২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা নিয়ে অম্লমধুর ভাবনা

ফেব্রুয়ারি মাসটি এলে বাঙালির মধ্যে প্রধানত যে চেতনাবোধটি সক্রিয় হয়ে ওঠে তা হলো তার ভাষাচেতনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সৈকত হাবিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

তা বছরের অন্য সময় যা-ই হোক। কারণ আমাদের জানা ইতিহাস অনুসারে পৃথিবীতে বাঙালিকেই প্রথম নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রক্তদান করতে হয়েছে। বাঙালির কপালটাই এমন, খুব ন্যায্য ও ন্যায়সঙ্গত পাওনার জন্যও নিজেকে ক্রমাগত বলি দিতে হয়, তাও কপালে প্রাপ্তি জোটে অল্পই। কারণ যে ভাষার জন্য এত মহিমান্বিত ত্যাগ, রাষ্ট্রে-সমাজে-ব্যবহারিকতায় তার ফল যে এতকাল পরও বেশ অপক্ক, তা আর ব্যাখ্যা করে বলার অবকাশ রাখে না।

বাঙালির একটা আশ্চর্য গুণ আছে, সে হলো তার স্বপ্ন দেখার অনিঃশেষ ক্ষমতা। বাস্তবতা যত বৈরী হোক, জীবন যতই শৃঙ্খলিত-পরাজিত-বিপর্যস্ত হোক, আশার শক্তি তার তারচেও বহুগুণ বেশি। তাই সে দুর্ভিক্ষেও শেষ হয়ে যায় না, মন্বন্তরেও টিকে থাকে; শোষণ-অপশাসন, দুর্নীতি-নৈরাজ্য-লুণ্ঠন, খরা-বন্যা-জলোচ্ছ্বাস কিছুই তার অনিঃশেষ আশাকে পরাভূত করতে পারে না। কিন্তু তার দোষটাও খুব সামান্য নয়, সে যত সহজে মৃত্যুকে গ্রহণ করতে পারে, জীবনকে বোধহয় ততটা পারে না। তাই শত শতাব্দী ধরে তার আত্মদানের ইতিহাস যতটা গৌরবময়, আত্মগঠনের ইতিহাস ততটা নয়।

তার অর্জনের ইতিহাস যা, হারানোর ইতিহাসও তাই। কারণ, অর্জনকে সে খুব কমই ধরে রাখতে পেরেছে। যেটুকু পারে তাও বেহাত হয়ে যায় তার স্বজাতিরই একটি শ্রেণীর হাতে, তাই সর্বজনীন প্রাপ্তি তার সামান্যই। যদিও তার চাওয়াটি সবসময়ই একটি সর্বজনীন আবেদন নিয়েই জাগ্রত থাকে।

এই সর্বজনীনতা যেমন একুশের মূল চেতনা, তেমনি একে ঘিরে বাংলা একাডেমীতে মাসব্যাপী একুশের বইমেলারও মূলসুরটি তাই। ফেব্র“য়ারি যেমন বাঙালির একুশের মাস, তেমনি তার বইমেলারও মাস। একটা ব্যাপার লক্ষণীয়, এই বইমেলা কোনো প্রতিষ্ঠানের তৈরি নয়, বরং বাঙালির শিল্প-সংস্কৃতির সর্বজনীনতাবোধের গণ-আকাক্সক্ষারই বহিঃপ্রকাশ। যদিও এটি শুরু হয়েছিল অনেকটা ব্যক্তি-উদ্যোগে। বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার অন্যতম পথিকৃৎ চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমী চত্বরের মাটিতে চটের ওপর বই বিছিয়ে বইমেলার চারাটি রোপণ করেছিলেন। কিন্তু জনমানসের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে গত তিন যুগে এটি এক বিরাট বৃক্ষে পরিণত হয়ে এখন একুশে-চেতনার একটি মহত্তম প্রকাশ-মাধ্যম হয়ে উঠেছে।

তবে বইমেলা যতই বিস্তৃত হোক, একুশের চেতনার কতটা বিস্তার ঘটেছে সে নিয়ে বোধহয় তর্ক থেকেই যায়। এটা ঠিক, একুশের বইমেলাকে ঘিরে বাংলাদেশে লেখক-পাঠক-প্রকাশকের অন্তরঙ্গ সম্মিলন ঘটে, এবং একে ঘিরেই আমাদের সৃজনশীল প্রকাশনার বিস্তার। কিন্তু পরিমাণের যে দৌরাত্ম্য, সে তুলনায় গুণ বা মানের উৎকর্ষ কতটা, তা বড় বিচার্য বিষয়। প্রযুক্তির কল্যাণে বহু বইয়ের বহিরঙ্গ ঝলমলে হলেও, ভেতরের যে সারবস্তু, অর্থাৎ বিষয়-ভাষা-বানান-বাক্য, তার উৎকর্ষ কিন্তু আজও অনেক দূরের বিষয়। কারণ খুব কম প্রকাশনাই স্রেফ লাভালাভের ঊর্ধ্বে একটি দায়িত্বশীল কাজ হিসেবে মনেপ্রাণে একে গ্রহণ করতে পেরেছে। প্রকাশনা যে একটি ব্যবসামাত্র নয়, এ বোধটি কাজ করে না বলেই, অধিকাংশ প্রকাশনা সংস্থাতেই একজন ভালো প্রুফরিডারও নেই, পাণ্ডুলিপি পরীক্ষক বা প্রকাশনা সম্পাদক দূরের কথা। তাদের অনেকেই বানান সংশোধনের জন্য যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়াকে অপচয় বলেই মনে করেন। তাদের দাবি, এই ব্যবসায় মুনাফা খুবই কম। কথাটা খুব সত্যি। যে ১৫ কোটির দেশে এক বছরে খুব কম লেখকেরই তিনশ কপির বেশি বই বিক্রি হয়, কাগজ-ছাপা-বাঁধাই খুব ব্যয়বহুল, সে দেশে সৃজনশীল প্রকাশনা ব্যবসা হিসেবে খুব আরামদায়ক নয়। কিন্তু যিনি এ ব্যবসায় আসবেন, তিনি নিশ্চয়ই এটুকু মেনে নিয়েই আসবেন। অথচ বাস্তব বলে ভিন্ন কথা। অনেক ‘নামকরা’ প্রকাশনাও ভুলভাল বই দেদারসে প্রকাশ করে চলেছে।

তবে খুব ধীরে ধীরে হলেও যে এই অবস্থায় পরিবর্তন আসছে এটা আশার কথা। আর বইমেলাকে ঘিরে তবু বইয়ের এই যে জাগরণ একেও আমাদের বড় অর্জনই বলা যেতে পারে।

এ প্রসঙ্গে কথা আসে একুশের চেতনার প্রধান প্রতিষ্ঠান বাংলা একাডেমীকে নিয়েও। বাংলা একাডেমী এবং একুশের বইমেলা এখন অঙ্গাঙ্গী। কারণ, একাডেমীই এই মেলার কর্ণধার। কিন্তু তারা এখনো অনেক ক্ষেত্রেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। প্রতি বছরই স্টল বরাদ্দে দুর্নীতি, পক্ষপাত, দলীয়করণ, অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে তারা অভিযুক্ত হন। নানা পদ্ধতিগত জটিলতার কারণে অনেক সময় গণমানুষের স্বতঃস্ফূর্ততা বাধাগ্রস্ত হওয়ার ব্যাপারটিও রয়েছে।

তবে তাদের কিছু ভালো উদ্যোগও আছে। বইমেলাকে বারোয়ারি মেলা থেকে উদ্ধার করে কেবল বইয়ের মেলা করা তার মধ্যে একটি। কিন্তু সেটা কাদের বই, কী ধরনের বই? বাংলা একাডেমীর আজব কিছু নীতি আছে। এর মধ্যে প্রধান, স্টল পাওয়ার জন্য নতুন প্রকাশনাকে অন্তত ২০টি বই প্রকাশ করতে হবে বা তার অন্তত একশটি প্রকাশনা থাকতে হবে। এটার ভিত্তি বা যুক্তি কী? সারা বাংলাদেশে কমবেশি হাজারখানেক ছোট-বড় প্রকাশনা/প্রতিষ্ঠান/সংগঠন আছে, যারা সৃজনশীল বই প্রকাশ করে। এরা প্রত্যেকে যদি পাঁচটা করেও ভালো বই প্রকাশ করতে চায়, তাহলে হাজার পাঁচেক বই বছরে দরকার। এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতর কোথায় এত লেখক আর বিষয়ই বা কোথায়? দেশে মানসম্পন্ন প্রকাশনা না হওয়ার পেছনে বাংলা একাডেমীর এই ‘সংখ্যাতত্ত্বের’ও কিছুটা দায় আছে বলে মনে হয়। এর ফলে তাড়াহুড়ো করে যে কোনো ধরনের বই দিয়ে সংখ্যা পূর্ণ করার দিকে সদিচ্ছাপ্রবণ প্রকাশকদেরও ঝোঁক তৈরি হয়। আর সংখ্যার পক্ষে বাংলা একাডেমীর ‘অজুহাত’টিও বেশ। তারা মনে করছেন, একাডেমী চত্বরে জায়গা কম, তাই এর মধ্য দিয়ে স্থান সংকুলান করবেন। অথচ প্রতি বছরই দেখা যায়, মূল চত্বরে রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয়, গবেষণা ও এনজিও অথবা অব্যবসায়ী প্রকাশনারও সুপরিসর স্টল। এটা কেন? একাডেমীকে হয় প্রকৃত প্রকাশকদের ভেতরে জায়গা করে দিতে হবে অথবা বড় জায়গা বেছে নিতে হবে। কিন্তু তা না করে প্রতি বছরই প্রকাশকদের একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হয়। অন্যদিকে নতুন প্রকাশকদের জন্যও সুযোগ রাখা হয় কম। অথচ বহু কাঠখড় পুড়িয়ে যেসব তরুণ প্রকাশক বই প্রকাশ করতে চান, তাদের একটি বড় অবলম্বন একুশের এই বইমেলাটি। তাদের বিপণন ও প্রচারের জন্য বইমেলার চেয়ে কার্যকর কোনো মাধ্যম নেই। এ বিষয়টি নিয়ে বাংলা একাডেমীর আরো সদয়-বিবেচনা দরকার।

আর প্রতি বছরই দেখা যায়, এনজিও/গবেষণা প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু স্টল বরাদ্দ দেওয়া হয়। আমরা জানি, প্রায় সব এনজিওরই নির্দিষ্ট পাঠকগোষ্ঠী বা নেটওয়ার্ক আছে, তাদের প্রকাশনাও সুনির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। এদের সবাইকে পৃথক পৃথক স্টল বরাদ্দ না দিয়ে যদি কয়েকটা স্টলের সমান জায়গা বরাদ্দ দিয়ে একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হয়, তাতে তাদের জন্যও ভালো হয়, আগ্রহীরাও তা অনায়াসে পেতে পারেন। অন্যদিকে দেখা যাচ্ছে মিডিয়া/পত্রপত্রিকার জন্য বেশ কিছু স্টল বরাদ্দ করা হয়। এটা না করে যদি তাদের সবার জন্য একটি বিশেষ জায়গা দেওয়া হয়, তাতেও অনেকটা জায়গা সাশ্রয় হয়। এসব জায়গা নবীন প্রকাশনাগুলোকে বরাদ্দ দিলে তারাও অনেক উৎসাহিত হয়।
আর বাংলা একাডেমী কোনো তীর্থস্থান নয় যে, মেলাটি এর চত্বরেই করতে হবে। বরং পাঠক-ক্রেতা-লেখক-প্রকাশকদের এত যে ভোগান্তি, এটা ভেবেই বইমেলাটিকে বড় জায়গায় নিয়ে যাওয়া দরকার।

তবে বহু বছর পর এবার বাংলা একাডেমী বইমেলায় বেশ গুণগত পরিবর্তন এনেছে। এ বছরই সম্ভবত প্রথম বইমেলাটি কেবল প্রকাশকদের হতে চলেছে। তাই স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে বেশ যাচাই-বাছাই করে। অন্যদিকে ২০টি বইয়ের বাধ্যবাধকতা থাকলেও পাঁচটি মানসম্পন্ন বই যারা প্রকাশ করেছে, তাদেরকেও স্টল বরাদ্দের জন্য বিচেনায় আনা হয়েছে। অন্যদিকে প্রতি বছরই বইমেলায় ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অন্যায্য দৌরাত্ম্য থাকে। এবং তাতে একাডেমী নতি স্বীকার করে নিজের নিয়ম নিজেই ভঙ্গ করে। কিন্তু বাংলা একাডেমীর মহাপরিচালক অনেক চাপ থাকা সত্ত্বেও এগুলোকে এ বছর কঠোরভাবে মোকাবিলা করেছেন। তিনি একাডেমীতে সাহসের সংস্কৃতিকে জীবিত করার প্রচেষ্টা চালিয়েছেন। এজন্য তাঁকে আন্তরিক অভিনন্দন। এ কাজটির পাশাপাশি যদি পাঠকদের জন্য মেলায় প্রবেশ আরো সহজতর করা যায়, মেলার ধূলির আগ্রাসন থেকে যদি আগতরা রক্ষা পান এবং স্বচ্ছন্দে বই সংগ্রহ করতে পারেন, তাহলে ষোলকলা যেন অনেকটাই পূর্ণ হয়ে যায়।

আমরা আশা করতেই পারি যে, আগামী মেলার আগে একাডেমীর কর্তারা বিষয়গুলো আন্তরিকভাবে বিবেচনা করবেন। কারণ, তারাও এটা ভালো করেই জানেন, এই মেলাটিকে আমরা যত সুস্থ, সুন্দর ও সহজগম্য করে তুলতে পারব, একুশের উদ্দেশ্যও ততই সার্থক হবে, তাদেও মর্যাদাও অনেক বাড়বে।

শেষ করার আগে আরো দুটো কথা। ব্যবসায়ের খুব সম্ভাবনা না থাকা সত্ত্বেও প্রতি বছরই বেশ কিছু মেধাবী ও সাহিত্যপ্রেমী তরুণ নিজের অন্তরের তাগিদ থেকে প্রকাশনায় নামছেন। তারা অনেকেই বেশ মানসম্পন্ন বই প্রকাশ করছেন। তাদের প্রতি আরো সদয় হলে ও নীতিমালা খানিকটা শিথিল করা হলে বাংলাদেশের প্রকাশনা শিল্পই উপকৃত হবে।
আর মিডিয়াকে কেবল ফেব্রুয়ারি মাসেই বইপ্রেমিক হলে চলবে না, বাংলা ও বাঙালির সংস্কৃতিকে জীবিত রাখতে হলে তাদের সবসময়ই বইবান্ধব ভূমিকা রাখতে হবে। ভালো বই, লেখক ও প্রকাশককে তুলে ধরতে হবে। নইলে একুশের চেতনা অচিরেই একটি কাগুজে জিনিসে পরিণত হবে।