২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহ জামিল: চারটি কবিতা

মিসবাহ জামিল

Published : 23 Sep 2021, 08:30 PM

Updated : 03 Oct 2022, 11:23 AM


লিলি

লিলি অন্ধকারে দাঁড়ালে মনে হবে এই যেন চাঁদ। তাকে লুকাতে ব্যর্থ অন্ধকার। এমনই তার রূপের বয়ান। বিবাহের বছর দেড়েকের মাথায় লিলি ফুটফুটে ছেলে সন্তানের মা হলো। সেই থেকে তার স্বামী তাকে বীজ ভাবতে শুরু করলেন। আর সন্তানকে ফসল। প্রতি বছর সন্তান জন্মানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিলির স্বামী। যেন তিনি চাষি। পরপর তিনটি সন্তানের জন্ম হলো। চতুর্থ সন্তান জন্মের পর লিলির মৃত্যু হলো। চোখের জলে ধুয়ে এবার বীজটি রোপণ করলেন গোরস্থানে। নতুন ফসলের আশা করে দেখলেন মাটি ফুঁড়ে বীজ বের হতেই পারছে না!

জীবন

রোগ গতিরোধকের ভূমিকায় সামনে দাঁড়ায়। ইশারা দেয় ধীরে চলুন। ধীরে চলি, চলতে হয় বলেই। সাবধানে গতিরোধক পার হই। নতুন গতিরোধক পেরোনোর ধকল সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত রাখি। এইতো জীবন।

পরিচয়

আমি ঘাসে জমে থাকা শিশির। আর ঘাসই আমার সিংহাসন।

মুর্শিদ ফুলের জন্য

আমার প্রিয় ফুলের নাম মুর্শিদ। কেবলা হিশেবে তাঁকে বসিয়েছি হৃদয়ের মাঝ বরাবর। যেন তিনি হৃদয়ের রাজধানী। তাঁকে কেন্দ্র করে চলে ধ্যানজ্ঞান, সাধনা আমার। তাঁর ঘ্রাণ খুঁজে বেড়াচ্ছি অন্ধকারে কালো বেড়াল খোঁজার মতো। নির্জনে যাই আর ধ্যানমগ্নতায় সময় কাটাই। সন্যাসীর ভাব দেখে লোকে আমাকে বলে বন্য। এসব পাশ কাটিয়ে যাই মুর্শিদ ফুলের জন্য।