২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিইয়্যের্মো আররেওলা: শিল্পের জাদুকর

জাদুটা এই কারণেও যে এই চিত্রশিল্পী একই সাথে একজন লেখকও, আর তাই প্রত্যেকটা চিত্রকর্মেই গল্পহীন এক গল্পের উপস্থিতি রয়েছে।

গিইয়্যের্মো আররেওলা: শিল্পের জাদুকর

আলোকচিত্র:

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 08 Jul 2023, 10:28 PM

Updated : 08 Jul 2023, 10:28 PM

গিইয়্যের্মো আররেওলা মূলত চিত্রশিল্পী ও কথাসাহিত্যিক। জন্ম বাহা কালিফোর্নিয়ার তিহুয়ানা শহরে ১৯৬৯ সালে। ২০ বছর যাবৎ তিনি চিত্রকর্মের সাথে জড়িত। তার চিত্রকর্ম মূলত বিমূর্ত ও অবয়বধর্মী। দেশে ও দেশের বাইরে এ পর্যন্ত তার ৩০টির বেশি একক চিত্রপ্রদর্শনী হয়েছে। মেহিকো শহরের মিউজিয়ামে ২০১৫ সালে Sursum Corda o la última canción শীর্ষক প্রদর্শনী এবং ২০১৩ সালে বাহা ক্যালিফোর্নিয়ার তিহুয়ানায় CECUT-এ El olvido que me diste. Una retrospectiva শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।

কবি পুরা লোপেস কোলোমে-এর সাথে আররেওলার রচিত Via Corporis বইটি প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে মেহিকোর অভিজাত প্রকাশনী Fondo de Cultura Económica থেকে।

 তিনি একাধিক উপন্যাস ও গল্পগ্রন্থের লেখক। তার আলোচিত উপন্যাস La venganza de los pájaros (Fondo de Cultura Económica, 2006) এবং বহুল আলোচিত গল্পগ্রন্থ Traición a domicilio (Joaquín Mortiz, 2013)।

Nexos, Revista de la Universidad, Tierra Adentro, El poeta y sus trabajos, Milenio, El Universal এবং  Contrarréplica সহ মেহিকোর প্রথম সারির শিল্প ও সাহিত্যের পত্রিকাগুলোয় নিয়মিত লিখে আসছেন। তার গল্প মেহিকো থেকে প্রকাশিত শ্রেষ্ঠ গল্পগ্রন্থের সংকলন Los mejores cuentos mexicanos (Joaquín Mortiz, 2003), Líneas de Fuga (E1 Ediciones, 2020), El Lejano Oriente en la poesía mexicana (UNAM-UAS, 2022)-এ অন্তর্ভুক্ত হয়েছে।

দেশে বিদেশে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন।

অনূদিত প্রবন্ধটি গিইয়্যের্মোর La reina no es শীর্ষক ২০২১ অনুষ্ঠিত প্রদর্শনী উপলক্ষ্যে লিখেছিলেন মার্কিন লেখক জেনিফার ক্লেমেন্ট। জেনিফারের জন্ম কানেকটিকাট-এ। বর্তমানে তিনি পেন(PEN) ইন্টারন্যাশনাল-এর এমেরিটাস সভাপতি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে: Widow Basquiat, A true story Based on lies, Prayers for the Stolen এবং Gun Love. তার গ্রন্থ ইতিমধ্যে ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। গিইয়্যের্মোকে নিয়ে জেনিফার-এর লেখাটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। বি. স.

Image

চিত্রকর্ম:

আররেওলার শিল্পপ্রদর্শনীতে প্রথমবার যাওয়ার কথাটা আমার সবসময়ই মনে পড়বে। বেশ কয়েক বছরই তার শিল্পকর্ম সবার কাছ থেকে আড়ালে রাখার কারণে ওই প্রদর্শনীটা ছিল একটা বিশেষ ঘটনা এবং সে কারণেই ওটা আক্ষরিক অর্থেই ছিল গোপনীয়তার এক উন্মোচন। শিল্পকর্মগুলো ছিল অদ্ভুত রকমের সুন্দর এবং সঙ্গে সঙ্গেই এক জাদুকরের স্পর্শের অনুভূতি এনে দেয়। আমি লক্ষ্য করেছি, তার ক্যানভাসে আমি এমন এক শিল্পীকে দেখতে পেয়েছি যিনি পেছনে রেখে যাওয়ার চেষ্টা করছেন যন্ত্রনা, নিরন্তর এক যন্ত্রনা যা সাধারণ এবং প্রথানুগ।

জাদুটা এই কারণেও যে এই চিত্রশিল্পী একই সাথে একজন লেখকও, আর তাই প্রত্যেকটা চিত্রকর্মেই গল্পহীন এক গল্পের উপস্থিতি রয়েছে। প্রতিটি কাজের শিরোনামেই একটা আবেদন লক্ষ্য করা যাবে, যেহেতু শিল্পী জানেন যে আপনি যে-নামই দিন না কেন তা গুরুত্বপূর্ণ। যদিও এই শিল্পকর্মকে আখ্যানধর্মী চিত্রকর্ম হিসেবে কখনোই গুলিয়ে ফেলা যাবে না। লেখক আররেওলা The Unusual Apparition of Antigone in Veracruz শীর্ষক একটা অসাধারণ শিরোনাম যেমন আমাদেরকে দিতে পারেন, তেমনি কেবল চিত্রশিল্পী আররেওলাই আমাদেরকে ওই শিল্পকর্মের দ্রষ্টা এবং প্রেমিক করে তুলতে পারেন যা আমরা কখনোই দেখিনি। (এই আন্তিগোনে আমাকে মনে করিয়ে দেয় ফ্রান্সিস বেকন-এর শিল্পকর্ম এবং Fragments of a crucifixion নামক কাজটি।) আররেওলার ঝিনুক-বিক্রেতা যে-সব ঝিনুক বিক্রি করছে তা হয়ে উঠতে পারে টেবিলে ভাসমান গ্যালাক্সিপুঞ্জএবং Petrified Amber নামক চিত্রকর্মে অনেকটাই চোখে পড়বে সবচেয়ে প্রাচীন সত্তাদের উপস্থিতি।

Image

চিত্রকর্ম:

শুরুর দিকে আররেওলার কাজগুলো ছিল রংয়ের আবরণ ও স্তরসমূহের সমন্বয়ে বিমূর্ত ধরনের যা প্রায় খানিকটা অবয়বকে তুলে ধরে--যেমন ঘোড়ার আকৃতি, হয়তো বা ঘরবাড়ি, এমনকি আত্মপ্রতিকৃতি বা ভূতুরে আদলও হতে পারে। নতুন কাজগুলোতে অবয়ব ও বিমূর্ত রূপ একসঙ্গে মিলিত হয়েছে, একই জায়গায় তারা বসবাস করছে এবং এমন এক নতুন ভাষার তাতে জন্ম হয়েছে যেমনটা আমাদের স্বপ্নে ঘটে থাকে এবং যেমনটা ঘটে থাকে উত্তেজনাময় কূটাভাসিক পরিমণ্ডলে।