২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টেলেকচুয়াল কবিতা, কী বস্তু ?

নতুন কবিতা, নতুন কবিতা বলে কোরাস হৈ-হল্লা ও পেটরোগা শ্লোগান দিলেই কবিতা নতুন হবে, কথা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. জাহেদ সরওয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 10:19 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

তখন

নতুন কবিতা, নতুন কবিতা বলে কোরাস
হৈ-হল্লা ও পেটরোগা শ্লোগান দিলেই
কবিতা নতুন হবে, কথা নেই।

নতুন কোত্থেকে হবে, মশায় বাহাত্তরটা শব্দে
নতুন কি করে হবে বোধিহীন সংস্কার ও স্বার্থে
সেইজন্য ছোটো জায়গা থেকে যাত্রা পৌঁছয়
আরো ছোটো জায়গায়।

এ যেন রাবিশের ঢিবিতে উঠে এভারেস্ট বিজয়
ছিনে জোঁকের রক্তচোষা হয়ে উঠলো প্রায় ব্যাপার
পাঠক যাতে দুর্বলতর হতে হতে তারপর পালায়
তখন তোমার হ্যাঁপা সামলাবার লোক তুমি নিজেই
নিজেই একমাত্র পাঠক, সমঝদার, শ্রোতা।
(তুষার রায়)

কবিতার বহুগামিতা পাঠক মাত্রেই জ্ঞাত। কিন্তু হরেক রকম কবিতার স্বাদ দেবার মত কবির দেখা পাওয়া ভার। বাংলা কবিতায় দেখা যায় একেক ঘরাণা যেমন রবীন্দ্র ঘরানা, নজরুল ঘরানা, আধুনিক ঘরানা, জীবনানন্দীয় ঘরানা ইত্যাদি জনপ্রিয় হয় সীমাবদ্ধ থিমকে কেন্দ্র করে। যেমন রোমান্টিকতার জন্য রবীন্দ্রনাথ, বিদ্রোহের জন্য নজরুল, বিষাদের জন্য জীবনানন্দ ও আধুনিকরা ইত্যাদি। ফলে এমন এক জটিলতা তৈরি হয় কবিতার জগতে, এমন এক সীমাবদ্ধতার ঘেরাটোপে ঘুরতে থাকে কবিদের চিন্তাভাবনা যা নিজেদের স্বতস্ফূর্ত প্রকাশকেই বিপদগ্রস্থ করে তোলে। কবিতার এই সীমাবদ্ধতার দিকে অনেক প্রতিভাবান কবি তর্জনী তুলেছেন। তাদের ভাষ্যমতে কবিতা কখনোই ঘরানা মানে না। যদিও এটা সত্য যে এই ঘরানার জন্মদাতা শিক্ষাপ্রতিষ্ঠান ও কবিতার অধ্যাপকেরা। যে সমস্ত কবিতা কোনো ঘরানা মানে না। এদেরকে আমরা নাম দিতে পারি ইন্টেলেকচুয়াল কবিতা বা বুদ্ধিদীপ্ত কবিতা। যেমন ধরা যাক মহাত্মা জীবনানন্দ দাশের ‘সমারুঢ’ কবিতাটি। জীবনানন্দের সব কবিতা পর পর পড়লে মনে হতে পারে আসলে সব মিলিয়ে একটা মহাকাব্যই পড়ছি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ঘরানা। কিন্তু ‘সমারুঢ’ কবিতাটাকে মনে হতে পারে খানিকটা দলছুট। কারণ কবিতাটার বিষয়ই তার প্রকাশভঙ্গিকে নির্ধারণ করে দিয়েছে। এই কবিতাটাকে ইয়েটসের ‘স্কলার’ কবিতার ছায়া কবিতা বলে মনে করা হয়। কবিতার সাথে সম্পর্কিত একটা পেশাকে এখানে আঘাত করা হয়েছে। চরিত্রটা হয়তো কলেজে স্কুলে ছাত্রছাত্রীদের কবিতা পড়ায়, অথবা কবিতার গবেষক। সেই কবিতা যেই কবিতাগুলা লিখতে গিয়ে কবি স্বয়ং ‘হাঙ্গরের ঢেউয়ে লুটোপুটি’ খেয়েছে। এইটা খুব অদ্ভুত যে কবিতা লেখা পেশা নয়। কবিকে পেশাদার বলার কোনো উপায় নাই। অথচ সেই কবির জীবনী লেখক বা কবিতার ব্যাখ্যাকার কিন্তু পেশাদার। যে কবি না খেয়ে মরে গেছে তার জীবনী লেখক তার জীবনী লিখে লাখ টাকার মালিক।

ইন্টেলেকচুয়াল কবিতা দুনিয়ায় ব্যাপক পাঠকপ্রিয়। নিকানোর পাররা, গাব্রিয়েলা মিস্ত্রাল, মিউশ, তাদেউশ রুজেভিচ, পিটার হেন্ডকে, মায়াকোভস্কি, হানস মাগনুস এনসেন্সবার্গার, পাবলো নেরুদা, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ, আইমে সেজেয়ারসহ অনেক কবি আছেন যাদের ইন্টেলেকচুয়াল কবি বলা হয়। যাদের কবিতাকে বলা হচ্ছে প্রতিকবিতা।

এই সব সাক্ষ্য মানলে সত্তরের ওপার বাংলার কবি তুষার রায়কেও ইন্টেলেকচুয়াল কবি বলা যেতে পারে। তুষার রায়ের কবিতার সংখ্যা খুব বেশি নয়। কিন্তু যে দুইতিনটা বইয়ের সমপরিমাণ কবিতা তিনি লিখতে পেরেছিলেন তাতেই তার শক্তিমত্তার পরিচয় মেলে। এই কবিতাগুলা আসলেই ভিন্ন স্বাদের তবে নির্দিষ্ট কোনো ঘরানার নয়।

তুষারের এই কবিতাটা যদি আমরা প্রথমে একবার পড়ে ফেলি তাতেই আমাদের মনে হতে পারে এই কবিতার বিষয় গতানুগতিক নয় একেবারেই। আর বিষয় কবিতার প্রকাশভঙ্গি খুঁজে নেয় অথবা তৈরি করে। তিনি বলছেন কবিদের এই যে থিমিটিকাল কবিতার যাত্রা এ যেন ‘রাবিশের ঢিবিতে উঠে এভারেস্ট বিজয়’। সুনির্দিষ্ট রসবোধ শব্দের বিকাশকেও সীমিত করে ফেলে। কারণ একেকটা বিষয়ের উপর নির্দিষ্ট শব্দের অভিঘাত খুব বেশি কার্যকর নয়। ফলে সীমিত শব্দ দিয়েই বারবার একই রস উৎপাদনের চেষ্টা করতে হয় বেশিরভাগ কবিকে। তুষার রায় বলছেন:

নতুন কবিতা, নতুন কবিতা বলে কোরাস
হৈ-হল্লা ও পেটরোগা শ্লোগান দিলেই
কবিতা নতুন হবে, কথা নেই।

নতুন কোত্থেকে হবে, মশায় বাহাত্তরটা শব্দে
নতুন কি করে হবে বোধিহীন সংস্কার ও স্বার্থে
সেইজন্য ছোটো জায়গা থেকে যাত্রা পৌঁছয়
আরো ছোটো জায়গায়।

ব্যবহৃত হতে হতে শুয়রের মাংশ হয়ে যাবার মত ব্যাপার প্রায়। এই কবিতায় নয় কবিতাটার ঠিক উল্টা পথেই রয়েছে তুষার রায়ের বক্তব্য। যেহেতু থিমিটিক্যাল কবিতা খুব দ্রুত পাঠকের বিরক্তি উৎপাদন করে তাই দরকার হয় নতুন কবিতার। কিন্তু নতুন কবিতা কেবল স্লোগান স্বর্বস্ব! এই স্লোগান সর্বস্বতার বিরুদ্ধেই তুষারের অবস্থান। স্লোগান সর্বস্কতার মানে কোনো রাজনৈতিক এজেন্ডা নয়। নতুন কবিতার স্লোগান দিতে গিয়ে অনেক কবি তলানিতে চলে গেছেন আমরা জানি সাহিত্যের ইতিহাস থেকে। অনেক মুভমেন্টের ইশতেহার আমরা পাঠ করেছি, দেখেছি কিন্তু কবিতাকি সামগ্রিকভাবে নতুনত্ব লাভ করেছে?
প্রশ্নের পর প্রশ্ন তুলেন তুষার কিন্তু উত্তর তিনি বাতলে দেন না। কবিকে ছেড়ে দেন নিজের হ্যাপা সামালাবার জন্য।

সত্যিকার অর্থে কবি এমন একজন মানুষ যাকে আমরা দেখেছি ইতিহাসে। কবি হচ্ছেন এমন এক বাড়ী যার সব কটি দরজা জানালা সবসময় খোলা থাকে। প্রচুর হাওয়া বাতাস অভিজ্ঞতা প্রেম হতাশা আশাবাদ বিষাদ ক্ষোভ দ্রোহ খেলা করে তার উঠোন জুড়ে। তিনি আবহাওয়া থেকে বুঝে নিতে পারেন সতর্কতার মাত্রা। তিনি বুঝেন প্রকৃতির ইশারা। তিনি মানুষের নয় শুধু প্রাণিকুলের জীবনচক্র সম্পর্কে সমূহ অবগত আছেন। যা থেকে তিনি মালমশলা সংগ্রহ করেন কবিতার।

কিন্তু তিনি ঠিক কোনো কারিগর নন, শুধু মালমশলার উপর ভিত্তি করে যিনি দালান তোলেন। অথচ কবির সামনে এই পতনের পথ মানে কারিগর হওয়ার পথ অবিরাম খোলা থাকে। জগতে অধিকাংশ কবিই কবি হতে হতে কারিগর হয়ে গেছেন। তুলেছেন শব্দের পর শব্দের পলেস্তারা। এইখানেই তুষারের তর্ক।
এইসব অভিজ্ঞতাজাত শব্দাবলি একজন কবি তার চিরজাগ্রত আবেগ ও বিবেচনার প্রকাশে ব্যবহার করেন মাত্র। কবি সাধারণ মানুষ হয়েও অসাধারণ সবসময়। সাধারণের মত জীবন যাপন করেও তিনি সাধারণের চেয়ে চঞ্চল। অনেক অভিজ্ঞতার মর্মে তাকে দৃষ্টি দিতে হয়। বাস্তব মানুষের চেয়ে খানিক বিনয় খানিক রুঢ়তা তাকে ব্যবহার করে। তিনিও এসবকে ব্যবহার করেন নিয়ত।

অনেক ব্যক্তিগত অভিজ্ঞতাকেই তিনি সমষ্টির স্বার্থে ব্যবহার করেন। ব্যক্তি থেকে হয়ে উঠেন সামগ্রিক ফলে পাঠক কবির অভিজ্ঞতাকে নিজের অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করেন। সাথে গ্রহণ করেন কবিকেও। অন্যথায় পাঠক মনে করেন কবির এই অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানেন না। তিনি কোনো রস গ্রহণ করতে পারছেন না এই কবিতার। ফলে কবির ভাষা যেমন সহজ হয়ে উঠবে তেমনি শব্দকুল হয়ে উঠবে বিচিত্রগামী।

এই কবিতাটা আসলে কবি ও কবিতা সম্পর্কেই। যে সম্পর্ক অন্তর্গত কিন্তু যার বহিপ্রকাশ সার্বজনীন। যেহেতু কবিতার দফরফা শেষ পর্যন্ত পাঠকের হাতেই। সেহেতু অন্তমূখী কবিকেও এই ব্যাপারে সচেতন থাকতে হয় প্রায় নিজের অজান্তেই। আর জনবিচ্ছিন্নতা মানেই ‘ তখন তোমার হ্যাঁপা সামলাবার লোক তুমি নিজেই
নিজেই একমাত্র পাঠক, সমঝদার, শ্রোতা।

এটা বলা যায় আমাদের অভিজ্ঞতার নির্যাস। আসলেও তাই। অনেক দুর্বোধ্য কবির অভিযোগ জনগণ কবিতা পড়েনা। কিন্তু আমার মনে হয় এই অভিযোগ সর্বাংশে সত্য নয়। জনগণ কবিতা পড়ে কিন্তু সব কবিতা পড়ে না। কারণ যে কবিতার ভেতর পাঠক নিজে নাই। মানে নিজের কোনো অভিজ্ঞতা দিয়াই পাঠক যেই কবিতারে গ্রহণ করতে পারতেছেন না, পাঠক যে দ্রুত সেটা ত্যাগ করবে তা অবধারিত। কারণ কবিতার পাঠক এমন এক পাঠক, যিনি পাঠ করেন একেবারেই নিজের গরজে।