কথায় কথায়-৪
ডারউইনের বিবর্তনবাদ কি আজো ক্রিয়াশীল? নতুন কোনো প্রজাতির পোকা কি জন্মাল?
বিকল্প
শীতে পরিযায়ী পাখি কমছে। বেড়ে যাচ্ছে সেমিনারজীবীর সংখ্যা।
(১৩ ডিসেম্বর ২০১৬)
হাওয়া
বিকেলে কোত্থেকে একটা হাওয়া ঢুকে পড়েছে শহরে। কীরকম যেন ঠান্ডা। অনেক কাজ জমে-জমে পাহাড়। সেই পাহাড়প্রমাণ কাজের তলায় জাপটে ধরে আছে আলস্য। আর শীত। যেন দুই যমজ ভাই আর বোন। কী করি?
(১৩ ডিসেম্বর ২০১৬)
ঘর-প্রান্তর
সেটা ১৯৯৮ সাল। দিল্লিতে বঙ্গভবনের ক্যান্টিন থেকে খেয়ে বেরিয়ে আসছি, লম্বা আর ছিপছিপে এক তরুণ আচমকা পেছন থেকে ডেকে উঠল— একরামদা না?
চেনা-চেনা। নাম মনে পড়ছে না। যেমন নিভন্ত সিগারেট টেনে ধোঁয়া না-পাওয়া গেলেও দু-চারবার টানতে ইচ্ছে হয়, তেমনই তাঁর মুখের দিকে তাকিয়ে আছি। মনে পড়ে যাবে নিশ্চয়। আশপাশে চলমান ভিড়ের মাঝে সংশয়ে থাকতে হয়নি বেশিক্ষণ। ছেঁড়া–ছেঁড়া উত্তর এল-- আমি অরিন্দম। চক্রবর্তী। সেই যে পুরুলিয়া গেলেন। ছাতিমতলার বন্ধুদের সঙ্গে আড্ডা। নির্মলদা। হালদার। মনে পড়ছে? কত কবিতা।
পড়ল। দু-একটা কথা। একা থাকে। খাওয়াদাওয়ার ঠিকঠিকানা নেই। তাই রাতে মাঝে মাঝে এখানে আসা একটু মাছ-ভাতের টানে। এবং সেইসঙ্গে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ-- চলুন।
সঙ্গ নিলাম তার। অল ইন্ডিয়া রেডিয়োতে ইংরেজি খবর পড়ার চাকরিসূত্রে দিল্লিতে। শুনেই মনে পড়ল কবেকার সেই গমগমে গলা— ‘দিস ইজ অল ইন্ডিয়া রেডিয়ো। হিয়ার ইজ দ্য নিউজ রিড বায় সুরজিৎ সেন।‘
এখন তাহলে অরিন্দম চক্রবর্তী?
রাত সাড়ে ন-টা পেরিয়ে যাচ্ছে। প্রকাণ্ড সব গাছের তলা দিয়ে দিল্লির নির্জন রাস্তায় হাঁটছি আমরা দু-জন। নানা কথা। ফুরোবার আগেই কয়েকটা বহুতল। সেগুলোরই একটার গলিতে ঢুকে বলল—আসুন।
উঠলাম কি সাততলায়? মনে পড়ছে না। ছোট্ট অ্যাপার্টমেন্ট। একা থাকে। কিন্তু তিলধারণের জায়গা থাকলেও দ্বিতীয়জনের থাকা অসম্ভব। সিঙ্গল খাটে ফুটদুয়েক ফালি জায়গা রেখে চারিদিকে স্তূপীকৃত বই আর বই। চেয়ারে। সোফায়। টেবিলে একটা গ্লাস রাখারও জায়গা চোখে পড়ল না। উঁচু হয়ে উঠে গেছে থাক-থাক বই। খাটের সেই ফালিতে বসে সিগারেট ধরাই দুজনে। আর তখনই চোখে পড়ে ঘরের দেওয়ালগুলো। কোথাও এতটুকু ফাঁক নেই— অজস্র কবিতার পঙক্তির আঁচড়ে জ্বলজ্বল করছিল চারপাশের দেওয়াল। সবই বাংলা। মনে পড়েছিল মুক্তারামবাবু স্ট্রিটের মেসে শিবরাম চক্রবর্তীর অজস্র ঠিকানা লেখা দেওয়ালগুলোর কথা। অনেক লেখার ছিল হয়তো অরিন্দমের, তাই অক্ষরগুলো ছোটো হয়ে গেছে কোথাও। কোনো কোনো পঙক্তি কাছে গিয়ে পড়তে হচ্ছিল। চেয়ারে বসলে— বসা যাবে না যদিও-- টেবিল-লাগোয়া যে-দেওয়ালে চোখ পড়বেই, সেখানে ঘষে ঘষে মোটা করে লেখা— ‘আর সবই গঙ্গার কবিতা, কেবল এইটে যমুনার।‘ মনে না পড়ে উপায় ছিল না মূর্খ বড়ো, সামাজিক নয় বইয়ের সেই ‘গঙ্গা-যমুনা’ কবিতার আরেকটি পঙক্তি— ‘আর সবই শহরের কবিতা, কেবল এইটে প্রান্তরের।‘
রাজধানী শহরের গুঁতোয় হাঁপিয়ে উঠছিল কি অরিন্দম? প্রান্তর খুঁজছিল?
পা ছড়িয়ে বসেছিল সে। দূর বিভুঁয়ে থাকা পুরুলিয়ার তরুণটিকে দেখে মনে হল, কিছু-একটা খুঁজছে সে, যাকে রোজ স্টুডিয়োতে বসে গলা ফুলিয়ে আউড়াতে হয়— দিস ইজ অল ইন্ডিয়া রেডিয়ো। হিয়ার ইজ দ্য নিউজ রিড বায় অরিন্দম চক্রবর্তী।
সেই অরিন্দম এখন কোথায়, জানি না। কোনো প্রান্তর খুঁজে পেয়েছে কি, বা, কবিতা তাকে আজো চারপাশ থেকে বেষ্টন করে আছে কিনা। সে-যে জেনে ফেলেছিল, ‘আর সবই গঙ্গার কবিতা, কেবল এইটে যমুনার।‘
(১৬ ডিসেম্বর ২০১৬)
সামাসকৃৎ
অনেকটা পথ বাংলার পালটা হিন্দি শোনার পর ড্রাইভারটির কাছে জানতে চাই, কলকাতায় কত বছর ট্যাক্সি চালাচ্ছেন।
বউবাজার পেরোচ্ছি। ড্রাইভারের চোখ উইন্ডস্ক্রিনে| শুনি--- বাইশ বরস।
বাইশ বছর একটা শহরে ট্যাক্সি চালিয়ে তার ভাষা শিখতে পারলেন না!
তাঁর সবিনয় উত্তর (বাড়ির দেওয়ালে পেচ্ছাব করার পর ধ্যাঁতানি খেলে যেমন উত্তর মেলে--- ক্যা করেগা বাবু, গরিব আদমি হুঁ!) ছিল--- বাংলা বহোত শখত ভাষা হৈ বাবু, সামাসকৃৎ য্যায়সা!
(১৭ ডিসেম্বর ১৯১৬)
ওরিয়েন্টালিজম!
হান্টিংটনের ‘দ্য ক্লাস অফ সিভিলাইজেশন’। নিতান্তই হালকা চালের বই। তবে মোদ্দা একটা কথা উঠে এসেছে বইটি থেকে-- প্রাচ্যকে জয় করতে পারেনি পশ্চিমারা।
সত্যিই, কত যে অস্ত্র ছিল তাদের হাতে! কূট বুদ্ধি, সমুদ্রকে জয় করবার মতো সাহস আর জাহাজ, লড়কে লেঙ্গে মানসিকতা, নিয়মনিষ্ঠা, গাত্রবর্ণ, উপনিবেশ, ধর্ম, পৃথক জীবনচর্চা, সাহিত্য, ভাষা— আরো কত কিছু। ভাষা আর সাহিত্য ছাড়া সব ভূত হয়ে গেছে।
আজ বিকেলে মোড়ে গিয়ে দেখি, ফুটে আনকোরা এক পানদোকান। সে কী, সকালেও তো ছিল না! একজন পান কিনে মুখে দিতেই আন্দাজ করি, এক ধ্যাবড়া পিক সে ফেলবেই কাছাকাছি কোথাও।
(১৯ ডিসেম্বর ২০১৬)
ভাবতে হবে
ইচ্ছামৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু প্রাণের কাছাকাছি পৌঁছতে পারে কি?
(২৩ ডিসেম্বর ২০১৬)
একটি বই থেকে
হিজরি ১১ সনে (৬৩২ খ্রিস্টাব্দ) পরমাসুন্দরী আয়েশা যখন বিধবা হন, বয়স ১৬/১৭। বলা হয়, তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রিয় স্ত্রী। লেখক আলি দস্তি জানাচ্ছেন-- উম্মে শারিক নামে এক রূপসী মহিলা নবির কাছে নিজেকে সমর্পণ করতে চাইলে নবি তাঁকে বিবাহ করেন। ঘটনাটিতে আয়েশা ঈর্ষান্বিত হন। এই সময়েই অবতীর্ণ হয় সুরা আজহাব। তার ৫০ নম্বর আয়াতের শেষটি এরকম— ‘কোনো বিশ্বাসী নারী নবির কাছে নিজেকে নিবেদন করলে আর নবি তাকে বিয়ে করে বৈধ করতে চাইলে সেও বৈধ।‘ এরই প্রেক্ষিতে আয়েশা নাকি কুপিত হয়ে বলেছিলেন-- আপনার প্রভু আপনার ইচ্ছাকে অনুমোদন দিয়ে ওহি পাঠাতে খুব একটা বিলম্ব করেন না, তা তো দেখতেই পাচ্ছি!
(২৭ ডিসেম্বর ২০১৬)
ডাউনলোড
তিন বছরের নাতনি মায়ের দেওয়া চকোলেট হাতে ধরিয়ে বলল-- ছিঁড়ে দাও প্লিজ। ডাউনলোড করা আছে। কুইক। ওয়ান পিস।
(১০ জানুয়ারি ২০১৭)
রাজবল্লভী সুইটসে সিসেরো
সকালবেলা। পাড়ার রাজবল্লভী সুইটসে গেছি। এক প্রাচীন ভদ্রলোক দরকারি সব মিষ্টি কেনার পর পকেট থেকে টাকা বের করতে করতে বললেন (কাকে, কে জানে!)— সিসেরো নামে একটা লোক ছিল, বুঝলে। রোমান সেনেটর। খুব জ্ঞানী। সে বলত-- এই যে চারাগাছটা লাগাচ্ছি, এটা আমার জন্যে নয়। পরের প্রজন্মের জন্যে। আমারও মিষ্টি কেনাটা ওই রকম। নিজের জন্যে নয়। বাড়ির ফ্রিজটার জন্যে।
যাওয়ার সময় সিঁড়িতে পা রেখে থেমে-থেমে তাঁর স্বগতোক্তি, যেন আরেক বার ঝালিয়ে নেওয়া— মার্কুইস টুলিয়াস সিসেরো।
সামনের ফাঁকা রাস্তাটা ততক্ষণে পাথরে বাঁধানো। দু-দিকের সারবন্দি ইমারত গোলাকার, সুউচ্চ স্তম্ভশোভিত। ছাতার তলায় তিনি হেঁটে যাচ্ছেন। হাতে মিষ্টি।
(১২ জানুয়ারি ২০১৭)
লাজুক কবিতা
মাঝে মাঝে এমন প্রশ্নের মুখোমুখি পড়ি— অমুকের কবিতা কেমন লাগে? প্রশ্নকর্তা কখনো সমবয়স্ক এবং নিজেই লোকপ্রিয় কবি। যাঁর কবিতা সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে, কখনো-বা তিনি আমাদের দু-জনেরই বন্ধু। হতেও পারে, প্রশ্নকর্তার বেশি ঘনিষ্ঠ।
কোন অন্ধকার থেকে এমন প্রশ্ন আসে, ভাবি। নক্ষত্রের কোন দুর্বলতা থেকে!
অমরত্বলোভী বোর্হেসের সেই লেখাটি আবার পড়ি, যেটি তিনি কাব্যাকারে লিখেছিলেন ‘গ্রেট-গ্র্যান্ডফাদারে’র উদ্দেশে—
‘His valor passed beyond the Andes.
He fought against mountains and armies.
Audacity was a habit with his sword.
At junin he put a lucky end to the fight
And gave Spanish blood to Peruvian lances.
He wrote his roll of deeds
In prose inflexible as battlesinging trumpets.
He died walled in by implacable exile.
Now he is a handful of dust and glory.’
(২ ফেব্রুয়ারি ২০১৭)
ইভোলিউশন
প্রচণ্ড গরম। সন্ধ্যে হব-হব। মাথার ওপর গরম হাওয়া ছড়িয়ে পাখাটা ঘুরছে যখন, একই তালে চ্যাঁ-চ্যাঁ করে শব্দ হয়েই যাচ্ছে। গ্রামে কম থাকা হয় বলে বহুদিন তেলানো হয়নি। নিশ্চয় পাখাটারই কিছু গোলমাল। সারাতে হবে। পরশু কলকাতা ফেরার কথা। তার মানে, লালনকে বলতে হবে, কাল রাতে যেন পাখাটা খুলে নিয়ে যায়। সারিয়ে রেখে দেবে। এসব যখন ভাবছি, একঘেয়ে চ্যাঁ-চ্যাঁ শব্দটা হয়েই যাচ্ছে। উঠে বন্ধ করে দিই। পাখা বন্ধ হলেও একঘেয়ে, যান্ত্রিক, চ্যাঁ-চ্যাঁ শব্দটা কিন্তু থামল না। আশ্চর্য! গোটা একতলাটা ঘুরে-ঘুরে আবিষ্কার করতে হল, শব্দটা যান্ত্রিক হলেও মানুষের তৈরি যন্ত্রের নয়। কোনো পোকার, যেটা আমার অচেনা।
ডারউইনের বিবর্তনবাদ কি আজো ক্রিয়াশীল? নতুন কোনো প্রজাতির পোকা কি জন্মাল?
(৭ এপ্রিল ২০১৭)
গ্রামের ভোর
ভোর পাঁচটা কুড়ি। এরই মধ্যে সূর্য যে উঠে গেছে, তার জানান দিতে জানলার কোণে একটুখানি রোদ। নারকোল গাছের মাথায় তারই লাল। পুরনো গোয়ালঘরের চালে একটা ঘুঘু এসে বসেছে। জঙ্গল থেকে নয়, উঠোনের আম গাছ থেকে। যেন বিছানা ছেড়ে বারান্দায় এসে একটু বসল। ওপাশে নতুনপুকুরের গাছগুলোয় পাখপাখালির কলরব।
কিন্তু ঘুঘুর মতো সুন্দর আর নরম একটা পাখি কেন যে বাঙালির লোকবিশ্বাসে খারাপ হয়ে গেল! পেলব আর মিষ্টি-ধূসর রঙ, মাথায় তুলির টানের অতি অল্প গাঢ়তা, ডানাদুটি আরেকটু গাঢ়। ঘাড়ে সরু আর উজ্জ্বল কালো রেখা। দেখে মনে হয়, পায়রারই তুতোভাই। ওদের ওড়াওড়ি দেখে বাংলার এ-অঞ্চলের হারিয়ে যাওয়া অরণ্যানীর কথা মনে পড়ে। যখনই গাঁয়ে আসি, উঠোনের আম গাছ দুটোতে দেখতে পাই। থাকি না বলে কি আমাদের ভিটেয় ঘুঘু চরছে?
(৮ এপ্রিল ২০১৭)
ফেরা
কাল বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। উঠতে হবে ভোর সাড়ে চারটেয়। সমস্ত জানলা দরজা সাটার দেখে নিতে হবে। ভালো করে দেখতে হবে সুইচবোর্ডগুলো। গতবারও এসেছিলাম একা। ফিরে দেখি, সিঁড়ির আলোটা জ্বলছে। এবং প্রায় দিন কুড়ি ধরে। এবার হল না, পরের বার এসে আম গাছে ভিমরুলের মস্তো চাক কাউকে ডেকে ভাঙতেই হবে।
আবার কলকাতা। বেলা এগারোটা থেকে আবার মোবাইলের নেটওয়ার্ক একপায়ে খাড়া। শোনো, অমুক কী বলেছে জানো তোমার সম্বন্ধে?
পারা যায় না আর। কে জানতে চাইছে? অন্তত আমি তো চাইনি। আমি জানি, কেউ আমার সম্বন্ধে কোনো কথা-- খারাপ বা ভালো-- বলতে পারেন না। আমি হচ্ছি সে-ই, অনেক দিন আগের কেনা শার্টের ভেতরের প্লিটে আটকে-থাকা বাড়তি বোতামটি। শেষ পর্যন্ত থেকে গেছে। কাজে লাগেনি।
এতোটা অর্জন একজীবনে কি কম?
(১০ এপ্রিল ২০১৭)
প্রথম বকখালি
উনিশশো ছিয়াত্তর সাল। নামখানা থেকে হাতানিয়া-দোয়ানিয়ার খেয়া পেরিয়ে ফের বাস। বাস থেকে নেমে হাঁটা। অবশেষে চোখে পড়ল চমৎকার একটি কাঠের বাড়ি। পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিস্ট লজ। কিন্তু ঘর খালি নেই। নেই মানে গোটা বকখালিতে আর থাকার জায়গা নেই। শুধু প্রলম্বিত ঝাউবন। সন্ধে ফুরিয়ে অন্ধকার ততক্ষণে গাঢ় হয়ে এসেছে। আমরা গুটিচারেক প্রাণী। (ছিলাম অবশ্য তিনজন, ডায়মন্ড হারবার পেরিয়ে নয়ানজুলি থেকে ঝড়েশ্বর—মানে, চট্টোপাধ্যায়-- হু-হু বাসে আমাদের দেখতে পেয়ে জানায়, সে-ও আসছে।) কিন্তু আমাদের কারো উদবেগ নেই। হয়ে যাবে কিছু একটা। ওই যাকে বলে ব্যবস্থা।
হলও। ট্যুরিস্ট লজের গোলগাল ম্যানেজার, পাজামা-পাঞ্জাবি, ঠোঁটের সিগারেট হাতে নিয়ে পাশের টানা দরমার চালা দেখালেন। নড়বড়ে। ওটাই লজের কিচেন-কাম-ডাইনিং। চেয়ার-টেবিল পাতা। বেঞ্চও আছে দু-একটা। যদি পারি, রাতটা ওখানে কাটানো যায়।
যাবে না কেন! একটা মাত্র রাত। সকালে তো ব্যবস্থা হবেই।
গিয়ে দেখি, চালায় একটা অনর্গল ঘরও রয়েছে। ঢুকতেই চোখে পড়ে তাকে। বনের হরিণকে। টর্চের আলোয় সে সচকিত। ম্যানেজার জানান, দিনকয়েক আগে পথ ভুলে চলে এসেছিল। হয়তো-বা বাঘের তাড়া খেয়ে! বনদপ্তরে খবর দেওয়া হয়েছে। আপাতত এখানকার বাসিন্দা।
হরিণের সঙ্গে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা, গান, হইহই। একসময় ক্লান্ত হয়ে হরিণের পাশেই ঘুমিয়ে পড়ি। একেকজন একেকটা বেঞ্চে। ভোরে উঠে দেখি, তিনটে বেঞ্চই ফাঁকা। কোথায় ওরা? নির্ঘাত সমুদ্রে। সেটা কোথায়? বাইরে জনপ্রাণী নেই। সঙ্গী বলতে সেই শরণার্থী হরিণটি। বেরিয়ে যাই।
শনশন হাওয়া। নিম-অন্ধকারে ঝাউবন শিরশির করছে। হাওয়া যেদিক থেকে আসছে, সেইদিকে যাওয়ার সরু একটা বনপথ চোখে পড়ে। পায়ে-পায়ে বালি। বুনো লতা। আঁকাবাঁকা। ঘন ঝাউবনের গুঁড়িপথকে বারবার বেঁকিয়ে দিচ্ছে। একসময় পথ উঠতে থাকে। আন্দাজ করি, সামনে উঁচু বাঁধ। তখনো সূর্য উঠতে দেরি। বুনো ফুলের লাল রঙ স্পষ্ট হতে শুরু করেছে মাত্র। চারদিক শুনশান। শুধু ধেয়ে আসছে টানা গর্জন আর হাওয়া, যা ঝড়ের চেয়ে একমাত্রা কম।
কখন যে আমার চোখ বাঁধের উচ্চতাকে ছাড়িয়ে গেছে, কখন যে বিশাল এক সেভেন্টি এম এম পর্দায় চোখ আটকে গেছে আমার, জানি না। সামনে তরঙ্গসঙ্কুল অপার জলরাশি। তার সামনে বারান্দার মতো টানা ধু ধু বালিয়াড়ি। বাঁদিকে বেঁকে চোখের আড়ালে চলে গেছে। প্রথম দর্শনে বুক না কেঁপে পারে না।
তীরে নামি। যেখানেই পা ফেলি, পিলপিল করে লাল কাঁকড়ার দল গর্তে ঢুকে যায়। এই-টুকুটুকু অসংখ্য প্রাণের সে কী চঞ্চলতা!
সূর্য তখনো ওঠেনি। কিন্তু সূর্য ওঠার মতোই একটা আলোকধ্বনি ভেসে আসে তীরভূমির বাঁদিকের বাঁক থেকে। কেউ চিৎকার করে কিছু বলছে। অনেক দূরে আবছা তিন মূর্তি। পার্থপ্রতিম কাঞ্জিলাল, শৌনক লাহিড়ী, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়।
অচেনা সমুদ্র মুহূর্তে আপন হয়ে ওঠে।
(২৩ এপ্রিল ২০১৭)
(ক্রমশ)
