২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ কবিতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. মনির ইউসুফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:51 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

মাছ ধরা আমার পেশা

আমি তোমার ভেতর সাঁতরাতে থাকি
জন্মজেলে বলে নোনা সাগরের তীরে তীরে বাতাসের বেগ বাড়িয়ে দিই
আমার মাথার উপর দিয়ে বয়ে যায় অসংখ্য ঢেউ
অনেক জেলে মাছ ধরে আর গঞ্জে বিক্রি করে মাছ ধরা আমার পেশা
তা না হলে সংসার চলে না।
সংসার এক কঠিন বস্তু যার জন্য জল স্থল অন্তরীক্ষে
জীবনকে মূর্ত করে তুলতে হয়
অনেক সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য বানাতে হয়
জগত সংসার দিয়ে মোড়ানো ভাতের মোচা
লোভ হিংসা অহংকার দিয়ে মেখে খিচুড়ি বানিয়ে ফেলে
সাগরের শব্দেরা সে ভাষা ব্যক্ত করে আসছে বহুকাল
সমুদ্রের শব্দে আমি সাঁতার কাটি, সাগর কি তোমার বহুবর্ণিল বুক
আমি তোমার হাসিমাখা মুখ দেখতে চাই
শীতে ঠান্ডায় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত হয়েও
কাশতে কাশতে বুক ধুকপুক করলেও মাছ ধরতে আমাকে যেতে হয়
এ আমার পেশা তা না হলে সংসার চলে না
তা না হলে আমাদের উপোস থাকতে হয়, বলেছিতো
জগত সংসার দিয়ে মোড়ানো ভাতের মোচা

পাথর থেকে জ্বেলেছি আগুন

সাগর মাছের পৃথিবী সাগর গ্যাসের খনি চরে শুধু বালু
দিগন্ত নত হয়ে আছে তোমার বুকে
তোমার বুক মানে সৃষ্টির আদি রহস্য পান করে হাবিল
তোমার বুক মানে সৃষ্টির প্রথম পদক্ষেপ পান করে কাবিল

আমাকে কে বহন করে নিয়ে এল এতদূর কে বিস্তার করল বীজ
আমি শব্দ করে ডেকেছি তাকে নিরবে ডেকেছি তাকে
সে কি শুনেছে? দিগন্ত আলো করে সূর্য উঠেছে লাল
রঙ ছিনিনি তখনো তবে আমি বুঝেছিলাম এটা আরেক জগত

তখন থেকে আমি কল্পনা কে উড়িয়েছি দিগন্ত থেকে দিগন্তে
আমার বুকের ভেতর থেকে জন্ম দিয়েছি বিস্তারের রেখা
দিনকে গেথে দিয়েছি রাতে পাথর থেকে জ্বেলেছি আগুন।

কেন পৃথিবীকে এত গুরুত্ব দাও

ঝিনুকে লুকিয়ে থাকে মুক্তা তাকে খুঁজে মুক্তা শিকারী
কত স্রোত কত ঢেউ তার বুকে লাফায়
সে কি পায় মুক্তা!এ তবু তার নেশা দিনকে রাত বানিয়ে ফেলা
রাতকে দিন। নিরন্তর মুক্তা খুঁজা।
তোমার বুক এক বড় মুক্তা এক মায়াবী পাথর
পৃথিবী সে এক দীর্ঘ পথ নক্ষত্র অবধি সীমাহীন
এই পথ সফরে নেমেছি আমি।
তোমার বুকে সমুদ্র ঝড় তোমার বুকে নক্ষত্র ঝড়
উল্টে পাল্টে দিচ্ছে এই জগত
জগত কি তোমাকে দেখার আয়না। শব্দ করে ভেঙ্গে যায় তা
চূর্ণ হয় পৃথিবী।
কেন তুমি পৃথিবী ধরে রাখো কেন পৃথিবীকে এত গুরুত্ব দাও

আমার কোন গন্তব্য নেই

রিক্সা চালাচ্ছি ঘামে জব জব হয়ে গেছে পিঠ
একবার এ পেডল আরেকবার ও পেডল চাপ দিয়ে
চালিয়ে নিচ্ছি তিনচাকা।
দ্বীর্ঘশ্বাস ভারী হচ্ছে বাতাস । রিক্সা চালানোই পেশা
এ জীবন রিক্সার এ জীবন পেডলের স্বপ্নের গান ধরেছি
শব্দ ও সুরের জালে আটকে যাচ্ছে বাতাস।
পৃথিবী সাতবর প্রদক্ষিণ। মহাকাশচারী এ রিক্সাচালক।
ভাগ্যবান সাতটি দোজখ, ভাগ্যবান সাতটি দিন
ভাগ্যবান সাতটি তারার তিমির, তিমির হননে কে নেমেছে
ভাগ্যবান পরমানু বোমা বহুজাতিক সংঘ
এ ঘামের টাকা দিয়ে বহুজাতিক পন্য কিনতে হবে
খুচরা পন্য, শুনেছি খুচরা পন্যের দাম বেশি
সরকারকে ট্যাক্স দিতে হয় এ ঘামের ঠাকা থেকে
বহুজাতিক কোম্পানি গুলো লাভ শুষে নেয় এই ঘামের টাকা থেকে
অনেক চেষ্টা করেও তোমার আত্মার ভেতর ঢুকতে পারিনি
বহুজাতিক মানুষ গুলো কিভাবে ঢুকে কিভাবে তোমার ঠোঁটে অধর রাখে
তুমি ভ্রষ্টা নিজেকে চিনতে পারনি তুমি তন্দ্রা কুম্ভকর্ণ ঘুম ভাঙ্গেনি
কাল জেগে আছে, জেগে আছে তারা ভরা রাত
দিন নেই রাত নেই আমি পেডল ঘুরাচ্ছি আর মানুষদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি
দেখো,আমার নিজের কোন গন্তব্য নেই।

আমাদের শব্দটি যেদিন থেকে আমি হয়ে উঠল

আমরা অনেক ভালোবাসি আমাদের আমরা অনেক ঘৃণা করি অন্যদের
আমাদের শব্দটি যেদিন থেকে আমি হয়ে গেছে
সেদিন থেকে এ পৃথিবীতে শুরু হয়েছে খুন
সেদিন থেকে গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে জমি
সেদিন থেকে ভাগ হয়ে গেছে যার যার পুরুষ যার যার নারী
সেদিন থেকে দাসপ্রথা সেদিন থেকে জমিয়ে রাখার অনেক লোভ
সেদিন থেকে মহাজনী শুরু সেদিন থেকে ঘৃণা হিংসা
সেদিন থেকে জমা হতে থাকল অহংকারও
আমি শব্দটি আবার যেদিন আমাদের হয়ে উঠবে
সেদিন মানুষ আবার মিলিত হবে নারীর সঙ্গে
সেদিন আবার উৎসব হবে পূর্ণিমা জুড়ে
সেদিন আবার নৃত্য হবে নারী পুরুষের জৈবিক উচ্ছ্বাসে
নারী বলবে ভালোবাসবো পুরুষ বলবে ভালোবাসবো
ভালোবাসাই জগতের নিয়তি ভালোবাসাই হবে সমস্ত সত্যের জ্ঞান
আমি শব্দটি যেদিন আমাদের হয়ে উঠবে।

কোন রাষ্ট্র মানি না কোন সার্বভৌমত্ব মানি না

এক সময় ভাবতাম সমুদ্রের শক্তি ও সাহস, ঢেউয়ের দুরন্ত গতি নিয়ে
তুমুল আবেগে এগিয়ে যাবো। পৃথিবী হবে আমার মনের মত।
মনকে দেখিনি কখনো সে কেমন সাদা না কালো।
তবু মানুষ তার মনের মত সব কিছু চাই।
মায়াবী স্রোতে ভাসাতে চায় একটা জীবন, একটা পৃথিবী।

একটি মানবজন্ম নষ্ট করে ফেলে প্রেম আবেগ গতানুগতিক সময়ের বুক।
অদ্ভুত এই মানব জন্ম। ধর্ম দর্শন বিজ্ঞান রাষ্ট্র তাকে বন্দী করে ফেলে।
সে হয়ে যায় দাস। শ্রম বিক্রি করে আর গতর কাটায়।
চিন্তা তাকে মুক্তি দেয় না। দর্শন তাকে মুক্তি দেয় না।

আমি এসব গতানুগতিক জীবনকে ঘৃণা করি, এই বুর্জোয়া আবেগ,
আমিত্বের এই অহংকারকেও।
আমি আমার মত জীবনকে দেখবো, দু হাত মেলে উড়াবো গাঙচিলের ডানা,
উচ্ছ্বাসে ভাসাবো পৃথিবী
এইভাবে বড় হয়েছি, এইভাবে মরতেও চাই

সাম্রাজ্যবাদ আমাদের সব স্থাবর সম্পদ কেড়ে নিয়েছে
খুন করেছে দেশের সবচেয়ে গুরত্বপূর্ণ সন্তান, এখন কেড়ে নিচ্ছে মনের সৌন্দর্যও
কৌশলে কেড়ে নিচ্ছে মানুষের সৃষ্টিশীলতা
বুর্জোয়া বৈজ্ঞানিক আবিষ্কার গুলো খুন করেছে মানুষের হৃদয়,
মায়া, মমতা, রক্তের বন্ধন
আমি এখনো ভাবি সমুদ্রের শক্তি ও গতি নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে
বদলাতে হবে দুটি জগত। একটি মানুষের মন অন্যটি বাস্তব পৃথিবী
মায়াবী কোন অভিমানের কাছে নত হওয়া যাবে না
সার্বভৌম সমুদ্রের কাছেও না
আমি কোন রাষ্ট্র মানি না কোন সার্বভৌমত্বও মানিনা

আবার যখন আকাশ বির্দীণ হবে পারমানু বোমায়

আমার কালই মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে
আমার কালই সবচেয়ে বেশি মানুষের উৎকর্ষের স্বপ্ন দেখেছে
এই পতন ও উলম্ফনকে ধারন করে আমার কাল মুগ্ধ করে দিয়েছে
পৃথিবীকে, মানুষের সে বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে
আরও বিস্ময় নিয়ে বসে আছে আধুনিক সামারিক বিজ্ঞান
মানবিক থেকে পারমানবিক হয়ে উঠলো যখন পৃথিবী, তখন নামলো অন্ধকার
উচ্ছ্বাসের ভেতর বিচ্ছুরণের মাঝে অজস্র মৃত্যুকে বহন করলো
আমার কাল রক্তাত্ত হলো পারমানবিক বোমায় ক্ষত তৈরি করল পৃথিবীতে
মানবজাতি সবেেচয় বেশি অপমানিত হল আমার কালে

আবার যখন আকাশ বির্দীণ হবে পারমানু বোমায় তছনছ হবে পৃথিবী
আমি বাজাবো বাঁশি একমনে, মানবজাতির এই অপমান উড়িয়ে সুরের রেখায়
আবার মিলিত হবো ভবিষ্যতের পৃথিবীতে
পৃথিবী মানে ভালোবাসার তীর্থভূমি, পৃথিবী মানে নির্বাসন
পৃথিবী মানে অপমান, পারমানু বোমা আকাশ দখলের লক্ষ্যে
আরও নতুন অস্ত্রতৈরির মহড়া।

আধুনিক পৃথিবী অস্ত্র তৈরির কারখানা

পৃথিবী দীর্ঘ হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে
এক কূটকৌশল বন্ধ হলে আরও হাজার কূটকৌশল উন্মোচিত হয়
মানুষকে মারার জন্য জ্ঞান পোক্ত হচ্ছে নানান উচিলায়
কোথায় মানবতা সাম্য, বর্ষার মেঘগুলো ভারী হয়ে উঠে আধুনিক দুঃখে
বর্ষণের দুঃখ নারী ও পুরুষ, পৃথিবীতে হিংসার চাষাবাদ হয়
আমি এসব দুঃখ ভুলতে চেয়েছি চিন্তার ভেতর
চিন্তা নিয়ে আসে সময়ের জ্ঞান, শব্দ হয়ে উঠে আমাদের ইশ্বর
আমি শব্দের ভেতর দিয়ে ইশ্বরকে চিনতে শুরু করি
আধুনিকতার অভিঘাতে পৃথিবী জর্জরিত, দিশেহারা
পৃথিবী অস্ত্রের ভারে নুয়ে পড়ছে,
পাখি মারার জন্য সামন্য গুলতিই যথেষ্ট ছিল
মানুষ মারার জন্য এল এম জি থ্রি নট থি গ্রেনেড রিভলভার
পরমানুবোমা ড্রোন রোবট
তাতেও হল না আরো ভয়ংঙ্কও অস্ত্র চাই
আধুনিক পৃথিবী এখন নতুন নতুন অস্ত্র তৈরির কারখানা

তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল

জমি গুলো বুনে যাচ্ছে অনন্তের বীজ সময় সেলাই করছে অনেক সম্ভাবনা
তৃতীয় বিশ্ব যুদ্ধ কি শুরু হয়ে গেল
তাহলে মানুষের সমস্ত সম্ভাবনাই শেষ হয়ে যায়, সমস্ত অহংকারও
পৃথিবী অস্ত্রের ভারে দিশেহারা
পশ্চিম এসে হামলে পড়ে পূর্বে নিহত হয় অনেক মানুষ
পূর্ব শুধু প্রার্থনা করে অস্ত্রতৈরি করে না
যার হাতে অস্ত্র তারাই দখলে নেয় ধর্ম দর্শন জ্ঞান বিজ্ঞান
কৌশল কৌশল।
কৌশল শিখো পূর্ব। অস্ত্র তৈরি করো। জ্ঞানীদের জন্য যে নিদর্শন রয়েছে
জলে স্থলে অন্তরীক্ষে তা থেকে গ্রহন করো আর দান করো পৃথিবীকে
পৃথিবী শেষপ্রান্ত তোমার পৃথিবীর আদিপ্রান্তও তোমার
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে অনেক মানুষের মৃত্যুও নজরানা দেওয়ার আগে
পূর্ব একটি ভারসাম্য রক্ষা করো।
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা রোধ করতে পারবে না
তার পূর্বে মানুষের জন্য কিছু একটা করো, পৃথিবীকে আবার বাসযোগ্য করো

কথারা সাজাচ্ছে কাল

শৈশব দিয়ে এসেছি স্মৃতিও দিয়ে এসেছি কেন চাও বর্তমানও
আমার সকাল দুপুর সন্ধ্যা মিশে দিয়েছি তোমার ধমকাবিলে
আমি বসে থেকেছি আমি হেঁটেছি ক্লান্ত হয়েছি
বেড়ার ফাঁক দিয়ে তোমাকেও তোমার স্তন দেখেছি
তোমার বুকে তোমর মুখে আমাকে দেখেছি আমাকে এঁকেছি
সারারাত তোমাকে ভেবেছি
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি বাতাস মেখেছি রাত মেখেছি
আমার সময় বহন করেছে আমাকে আমার ভাবনা ও চিন্তাশীলতাকে
রাত বয়ে যাচ্ছে নিরবে কথারা সাজাচ্ছে কাল
শৈশব দিয়েছি বর্তমানও চাও কেন?
সময় আমাকে নিয়ে যেতে পারে না আগের সে সময়ে
শুধু দীর্ণ করে বুক। চেতনা শাণিত করে
আমাকে বহন করার শক্তি অতীতেরই ছিল বর্তমানেরও আছে
ভবিষ্যতের থাকবে না সে কথা বলতে পারি না।
আমার প্রিয় ধমকাবিল আবার তোমার বুকে ঘুড়ি উড়াবো
তোমার হু হু বাতাসে জাগরণের শব্দে পাখি হয়ে যাবো