২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ে বসন্ত উৎসব

বেইজিংয়ের বৃদ্ধ সড়কে হাঁটু গেড়ে বসে আছে বিষন্ন বিকেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

বসন্ত উৎসবের চাঁদ
ঝুলে থাকে পাহাড়ের প্রান্ত ছুঁয়ে
অট্টহাসি হেসে লাওশে বলেন
এখনি অধৈর্য তুই, আরেকটু চেখে দ্যাখ
পৃথিবীর যাবতীয় প্রেমিক লবণ।
আহা বেইজিং, হাজার বছর ধরে
তুই গেয়ে যাস সম্রাটের স্তব।
ঘেরাটোপে আবদ্ধ সম্রাট
হাতে তার সবুজ পুতুল।
আংটিতে ঝলকায় আলো
অলক্ষ্য ইশারায় খসে পড়ে নক্ষত্র
মিং সম্রাটের চোখে জ্বলে বাঘের আগুন
সামনে প্রসারিত প্রাসাদের সারি
প্রাসাদের ঢেউ ওঠে আর নামে
কুচোংয়ে সুর তোলে ক্রীতদাস।
রেশমে গড়ায় সম্রাজ্ঞীর কোমল শরীর।
আহা বেইজিং, তুই জেড পাথরের খেয়ালি পুতুল।
আগুনের ফুলঝুরি, তোর আজ দারুণ উৎসব।

ড্রাগনের নয় ছেলে হামাগুড়ি দেয়
লাফায়, ঝাঁপায় তোর রাজপথ জুড়ে।
বাজি পোড়ে, পুড়ে যাস তুই।
প্রাচীন সড়ক, হুথোংয়ের অলিতে গলিতে
পোড়ে ভালোবাসা
পশ্চিম পাহাড়ে দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ প্রেম।