গলওয়ে কিনেল : নশ্বরতার অধিবিদ্যার কবি
কফিশপ, পানশালা, রিভারওয়াক, সমুদ্রসৈকত, বইঘর, ইত্যাদি নিয়ে জনারণ্যে জেগে থাকে নির্জন, একাকী মানুষ। সেই নির্জন মানুষ প্রায়ই খুঁজে ফেরে তারও অধিক নির্জন মানুষদের, এইসব বইঘরে। সিলিকন ভেলির পড়ন্ত এক বিকালে আমি সেই নিঃসঙ্গ, একাকী মানুষ– অনেকটা আবিষ্কারের মতো করে, এক বইঘরে পেয়ে যাই কবি গলওয়ে কিনেলের কাব্যগ্রন্থ, ‘দ্য বুক অফ নাইটমেয়ারস’কে [১], যদিও গলওয়ে কিনেল আমার কাছে তখন সম্পূর্ণভাবে অপরিচিত এক কবির নাম। এক দশকেরও আগের সেইদিনে তাঁর এই কবিতার বই পড়তে গিয়ে আমি অনুভব করেছিলাম, যেভাবে দার্শনিক ভিটগেনস্টাইন অনুভব করেছিলেন কবি ট্রাকলকে পড়তে গিয়ে, ‘আমি তাঁর কবিতা বুঝি না, তবে তাঁর কবিতার সুরধ্বনি আমাকে আনন্দ দেয়।’ এই কাব্যগ্রন্থটি সম্পর্কে বলতে গিয়ে রবার্ট মেজেই লেখেন, “এর সকল সীমাবদ্ধতা সত্ত্বেও, বাহ্যতই এটি একটি চিরায়ত সাহিত্যকর্ম। এই কাব্যগ্রন্থের সবচেয়ে ভালো কাজ এমনই প্রশংসনীয়, যা উৎকৃষ্ট কবিতা পড়তে গিয়ে আমি অনুভব করেছি। এটি যদি একটি প্রধান কাজ না হয়, তবে আমি জানি না এই শব্দবন্ধটি কী অর্থ ধারণ করে।”
(পড়তে ক্লিক করুন)
