গুড নাইট মিস্টার কিসিঞ্জার এন্ড আদার স্টোরিস
ভারতীয়দের ইংরেজিতে সাহিত্য চর্চার রেওয়াজ শত বছরের বেশী। কিন্তু সালমান রুশদী-র “মিডনাইটস চিলড্রেন”- এর আগে পর্যন্ত দেশে ও বিদেশে এই ধারা ছিল গৌণ সংস্কৃতির। গত তিন দশকে ভারতীয় ইংরেজি লেখকেরা দেশে ও বিদেশে পুরোপুরি মূলধারায় প্রবেশ করে ফেলেছেন। তবে ভারতীয় ইংরেজির এই বিকাশকালে কখনও মনে হয়নি যে বাংলাদেশেও ইংরেজি একদিন একটি অর্থবহ প্রকাশ মাধ্যম হয়ে উঠতে পারবে। এখন বিষয়টি নতুন করে ভেবে দেখার সময় এসেছে।
এখন আর মাইকেল মধুসূদন দত্তের সময়কার ভাষার ঔপনিবেশি রাজনীতি নেই। সময় পাল্টেছে, পাল্টেছে ভাষা ব্যবহারের রাজনীতি। আফ্রিকার চিনুয়া আচেবে, ত্রিনিদাদের ভি এস নাইপল, কেরিবিয়ান ডেরেক ওয়ালকট কিংবা ভারতের সালমান রুশদি যখন ইংরেজিতে লেখেন তখন ইংল্যান্ডের সমকালীন লেখকদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ইংরেজি কিংবা আন্তর্জাতিক সাহিত্যে। অধুনা ভারতের অরুদ্ধতি রায় বা শ্রীলঙ্কার মাইকেল ওন্দাজের নাম উচ্চারিত হয় ইয়ান ম্যাকইউয়ান ও মার্টিন এমিসদের সাথে এক কাতারে।
ভারত ও শ্রীলঙ্কার পরে গত এক দশকে পাকিস্তানের এক ঝাঁক লেখক ইংরেজিতে নিজেদের গুরুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। যেমন-দানিয়াল মইনুদ্দীন, মহসিন হামিদ, মোহাম্মদ হানিফ ও কামিলা শামসি। সেই তুলনায় বাংলাদেশের মনিকা আলী ও তাহমিমা আনাম ছাড়া এযাবৎ কেউ বাংলাদেশের বাইরে তেমন কোনো পরিচিতি পাননি। কিন্তু কেবল বাইরে স্বীকৃত হলেই লেখা ভালো হল এটাও বলা যাবে না। বাস্তবে এখন অনেক বাংলাদেশীই উত্তরোত্তর মেধার সাথে ইংরেজিতে লিখছেন। দেশে ও বিদেশে নতুন বই, জার্নাল বা সংকলনের কল্যাণে আমরা মাহমুদ রহমান, কাজী আনিস, ফারাহ গজনভী ও শবনম নাদীয়া-সহ আরও অনেক নতুন মেধার ঝলক দেখতে পাচ্ছি।
এদের মধ্যে ফারাহ গজনভী সম্পাদিত বাংলাদেশী নারী লেখকদের ইংরেজি গল্প নিয়ে সংকলন “লাইফ লাইন্স” ভারতের জুবান প্রকাশনা থেকে বেরিয়েছে গত নভেম্বরে। একই মাসে কাজী আনিসের “গুডনাইট মি. কিসিঞ্জার” নামক গল্পসংকলন বেরিয়েছে ইউপিএল থেকে। দুটো বই-ই গত বছর হে-ফেস্টিভালে উপস্থাপিত হয়। এদের মধ্যে অবশ্য একা কাজী আনিসের বইটাই ছিল কোনো বাংলাদেশীর একক রচনায় মৌলিক গল্পগ্রন্থ। এই লেখার মাধ্যমে আমরা বাংলাদেশীদের ইংরেজি লেখার মধ্যে নুতন মাত্রা ও পরিপক্বতার প্রমাণ পাই।
কাজী আনিসের “গুড নাইট মিস্টার কিসিঞ্জার এন্ড আদার স্টোরিস” ১৯০ পৃষ্ঠার একটি গল্প সংকলন যার নয়টি গল্পই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠেছে। নয়টি গল্পে আমরা দেখতে পাই ছোট্ট প্রাদেশিক শহর ঢাকা কিভাবে বিবর্তিত হয়ে আজকের মেট্রোপলিটন সিটিতে রূপান্তরিত হয়েছে। মানুষের জীবন-যাত্রার মানের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়েছে প্রকৃতি ও সমাজ-বাস্তবতা। নামগল্পে দেখতে পাই একাত্তরের যুদ্ধের শেষ হয়েও শেষ না হওয়ার এক অভিনব সমীকরণ। এই গল্পটি যুদ্ধে বাবা হারানো এক বাঙালি, যে কিনা এখন নিউ ইয়র্কে এক দামী রেস্টুরেন্টের ওয়েটার, তাকে ঘিরে। তার রেস্টুরেন্টে হেনরি কিসিঞ্জার খেতে আসলে ইতিহাসের শোধ-বোধের এক অভাবিত ধন্দে আক্রান্ত হয় এই নাগরিক। আমাদের মধ্যবিত্তের যাপিত জীবনের কড়চা “এলিফ্যান্ট রোড” গল্পে যেভাবে এসেছে, অনেক সমকালীন বাংলা লেখাতেও ঠিক এমন বাস্তবঘনিষ্ঠতা পাওয়া যায় না। এই গল্পে সদ্য চাকুরী হারানো এক লোক অনেকটা না ভেবেই এক যুবককে ফেলে দেন গণপিটুনীর কোপে। এই ঘটনা তাকে তাড়িত করে। একটি দোষ সারাতে গিয়ে তিনি পড়ে যান আরো নতুন জটিলতায়। “চামেলী” ও “লুজিং আয়েশা” গল্পে এসেছে তরুণ প্র্রেমর হৃদয়গ্রাহী বর্ণনা। “দ্য হ্যাপিয়েস্ট ডে অব হিজ লাইফ” গল্পে দেখা পাই কর্পোরেট সোপানে পা দেওয়া সদ্যোতীর্ণ উচ্চ মধ্যবিত্তের দোটানা। বহু বাঙালি দেশ ছাড়েন। কিন্তু “দ্য ইয়ার অব রিটার্নে” আমরা ঘর-ফেরা বাঙালির নিজ নগরে প্রবাসীতে পরিনত হওয়ার নতুনত্ব আবিষ্কার করি।
আর নতুনের কথা বলতে গেলে তো শেষ গল্প “অল মাই এনেমীজ”-এর কথা বলতেই হয়। আমাদের সাহিত্য-সিনেমায় উচ্চবর্গের মানুষ কেবল কেরিকেচার, অর্থাৎ হয় উদার ভালো মানুষ বা নিখাদ ভিলেন হিসেবেই এসেছে। কিন্তু কাজী আনিস তাদেরকে অন্য যেকোনো চরিত্রের মতই জটিল সামাজিক ও
মনস্তাত্ত্বিক জীব হিসেবে নিয়ে এসেছেন বাঙালি পাঠকের কাছে। এই গল্পে আমরা দেখা পাই ষাট বছর বয়েসী এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর, যিনি কিনা প্রাচুর্যের মধ্যেও নিত্য জর্জরিত থাকেন।
এই সংকলনের আরও দু’টি ভিন্ন মাত্রার গল্প ‘দ্য পোয়েট্রি অডিশন’ ও ‘রামকমলস গিফট’। দু’টোই সাহিত্য-তাড়িত মানুষদের কাহিনী। একটা কিশোর জীবনের প্রথম আবিষ্কার নিয়ে, দ্বিতীয়টি বয়স্কদের দূরারোগ্য বিকারের ব্যবচ্ছেদ। এই দু’টি গল্পে এবং অন্যত্র বিশ্বসাহিত্যের পাশাপাশি যে স্বাভাবিকতায় বাংলা সাহিত্যও কাটা-ছোঁড়া হয়েছে, তাই বলে দেয় যে এই বইটি ইংরেজিতে লেখা হলেও এর শিকড় এই সংস্কৃতি ও এই মাটিতে গভীরভাবে প্রোথিত।
বাংলাদেশীদের লেখা ইংরেজি বইয়ের সাথে “গুড নাইট মি. কিসিঞ্জার”-এর অন্যতম ও অভূতপূর্ব তফাৎ এখানেই যে কাজী আনিসের লেখা পড়লে মনে হয় তিনি বাংলাকে বুকে ধরেই ইংরেজি লিখেছেন। কেউ বাংলাকে এতটা ধারণ করে অন্য ভাষায় কেন লেখেন, এটা অনেকের কাছে তিরস্কারের বিষয় হতে পারে। কিন্তু সেধরনের গন্ডি বাঁধার দিন এখন শেষ। কোন বাঙালি ইংরেজিতে কেন লেখেন সেটা বিষয় নয়। প্রশ্ন: তিনি কেমন লেখেন? লেখা ভাষা-সাহিত্যের সর্বজনীন মানদন্ডে উৎরালো কিনা। বিজাতীয় ভাষার আবরণে কি এমন কোনো প্রকাশ সম্ভব হয়েছে যা হয়তো নিজ ভাষায় সংকোচের লেবাস ছাড়তে পারে না? এই সব বিচারেই কাজী আনিসের “গুড নাইট মি. কিসিঞ্জার” বাংলাদেশের সাহিত্যে-কি বাংলা, কি ইংরেজিতে- একটি উল্লেখযোগ্য সংযোজন।
