২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মতাদর্শের বিরুদ্ধে মতাদর্শ দিয়েই লড়তে হবে, গায়ের জোরে নয়

হুজুররাই এখন হুজুরদের বিরুদ্ধে নানা কথা বলছেন। গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে কথা বলছেন মিজানুর রহমান আজহারী, আজহারীর বিরুদ্ধে তাহেরী। আজহারী হুজুরকে কাফের বলে গালি দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী! অথচ ইসলামে স্পষ্টভাবেই এক মুসলমানকে আরেক মুসলমানের কাফের বলা হারাম।

কামরুল আহসান কামরুল আহসান

Published : 24 Nov 2025, 11:36 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

অনিবার্য এক রক্তপাতের দিকে এগোচ্ছে বাংলাদেশ। যে-কতগুলো শক্তি এখন মুখোমুখি দাঁড়াচ্ছে, আর শক্তিগুলো প্রায় এত সমতুল্য, যে নিশ্চিতভাবেই বলা যায় এক পক্ষ আরেক পক্ষকে সম্পূর্ণভাবে বিনাশ করার আগ পর্যন্ত এই সংঘর্ষ চলতেই থাকবে। সংঘর্ষ আসলে এখনো তেমনভাবে শুরুই হয়নি। নির্বাচনের মুলা ঝুলছে রাজনৈতিক দলগুলোর সামনে; ফলে কিছুটা খাপ মেরে আছে। নির্বাচনের ফলাফল কী হবে আমরা যেমন জানি না, তেমনি হয়তো রাজনৈতিক দলগুলোও জানে না। নিরপেক্ষ নির্বাচন হবে, না কি মেটিকুলাশ ডিজাইন হবে কে জানে! 

ইসলামী দলগুলোর যেভাবে শক্তি বাড়ছে তাতে করে বিএনপিও হয়তো এখন ভয় পাচ্ছে। গণ-অভ্যুত্থানের পর বিএনপি বোধহয় ধরেই নিয়েছিল তারা বিনাবাঁধায় ক্ষমতায় এসে যাবে। এখন বোধহয় আর সেই অবস্থাটা নেই। আমরা তো দেখছি জামায়াতে ইসলামী কীভাবে সব দখল করে আছে। এর মধ্যে মাঠ দখল করেছে তৌহিদী জনতা। তারা কারা আমরা পরিস্কারভাবে জানি না। কয়েক দিন পর পর তারা রাস্তায় নেমে এর ফাঁসির দাবি তোলে, ওকে জবাই করার হুমকি দেয়। 

গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে । একের পর এক মাজার ভাঙ্গা হলো, তার কোনো সুষ্ঠ বিচার হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা গেলে এসব কিছুই হতো না। আজ অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এই সুযোগে পতিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তিও অনেকখানি নিজেকে গুছিয়ে নিয়েছে। গণ-অভ্যুত্থানের পর পর যেসব আওয়ামী-কর্মীরা ভয়ে জড়সড় হয়ে ছিল, কথা বলতে ভয় পেত, এখন তারাও দেখি হুটহাট মিছিল নিয়ে রাস্তায় নেমে যায়; নিরবতার বদলে তারা এখন যতটুকু পারছে গলা চড়াচ্ছে। এমন কি নরমপন্থী আওয়ামী লীগাররা ঘুরিয়ে-প্যাচিয়ে এও বলছেন যে, এই ধর্মীয় উগ্রবাদ ঠেকানোর একমাত্র উপায় শেখ হাসিনা! ফলে অনেকে এও সন্দেহ করছেন যে, জামায়াত ও তৌহিদী জনতা মূলত তলে তলে আওয়ামী লীগেরই উদ্দেশ্য বাস্তবায়ন করছে। 

আমরা জানি সমাজে কয়েকটা অল্টার ইগো থাকে; এক পক্ষ আরেক পক্ষের বিপরীত শক্তি হিসেবে কাজের মধ্য দিয়েই তারা বলীয়ান হয়। বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হচ্ছে, এখানে বেশ কয়েকটা শক্তি একসাথে কার্যকর; এবং বিভাজন রেখাগুলো এখন বেশ স্পষ্ট।

এই বিভাজন নতুন নয়। স্বাধীনতার পর থেকেই এগুলো বিদ্যমান। এতদিন নানা কারণে কেবল ধামাচাপা ছিল। এখন সুযোগ পেয়ে জেগে উঠছে। এটা হয়তো একদিকে ভালোই। তাতে করে অনেক কিছুর মীমাংসা হবে। দ্বন্দ্ব-বিরোধই সমাজকে এগিয়ে নিয়ে যায়। থিসিস-অ্যান্টি থিসিসের মধ্য দিয়ে একটা সিনথিসিস দাঁড়ায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এটা যতখানি না হবে তর্ক-বিতর্কের মধ্য দিয়ে, তার চেয়ে বেশি হবে রক্তপাত, হানাহানির মধ্য দিয়ে। 

বিপক্ষ মতাদর্শের সঙ্গে লড়াই-সংগ্রামের ইতিহাস পৃথিবীর অন্যান্য দেশেও ছিল; আছে; তাতে অনেক যুদ্ধ-হানাহানি-রক্তারক্তিও হয়েছে; কিন্তু, বাংলাদেশের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক হচ্ছে এখানে কেবল হানাহানিটুকু আছে; জ্ঞানচর্চার বালাই নেই। 

যে-প্রশ্ন দার্শনিকভাবে সমাধান হওয়া উচিত; সে-বিষয়টিকেও এখানে হাতাহাতির পর্যায়ে নিয়ে যায়। যেন জোর করেই সব দমানো যায়, সমাধান করা যায়। কিন্তু পৃথিবীর ইতিহাস ঘেটে দেখা গেছে এটা একেবারেই অসম্ভব। আজকের ইউরোপ কেবল যুদ্ধ আর হানাহানির মধ্যে দাঁড়িয়ে নেই, তারা দাঁড়িয়ে আছে বিশাল জ্ঞানরাজ্যের ওপর। ধর্মকে যে তারা রাষ্ট্র থেকে আলাদা করেছে, এতে করেই তারা সুষ্ঠ-সুন্দর-ধারাবাহিক গণতন্ত্র চর্চার মধ্যে ঢুকতে পেরেছে। ধর্মকে রাষ্ট্রের সাথে সংযুক্ত করে গণতন্ত্র তো দূরের কথা, রাষ্ট্রই গড়া সম্ভব না।

আধুনিক রাষ্ট্রের কিছু স্পষ্ট বৈশিষ্ট্য আছে: প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে, রাষ্ট্র চলবে মানুষের তৈরি আইনদ্বারা, রাজা বা ঈশ্বর-কর্তৃক আইনদ্বারা নয়; নাগরিকের অধিকার অক্ষুণ্ণ থাকবে; ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা-জবানের ওপর অপর ব্যক্তি-গোষ্ঠী তো দূরের কথা, রাষ্টও হস্তক্ষেপ করতে পারবে না। 

এখন যদি এ-বিষয়গুলো নিয়েই প্রশ্ন তোলা হয়, ধর্মের ভিত্তিতে কি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব? ধর্ম তো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মতবাদ, যার যার ধর্ম তার তার; কিন্তু রাষ্ট্রে তো বহু ধর্ম-মতাদর্শের মানুষ থাকে; তাদের ব্যাপারে কি কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র সঠিক ফয়সালা করতে পারবে? 

যেহেতু রাষ্ট্রে বহু মতাদর্শের লোক থাকে তাদের অনেক কথাই কোনো নির্দিষ্ট ধর্মের সাথে সংঘর্ষ বাঁধবে। এখন সংঘর্ষ বাঁধলেই কি তার ফাঁসির দাবি, জবাই করার দাবি তোলা যাবে?

আজকের বাংলাদেশে তো আমরা এটাই দেখছি। বহু মতাদর্শের এই দেশকে একই ইসলামের পতাকাতলে আনার চেষ্টা করা হচ্ছে। অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে এর মধ্যে, আক্রমণ চালানো হয়েছে অনেক বাউলদের বাড়িঘরে। সম্প্রতি প্রকাশ্যে দিবালোকে বাউলদের ওপর হামলা এবং তাদের জবাই করার দাবি তোলা সাম্প্রতিক কালের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা। যে যত বড় অপরাধই করুক, কাউকে জবাই করার দাবি নিয়ে কোনো সভ্য দেশে মিছিল চলতে পারে না। যদি সবই ইসলামের দাঁড়িপাল্লায় মাপা হয়, তাহলে এ দেশের অর্ধেক মানুষকেই জবাই করতে হবে। এমন কি যারা ইসলামের খাস ধ্বজাধারী তাদেরও বিভিন্ন যুক্তিতে ধর্ম-বিরোধী প্রমাণ করা সম্ভব। ব্যাখ্যা তো আর একটা নেই জগতে, বহুরকম ব্যাখ্যা। স্বয়ং ইসলাম ধর্মেরও ব্যাখ্যা কম না। সব ধর্মেই এটা আছে। ধর্মের গোঁড়ামিটা এখানেই যে কট্টর ধার্মিকরা আর কারো ব্যাখা শুনতে চায় না। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের কট্টরপন্থীদের বেলাতেই সত্য। তাই আধুনিক রাষ্ট্র ধর্মকে ব্যক্তিগত চর্চার মধ্যে রেখে রাষ্ট্র থেকে আলাদা করেছে। 

এখন বাংলাদেশে যে ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে উঠতে চাইছে তার ফল আসলে কী হবে? এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরেই ধার্মিক ছিল, কিন্তু ধর্মান্ধ ছিল না কোনো কালেই। ফলে তারা বিভিন্ন মত-পথকে লালন-পালন করেছে এক সাথে। হিন্দুর আরতি-কীর্তন শুনেছে মুসলমানেরা; আবার মুসলমানের পীরের দর্গায় গিয়ে হিন্দুরা সিন্নি দিয়েছে। তাই এই বাংলায় এক প্রকার সহজিয়া ধর্মমতের বিকাশ হয়েছিল। এই সহজিয়া ধর্মমতের মূল কথা ছিল, বাহ্যিক লোকাচারের বাইরে পরমের আত্মিক আরাধনা। পরমকে বন্ধুরূপে পাওয়াই ছিল এই সাধনার মূল কথা। 

পরম যেহেতু আর অপর নয়; শুধু সর্বশক্তিমান ভীতকর নন, বরং নিজেরই স্বরূপ- তাই সাধকগণ অনেক সময়ই এমন কথা বলেছেন যা সাধারণের বোধগম্য নয়। এই সাধকগণ এক সময় কেবল নিজের গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকতেন। আপন সাধন কথা তারা যথা-তথা বলতেন না। কিন্তু আজকের বাজারি দুনিয়ায় সবই ডালে-চালে খিঁচুরি হয়ে যাচ্ছে। 

মহারাজ আবুল সরকার খোদাকে নিয়ে যে-কথা বলেছেন তা সাধারণ ধর্মপ্রাণ মুসল্লির কাছে অপ্রীতিকর বটেই। তার চেয়ে বড় তার দীর্ঘ তর্কটি থেকে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এমনভাবে তৈরি করা হয়েছে যা তাকে ভুলভাবে উপস্থাপন করেছে। যদি তার পূর্ণ বক্তব্যটি শুনা হতো তাহলে এই ভুল বুঝার অবকাশ থাকতো না। বুঝাই যাচ্ছে যে তাকে ভুল বুঝাবার উদ্দেশ্যেই ওই অংশটিকে বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। এবং তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে।  কিন্তু তাই বলে আধুনিক রাষ্ট্রে তাঁর ফাঁসির দাবি উঠতে পারে না। খোদার সাথে বোঝাপড়াটা একান্তই তাঁর নিজের। এরকম ধরলে অনেককেই ধরা যাবে। অনেক মওলানাও ওয়াজের সময় এমন অনেক কথা বলেন যা যে-কোনো সাধারণ মানু্ষের পক্ষ থেকে আপত্তি উঠতে পারে না। হুজুররাই এখন হুজুরদের বিরুদ্ধে নানা কথা বলছেন। গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে কথা বলছেন মিজানুর রহমান আজহারী, আজহারীর বিরুদ্ধে তাহেরী। আজহারী হুজুরকে কাফের বলে গালি দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী! অথচ ইসলামে স্পষ্টভাবেই এক মুসলমানকে আরেক মুসলমানের কাফের বলা হারাম। এখন এর জন্য কি এনায়েতুল্লাহ আব্বাসীর ফাঁসির দাবি তুলেছেন কেউ? 

এখন এই যে আমাদের রাষ্ট্রে আজকে এত জটিলতা, এগুলো শুধু ধর্মবিশ্বাস, রাজনৈতিক লড়াই দিয়েই ঠিক করা যাবে না। এর জন্য দরকার প্রভূত জ্ঞানসাধনা। পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো এই অবস্থার মধ্য থেকে কীভাবে উত্তরণ ঘটিয়েছে সেগুলো জানাবোঝা। আমাদের সমস্যা হচ্ছে, আমরা এখনো সবই গায়ের জোরে সমাধান করতে চাই।