পড়া
বাংলায় কত বিচিত্রভাবে পড়া যায়। জ্ঞানের প্রতি আমাদের তৃষ্ণা এতোটাই প্রবল। তথাপি, নিন্দুকেরা কেন বলে, জ্ঞান-বিজ্ঞানে বিদ্যা-বুদ্ধিতে আমরা সারণির তলানিতে পড়ে থাকি।
আমরা বিস্ময়ে থমকে পড়ি, আবেগে উথলে পড়ি, আলস্যে ঝিমিয়ে পড়ি, সম্পর্কে জড়িয়ে পড়ি, নাগরিক কোলাহলে হাঁপিয়ে পড়ি, তুমুল প্রেমেও পড়ি।
আমাদের নিরংকুশ ক্ষমতা সহসা তাসের ঘরের মতো ধসে পড়ে, কণ্ঠে কারো কারো স্বর্গীয় সুধা ঝরে পড়ে, অবসাদে শরীর নেতিয়ে পড়ে।
আমরা আসনে বসে পড়ি, বিছানায় শুয়ে পড়ি, চাই তো ঘুমিয়ে পড়ি, এমনকি কোন এক অচেনা প্রত্যুষে মৃত্যুর কোলে ঢলে পড়ি।
বাংলায় কত বিচিত্রভাবে পড়া যায়। জ্ঞানের প্রতি আমাদের তৃষ্ণা এতোটাই প্রবল। তথাপি, নিন্দুকেরা কেন বলে, জ্ঞান-বিজ্ঞানে বিদ্যা-বুদ্ধিতে আমরা সারণির তলানিতে পড়ে থাকি।
তলানিতেও তো পড়েই থাকি!
