২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে শান্তির জন্য কবিতা উৎসব শুরু

দক্ষিণ এশিয়ায় শান্তি ও ঐক্যের প্রত্যাশা সবার মধ্যে সঞ্চার করতে নেপালে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশীয় কবিতা সম্মেলন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 08:03 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ‘শান্তির জন্য দক্ষিণ এশীয় কবিতা উৎসব’ শিরোনামের চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে।

বাংলাদেশ থেকে এই কবিতা উৎসবে যোগ দিচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।

এছাড়া ভারত, ভুটান, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার কবিরাও যোগ দেবেন এতে।

উৎসবের সভাপতি চিরাগ বাঙদেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দশক ধরে নেপালে যুদ্ধবিধ্বস্ত নেপালে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, অনেকে ঘড়বাড়ি সবকিছু হারিয়েছেন। সেই ক্ষত কাটিয়ে নেপাল যখন শান্তি ও অগ্রগতির জন্য একটি সংবিধান রচনার চেষ্টায় রয়েছে তখনও মানুষের মনে সেই বিভৎসতা কাটেনি।

আর এর সঙ্গে রয়েছে দরিদ্রতা, শিক্ষাসহ অন্যান্য মৌলিক চাহিদার অপ্রতুলতা এবং বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির মধ্যে রয়েছে দেশের মানুষ। এমনই প্রেক্ষাপটে যুদ্ধের বিভৎসতা ও দরিদ্রতার যাতনার ঘোর থেকে শান্তিপূর্ণ উন্নত ভবিষ্যতের দিকে মানুষের আশা জাগানোর প্রত্যাশা নিয়েই এই আয়োজন।

কবিদের এই মিলনমেলা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সহমর্মিতার  মূর্ত লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চিরাগ বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে কবিতার মাধ্যমে শান্তির বার্তা বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিবছর এই উৎসব অনুষ্ঠিত হবে। পরের বছরের নেপালের বিভিন্ন শহরে এই উৎসব হলেও শুধু এবছর কাঠমাণ্ডুর বিভিন্ন জনসমাগম স্থলেই সীমাবদ্ধ থাকবে।

৯ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলাকালে কবিতা আবৃত্তি ছাড়াও  কবিতা বিষয়ে আলোচনা, সিম্পোজিয়াম ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হবে।

এর আগে ‘কবিতার সৌন্দর্য’ দিয়ে বিশ্বজুড়ে সাম্প্রদায়িক সন্ত্রাস ও বর্বতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় কক্সবাজারে তৃতীয় দরিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলা হয়।

কক্সবাজারের রামুতে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলার সমাপণের আগে আবৃত্তি, আলোচনার আর শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের মানুষকে শান্তিপূর্ণ জীবনযাত্রার পথে ডাকেন বিভিন্ন দেশের ৪০ জন কবি। এর মধ্যে রয়েছেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইকুয়েডর, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কবিরা।

কবিতাবাংলার আয়োজনে এই উৎসব হয়, যার প্রধান দায়িত্বে রয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা।

নূরুল হুদা বলেন, “কবিরা কারো সঙ্গে সংঘাতে যেতে পারে না। আমরা শান্তির জন্য প্রার্থনা করতে পারি। আমরা কবিতার সৌন্দর্য দিয়ে সহিংসতার বিরুদ্ধে লড়াই করব।”

এই লড়াই হবে “নন্দনতত্ত্ব এবং জীবনতত্ত্ব এই দুটোর মিশেল করে একটা নতুন নান্দনিক অস্ত্র” দিয়ে।

“যে অস্ত্র কবিতাকে মানুষের আরো কাছে নিয়ে যাবে। তখন কবিতার ভূমিকা আরো প্রত্যক্ষ হয়ে যাবে। কবিতা তার নিস্ক্রিয় ভূমিকায় আর থাকবে না,” যোগ করেন তিনি।