ইসরাইল খানের ‘কবি নজরুলের অসুস্থতা – তর্ক-বিতর্ক ও দলিলপত্র’
সত্যিকার অর্থে কবিকে আন্তরিকভাবে ভালোবেসে যদি কেউ অর্থসাহায্য নিয়ে এগিয়ে এসে থাকেন তিনি হচ্ছেন বৃটিশ শাসিত বাংলা সরকারের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী। অথচ মুসলমান মূখ্যমন্ত্রী এ কে ফজলুল হক, সম্পাদক মওলানা আকরম খাঁ, এবং রাজনীতিবিদ খাজা নাজিমুদ্দিন বিদ্রোহী কবির সাহায্যের আবেদনকে অগ্রাহ্য করেছিলেন!
ইসরাইল খানের সাথে আমার পরিচয় ফেসবুকে বছর তিনেক আগে। সেখানে ছিটেফোঁটা লেখায় তাঁকে পরিশ্রমী এবং নিবিষ্ট গবেষক বলে বুঝতে পেরে অনুরাগী হিসাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। গ্রহণ করে তিনিও আমাকে বাধিত করেছিলেন। তেইশ সালের একুশে বইমেলা থেকে তাঁর মুসলিম সম্পাদিত ও প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা সংগ্রহ করিয়ে আনিয়েছিলাম। ইতিহাসবিমুখ বাঙালির জন্য এটি অসাধারণ এক আকর গ্রন্থ।
মধ্যযুগ থেকে ভারত বিভাগ পর্যন্ত সময়ে এই ভূখণ্ডে ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাগত প্রেক্ষাপট থেকে বৃটিশ শাসনের শেষ আঠারো বছর মুসলমানরা কী কী সাহিত্য রচনা ও চর্চা করেছেন তা নিয়ে দীর্ঘ ৮২ পৃষ্ঠার একটি অমূল্য আলোচনা সেই বইয়ের চুম্বক অংশ। এরপর তিনি এই সময়কালে মুসলমান সম্পাদিত মোট ৩১টি দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পত্রিকার উদাহরণসহ প্রতিটি পত্রিকার বিশেষত্ব নিয়ে পৃথক পৃথক আলোচনা করেছেন। কাজটিকে আমার কাছে এতোটাই পরিশ্রমলব্ধ মনে হয়েছে যে এর মতো দ্বিতীয় কিছু পড়েছি বলে মনে করতে পারলাম না।
মূলত এই শ্রদ্ধাবোধের কারণে একই লেখকের ২০২৪ সালে প্রকাশিত দুটি বই আনিয়েছি। প্রথমটি কবি নজরুলের অসুস্থতা – তর্ক-বিতর্ক ও দলিলপত্র এবং দ্বিতীয়টি নির্বাচিত বক্তব্য প্রবন্ধ সংকলন। দুটিই ঢাকার ইউপিএল থেকে প্রকাশিত। আজ প্রথম বইটি নিয়ে আলোচনা করবো।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মস্তিষ্ক বিকৃতি সিফিলিস নামে একটি যৌনরোগ দায়ী বলে যে প্রচারণা রয়েছে, তথ্য উপাত্ত ও যৌক্তিক বিশ্লেষণসহ এই বইতে তা মিথ্যা প্রমাণের চেষ্টা করা হয়েছে। ১৯৪২ সালের ৯ই জুলাই কলকাতা রেডিয়োতে রবীন্দ্র-স্মারণিক কবিতা পাঠকালে কবির মুখের ভাষা প্রথমে জড়িয়ে আসতে আসতে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল – এই তথ্যটিই বিদ্রোহী রণক্লান্ত বইয়ের লেখক গোলাম মুরশিদ এবং অন্যান্য জীবনীকাররা আমাদের জানিয়েছেন। কিন্তু রোগটির লক্ষণ যে সেই ঘটনার অন্ততঃ চার বছর আগেই ধরা পড়ছিল তা এই বই পাঠের আগে আমার জানা ছিল না। ইসরাইল খানের বিবেচনায় অর্থলিপ্সু প্রকাশক ও গ্রামোফোন কোম্পানির মালিকপক্ষ তা জেনেও চরম দারিদ্র্যে নিপতিত নজরুলের প্রতি ক্ষমাহীন অবহেলার পরিচয় দিয়েছিল। পরে উন্মাদ হয়ে যাওয়া কবির কথিত এক চিকিৎসকের মুখে রোগের কারণ হিসাবে সিফিলিস বলে কানকথা চাউর হয়ে গেলে কবির প্রকাশক এবং সমসাময়িক বিখ্যাত কিছু কবিও তাতে ইন্ধন জোগায়। ফলে এই যৌনরোগই অনেকের মনে বদ্ধমূল হয়ে যায়। ১৯৬২ সালে সপ্তম শ্রেণির ছাত্র থাকাকালে বড়দের মুখে আমিও তেমনি শুনে এসেছিলাম। রোগটির সাথে চারিত্রিক স্খলনের সংযোগ থাকায় কবির প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাবও দানা বাঁধতে থাকে।
কিন্তু আলোচিত বই অনুযায়ী কবি অসুস্থ হবার পর থেকে কলকাতা, রাঁচি, বিলাত এবং সুইজারল্যান্ডে চিকিৎসায় নিয়োজিত দেশ বিদেশের সবচেয়ে বিখ্যাত ডাক্তারদের রিপোর্টে কোথাও রোগটি সিফিলিস বলে অভিমত ব্যক্ত হয়নি। উন্নত চিকিৎসার জন্য কবিকে ১৯৫৩ সালে বিলাত পাঠানো হলে লন্ডনের খ্যাতনামা বিশেষজ্ঞরা বর্তমানে বহুল পরিচিত আলযহাইমার রোগ বলে মতামত দেন। উপরন্তু ১৯৫৪ সালে বিভিন্ন অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা করে সুইজারল্যান্ডের মস্তিষ্কের নিউরোলজির বিখ্যাৎ ডাক্তার হানস হফ রোগটিকে ‘পিক’স ডিজিস নামে অভিহিত করেছিলেন, যা লন্ডনের ডাক্তারদের অভিমতের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।
তা সত্ত্বেও অনেকের কাছে রোগটি সিফিলিস-জনিত ধারণাটি রয়েই গেছে। উদাহরণ স্বরূপ, ২০০৩ সাল থেকে দৈনিক ‘প্রথম আলো’য় কয়েকজন ডাক্তার-লেখকের অভিমত প্রকাশ পেতে থাকে। এই পরিপ্রেক্ষিতে গবেষক ইসরাইল খান নিজের দুটি প্রবন্ধসহ শেষ জীবনে নজরুলের অসুস্থতা সংক্রান্ত নির্ভরযোগ্য যতো মুদ্রিত তথ্য জানা আছে সেসব একত্র করে বইটি প্রকাশ করেছেন। সেদিক থেকে বইটিকে একটি আকর-গ্রন্থ হিসাবে বিবেচনা করতে হবে।
নজরুলের মস্তিষ্ক বিকৃতি সম্পর্কে বহুল বিতর্কটি সহসাই যে মীমাংসা হবার নয়, এই কথাটি মাথায় রেখেই বইটির সংকলক ও সম্পাদক ইসরাইল খান লিখেছেন ‘যে বইটি এখনও লেখা হয়নি যা লেখা দরকার – সে বইয়ের এটি সূচনা মাত্র’। তিনি এই আশাবাদও ব্যক্ত করেছেন যে ‘আমাদের সাহিত্য সমাজের যোগ্য কোনো ব্যক্তি অথবা বর্তমান-গ্রন্থের লেখক তা অচিরেই লিখবেন’।
নজরুলের এক বা একাধিক জীবনী অনেক আগে পড়া থাকলেও তা বিশেষভাবে মনে নেই। এই বইতে উদ্ধৃত কবি স্মৃতির লেখক আনোয়ারা বাহার চৌধুরীর পুত্র শ্রদ্ধেয় ইকবাল বাহার চৌধুরীর মুখে মাঝে মাঝেই নজরুলের জীবন নিয়ে আলোচনা শুনেছি ও আলোচনা করেছি। স্বনামধন্য লেখক মানবর্ধন পাল রচিত গ্রন্থোৎসর্গে নজরুল’ এবং ‘নজরুল বন্দনা’, এবং প্রয়াত সংগীতশিল্পী ডক্টর অনুপ ঘোষাল সম্পাদিত ‘রাগরঞ্জনী’র ‘কবি নজরুল শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ (আগস্ট, ২০০০) সংখ্যায় বেশ কয়েকটি লেখা থেকে নজরুল জীবনের বিভিন্ন দিক আমার জানা ছিল। সম্প্রতি পড়েছি বলে পূর্ণ জীবনী হিসাবে গোলাম মুরশিদ রচিত বিদ্রোহী রণক্লান্ত বইটির কথাই বেশি মনে আছে। প্রকাশের পর পরই এই বইটি মহল বিশেষের সমালোচনায় পড়ে। আমার কাছে বইটি রচনায় যথেষ্ট গবেষণা করা হয়েছে বলে মনে হয়নি যেমনটি লেখকের আশার ছলনে ভুলিতে করা হয়েছে – কথাটি কোভিডকালে এক যুম সম্মেলনে খোদ লেখককেই আমি বলেছিলাম।
এক্ষণে আলোচিত ইসরাইল খানের কবি নজরুলের অসুস্থতা বইতে নজরুলের সমসাময়িক অনেক বিখ্যাত লোকের সম্পর্কে এমন কিছু তথ্য পেয়েছি যা অবিশ্বাস্য মনে হয়েছে এবং আগে আর কোথাও পড়েছি বলে মনে পড়ে না। অবিশ্বাস্য মনে হলেও এতে দ্বিমত পোষণ করার অবকাশ খুবই কম। কারণ এই তথ্যগুলো এসেছে নজরুলের অসুস্থতা ও চিকিৎসার গোড়ার দিকের ঘটনাবলীর বিস্তারিত বিবরণসহ বর্তমানে দুস্প্রাপ্য কিছু লেখা। এর কিছু কিছু এখানে তুলে ধরার লোভ সম্বরণ করতে পারছি না।
মানবতায় বিশ্বাসী নজরুলকে মুসলমান বানাতে গিয়ে বাংলাদেশে একটি ধারণা সৃষ্টি করা হয়েছে যে ভারতের হিন্দুদের অসহযোগিতার ফলেই সময়মতো নজরুলের সুচিকিৎসা হয়নি। অথচ নজরুলের প্রথম জীবনীকার সুফি জুলফিকার হায়দারের লেখা থেকে ভিন্ন কথা জানতে পারি। সত্যিকার অর্থে কবিকে আন্তরিকভাবে ভালোবেসে যদি কেউ অর্থসাহায্য নিয়ে এগিয়ে এসে থাকেন তিনি হচ্ছেন বৃটিশ শাসিত বাংলা সরকারের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী। অথচ মুসলমান মূখ্যমন্ত্রী এ কে ফজলুল হক, সম্পাদক মওলানা আকরম খাঁ, এবং রাজনীতিবিদ খাজা নাজিমুদ্দিন বিদ্রোহী কবির সাহায্যের আবেদনকে অগ্রাহ্য করেছিলেন! শুধু তাই নয়, অসুস্থতার সংবাদ পেয়েই শ্যামাপ্রসাদ মুখার্জী নিজের পিতার স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব স্থগিত রেখে নজরুলকে দেখতে ছুটে গিয়েছিলেন, এবং চিকিৎসার ব্যায়ভার লাঘব করতে স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলেন। কাজেই হিন্দু ভারতে কবি নজরুল উপযুক্ত মর্যাদা পাননি, তা মোটেই গ্রহণযোগ্য নয়। তথ্যটি জানতে পারায় শ্রদ্ধায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এবং তাঁর হিন্দু মহাসভা দল সম্পর্কে জানার তীব্র আগ্রহ বোধ করছি।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর বিপরীতে নকসি কাঁথার মাঠ-খ্যাত পল্লীকবি জসীমউদ্দিন এবং কবি গোলাম মোস্তাফা অসুস্থ কবি নজরুলের এবং অর্থকষ্টে নিমজ্জিত তাঁর পরিবারের জীবন কষ্টতর করে তুলতে সমূহ ভূমিকা রেখেছিলেন। এই তথ্য থেকে স্পষ্ট হয় যে বিখ্যাত ও মহৎ ব্যক্তিরাও মানবিক দোষত্রুটি মুক্ত নন! নিজস্ব মেধায় খ্যাতির শীর্ষে পৌঁছার সমূহ সম্ভাবনা থাকলেও কোন হীনমন্যতাবশত তাঁরা জীবনে একটি বা দুটি অতি নিন্দনীয় কর্মে লিপ্ত হন তা মনোবিজ্ঞানীদের গবেষণার বিষয় হতে পারে।
নজরুলের অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কিত যে আটটি মূল রচনা বইতে সন্নিবেশিত হয়েছে তার মাঝে সওগাত সম্পাদক নাসিরুদ্দিন এবং বুদ্ধদেব বসু-পত্নী ও সংগীতশিল্পী প্রতিভা বসুর স্মৃতিচারণগুলো একই সাথে সুখপাঠ্য ও তথ্যবহুল। অন্যান্য লেখকদের সাথে নজরুলের সম্পর্ক কি ছিল তা উল্লেখ থাকলে আমার মতো স্বল্প জ্ঞান পাঠকের জন্য ভালো হতো।
