বইমেলায় বইকেনার কলাকৌশল
তারপরের ধাপটি আমার জন্যে আরও কঠিন। চোখ তখন ঘোড়াফেরা করতে শুরু করে বইটির ফ্ল্যাপ আর ভুমিকার ওপর। আমি বিশ্বাস করি লেখকের ভেতরের দুনিয়ার এক সূক্ষ্ম জানালা হলো এই ফ্ল্যাপ আর ভুমিকা। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভুমিকায় পাওয়া যায় গোটা বইটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত তথ্য। তাছাড়া বইটি যদি অনুবাদ হয় তাহলে বইটির কেন আমাদের বাংলা ভাষায় অনূদিত হলো এবং মূল বইটির লেখক সম্পর্কেও নানা রকম তথ্য জানা যায়।
বইমেলা সমাগত। তবে মেলা থেকে বই কেনা কি খুব সহজ? দেখলে মনে হয় সহজ কাজ—কিন্তু বাস্তবে তা মোটেও সহজ নয়। বিশেষ করে বইমেলার ভিড়ে, স্টলের সামনে দাঁড়িয়ে অল্প কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, যেন এক ছোট্ট যুদ্ধ। আমার কাছে যুদ্ধই মনে হয়। ঈগল চোখ সারাক্ষণ ট্যাট্যা করে ঘুরতে থাকে। তারপর হঠাৎ করে কোন একটার দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে যাই।
আমি যখন বইয়ের সামনে দাঁড়াই, প্রথমেই আমার চোখে পড়ে বইটির বিষয়বস্তু। যে বিষয় আমাকে টানে, যা পড়তে আমার ভালো লাগে এমন একটি বিষয় যা বইটির মূল ভাবকে ঘিরে রাখে। যেমন আমি ভালোবাসি উপন্যাস, গল্প,কবিতা, অনুবাদ, ভীনদেশি সাহিত্য। আবার ইতিহাসের অন্ধকার গলিতেও হাঁটতে পছন্দ করি আমি। ভালোবাসি প্রবন্ধ। তারপর আছে বিষয় বৈচিত্রও। একেবারেই গতবাঁধা নিয়মের বাইরে গিয়ে অনেকেই নতুন তথ্য দিয়ে বই লিখেন। সে বইগুলো সন্দেহাতীতভাবে আমাকে টানবে। তেমন বই সামনে এলে আমি ছুঁতে বাধ্য। বিষয় বৈচিত্র নির্ধারণ হয় কীভাবে? অবশ্যই বইয়ের শিরোনাম দেখে। বইয়ের একটি যুতসই নাম থাকা খুব জরুরী। এমন একটি নাম যেটি নান্দনিক আবার একই সঙ্গে পাঠককের মনে ঘোর তৈরি করে দেয়। ভুলে গেলে চলবে না একজন লেখক যেমন একজন শিল্পী, পাঠকও সেই শিল্পরসে মুখিয়ে থাকা আরেক ক্ষুধার্ত সত্তা। সেকারণে আমার কাছে বইয়ের নাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন কিছু নান্দনিক বইয়ের নাম এখানে উদাহরণ হিসেবে তুলে ধরছি। শংকরের ‘কত অজানারে’, ‘চরণ ছুঁয়ে যাই’, শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজন’, সতীনাথ ভাদুড়ীর ‘ঢোঁড়াই চরিত মানস’, ‘জাগরী’, হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সময়’। আবার তপন রায় চৌধুরীর দুটো বইয়ের নাম দেখুন। ‘বাঙালনামা’, এবং ‘রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা’ ‘The Desert and the sea: 977 days captive on the Somalia Pirate Coast by Michael Scott Moore. এমন প্রচুর গ্রন্থের নাম করা যাবে। নামগুলো দেখে একজন পাঠক যে বইটি হাতে তুলে নিবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। মোট কথা হলো বইয়ের নামও যে বই কেনার জন্যে বিশাল একটি ভুমিকা রাখতে পারে সে খবর একজন লেখকের অবশ্যই জানা থাকা উচিত। আর লেখক যদি এই বিষয়টাকে কোন পাত্তা বা গুরুত্বই না দেন তখন পাঠক হিসেবে তাঁর প্রতি করুণা করা ছাড়া আর কী কারার থাকতে পারে?
তারপর বইয়ের প্রচ্ছদে খুঁজি প্রিয় লেখকের নাম। আমার প্রিয় কোন লেখক হলে তো কথাই নেই। প্রিয় লেখক আর জনপ্রিয় নামকরা লেখক কিন্তু ভিন্ন দুটো বিষয়। অনেক জনপ্রিয় লেখক আছেন যাঁরা জনপ্রিয়তার জন্যেই লিখে চলেছেন। তাঁদের লেখা পড়লেই সেই সহজ সত্যটি ভেসে উঠে। আবার লক্ষ্য করবেন এমন কিছু লেখক আছেন যাঁরা লেখালেখিটা করেন অন্তরের প্রেম থেকে, লেখকসত্তার দ্বারা উজ্জীবিত হয়ে। আমি তাঁদেরকেই সত্যিকারের প্রিয় লেখক মনে করি। এই লেখককুল জনপ্রিয়তার জন্যে লেখেন না। পাঠক বরং এই শ্রেণির লেখকদের বই হাতে পেয়ে উপকৃত হন, নানাভাবে সমৃদ্ধ হয়ে ওঠেন। আবার কিছু লেখক আছেন যাঁরা অনুবাদ সাহিত্যে হাত পাকিয়েছেন। অনেকেই মূল ভাষা থেকে অনুবাদ করছেন। যদিও মূল ভাষাটি হয়তো জানি না কিন্তু অনুবাদে ভাষার সারল্যের কারণে বইটি পড়তে ইচ্ছে করে। আবার দেখা যায় কিছু কিছু লেখক আছেন যাঁদের সচরাচর দেখা যায় না। গরু মরলে যেমন ঠিক সময়ে শকুন আকাশ থেকে মাটিতে নেমে আসে ঠিক তেমনই এই লেখকরা বইমেলার আগে আগে আকাশ থেকে মাটিতে নেমে আসেন। তাঁদের কেউ কেউ সারা বছর লাগিয়ে অসাধারণ ভালো কিছু লিখেন এবং বৎসরে বইমেলার সময় সেটি পাঠকের মুখের সামনে ঠেলে দিয়ে আবার কোথায় যেন উধাও হয়ে যান। এমন অনেক লেখক আমার বন্ধু তালিকায় আছেন। তাঁদের বই আমি মেলায় গেলেই বোগলদাবা করি। আবার অনেক লেখক আছেন যাঁদের বই পড়ে বড় হয়েছি তাপরও শুধুমাত্র বিষয়-বৈচিত্রের কারণে আবার সেই একই লেখকের বই পড়তে ইচ্ছে করে। যেমন ধরা যাক কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি দেখি কবিগুরুকে নিয়ে এমন একটি বিষয় নিয়ে গ্রন্থ লেখা হয়েছে যা আগে কেউ লিখেন নি । বা লিখলেও সেখানে খুব বেশি আলো ফেলা হয়নি। এমন বই পড়তে কার না ভালো লাগবে?
তারপর চোখ যায় প্রচ্ছদের দিকে। প্রচ্ছদ মানেই যেন বইটির গোপন সৌন্দর্য! বইটি তখন আপনাতেই হাতে চলে আসে। বাংলায় একটা প্রবাদ আছে না, ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী।’ বিষয়টা হলো তাই। বইয়ের ক্ষেত্রেও এই সূত্রটি সমানভাবে প্রযোজ্য। দেখুন, একটি বইয়ের প্রচ্ছদ যদি সুন্দর হয়, প্রাণকাড়া হয় তখন দূর থেকে সেই বইটির ওপর পাঠকের নেক নজর পড়বেই। যেমন আমার পড়ে। বইটির ভেতরে কী আছে সেটা পরের কথা। আগে হাতে তো নিই! তারপর দেখি প্রচ্ছদটা কে করেছেন? আমার প্রিয় কিছু প্রচ্ছদ শিল্পী আছেন। আহা! তাঁদের হাতে প্রচ্ছদ করা মানেই ভাগ্যের ব্যাপার। আবার এর উল্টো চিত্রও কিন্তু চোখে পড়ে। যেমন অনেক নামী দামি শিল্পীর হাত দিয়েও খুব নিম্নমানের প্রচ্ছদ তৈরি হয় আর একেবারেই নবীন কোন শিল্পীর হাত দিয়ে হয়তো তৈরি হয় বইমেলায় প্রকাশিত কোন গ্রন্থের সেরা প্রচ্ছদটি। পাঠক হিসেবে তেমন অভিজ্ঞতাও কিন্তু আমার ঝুলিতে আছে!
প্রচ্ছদের পাট চুকে গেলে পরের ধাপ হলা বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করে দিই। প্রথমেই চোখ চলে যায় মূল্যের কাছে। মূল্য কেবল অর্থ নয়, এটি বইয়ের সম্ভাবনারও সূচক। আমার মতো মধ্যবিত্ত বাঙালির জন্যে বইয়ের মূল্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সবারই একটি বাজেট থাকে। যদি বইটির মূল্য আকাশচুম্বি হয় আর ধরা ছোঁয়ার বাইরে চলে যায় তাহলে সে বই কেনা কঠিন।
তারপরের ধাপটি আমার জন্যে আরও কঠিন। চোখ তখন ঘোড়াফেরা করতে শুরু করে বইটির ফ্ল্যাপ আর ভুমিকার ওপর। আমি বিশ্বাস করি লেখকের ভেতরের দুনিয়ার এক সূক্ষ্ম জানালা হলো এই ফ্ল্যাপ আর ভুমিকা। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভুমিকায় পাওয়া যায় গোটা বইটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত তথ্য। তাছাড়া বইটি যদি অনুবাদ হয় তাহলে বইটির কেন আমাদের বাংলা ভাষায় অনূদিত হলো এবং মূল বইটির লেখক সম্পর্কেও নানা রকম তথ্য জানা যায়। যেমন ধরা যাক একটি বই লেখা হয়েছে সোমালিয়ার জলদস্যূদের অদ্ভত জীবন নিয়ে। ভুমিকা পড়ে জানা গেল জলদস্যূদের অবাক করা জীবনের অজানা একটি চিত্র। লেখক কীভাবে এই জলদস্যূদের নিয়ে লেখায় আগ্র্হী হলেন এবং কীভাবে তিনি নানা রকম তথ্যগুলো সংগ্রহ করে এক মলাটে তুলে আনলেন। এই বিষয়গুলো একজন পাঠক হিসেবে আমার জন্যে অনেক কৌতুহলের এবং পাশাপাশি প্রাসঙ্গিকও মনে হয়।
তারপরের ধাপ আরও গুরুত্বপূর্ণ। তখন আমি ইতোমধ্যে বুঝতে শুরু করেছি বইটি আমাকে কেনার দিকে নিয়ে যাচ্ছে! আমি তখন অনেকটাই হিপনোটাইসড! আবার এ কথাও ভাবছি যে মস্তিষ্ককে ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে। শুরু হয় শেষ পরীক্ষা। বলতে পারেন এটি আমার নীরব পরীক্ষাও। তখন আমি পৃষ্ঠা উল্টাই, এলোমেলোভাবে কিছু বাক্য চোখে ধরি। ভাষা কি ছন্দহীন? বাক্য গঠন কি অগোছালো, নাকি চিন্তাশীল? প্রতিটি শব্দের মধ্যে লুকানো অর্থ, প্রতিটি বাক্যের মূলে থাকা সুর আমি খুঁজি। কখনও এক পৃষ্ঠার মাঝখানে হঠাৎ থমকে যাই—যেন শব্দগুলো আমাকে নিজের ভেতরের একটি কোণার দিকে টেনে নিয়ে যাচ্ছে। দেখি মুদ্রণ বিভ্রাট কতটা হয়েছে। বইটির এক পাতা পড়লেই বোঝা যায় এটি ছাপা হওয়ার আগে পাণ্ডুলিপিটি যথাযথভাবে সম্পাদনা হয়েছিল কিনা, প্রুফ রিডিং হয়েছিল কিনা। ইদানিং অনেক সিরিয়াস লেখকদের বইয়েও দেখি ঠিক এ ধরনের ভুলে ভরা। বিশেষ করে মুদ্রণ ভুল হলে বইটির পড়তে গিয়ে পাঠক হোঁচট খাবেন এটি খুব সাধারণ একটি কথা। আমি খুব আতংকে থাকি। একটা ভালো বিষয়বস্তু নিয়ে তৈরি করা বই মাঠে মারা যেতে পারে শুধুমাত্র বানান আর সম্পাদনার বিভ্রাটের কারণেই। লক্ষ্য করেছি, অনেক প্রকাশক আছেন যারা এত দ্রুত বইটি প্রকাশ করেন যে তাদের না থাকে যথাযথ সম্পাদনা আর না থাকে প্রুফ রিডিং-এর সুযোগ। যার ফল হয় খুব ভয়াবহ। বইয়ের পাতায় এমন চিত্র দেখা দিলে আমি হয়তো বইটি কিনতে আগ্রহ হারিয়ে ফেলি। আস্তে করে স্টলের টেবিলে বইটা রেখে দিই। আমার ধারণা ঠিক এই ধাপে এসে অনেক পাঠক আমার মতো ঠিক এই কাজটিই করেন। আর যদি দেখি বইটি সুসম্পাদিত, মুদ্রণ বিভ্রাট নেই অথবা থাকলেও খুবই সহনীয় পর্যায়ের তখন বইটি বিক্রয়কর্মীর সামনে এগিয়ে দিয়ে বলি, ‘প্লিজ, বিল করে দিবেন? আমি বইটি নিচ্ছি।’
এভাবে যাচাই করে, অনুভব করে, আমি সিদ্ধান্ত নিই—এই বইটি আমার হবে, নাকি হবে না। একটি সিদ্ধান্ত যা শুধুই অর্থের নয়; এটি মন, চেতনা, এবং সাহিত্যিক অনুভূতির মিলিত অভিজ্ঞতার প্রতিফলন। সামনেই বইমেলা! লেখক প্রস্তুত, প্রকাশক প্রস্তুত আর আমরা পাঠকরাও মোটামুটি প্রস্তুত। আপাতত চোখে সকাল সন্ধ্যা সান দিচ্ছি। ঈগল চোখ বানিয়ে বইমেলার মাঠ চষে বেড়াব তেমন প্রত্যাশা নিয়েই দিন গুনছি। আপনার বইকেনা সফল আর শুভ হোক।
