অর্ক দেবের ভাবনার বিস্তার
এই বইটি পড়ে যে কথা না বললেই নয় তা হল অর্কর সঙ্গীত চেতনা।
খুব সম্প্রতি ঋত প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে অর্ক দেবের লেখা ‘যখন যেমন ভাবি’ বইটি। টুকরো টুকরো ভাবনা দিয়ে গড়ে ওঠা এক অনবদ্য সংকলন। বইয়ে সংকলিত ভাবনাগুলি বাস্তবতা বহির্ভূত কোনো বিচ্ছিন্ন অলৌকিক ভাবনা নয়। এ হল এক যাপনের আখ্যান। অর্ক তাঁর লেখায় সময়কে ধরতে চেয়েছেন। তা যে সর্বক্ষণ বর্তমানের হাত ধরে হেঁটে গেছে এমন নয়, বর্তমানের সঙ্গে এক তারে বাঁধা থেকেছে অতীত-ভবিষ্যত। ভাবনাগুলি লেখকের একান্তই নিজস্ব, তবে কোনো কোনো সময় পড়তে গিয়ে চমকে উঠেছি। মনে হয়েছে - “এ ভাবনা তো আমারই…” যা ভেবেছি কিন্তু শব্দ দিয়ে কখনো প্রকাশ করা হয়নি, সেটাই অর্ক অনায়াসে করেছে।
আবার বর্ণিত ভাবনাগুলির প্রসারতা, গভীরতা যখন মোহাবিষ্ট করেছে, সারাক্ষণ ভাবিয়েছে তখন মনে হয়েছে -“ এভাবে কেন ভাবতে পারিনি! অথবা এভাবে কেন ভাবতে শিখিনি!”
‘ভাবনা’ একটি সংস্কৃত শব্দ, যার প্রকৃত অর্থ ‘উৎপাদন করা’ অথবা যা কিছুর অস্তিত্ব নেই, তাকে শব্দ,বর্ণের ছোঁয়া দিয় প্রকাশ করা। আমাদের ভাবনার ক্ষেত্রে পঞ্চ ইন্দ্রিয়ের একটি সক্রিয় ভূমিকা থাকে। যা না থাকলে যথাযথ প্রকাশ একেবারেই অসম্ভব। দুই চোখ মেলে দেখা, কান পেতে শোনা, মস্তিস্কের কোটরে জমিয়ে রাখা স্বাদ এবং গন্ধের স্মৃতি, কিছু না-ভোলা স্পর্শের কথা অর্ক নিঁখুত ভাবে শব্দ দিয়ে প্রকাশ করেছেন। সেই ভাবনার প্রেক্ষিতে উঠে এসেছে কিছু ঘটনা। এসেছে কিছু নাম, উন্মোচিত হয়েছে তাদের চরিত্র অথবা তাদের সঙ্গে জুড়ে থাকা গল্প। অর্কর লেখায় আছে জীবনের কথা। যা শুধুমাত্র নিজের নয়, বৃহত্তর জীবনের…
অথবা এমন জীবনছবি যা আমাদের চোখ এড়িয়ে যায়। যে জীবনের গায়ে আমরা অনায়াসেই ‘নিতান্ত সাধারণে’র তকমা লাগিয়ে দিই। অথচ অর্কর ভাবনা সেই সাধারণকেই করে তোলে ‘অনন্য সাধারণ’। অর্কর চরিত্ররা, তাদের ঘিরে থাকা গল্পরা ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে। তাদের হাত ধরে আমরা পৌঁছে যাই দেশ থেকে দেশান্তরে। ভাবনারা আমাদের নিয়ে গিয়ে দাঁড় করায় সেই চরিত্রদের মুখোমুখি। তাদের চিনতে শিখি। মিলিয়ে নিই চেনা মানুষদের সঙ্গে। কিছু অচেনাকে নতুন করে জানি। এই বইটি পড়ে যে কথা না বললেই নয় তা হল অর্কর সঙ্গীত চেতনা। লেখাগুলোর সঙ্গে অদ্ভুত ভাবে জুড়ে আছে সুর-লয়-ছন্দ। আছে ছুঁয়ে যাওয়া গান, ঘুমিয়ে থাকা আকাঙ্ক্ষা। আছেন রবীন্দ্রনাথ, যাঁকে ছাড়া বাঙালীর ভাবনা অসম্পূর্ণ থেকে যায়…
যদি কেউ জিজ্ঞাসা করেন ভাবনা আদতে কী? এই সকারণ অথবা অকারণ ভাবনা আমাদের কী দেয় ? কীই বা হত এই ভাবনারা না থাকলে? আসলে ভাবনা হল মনের ভিতর চলতে থাকা এক ক্রমাগত প্রক্রিয়া। নিজের সঙ্গে নিজে অনর্গল কথা বলে যাওয়া। অর্কর সেই কথারা এখন বই-বন্দী। আমাদের মাথার ভিতর ক্রমাগত পাক খেতে থাকা ভাবনারা সদর্থক হতে পারে, নঞর্থক হতে পারে অথবা হতে পারে একেবারেই অহেতুক কিন্তু সেই বিজাতীয় ভাবনার মন্থনে উঠে আসে এক বিশুদ্ধ চেতনা। যা ভাবনার দান। যেটি না থাকলে সৃষ্টি শব্দটি অর্থহীন হয়ে পড়ত। আমরা কেউই ভাবনা ছাড়া থাকতে পারি না। কিন্তু তেমন করে ভাবতে গেলে একটি বুদ্ধিদীপ্ত নিবিষ্ট মন লাগে। যা অর্কর আছে, আর তাই এই সাহিত্য সৃষ্টি সম্ভব হয়েছে।
অর্কর বর্ণিত ভাবনাগুলি অকপট। কোথাও কোনো আড়াল অথবা লুকোছাপা নেই। তবে সে কারণে যে রহস্যের ঘাটতি হয়েছে এমন নয়। বরং আমাদের চিরচেনা জীবনটা কতখানি রহস্যময় অথবা অলৌকিকতায় পরিপূর্ণ পড়তে গিয়ে তার আভাস পাই। এ ছাড়াও না পাওয়া অথবা পাওয়ার তীব্র আকুলতা নিয়েও জন্ম হয়েছে কিছু ভাবনার। কিছু ভাবনার সঙ্গে জুড়ে আছে প্রত্যক্ষ রাজনীতি। রাজনৈতিক আদর্শ, পরিকাঠামো অথবা পরিস্থিতি কীভাবে একটি সাধারণ জীবনে ছাপ রেখে যায় অর্ক সে কথা লিখেছেন। সেই সঙ্গে আছে মন কেমন আর হারিয়ে ফেলার কথা। আছে এক দূর্দমনীয় খোঁজ। যে খোঁজ না থাকলে জীবনটাকে সাদা খাতার মতো মনে হয়।
অর্কর ভাবনারা দেশ অথবা কালের গন্ডীতে বাঁধা নয়। তার ফলে পড়তে পড়তে আমাদের সামনে উন্মোচিত হয়েছে এক অচেনা জগত। কখনো তা অতিবাস্তব কখনো পরাবাস্তবের মোড়কে ঢাকা। পড়ার পর আবেশ থাকে বহুক্ষণ…
এই বইটির পিছনে প্রচুর পড়াশোনা আছে তা পড়তে গেলেই বোঝা যায়। বইয়ে অন্তর্ভুক্ত লেখাগুলির সঙ্গে আমার পরিচয় ঘটে বছর দেড়েক আগে। ‘ইন্সক্রিপ্ট’ আন্তর্জাল পত্রিকায় লেখাগুলি ধারাবাহিক ভাবে প্রকাশিত হত। কলামটির নাম ছিল বেশ আকর্ষনীয়, ‘উল্টোপাল্টা ঘুড়ির মাঞ্জা’- অর্কর এই লেখা ওকে নতুন করে চিনতে শেখায়। প্রত্যেক সপ্তাহে একটি নতুন ভাবনার প্রকাশ। অপেক্ষায় থাকতাম। পড়ে চমৎকৃত হতাম। মনে হয়েছিল এই লেখাগুলি থেকে যাওয়া জরুরী। ‘যখন যেমন ভাবি’ বইটি প্রকাশের খবরে খুব আনন্দ পেয়েছিলাম। হাতে পেয়ে আবার নতুন করে পড়তে গিয়ে দেখলাম এই লেখায় সময় থাবা বসাতে পারবে না। এ লেখা চিরকালীন। আগে যতখানি ভালো লেগেছে নতুন করে পড়তে তার থেকেও বেশি ভালো লাগছে। পরিমার্জন, আংশিক পরিবর্ধন লেখাগুলিকে অন্য মাত্র দিয়েছে। বইটি পড়ে নতুন কিছু ভাবনার কথা পেলাম, পুরনো কিছু লেখার অনুপস্থিতও টের পেলাম। তবে মলাট বন্দী হয়ে যা পেলাম তা হয়তো থেকে যাবে, বহুকাল…
অর্কর লেখা গদ্য নির্মেদ, ঝরঝরে ফলে পড়তে শুরু করলে থামতে পারা কঠিন। যাঁরা পড়তে ভালোবাসেন তাঁরা এই বইটি পড়লে ভাবনার রসদ পাবেন। মনের ভিতর জেগে ওঠা অজস্র প্রশ্নের উত্তর যেমন পাবেন তেমনই পড়তে পড়তে জন্ম হবে অসংখ্য প্রশ্নের, অসংখ্য ভাবনার। আসলে এইভাবেই তো আমারা ভাবনার অনুশীলন করে থাকি। বইটি পাঠ করে আনন্দ পেয়েছি, নতুন করে ভাবতে শিখেছি। আশা রাখি বইটি পাঠক প্রিয় হবে…
