২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনয় বর্মনের হ্রস্ব পংক্তিমালা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

পতন

বৃষ্টির সুর অধোমুখী
মেঘমালা অনন্ত অসুখী
উড়ে উড়ে ডানাদের ক্ষয়
রোদ্দুর দেবে না অভয়।

ব্যর্থতা

প্রাপ্তির ব্যাপ্তি মাপে সৃজনশীলতা
শব্দরস ছাড়া মৃত কাব্যবৃক্ষলতা
ছন্দকার অন্ধকার গন্ধ খুঁজে খুঁজে
ব্যর্থমনোরথ হয়ে থাকে চক্ষু বুজে।

শৃঙ্খল

কীটের জীবনচক্র সাত গিঁটে বাঁধা
রলয়ের তাল-লয়ে শুধু গলা সাধা
জীবন সে চলে গেছে জীবন ছাড়াই
দিনরাত স্বপ্ন মিছে রত্নবতী ছাই।

আয়রনি

নক্ষত্রের দ্বীপালোকে জন্ম আমার
কপালের ক্যানভাসে সৌভাগ্যের আঁক
সুখের প্রাসাদ তবু পুড়ে ছারখার
ভাঙাচোরা ওরাকল, মিথ্যা জোডিয়াক।

প্রত্ন

মানব ফসিল নিয়ে মহা তোলপার
রোবট বোঝে না তার ব্যাপারস্যাপার
করোটিতে ঘিলু ভরা হোমো সেপিয়েন্স
সভ্যতা ডাজ নট মেইক এনি সেন্স।

বানিজ্য

আকাশ বিপণিতে পসরা নিয়ে বসা হুর-তারা
তাড়াতাড়ি কিনে নাও কার কি লাগবে দেখেশুনে
ছটফট করে মরে ভেজালের জালে আলেয়ারা
হীরক হৃদয় দ্যুতি মিলে যেতে পারে ভাগ্যগুণে।

দূরত্ব

জন্মান্ধ পদাতিক আক্রোশে ক্রোশ ক্রোশ পথ হয় পার
ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে অন্ধবিন্দুপুরে আসীন আবার
জীবনচক্র শেষে চকিত বক্র হেসে প্রজাপতি বলে
আজও কেনো শুককীট জন্ম অপেক্ষায় ডিমের অতলে?

রূপরহস্য

রূপের রহস্য জানে স্বর্গবাসিনী হেরা দুর্গা অপরূপা
মর্ত্যের নর্তকীরা সোনার ঘূঙুরে বাঁধে অস্থির দু’পা
মোহন চন্দ্রালোক সাগরকে ডেকে নেয় আকাশের বাঁকে
রাতের গর্ভ থেকে একে একে রূপসীর জন্ম হতে থাকে।