২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা আন্দোলনের বীর সৈনিক কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ

মুহম্মদ তকীয়ূল্লাহ ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও নেতা যেমন ছিলেন তেমনি ছিলেন এই আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তিনি তমুদ্দুন মজলিসের সঙ্গেও যুক্ত ছিলেন। আন্দোলনের পোস্টার লেখা, ছাত্রদের সংগঠিত করার কাজে তিনি অনবদ্য অবদান রাখেন। ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ের মিছিল ও পুলিশী ব্যারিকেডের যে চারটি মাত্র আলোকচিত্র পাওয়া যায় সেগুলো তকীয়ূল্লাহর তোলা।

শান্তা মারিয়া শান্তা মারিয়া

Published : 21 Feb 2026, 12:37 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

বাংলাদেশের জাতীয় মুক্তিআন্দোলনে বামপন্থীদের ভূমিকা চিরদিনই অনুচ্চারিত বা স্বল্পউচ্চারিত রয়ে গেছে। মূল রাজনৈতিক স্রোতের বিপরীতে চলা এই বীর যোদ্ধাদের ভূমিকা সবসময়েই রয়ে গেছে প্রচারের আড়ালে। ভাষাআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলনসহ বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনে বামপন্থী কর্মীদের আত্মত্যাগ নিয়ে খুব বেশি আলোচনা কখনও হয়নি। 

মহান ভাষা আন্দোলন বিশ্বের ইতিহাসে অনন্য। মাতৃভাষার মর্যাদা রক্ষায় একমাত্র বাংলাভাষীরাই নিজের জীবন উৎসর্গ করেছেন অকাতরে। এদেশের ভাষাশহীদ ও ভাষাসৈনিকরা মাতৃভাষার প্রতি ভালোবাসার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। অনেক ভাষাসৈনিক জাতীয়ভাবে পরিচিতি পেয়েছেন। আবার অনেক ভাষাসৈনিক রয়ে গেছেন প্রচারের আলোর বাইরে। ফোকাসের বাইরে থাকা এমনি একজন বামপন্থী ভাষাসৈনিকের জীবন ও কর্ম তুলে ধরতে চাই। 

মহান ভাষা আন্দোলনের একজন ভাষাসৈনিক ছিলেন মুহম্মদ তকীয়ূল্লাহ। তাঁর পুরো নাম আবুল জামাল মুহম্মদ তকীয়ূল্লাহ। তিনি কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ নামে বেশি পরিচিত। 

কমরেড তকীয়ূল্লাহ ছিলেন এমন একজন ভাষাসৈনিক যিনি মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, আলোকচিত্রী এবং এই আন্দোলনের জন্য কারাবরণকারী। ভাষা আন্দোলনের জন্য তিনি ত্যাগ করেছিলেন সেনাবাহিনীতে তার উজ্জ্বল ভবিষ্যতের আশা। বলতে গেলে তিনি তার সারা জীবনই উৎসর্গ করেছিলেন মাতৃভাষা, মাতৃভূমি ও সমাজের কল্যাণে। নিভৃতচারী এই মানুষটি জীবদ্দশায় তাঁর এই ত্যাগস্বীকারের জন্য পাননি কোন সম্মাননা বা স্বীকৃতি। তিনি শুধু ভাষা আন্দোলনেই অংশ নেননি, তিনি বাংলাদেশের বর্তমান বর্ষপঞ্জির সংস্কারক এবং পঞ্চাশের দশকে এদেশের প্রগতিশীল বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। 

দক্ষিণ এশিয়ার বিখ্যাত বহুভাষাবিদ ড.মুহম্মদ শহীদুল্লাহর পুত্র মুহম্মদ তকীয়ূল্লাহ পিতার আদর্শ অনুসরণ করে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। 

এখানে ভাষা আন্দোলনে ড.মুহম্মদ শহীদুল্লাহর ভূমিকার কথা একটু বলতে চাই। জ্ঞানতাপস মুহম্মদ  শহীদুল্লাহ ১৮টি ভাষায় সুপণ্ডিত হলেও গভীরভাবে ভালোবাসতেন বাংলাভাষাকে। বাংলাভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তিনি পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই ছিলেন সোচ্চার।

১৯৪৭ সালে দেশ-বিভাগের আগেই নতুন গঠিত হতে যাওয়া রাষ্ট্র পাকিস্তান ও ভারতের রাষ্ট্রভাষার প্রশ্নে শুরু হয় আলোচনা।

১৯৪৭ সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের রাষ্ট্রভাষা বিষয়ে একটি প্রবন্ধ লেখেন। সেখানে তিনি বলেন হিন্দি যেমন ভারতের রাষ্ট্রভাষা হবে তেমনি উর্দুকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। 

এর দাঁতভাঙা জবাব দেন বাঙালি ভাষাবিদ জ্ঞানতাপস ড.মুহম্মদ শহীদুল্লাহ। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটি বৈজ্ঞানিক শিক্ষা ও নীতি বিরোধী এবং স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতিরও পরিপন্থী। তিনি বলেন, ‘ড. জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের প্রদেশসমূহের বিদ্যালয়ের শিক্ষার বাহনরূপে প্রাদেশিক ভাষার পরিবর্তে উর্দুভাষার সপক্ষে যে অভিমত প্রকাশ করিয়াছেন আমি একজন শিক্ষাবিদরূপে উহার তীব্র প্রতিবাদ জানাইতেছি। ইহা কেবলমাত্র বৈজ্ঞানিক শিক্ষা ও নীতি বিরোধীই নয়, প্রাদেশিক স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি বিগর্হিত বটে।’ 

১৯৪৭ সালের ৩ আগস্ট মুহম্মদ শহীদুল্লাহ কমরেড পত্রিকায় ল্যাঙ্গুয়েজ প্রবলেম নামে এক প্রবন্ধ লেখেন। সেখানে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে ভাষাবিদ ও শিক্ষাবিদ হিসেবে অনেক যুক্তি উপস্থাপন করেন। তাঁর এই প্রবন্ধটি ছাত্রজনতার মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে সহায়ক হয়। 

সেসময়ই দৈনিক আজাদ পত্রিকায় ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা’ প্রবন্ধে তিনি বলেন বাংলাদেশের কোর্ট ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষা গ্রহণ করা হইলে ইহা রাজনৈতিক পরাধীনতারই নামান্তর হইবে।’ আরেকটি প্রবন্ধে তিনি বাংলা ভাষার পক্ষে বলেন ‘ইহা জ্যামিতির স্বীকৃত বিষয়ের ন্যয় স্বতঃসিদ্ধ। উন্মাদ ব্যতীত কেহই ইহার বিরুদ্ধে মত প্রকাশ করিতে পারে না’।

১৯৪৭ সালের ১৪-১৫ আগস্ট ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। এর পর পরই রাষ্ট্রভাষার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে সামনে এসে দাঁড়ায়। ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও ছাত্রের উদ্যোগে তমুদ্দুন মজলিস নামে একটি সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্ম হয়। এর আহ্বায়ক ছিলেন নূরুল হক ভুঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম। এখানে জানিয়ে রাখতে চাই, তমুদ্দুন মজলিসে অনেক বামপন্থী ছাত্র-ছাত্রী যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টির অনেক কর্মী এখানে কাজ করেছেন। কিন্তু সেসময় কমিউনিস্ট পার্টি ছিল নিষিদ্ধ। তাই এই নিবেদিতপ্রাণ কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে কাজ করতেন। 

সেপ্টেম্বরের ১৫ তারিখে তমুদ্দুন মজলিসের পক্ষ থেকে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এর শিরোনাম ছিল ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?’ এই পুস্তিকাটিতে শিক্ষার বাহন, অফিস, আদালত ও সরকারী কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার করার দাবি তুলে ধরা হয়। তমুদ্দুন মজলিসের এই ছোট্ট বইটি ছাত্রদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা ভাষার পক্ষে জনমত গড়ে উঠতে থাকে। ছাত্রদের মধ্যে জনমত গড়ে তোলার জন্য প্রধান কাজ করেছিলেন কমিউনিস্ট পার্টির কর্মীরা। প্রয়াত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের ভাষা আন্দোলন বিষয়ক বইতে এই তথ্য রয়েছে। 

ড.মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন , অধ্যাপক আবুল কাশেমসহ শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বাংলার সপক্ষে যুক্তি দিতে থাকেন।

মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলা না হয়ে উর্দু বা আরবী হলে তা হবে গণহত্যার শামিল। তিনি পাকিস্তান সরকারের সকল প্রকার ভয়ভীতিকে উপেক্ষা করে বাংলা ভাষার পক্ষে তার সংগ্রাম চালিয়ে যান।  

তিনি ভাষা আন্দোলনকারী ছাত্রনেতাদের জন্য ছিলেন প্রধান প্রেরণা। একুশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর তিনি প্রথম কালো ব্যাজ ধারণ করেন। তাঁর দুই পুত্র মুহম্মদ তকীয়ূল্লাহ ও মুর্তজা বশীর দুজনেই ভাষা সৈনিক ছিলেন।

মুহম্মদ তকীয়ূল্লাহ ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও নেতা যেমন ছিলেন তেমনি ছিলেন এই আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তিনি তমুদ্দুন মজলিসের সঙ্গেও যুক্ত ছিলেন। আন্দোলনের পোস্টার লেখা, ছাত্রদের সংগঠিত করার কাজে তিনি অনবদ্য অবদান রাখেন। ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ের মিছিল ও পুলিশী ব্যারিকেডের যে চারটি মাত্র আলোকচিত্র পাওয়া যায় সেগুলো তকীয়ূল্লাহর তোলা। সেদিন ভাষাআন্দোলনের একজন কর্মী হিসেবে গ্রেপ্তারও হন তিনি। সেই  প্রথম গ্রেপ্তারকৃতদের মধ্যে তকয়িূল্লাহ ছাড়াও কমিউনিস্ট পার্টির আরও কয়েকজন কর্মী ছিলেন। 

তকীয়ূল্লাহর জন্ম ১৯২৬ সালের ৪ নভেম্বর । মেধাবী ও ক্রীড়াবিদ তকীয়ূল্লাহ কিশোর বয়স থেকেই বামপন্থী আন্দোলনে জড়িত হয়ে পড়েন। ১৯৪৩ সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তার বড় ভাই মুহম্মদ সফিয়ূল্লাহ প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্র ধরেই কমিউনিস্ট পার্টির কর্মীদের সংস্পর্শে আসেন তিনি। ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে ইন্টার মিডিয়েট পাশ করে মুহম্মদ তকীয়ূল্লাহ কলকাতায় স্থাপিত প্রিক্যাডেট মিলিটারি ট্রেনিং স্কুলে ভর্তি হন। 

সাফল্যের সঙ্গে ছয় মাসের প্রশিক্ষণ সমাপ্ত করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য দেরাদুনে অবস্থিত সার্ভিস সিলেকশন বোর্ডের অধীনে পরীক্ষা দেন এবং পাশ করেন। কিন্তু বয়স কম থাকায় তাকে পরের বছর যোগ দিতে বলা হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির সময় পার হয়ে যাওয়ায় তিনি বগুড়া আযিযুল হক কলেজে ভর্তি হন। ড. মুহম্মদ শহীদুল্লাহ তখন সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন। সে সময় তিনি কমিউনিস্ট পার্টির ছাত্র ফেডারেশনের সদস্য হন। পার্টির নির্দেশে তিনি মুসলিম লীগের ¯সেচ্ছাসেবক দলে শরীরচর্চার শিক্ষক হিসেবে কাজ করেন এবং কমিউনিস্ট পার্টির গোপন সদস্য হিসেবে কাজ করতে থাকেন।

 ১৯৪৭ সালে তিনি কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে বগুড়ায় সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর জন্য কাজ করেন। দাঙ্গার বীভৎস রূপ দেখে তার তরুণ মন শিউড়ে ওঠে। আত্মজীবনীতে(পলাতক জীবনের বাঁকে বাঁকে, প্রকাশ ২০১৭) তিনি লিখেছেন, ‘সেই সময় আমার উপলব্ধি হলো পাকিস্তান বা ধর্মভিত্তিক কোন দেশ নয়, এমন একটি সমাজ ও রাষ্ট্র আমাদের প্রয়োজন যেখানে মানুষের মানবিক অধিকারগুলো রক্ষিত হবে। সেসময়ই আমি সমাজতন্ত্রের আদর্শে দৃঢ়ভাবে বিশ্বাস আর শান্তিময় এক সমাজের স্বপ্ন দেখা শুরু করি।’১৯৪৭ সালের শেষ দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমএ ক্লাসে ভর্তি হন।১৯৪৮ সালে মুহম্মদ তকীয়ূল্লাহ কমিউনিস্ট পার্টির ছাত্র ফেডারেশনের ঢাকা জেলা কমিটির সেক্রেটারি হন। কমরেড নেপাল নাগ, রণেশ দাশগুপ্ত, মণি সিংহ, অনীল মুখার্জি প্রমুখ ছিলেন তার নেতা এবং সরদার ফজলুর করিম, শহীদুল্লা কায়সার ছিলেন তার সহযোদ্ধা। ভাষা আন্দোলনের সংগঠকদের মধ্যে আরও ছিলেন কমরেড তোয়াহা, আবদুল মতিন, অলি আহাদ, গাজীউল হক, মোহাম্মদ সুলতান, নাদেরা বেগম, রওশন আরা বাচ্চু প্রমুখ। 

১৯৪৮ সালের ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন কমরেড তকীয়ুল্লাহ। ১৯৪৮ সালে পাকিস্তান সেনাবাহিনীর সার্ভিস সিলেকশন পরীক্ষায় তিনি অংশ নেন এবং প্রথম বাঙালি হিসেবে সিলেকটেড হন। অফিসার হওয়ার ট্রেনিং নিয়েও ভাষা আন্দোলনে জড়িত হয়ে পড়ায় সেনাবাহিনীতে যোগ দেননি।

তিনি তার আত্মজীবনীতে লিখেছেন ১৯৪৮ সালের সেই মার্চ মাসে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। তিনি বলেন, তখন পর্যন্ত তার মনে ব্যক্তিগত উচ্চাশা ছিল। কিন্তু যখন তার বন্ধু ও সহযোদ্ধা কমরেড শহীদুল্লা কায়সার প্রশ্ন করেন যে, তকী আমরা যখন সমাজ বদলের জন্য যুদ্ধ করবো তখন কি তুমি আমাদের বুকে গুলি চালাবে? তখন তকীয়ূল্লাহ বুঝতে পারেন ভাষা আন্দোলনের সহযোদ্ধাদের কাছ থেকে সরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি ভাষা আন্দোলনে অংশ গ্রহণের জন্য সেনাবাহিনী ত্যাগের সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি তাঁর সহযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা আন্দোলনের পক্ষে জনমত তৈরির কাজ করতেন, পোস্টার লিখতেন এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির চেষ্টা করতেন। সেসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ ক্লাসের ছাত্র ছিলেন।

 তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন যখন সচিবালয়ের সামনে মিছিলে পুলিশ বাধা দেয় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তখন তিনি অন্য আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। সেই সময় তাঁর সঙ্গে ছিল নিজের বক্স ক্যামেরা। এই ক্যামেরাটি তাঁর বড়ভাই তাঁকে উপহার দিয়ে ছিলেন। এই বক্স ক্যামেরাতেই ভাষাআন্দোলনের সেই ঐতিহাসিক ছবিগুলো তোলা হয়। সেসময় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তাঁর মনে হয় ছবিগুলো বাঁচাতে হবে। তিনি বেগমবাজারের বাড়িতে দ্রুত গিয়ে ক্যামেরাটি রেখে এসে আবার আন্দোলনে অংশ নেন। এই উপস্থিত বুদ্ধির কারণেই ছবিগুলো রক্ষা পায়। সেই দিন তিনি গ্রেপ্তার হন। 

তকীয়ূল্লাহ ও তাঁর ভাই ভাষা আন্দোলনের আরেক সৈনিক শিল্পী মুর্তজা বশীর

১৯৪৯ সালে রাজনৈতিক কর্মতৎপরতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন এবং তার নামে হুলিয়া বের হওয়ায় আত্মগোপনে চলে যান।১৯৫০ সালে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তারের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। সে সময় আত্মগোপনে থাকা অবস্থায় তিনি মূলত বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন ও কর্মচারি ইউনিয়ন গড়ে তোলার কাজ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ইউনিয়ন, জেল পুলিশ ইউনিয়ন, সচিবালয় কর্মচারি ইউনিয়ন গড়ে তোলায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি থাকা অবস্থায় ১৯৫১ সালেই তিনি গ্রেপ্তার হন। পুলিশের প্রবল নির্যাতনেও তিনি তার সহযোদ্ধা কমরেডদের নাম প্রকাশ করেননি । জাতীয় মুক্তি আন্দোলনের বিরুদ্ধে কোন রকম বিবৃতিতে সই করতে তীব্রভাবে অস্বীকৃতি জানান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৫১- ১৯৫৫ সাল পর্যন্ত রাজবন্দী থাকেন।জেলে থাকার সময় তিনি সহবন্দীদের সঙ্গে বিভিন্ন প্রতিবাদে অংশ নেন। ভাষা আন্দোলন বিষয়ক প্রথম নাটক ‘কবর (শহীদ মুনীর চৌধুরীর লেখা) যখন জেলে অভিনীত হয় তখন তিনি একটি চরিত্রে অভিনয় করেন।

সেসময় ভাষাআন্দোলনে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং রাজবন্দীদের মুক্তির দাবীতে জেলের ভিতরেই অন্যান্য বামপন্থী সহযোদ্ধাদের সঙ্গে অনশন আন্দোলনে অংশগ্রহণ করেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনেও নেতৃত্বদানকারী ভাষা সৈনিকদের অধিকাংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য বা সমর্থক। ভাষা শহীদ আবুল বরকতও বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন বলে তকয়িূল্লাহ তার এক স্মৃতিচারণে উল্লেখ করেছিলেন। 

বায়ান্নর ভাষা আন্দোলনে আবদুল মতিন, গাজীউল হক, ড. আহমদ রফিক প্রমুখের সঙ্গে মুর্তজা বশীরও ছিলেন সক্রিয় কর্মী। 

১৯৫২ সালের ভাষা আন্দোলনে বামপন্থী কর্মীদের ভূমিকা বিষয়ে বদরুদ্দীন উমর এবং বশীর আল হেলালের বইতে বিস্তারিত রয়েছে। সেখানে অনেক ভাষা সৈনিকের নাম রয়েছে যাদের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গবেষণা হওয়া প্রয়োজন। 

যাহোক, ফিরে আসি ভাষাসৈনিক তকীয়ূল্লাহর প্রসঙ্গে। ১৯৫৫ সালে  জেল থেকে মুক্তির পর তিনি আবার কমিউনিস্ট পার্টির কাজে ব্যস্ত হয়ে পড়েন।

১৯৬২ সালের ৬ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আবার গ্রেপ্তার হন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২৬ নম্বর সেলে বন্দী ছিলেন। জেল থেকে মুক্তির পর তিনি জুটমিলের চাকরিতে যোগ দেন। যেসব জুটমিলে তিনি চাকরি করেছেন সেখানেও শ্রমিক কর্মচারি ইউনিয়নের পরামর্শদাতা ছিলেন। বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রেডক্রসের স্বেচ্ছাসেবক কর্মী হিসেবেও কাজ করেছেন।

পরবর্তি কালে সক্রিয় রাজনীতি থেকে সরে এসে বিভিন্ন ধরনের গবেষণায় আত্মনিয়োগ করেন। বাংলাদেশের ফটোগ্রাফি চর্চারও অন্যতম পথিকৃত তিনি। মূলত শ্রমজীবী মানুষের ছবি তুলেছেন। তিনি ব্যক্তিগত খরচে বাড়িতে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালাতেন। পাড়ার শ্রমজীবী মানুষরা তার ছাত্র ছিলেন। 

ড.মুহম্মদ শহীদুল্লাহ সূচিত ও বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জির ব্যাপক সংস্কার করেছেন মুহম্মদ তকীয়ূল্লাহ। বাংলাদেশ সরকার অনুমোদিত এই বর্ষপঞ্জি বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে। তকীয়ূল্লাহ প্রস্তাবিত পদ্ধতিতেই ১৪০২ বঙ্গাব্দ থেকে বাংলা সনের বর্ষপঞ্জির দিন তারিখ গণনা করা হচ্ছে। তিনি চার হাজার বছরের বাংলা, ইংরেজি ও হিজরি ক্যালেন্ডার তৈরি করেছেন। তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনী লিখেছেন সেই সঙ্গে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের বিকাশ সম্পর্কে লেখালেখি করেছেন। ড.মুহম্মদ শহীদুল্লাহর প্রকাশিত ও অপ্রকাশিত রচনার প্রথম তালিকাটি তাঁরই করা।

ভাষাসৈনিক ও বাংলাবর্ষপঞ্জির সংস্কারক কমরেড তকীয়ূল্লাহ মাতৃভাষার সেবায় তার অবদানের জন্য মরণোত্তর একুশে পদক পান। পঞ্চাশের দশকে এদেশের প্রগতিশীল প্রতিটি আন্দোলনে তাঁর ছিল অগ্রণী ভূমিকা। জীবনের অনেকগুলো বছর তিনি পার করেছেন রাজবন্দী হিসেবে। শ্রমিক আন্দোলনকে সংগঠিত করতে ব্যয় করেছেন তারুণ্যের শ্রেষ্ঠ সময়, মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেছে নিয়েছেন ঝুঁকিপূর্ণ পলাতক জীবন, সহ্য করেছেন পুলিশী নির্যাতন। 

কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ তার রোগশয্যাতেও সহযোদ্ধাদের নাম বারে বারে উচ্চারণ করেছেন। জীবনের শেষ দুটি বছর তিনি গ্লুকোমার কারণে দৃষ্টিশক্তি হারান। শয্যাশায়ী অবস্থায়ও তিনি সমাজের মুক্তির কথা চিন্তা করতেন। তার আত্মজীবনী পলাতক জীবনের বাঁকে বাঁকে ২০১৭ সালে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, ‘আমার মানবজন্ম আমি বৃথা ব্যয় করিনি। আমি ও আমার সহযোদ্ধা কমরেডরা আমাদের তারুণ্য উৎসর্গ করেছি যে আদর্শের জন্য আমি আজও তাতে আস্থা রাখি’। জীবনের শেষ একটি বছর অসুস্থ থাকলেও ৯০ বছর বয়স পর্যন্ত শারিরীক ও মানসিকভাবে প্রবল শক্তির অধিকারী ছিলেন কমরেড তকীয়ূল্লাহ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, প্রচারবিমুখ। সহজসরল এই মানুষটিকে আত্মীয় পরিচিত সকলেই ভালোবাসতেন। ২০১৭ সালের ১৬ নভেম্বর কমরেড তকীয়ূল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সবসময় রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতেন। তিনি বলতেন, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের স্কুল কলেজ, চাকরি, আইন আদালতসহ সব ক্ষেত্রে সকল কার্যক্রম মাতৃভাষায় পরিচালিত হওয়া প্রয়োজন। তিনি সারা বিশ্বে বাংলাভাষা ও সাহিত্যের প্রচার করার জন্য আন্তর্জাতিক বাংলাভাষা প্রচার কেন্দ্র’ গড়ে তোলার আশা ব্যক্ত করেছেন। মুহম্মদ শহীদুল্লাহর মতো তিনিও বিশ্বাস করতেন, মা, মাতৃভাষা ও মাতৃভূমি প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার। 

আজকের লেখায় একজন কমিউনিস্ট ভাষাসৈনিকের জীবন তুলে ধরলাম। এমন আরও অনেক ত্যাগী আন্দোলনকারী ছিলেন। এরা প্রত্যেকেই মাতৃভাষা ও মাতৃভূমির মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। ভাষাআন্দোলন বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এই আত্মত্যাগকারী মহান মানুষদের জীবন ও কর্ম লিপিবদ্ধ হওয়া দরকার। 

ভাষা আন্দোলন কিন্তু বায়ান্ন সালেই শেষ হয়ে যায়নি। ভাষা আন্দোলন এখনও চলমান। বাংলাদেশের মানুষের আবহমান সংস্কৃতিকে তুলে ধরা, লোকজসাহিত্য, লোকজশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়া, বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মকে অনুরাগী করে তোলার জন্য প্রচেষ্টা চালানোই বর্তমানের ভাষা আন্দোলনের লক্ষ্য। 

বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে বেশ কয়েকবছর ধরেই যে উগ্রবাদী ও মধ্যপ্রাচ্যের সংস্কৃতির অনুকরণ ও প্রসার দেখা যাচ্ছে তা বাংলার নিজস্ব শিল্প সংস্কৃতির পরিপন্থী। নিজের কৃষ্টি, ভাষা ও সংস্কৃতিকে ধারণ করেও যে নিজের নিজের ধর্ম পালন করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ তো রয়ে গেছে শহীদুল্লাহ, তকীয়ূল্লাহ প্রমুখের জীবনের মধ্যেই। বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে ভুলে গেলে আমরা একটি পরগাছা জাতিতে পরিণত হবো। তাই বাংলাদেশের জাতীয়তাবাদ বিকাশের, বাংলা ভূখণ্ডের আবহমান সংস্কৃতির এবং আমাদের জাতীয় মুক্তিআন্দোলনের বীর সৈনিকদের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। আশাকরি বাংলাদেশের লেখক ও গবেষকরা এই গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে এগিয়ে আসবেন। এটাই হোক বর্তমান ভাষা আন্দোলনের অঙ্গীকার।