২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

না-লেখা দাস্তাম্বুর রাত

তারকাখচিত টগবগে মুশায়রা ঠগি আর বর্গির দখলে। বিবর্ণ মেহফিলে শুধু ঘৃণার উৎসব। শায়েরীর সুবাসিত পঙ্ক্তি নয়, দিল্লির রক্তাক্ত হৃদয় জুড়ে নৃত্য করে যূথবদ্ধ নাঙা তলোয়ার। বড়ো বিষাদময় এই মাটি। অনিঃশেষ তার রক্ততৃষ্ণা!

মিনার মনসুর মিনার মনসুর

Published : 21 Jan 2026, 10:49 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

একটি রক্তের মহাসাগর আমার চারপাশে ফুঁসছে, আফসোস! এটাই কি সব ছিল? ভবিষ্যতই বলবে, আমার সামনে আরও কী কী অপেক্ষা করছে।- মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব

সত্যিই তো আসাদ, সিংহশূন্য দিল্লিতে আপনিই ছিলেন একমাত্র সিংহ! দরোজার ওপারে তাই গুপ্তচরের সতর্ক পাহারা। চতুর্দিকে অবিরাম উদ্ধত অশ্বক্ষুরধ্বনি। কলমকে এত ভয়! মূর্খরা বলে, বণিকের হাতে রাজদণ্ড আর বানরের হাতে বল্লম- দুই-ই সমান। বানর কি বাণিজ্য বোঝে! বোঝে ক্ষমতার কূটচাল! যাক, মৃত্যুর আগে তৃতীয় কারাগারও দেখা হয়ে গেল তবে! 

বেনিয়া তো বিত্ত চেনে, শায়েরকে চেনে ক’জন? যারা চিনতেন- তারাও আজ লেহন করে ক্ষমতার পশ্চাদ্দেশ! শায়ের তো চির একা- নিঃসঙ্গ শেরপা। পকেট গড়ের মাঠ (তা’তে কী), নজর সে তো আরশসমান! আপনি, একমাত্র আপনিই জানেন, প্রকৃত কাতেল ওত পেতে আছে হৃৎপিণ্ডের নিচে। আলীবর্দীর দৌহিত্র- নাদান বালক- নসিবের ফেরে দেখে ফেলেছিল তার মুখ! বদনসিব জাফর, তামাম দুনিয়া ফিরিয়েছে মুখ, তবু তাঁর হতচ্ছাড়া শায়েরীর দিগন্তবিস্তৃত ছায়া বুক দিয়ে আগলে আছে তাঁকে। 

কী আর অবশিষ্ট আছে? দিল্লি সে তো এক পরিত্যক্ত শহর। খাস বাজার, উর্দু বাজার, খারাম-কা বাজার- সবই আজ ধূলির উদরে। বিধ্বস্ত হাভেলির নিচে কে আর্তনাদ করে? ইতিহাস? (আসাদ, কেবল আপনিই জানতেন) ওটা ইতিহাস নয়- মুখ থুবড়ে পড়ে আছে ভবিষ্যৎ। আপনার দুই হৃদয়-রতন- সোহবত আর মহব্বত নির্বাসিত। তারকাখচিত টগবগে মুশায়রা ঠগি আর বর্গির দখলে। বিবর্ণ মেহফিলে শুধু ঘৃণার উৎসব। শায়েরীর সুবাসিত পঙ্ক্তি নয়, দিল্লির রক্তাক্ত হৃদয় জুড়ে নৃত্য করে যূথবদ্ধ নাঙা তলোয়ার। বড়ো বিষাদময় এই মাটি। অনিঃশেষ তার রক্ততৃষ্ণা!

দিনলিপির দুর্বোধ্য আড়ালই কি একমাত্র ভরসা তবে? কে চায় দীর্ঘ হোক না-লেখা দাস্তাম্বুর রাত! টানেলের ওপারে কে হাত নাড়ে? আরও অন্ধকার?

ঢাকা\ ১৮ জানুয়ারি ২০২৬