২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্বু-দ্বীপের সামুদ্রিক সংস্কৃতি

এভাবেই রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের হাজী আলী মাজার, মধ্য মুম্বাইয়ের হাজী মিস্রি মাজার, উত্তর মুম্বাইয়ের হাজী মালাং।

ইমন রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 04:02 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

মূল প্রবন্ধঃ দেবদত্ত পট্টনায়েক

অনুবাদঃ ইমন রায়

মুম্বাইয়ের ডুঙ্গি গুহা নিয়ে খুব কম লোকই জানেন যা এখন পানভেল পর্যন্ত নতুন নভি মুম্বাই এয়ারপোর্টের জন্য পথ করে দিয়েছে। এমনকি, বহু মুম্বাইবাসী জানেন না যে মুম্বাই বৌদ্ধ গুহায় পরিপূর্ণ (কানহারি, মহাকালি), যার মধ্যে কয়েকটি শিবের গুহায় পরিণত হয়েছে, যেমন ঘারাপুরি দ্বীপের এলিফান্টা গুহা। নতুন অটল সেতু পার হবার সময় এটি দেখা যায়। এগুলো বাণিজ্য ঘাঁটি ও বাজারকে চিহ্নিত করত। পশ্চিম আফ্রিকা ও মধ্য প্রাচ্য থেকে জাহাজগুলো এখানে বাণিজ্য করতে আসত, তাদের সাথে করে ঘোড়া নিয়ে এসে সুতি কাপড়ের বিনিময়ে বিক্রি করত। জাহাজগুলো উপকূল থেকে দূরে নোঙ্গর করত এবং ছোট নৌকায় করে খাঁড়ি, মোহনা ও নদীতে চলাচলের মাধ্যমে ভেতরের স্থলভাগে পথ তৈরি করে নিতো।

ভারতের দীর্ঘ উপকূলরেখায় মৌসুমী বায়ুর দেখা মিলে যা মধ্য প্রাচ্যকে (শ্বেত-দ্বীপ, সাদা দ্বীপ) ভারতের মধ্য দিয়ে (জম্বু-দ্বীপ, ভারতীয় কালো বড়ইয়ের দেশ) দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে (সুবর্ণ-দ্বীপ, স্বর্ণের দ্বীপ) যুক্ত করে সমুদ্রে একটি মহাসড়ক তৈরি করে। ইউরোপের বাষ্পীয় জাহাজগুলো আসার আগ পর্যন্ত আরব নাবিকরা বায়ু শক্তিকে বশীভূত করেছিলো। তাই মুম্বাইয়ের উপকূল জুড়ে আমরা অনেক সুফি সন্ন্যাসীর দরগা দেখি যারা পারস্য, আরব ও মিশর থেকে ভারতে এসেছিলেন। এভাবেই রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের হাজী আলী মাজার, মধ্য মুম্বাইয়ের হাজী মিস্রি মাজার, উত্তর মুম্বাইয়ের হাজী মালাং। সবকটা উপকূলীয়, পশ্চিম দিকবর্তী।

এখানকার বহু সম্প্রদায় মধ্য প্রাচ্য ও তার বাইরের মুসলমান, ইহুদী এবং খ্রিস্টানদের মধ্যে তাদের বংশধারার সন্ধান পেতে পারেন। কেরালাতে জামাতা ছিলো এক নাবিক যে মৌসুমী হাওয়ার সাথে এসে আবার চলে গিয়েছিলো। এটি মাতৃতান্ত্রিক বণিক সম্প্রদায়গুলোর জন্য ভালোভাবে কাজ করত। স্বামীরা যখন বাণিজ্য কাজে যেতেন তখন মহিলারা বাবা-মায়ের সাথে থাকতেন।

ভারতের পশ্চিম উপকূলের সংযোগ রয়েছে গুজরাটের বাহনবতীর মত দেবীদের সাথে, যিনি ঝড় তৈরি করতে পারেন, এবং রয়েছে পরশুরামের সাথে যার রক্তমাখা কুঠারের দরুণ সমুদ্র ভয়ে পিছিয়ে গিয়ে উপকূলকে উন্মোচিত করেছিলো। কাহিনী প্রচলিত আছে যে বণিক সম্প্রদায়গুলো মূলত ক্ষত্রিয় হয়েও রক্ষা পেয়েছিলেন যখন তারা পরশুরামের কাছে অস্ত্র ত্যাগ করে বাণিজ্য করার প্রতিজ্ঞা করেছিলেন।

জাহাজগুলোর পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে যাওয়া কঠিন ছিলো। শ্রীলংকা ঘুরে যাওয়া সহজ ছিলো না। স্থলপথে ভারতীয় উপমহাদেশ পাড়ি দেওয়া এবং তারপর পূর্ব উপকূল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়াতে সমুদ্র যাত্রা করা সহজতর ছিলো। গোদাবরী উপকূলে সহ্যাদ্রির মধ্য দিয়ে এবং কেরালার পালঘাট গিরিখাতের মধ্য দিয়ে একটি বাণিজ্য পথ ছিলো। দিল্লির সুলতানরা তুর্কি ঘোড়া নিয়ে যাওয়ায় আরবের ঘোড়া সমুদ্র পথে দক্ষিণ ভারতে এসেছিলো। পূর্ব উপকূল থেকে জাহাজগুলো জাভা দ্বীপে এবং তারপর ভিয়েতনামে ও চীনে যেত। পরবর্তী সময়ের জাহাজগুলো থাইল্যান্ড ও বার্মায় যেত।

মহাযান বৌদ্ধ ধর্ম কেন দক্ষিণ-পূর্ব এশিয়াতে বিস্তার লাভ করেছিলো তার ব্যাখ্যা দেয় এসকল বাণিজ্য পথ। এটি ঘটেছিলো ৫০০ খ্রিস্টাব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে। তারপর আমরা ১০০০ খ্রিস্টাব্দের পর একই পথে ইসলামের উত্থান দেখতে পাই। বার্মা, শ্রীলংকা ও থাইল্যান্ডে থেরোবাদ বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিলো এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রভাবকে রুখে দিয়েছিলো। এসব দেশে সাম্রাজ্যিক মোটিফে পরিণত হয়েছিলেন রাম। বুদ্ধ ও রাম একই রাজবংশের অংশীদার---ইক্ষ্বাকু (শ্রীলংকায় ওক্কাকা)। রাম ছিলেন আদর্শ রাজা। এসব দেশে মনু স্মৃতি আইন শাস্ত্রের ভূমিকা পালন করেছিলো। তাই যা কিছু উদ্ভূত হয়েছে তা হচ্ছে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের সংমিশ্রণ। এগুলো ছিলো শরিয়া অনুসরণকারী সুলতানদের থেকে একেবারেই ভিন্ন অনন্যসাধারণ রাজাদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পুরনো মণ্ডল রাষ্ট্র।

নাবিকরা ভ্রমণকালে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের কাছে প্রার্থনা করতেন। এটি ছিলো ব্রাহ্মণদের বিপরীত যারা সমুদ্র ভ্রমণকে নিষিদ্ধ করেছিলেন। হিন্দুদের অনেকে ব্রাহ্মণদের অগ্রাহ্য করে অব্রাহ্মণ গোছের হিন্দু ধর্ম অনুসরণ করতেন। তামিল নাড়ুতে শিব একজন লোকপ্রিয় দেবতায় পরিণত হলেন। চোল রাজারা ১০০০ খ্রিস্টাব্দের দিকে শিবের পথ অনুসরণ করেছিলেন এবং শ্রীলংকা ও ইন্দোনেশিয়ার বৌদ্ধদের প্রতাপকে চ্যালেঞ্জ করেছিলেন। মস্তকে অমিতাভ বুদ্ধ ও পাশে তারাকে বহন করা অবলোকিতেশ্বরের প্রতিকৃতিকে প্রায়ই শিবের সাথে গুলিয়ে ফেলা হয় যার মস্তকে ছিলো গঙ্গা ও পাশে ছিলো পার্বতী। আমরা মুম্বাই ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জে উভয়কে দেখতে পাই।

ভারতের উপকূল জুড়ে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জে আমরা মৌসুমী বায়ুর সাথে সম্পর্কিত উৎসব দেখতে পাই। মৌসুমী বায়ুর পূর্বে, অমাবস্যার পরে, দাক্ষিণাত্যের বাণিজ্য পথে উগাদি উদযাপন করা হয়। মৌসুমী বায়ুর পরে, পূর্ণিমায়, কোঙ্কণের জেলেরা নারালি পূর্ণিমা উদযাপন করেন। শীতের মৌসুমী বায়ুর শেষে, যা সকল স্থানীয় পুকুরকে পূর্ণ করে, তামিল নাড়ুর উপকূলে মাসি মাগাম উদযাপন করা হয় এবং মানুষ তাদেরকে স্মরণ করে যারা সমুদ্রে প্রাণ হারিয়েছিলো। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর অর্থ হচ্ছে জাহাজগুলো আগস্ট নাগাদ উড়িষ্যায় আসত এবং অক্টোবর নাগাদ চলে যেত। তাই আগস্টে বাড়িতে প্রত্যাবর্তনের জন্য নাবিক ভাইদের (খুদুরকুনি ওসা) কাছ থেকে মহিলাদের প্রার্থনা এবং কার্তিক পূর্ণিমায় বালি যাত্রার সময় মানুষের কাগজের নৌকা ভাসানোর ব্রত রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে ছিলো মার্চ মাসে বালির নিয়েপি বা নীরব উৎসব, এপ্রিল মাসে থাইল্যান্ডের সংক্রান উৎসব এবং থাইল্যান্ডের ডিসেম্বরের নৌকা উৎসব (লয় ক্রাতুং), যা কলিঙ্গ থেকে আগত জাহাজগুলোকে উদযাপন করত।