স্মৃতিতে আহমদ ছফা
আমার জন্মস্থান ব্রাহ্মনবাড়িয়া হলেও শৈশবে কয়েক বছর ব্রাহ্মনবাড়িয়া অন্নদা সরকারী হাই স্কুলে পড়াশোনার পর বাবার চাকুরীর সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে এক সময় ঢাকায় স্থিত হই। তবে নিজ জন্মভূমি শহরের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ১৯৯১ সাল হতে ১৯৯৫ সাল পর্যন্ত পেশাগত কাজে ব্রাহ্মনবাড়িয়া শহরে নিজ বাড়িতে অবস্থান কালে ব্রাহ্মনবাড়িয়া সাহিত্য একাডেমীর বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হই।
ব্রাহ্মনবাড়িয়া সাহিত্য একাডেমী প্রতি বছর যে সকল সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তাতে দেশবরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়ার সুবাদে, এদেশের অনেক খ্যাতনামা কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগনের সাথে আমার পরিচিতি হওয়ার সুযোগ হয়।
১৯৯৪ সালের এমনি একটি অনুষ্ঠানে এদেশের প্রখ্যাত কথাশিল্পী, বুদ্ধিজীবী, আহমদ ছফার সাথে আমার পরিচয় হয়। সেই সুবাদে সাহিত্য একাডেমীর বিভিন্ন কাজে আমি ঢাকায় ছফা ভাইয়ের সাথে দেখা করি এবং প্রাসঙ্গিক বিষয়ে আলাপ- আলোচনা করার সুযোগ পাই। প্রথম পরিচয়ে আমি ভেবেছিলাম-আহমদ ছফা এতো বড় মাপের একজন ব্যক্তি, নিশ্চয়ই খুব ভাব-গম্ভীর ও রাশ-ভারী ধরণের কেউ হবেন। পরবর্তীতে কয়েকবার দেখা করার পর একান্তে আলাপচারিতায় বুঝতে পারলাম তিনি একজন অত্যন্ত প্রাণবন্ত, হাস্য-কৌতুক প্রিয় মানুষ—যা তাঁর জ্ঞান-গর্ভ আলোচনার সময় প্রকাশ পায়না।
১৯৬৪ ও ১৯৬৫, এই দুই বছর আহমদ ছফা ব্রাহ্মনবাড়িয়ায় ছিলেন। ষাট দশকের তাঁর সেই ব্রাহ্মনবাড়িয়ার স্মৃতিময় সময়গুলো স্মরণ করে “স্মৃতির শহর ব্রাহ্মনবাড়িয়া” নামে একটি লেখা নেয়ার জন্য আমি ছফা ভাইয়ের বাসায় গিয়েছিলাম ১৯৯৪ সালের মাঝামাঝি সময়। ছফা ভাই বলে যেতেন- আমি পাশে বসে লিখতাম। বলার ফাঁকে ফাঁকে তিনি রান্নার কাজ, দর্শনার্থীদের সাক্ষাৎ দিতেন। ছফা ভাই চিরকুমার ছিলেন বলে সব কাজ নিজেই দেখাশুনা করতেন। আমি মনে মনে একটু বিরক্ত বোধ করতাম। পরক্ষণেই ভাবতাম এতো ব্যাস্ততার মাঝেও ছফা ভাই আমাকে সময় দিচ্ছেন, এটা আমার সৌভাগ্য বইকি।
এর পরের বছর ব্রাহ্মবাড়িয়া সাহিত্য একাডেমীর যুগপূর্তি অনুষ্ঠানে যোগদান করতে আহমদ ছফা ব্রাহ্মনবাড়িয়া আসবেন। ঢাকা থেকে প্রথমে তিনি যাবেন আমাদের সাংবাদিক বন্ধু সালেহউদ্দিনের আমন্ত্রণে চুনারুঘাটের একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে। সে অনুষ্ঠানে আমিও আমন্ত্রিত হয়েছিলাম সঙ্গীত পরিবেশন করার জন্য। সেখান থেকে পরদিন তিনি আসবেন ব্রাহ্মনবাড়িয়ায়। স্বাভাবিক ভাবেই ব্রাহ্মনবাড়িয়া সাহিত্য একাডেমীর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল ছফা ভাই ও তাঁর সফরসঙ্গীদেরকে সাথে করে ব্রাহ্মনবাড়িয়ায় নিয়ে আসার। ঐ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন- সেই সময়ের “দৈনিক ভোরের কাগজ” পত্রিকার সাহিত্য সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বাংলা বাজার পত্রিকার সাহিত্য সম্পাদক ব্রাত্য রাইসু ও একই পত্রিকার হৈ চৈ পাতার সম্পাদক কবি রাজু আলাউদ্দিন। এরা সবাই আমার পূর্বপরিচিত, বন্ধুও বটে। তারিখটা ছিল ১৯৯৫ সালের ২৩ জানুয়ারী। ঐ দিন সকাল বেলা ছফা ভাই সহ আমরা পাঁচ জন চুনারুঘাট থেকে ব্রাক্ষনবাড়িয়া রওনা হলাম। বাসের জানলা দিয়ে চা-বাগান ও নানা বর্ণের গ্রামীন প্রাকৃতিক দৃশ্য দেখছি আর ছফা ভাইয়ের সাথে মজার মজার গল্প, হাসি তামাসায় মেতে উঠেছি। ছফা ভাই আমাদেরকে আড্ডায় এমনভাবে মাতিয়ে রেখেছিলেন আমরা বুঝতেও পারিনি তিন ঘণ্টার রাস্তা কী ভাবে শেষ হয়ে গেল।
ব্রাহ্মনবাড়িয়া শহরে পৌছে ছফা ভাই তাঁর অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ডাঃ ফরিদুল হুদার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। বেলা তখন প্রায় দুপুর ১২টা। পায়ে হেটেই রওনা দিলেন ডাক্তার সাহেবের চেম্বারের উদ্দেশ্যে। ছফা ভাই খুব ধুমপান করতেন। প্রায় তিন ঘণ্টা বাসে সিগারেট খেতে পারেননি। তাই বাস থেকে নেমেই একটা সিগারেটে “মুখাগ্নি” করে মনের সুখে টানতে টানতে ডাঃ ফরিদুল হুদার চেম্বারে ঢুকলেন। আমরা চার জন ছফা ভাইয়ের পিছনে। অমনি শুনতে পেলাম,“বের হও, বের হও, সিগারেট ফেলে আস” বলে ধমকাচ্ছেন- ছফা ভাইয়ের উদ্দেশ্যে। আমরা তো অবাক ! আহমদ ছফার মতো এমন একজন জাতীয় ব্যক্তিত্বকে এভাবে ধমকাচ্ছেন দেখে। কিন্তু ছফা ভাই ফরিদুল হুদাকে ভালভাবে জানতেন এবং শ্রদ্ধা করতেন। তাই কিছু মনে না করে রুম থেকে বের হয়ে হাতের সিগারেটের শেষ অংশটুকু বাইরে ফেলে এসে আবার ঢুকলেন এবং নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন। এবার তিনি হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করলেন এবং পুরোনো দিনের নানা স্মৃতি নিয়ে হাসি তামাসায় মেতে উঠলেন।
ডাঃ ফরিদুল হুদা ছিলেন অধুমপায়ী। ধুমপান বিরোধী একটি আান্দোলনও গড়ে তুলেছিলেন। বিভিন্ন সময় এ বিষয়ের উপর অনেক সভা সেমিনার করার কারণে সকলেই জানতো তিনি ধুমপান পছন্দ করেন না। ফলে তার সামনে কেউ এ কাজটি করতো না। ডাঃ ফরিদুল হুদার সঙ্গে বহু বছর ধরে যোগযোগ ছিলনা বলে ছফা ভাইয়ের হয়তো এ বিষয়টি জানা ছিলনা। এর পর ছফা ভাই ও সফরসঙ্গী তিন বন্ধুকে নিয়ে গেলাম আমাদের মুন্সেফ পাড়ার বাসায়- যা আগে থেকেই নির্ধারন করা ছিল। আমাদের বসত বাড়িটি শহরের ভিতর হলেও চার দেয়ালের ভিতরটা সুপরিসর এবং একটা গ্রামীন পরিবেশ ছিল। “আসামী পেটার্নের বাংলো” ঘরটির সামনে ফুলের বাগান, পাশে ছোট একটি পুকুর এবং চারদিক গাছ-গাছালি বেষ্টিত। আর একারণেই ছফা ভাই কোন অভিজাত হোটেল কক্ষ কিংবা সার্কিট হাউসের চাইতে এই পরিবেশটি বেশি পছন্দ করেছিলেন। বাসায় পৌছে চা চক্র শেষ করে পাশের পুকুরটি দেখার পর বললেন, নিজ হাতে পুকুর থেকে মাছ ধরবেন। সঙ্গী বন্ধুরাও সায় দিল। আর দেরি না করে জামা কাপড় পাল্টে লুঙ্গি/গামছা পড়ে নেমে পরলেন ঝাঁকি জাল নিয়ে পুকুরে। শীতকাল তাই পুকুরের মাঝখানে পানি কাঁধ পরিমাণ। ছফা ভাই ঝাঁকি জাল ছুঁড়ে মারলেন পানিতে আর আমরা চার জন পানিতে নেমে পা দিয়ে পরীক্ষা করতে লাগলাম জালের ভিতর বড় কী মাছ আটকা পড়লো। ছফা ভাই জালের রশি ছেড়ে দিয়ে পানিতে ডুব দিয়ে জালের ভিতর থেকে ধরে আনলেন বড় তেলাপিয়া আর রুই-কাতলের বাচ্চা।
পাঠক একটু কল্পনা করুনতো—পড়নে কর্দমাক্ত লুঙ্গি, কোমরে গামছা বাঁধা, সারা শরীর, চুল কাদা-পানিতে লেপ্টে থাকায় চেনার উপায় নেই লোকটিকে। তিনি হলেন এদেশের প্রখ্যাত সাহিত্যিক, বুদ্ধিজীবী, জাতীয় ব্যাক্তিত্ব , এদেশের সকলের প্রিয় আহমদ ছফা, আমাদের প্রিয় ছফা ভাই। আমরা বন্ধুরা তাঁর সাথে মাছ ধরায় এতোই উৎসুক এবং মত্ত ছিলাম-ভুলেই গিয়েছিলাম এই দৃশ্যটি ক্যামেরায় বন্দী করতে। আজ এজন্য নিজের উপর খুব রাগ হচ্ছে।
ছফা ভাইয়ের নিজ হাতে ধরা মাছ রান্না হলো। তৃপ্তি সহকারে খেয়ে কিছুক্ষণ বিশ্রামের পর চা খেয়ে আমরা রওনা হলাম সাহিত্যে একাডেমীর সেই অনুষ্ঠান স্থলে।
পরদিন ঢাকায় ছফা ভাইয়ের জরুরী কাজ থাকায় অনুষ্ঠান শেষে রাতের আপ্যায়নের পর ব্রাহ্মনবাড়িয়া সাহিত্য একাডেমীর কর্ণধার ব্রাহ্মনবাড়িয়ার সকলের প্রিয় ব্যক্তিত্ব, কবি জয়দুল হোসেন রাতের মধ্যে ছফা ভাইকে ঢাকায় পৌছানোর ব্যবস্থা করলেন।
এর কয়েক মাস পর আমার নব বিবাহিতা স্ত্রী ইভাকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় মাঝে মধ্যে ইভাকে নিয়ে আজিজ কো-অপারেটিভ মার্কেটে ছফা ভাইয়ের সঙ্গে দেখা করতাম। কয়েক দিনের মধ্যেই ইভা ছফা ভাইয়ের ভক্ত হয়ে পড়ে। ইভা বলতো এতো বড় মাপের একজন মানুষ এতটা নিরহংকার ও বন্ধুসুলভ হয় তা আমার জানা ছিলনা। তাঁর সঙ্গে কথা বলার সময় মনে হতো তিনি যেন আমাদের সমবয়সী,বন্ধু। এটাই ছফা ভাইয়ের বিশেষত্ব।
আজ ছফা ভাই নেই। এতো তাড়াতাড়ি তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন তা যদি বুঝতে পারতাম তবে তার সান্নিধ্যে আরো বেশী বেশী আসার চেষ্টা করতাম।
