না। তার লেখার টেবিলটি ছিল উচু এবং তিনি দাঁড়িয়ে লিখতেন। টেবিলটি এমনভাবে ছিল যেখানে লিখলে তিনি নিজের লেখাকে একজন চিত্রশিল্পীর মতো কখনো দূর থেকে আবার কখনো কাছ থেকে দেখতে পেতেন। বলা হয়ে থাকে, ভার্জিনিয়া তার চিত্রশিল্পী বোনের দেখাদেখি এরকম করে লিখতেন। তার বোন ক্যানভাস কখনো দূর থেকে আবার কখনো কাছ থেকে দেখার জন্য স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করতেন।

হারুকি মুরাকামি: লেখার জন্য মুরাকামির সময়সুচী  খুবই বাঁধা-ধরা। তিনি ভোর ৪ টায় ঘুম থেকে ওঠেন এবং তারপরে ৫-৬ ঘন্টা লিখেন। বিকেলের দিকে তিনি ১০ কিমি দৌড়ান কিংবা ১৫০০ মিটার সাঁতার কাটেন(কখনো দুটোই করেন।) এরপরে তিনি বই পড়েন কিংবা গান শোনেন এবং রাত ৯ টার দিকে ঘুমোতে যান। সাধারণত তার লেখালেখির এ নিয়ম ও সময়ের ক্ষেত্রে তেমন কোনো ভিন্নতা দেখা যায় না এবং এ সময়সূচীটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি এভাবে কাজ করে নিজেকে সম্মোহনের একটা অবস্থায় নিয়ে আসেন যেখানে তিনি গভীরভাবে মনোনিবেশ করতে পারেন।

এবং তিনি তার লেখালেখি ও দৌড়ানোকে খুব আলাদাভাবে দেখেন না। কারণ তিনি মনে করেন এরকম একটা বাঁধা-ধরা নিয়ম মেনে চলতে হলে শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। তাই লেখালেখি ও দৌড়ানো তার জন্য একে অপরের পরিপূরক।

জোয়ান ডিডিয়ন: The Paris Reviewকে দেওয়া একটি সাক্ষাৎকারে জোয়ান ডিডিয়ন তার লেখার সময়সূচী ও নিয়মগুলো সম্পর্কে বলেছিলেন। তিনি বলেন, যখন তিনি কোনো কাজ করেন তখন কোথাও যেতে বা কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে পছন্দ করেন না কারণ তাহলে তিনি সেই সময়টি হারিয়ে ফেলবেন। এবং তিনি তার লেখালেখির অভ্যাস নিয়ে খুবই আশ্চর্যজনক একটি কথা বলেন যে তার বইয়ের কাজ যখন একদম শেষের দিকে তখন বইটা যে ঘরে থাকে, তিনি সে ঘরেই ঘুমান। ঠিক এ কারণেই তিনি বইয়ের কাজ শেষ করতে স্যাক্রামেন্টোতে তার বাড়িতে যান। তিনি মনে করেন তিনি যখন বইটির পাশে ঘুমান তখন কিভাবে যেন বইটা তাকে ছেড়ে যায় না। স্যাক্রামেন্টোতে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না যে তিনি সামনে এলো কি এলো না। সেখানে সে ঘুম থেকে ওঠামাত্রই লেখা শুরু করতে পারেন।

আর্নেস্ট হেমিংওয়ে: হেমিংওয়ে একজন নোবেল-বিজয়ী সাহিত্যিক। মার্কিন এই লেখক তার উপন্যাস ও ছোটগল্পের জন্য পাঠকনন্দিত। লেখালেখির সময় হিসেবে তিনি সকালকে প্রাধান্য দিতেন। তিনি বলেন, ‘’যখন আমি কোনো গল্প বা বই নিয়ে কাজ করি তখন আমি প্রতিদিন সকালের প্রথম আলোতে যত দ্রুত সম্ভব লেখার চেষ্টা করি।‘’ এর কারণ হিসেবে তিনি The Paris Review কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন যে, ‘’তখন আপনাকে বিরক্ত করার মতো কেউ থাকে না; সময়টা ঠান্ডা বা শীতল থাকে এবং আপনি আপনার কাজ শুরু করেন এবং লিখতে লিখতে প্রাণবন্ত হয়ে ওঠেন।‘’

সুসান সন্টাগ: বর্তমানে লেখার জন্য কম্পিউটার বা ল্যাপটপ আছে; আগে ছিল টাইপরাইটার। এই দুই যন্ত্র থাকার পরেও অনেকে হাতে লিখতে পছন্দ করতেন বা করেন। অনেকেই আছে যারা হাতে লিখতে হতো বলেই যে হাতে লিখতো তা নয়; তারা হাতে লিখতো কারণ এটাই তাদের পছন্দ ছিল। তেমনই একজন লেখক হলেন সুসান সন্টাগ। তিনি ফেল্ট-টিপ কলম (কখনো কখনো পেনসিল) দিয়ে হলুদ বা সাদা লিগ্যাল প্যাডে লিখতেন। তিনি হাতে লেখার যে ধীরগতি সেটা পছন্দ করতেন। এ কারণে তিনি আগে হাতে লিখে পরে টাইপ টাইপ করতেন।

জোডি পি-কো: লেখকদের লেখালেখির নিয়মের পাশাপাশি যদি রাইটার্স ব্লকের কথা বলি, তাহলে আমরা জানি যে অনেক লেখকই এই সমস্যায় পড়েছেন। দেখা যেতো কোনো কারণে তারা লিখতে পারছেন কিংবা মাথায় কাহিনী নিয়ে বসে আছেন কিন্তু তা কলমে আনতে পারছেন না। একটা সময়ে এ অবস্থা কেটে যেত এবং তারা আবার লেখা শুরু করতেন। রাইটার্স ব্লক কাটানোর জন্য একেক লেখক একেক পন্থা অবলম্বন করতেন। তবে এমন লেখকও ছিল যারা ‘রাইটার্স ব্লক’ বিষয়টিতেই বিশ্বাস করতেন না। তেমনই একজন লেখক হলেন জোডি পি-কো। তিনি মনে করেন হাতে যখন লেখার জন্য অনেক সময় থাকে তখনই রাইটার্স ব্লক শুরু হয়। তার মতে, লেখার জন্য যদি হাতে অনেক সময় থাকে তো একজনের উচিত লিখতে বসা; হ্যাঁ, এটা সত্য যে সবদিন ভালো লেখা হবে না, তবে একটা খারাপ লেখা সম্পাদনা করা যায়, কিন্তু একটা ফাঁকা পৃষ্ঠা তো আর সম্পাদনা করা যায় না।

আগাথা ক্রিস্টি: একজন লেখকের জন্য তার লেখালেখির সময়, নিয়ম বা অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সেসব সময়সুচী ও অভ্যাস যতোই বাঁধা-ধরা বা বিচিত্র মনে হোক না কেন, তার জন্য সেটা ঠিক ততোটাই কিংবা তার চেয়ে আরও অনেক বেশি সঠিক। আগাথা ক্রিস্টি তার হাতের কাছে সবসময় নোটবুক রাখতেন যাতে করে তার মাথায় কোনো কাহিনী আসা মাত্রই তিনি তা লিখে ফেলতে পারেন। হয়তোবা একই সাথে আধা ডজন নোটবুক ব্যবহারের কারণেই তিনি এতো চমৎকার সব গোয়েন্দা গল্প ও উপন্যাস রচনা করতে পেরেছিলেন। এমনও হতে পারে যে উষ্ণ পানির গোসলের টবে বসে আপেল চিবুতে চিবুতে কল্পনা করা সব গোয়েন্দা কাহিনীই আমরা পেয়েছি তার সৃষ্টি এরকুল পোয়ারো বা মিস মার্পেলের সমাধান করা গোয়েন্দা রহস্যে।