২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি জীবনানন্দ দাশ: নিঃসঙ্গ স্বপ্নময়তা

এই শিশিরঝরা ধানের গন্ধে ভরা হেমন্ত রাতে- গাছের পাতারা যখন হলুদ হয়ে এসেছে, জোনাকির আলোয় দূরের মাঠ বন যখন ঝিলমিল, তখন নতুন করে সেই পুরোনো গল্পের পাণ্ডুলিপির আয়োজন চলছে আজ। সেই গল্প।

কবি জীবনানন্দ দাশ: নিঃসঙ্গ স্বপ্নময়তা
jibananda.jpg

হাসান হাফিজ হাসান হাফিজ

Published : 22 Oct 2025, 03:19 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

মা কুসুমকুমারী দাশও ছিলেন কবি। পুত্রকে কবি হিসেবে তিনিই প্রথম স্বীকৃতি দেন। বড়ো ছেলেটি যে সামান্য বালক নয়, নিমগ্নপ্রাণ একজন কবি, কাজে আর ধ্যানে এটা বুঝতে মায়ের সময় লাগেনি। কুসুমকুমারী রান্নাঘরে বসে কাজকর্মের ফাঁকে ফাঁকে কবিতা লিখতেন। মাঝে মধ্যেই কবিপুত্র সেখানে যেতেন। সদ্য রচিত কবিতা শোনাতেন মাকে। মা-ও এই সত্যটি বুঝতেন যে, সন্তানটি পৃথিবীতে বসবাসের উপযোগী চালাক-চতুর নয়। বাস্তব বুদ্ধি তার নিতান্ত কম। একে আগলে রাখতে হবে। প্রথম দিকটায় মা কুসুমকুমারী দাশই একমাত্র বুঝতে পেরেছিলেন যে, জীবনানন্দের সামনের বাঁচার দিনগুলো খুবই দরকারি। বাংলা কবিতার জন্যেই খুবই মহার্ঘ।

কবি জীবনানন্দ দাশের প্রকৃতিপ্রেমের কথা সর্বজনবিদিত। এক চিঠিতে তিনি লিখেছেন,

“...জলপাইগুড়ির ঝিল, হাঁস ও শিরীষগাছের যে সব ছবি পাঠিয়েছে- অপূর্ব বোধ হল। এখুনি ঝিলের পারে ঘাসের ওপরে আকাশের মুখোমুখি নিজেকে ছড়িয়ে দিতে ইচ্ছে করছে। নদী, ঝিল, পাহাড়, বন, আকাশ--কোনো নিরালা জায়গা থেকে এসবের নিকট সম্পর্কে আসতে ভালো লাগে আমার। বসে থাকতে থাকতে পারা যায় যদি এদের মধ্যে, কিংবা হেঁটে বেড়াতে পারা যায় সারাদিন, তাহলেই আমাদের সময় একটা বিশেষ দিক দিয়ে (আমার মনে হয়) সবচেয়ে ভালো কাটে।... ”

ব্যক্তি মানুষটি ঠিক কেমন ছিলেন? জানবার কৌতূহল হওয়া খুব স্বাভাবিক। কবিপতœী লাবণ্য দাশের স্মৃতিচারণা থেকে উদ্ধারের চেষ্টা করা যেতে পারে --

“...শিশুকাল থেকেই কবির অন্তরঙ্গতা ছিল তাঁর মায়ের সঙ্গেই সব চাইতে বেশী। কাজেই আদর আবদার যা কিছু সবই ছিল তাঁর কাছে। কিন্তু একান্নবর্তী পরিবারের বউ হিসেবে তাঁর বেশির ভাগ সময় কাটত রান্নাঘরের নানা কাজে। তাই কবিকে বেশ খানিকটা সময় তাঁর ঠাকুমার কাছেই থাকতে হ’ত। সেই সময় তিনি কবিকে অনেক গল্প শোনাতেন। ঠাকুমার কাছেই তিনি শুনেছেন কীর্তিনাশার কীর্তিকথা। শুনেছেন তাঁদের পূর্বপুরুষের বহু কাহিনী। 

বরিশালে বগুড়া রোডে ৫/৬ বিঘা জমির উপরে কবির ঠাকুরদাদা বাড়ি করেছিলেন। সেই জমির কোথায় আনারসের রং হলুদ হয়েছে, গাছে ক’টা আম ক’টা কাঁঠাল পেকেছে, কোন গাছটার জাম বেশী সুস্বাদু সবই ছিল তাঁর নখদর্পণে।

গ্রীষ্মের দুপুরে ঠাকুমা যখন তাঁর অতিপ্রিয় আচারের শিশি, বোতল অথবা আমসত্ত¡ রোদে দিয়ে কবিকে পাহারা দিতে ডাকতেন, তিনি সানন্দে রাজী হয়ে যেতেন। ফলে আচার আমসত্তে¡র পরিমাণ রোজই কিছুটা কমে যেত। এ কাজ অবশ্য তিনি নির্বিকার চিত্তেই করে যেতেন।...”

বোন সুচরিতা দাশের স্মৃতিমন্থন থেকে আমরা পাই কবি জীবনানন্দ দাশের ব্যক্তি ও লেখক সত্তার ছবি। সুচরিতার লেখা ‘কাছের জীবনানন্দ’ শিরোনামের স্মৃতিচারণ থেকে উদ্ধৃতি : 

“...মাঝে মাঝে কাছে গিয়ে দেখবার চেষ্টা করতাম, দাদা কি লিখছে। দাদার লেখা তখন ছিলো খুব ছোটো ছোটো আর জড়ানো, এখনকার মতো নয়। বুঝতে পারতাম না, রাগ হতো। একদিন বলে উঠলাম, ‘উঃ দাদা তোমার লেখা পড়াই যায় না, মনে হচ্ছে যেন এক সারি পিপঁড়ে ছেড়ে দিয়েছে খাতার ওপরে।’ আর দাদার সে কি হাসি! রোদে ঝিলমিল নীলিমার মতোই সে হাসির ঔজ্জ্বল্য।

কখনো কখনো পেন্সিলেও লিখতেন দাদা। আরো অবোধ্য হয়ে উঠতো তাঁর লেখা। কতো অনুযোগ করেছি, দাবি করেছি অন্তত একটু বোঝার মতো করে লেখো। দাদা হেসে উঠতেন, উচ্চকিত গমগম করে বেজে ওঠা হাসি যেন কতোই আমোদের বিষয়, এক নির্ভার চপলতা ছোটো বোনটির সেই দাবি দাওয়া কথাগুলো। বোঝা যেতো না মনোভাবটা তার কি যে, সেই উচ্চগ্রামে বাঁধা হাস্যরোলের মর্ম ভেদ করে। কিন্তু তখন কে জানতো, স্নেহকাতরতা তাঁর এতোই বেশী যে, সে-সব আপিল পেশ করারও মূল্য ছিল তাঁর কাছে অনেক। নইলে আজ তো জানি, উত্তরকালে দাদার হাতের লেখা সুগঠিত হবার কাজে সে অনুযোগ, সে দাবি কতখানি কার্যকরী হয়েছিল।”

প্রিয় ভগিনী আরো জানিয়েছেন দাদার কৌতুকপ্রিয়তা ও তাসের নেশার কথা। সুচরিতা দাশ আরো লিখেছেন, 

“...বাইরে থেকে যাঁরা তাঁকে দেখেছেন, তাঁরা তাঁকে গম্ভীর, নির্জন, স্বপ্নলোকবাসী বলেছেন, বলেছেন সর্বক্ষণ একটা দূরত্বের বেষ্টনী তৈরী করে তাঁর নিজের চারদিকে তিনি সবার থেকে আলাদা হয়ে থাকতেন। কিন্তু কত সময় দেখেছি, স্বপ্নলোক থেকে নেমে এসে হাসি পরিহাসে, কৌতুকে গল্পে কেবলমাত্র আমাদের সঙ্গেই নয়, বাইরেরও যাঁরা তাঁর সান্নিধ্যে যেতে সঙ্কোচ করেনি তাদের সঙ্গে এক হয়ে যেতেন। এত মজার মজার কথা বলতে পারতেন যে, হেসে কুটিপাটি হয়ে যেতে হোত। যে মানুষ অত গুরুগাম্ভীর্যের কবিতা লিখতেন, তিনি যে অমন চারিদিক উচ্চকিত করে প্রকম্পিত হাসি হাসতে পারতেন, বা অন্যকেও হাসিয়ে হাসিয়ে ক্লান্ত করে দিতে পারতেন তা যেন না দেখলে বিশ্বাস করাই যায় না। কখনো কখনো বা তাস খেলার নেশা চাপত। বরিশালে কোন ছুটির সময়ে হয়ত দাদা-মেজদা দু’জনেই বাড়িতে রয়েছেন--আর আছেন দাদার কোন বন্ধু। আর যায় কোথায়! তাস খেলতে বসতে হোল, চতুর্থজনের স্থান অগত্যা আমাকেই না পূরণ করে উপায় নেই। দুপুরে খাবার পরে দাদার ঘরে তাসের আড্ডা জমত, সে আড্ডা ভাঙতে রাত এগারোটা। মায়ের তাগিদের আর বিরাম থাকত না-- রাত হচ্ছে, রাত হচ্ছে--কিন্তু কাকস্য পরিবেদনা। দাদাকে খেলা থেকে ওঠায় সাধ্যি কার। বিপক্ষ দল হয়ত একটা ‘রাবার’ করেছে, তাই তাঁর একটা ‘রাবার’ না-করা পর্যন্ত স্বস্তি নেই। একটা হোল ত আরো একটা। আরো একটা।

পরিহাস ও কৌতুকপ্রিয়তা আমার মাতুলবংশের থেকে উত্তরাধিকার সূত্রে বোধহয় লাভ করেছিলেন তিনি। আমার দাদামশায় চন্দ্রনাথ দাশ খাঁটি পূর্ববঙ্গের ভাষায় বহু হাসির গান ও ছড়া রচনা করেছিলেন। দাদা এক জায়গায় তাঁর সম্বন্ধে লিখেছেন যে, ‘দাদামশায়ের অনেক লেখা ঈশ্বর গুপ্ত, মধুসূদন, হেম, রঙ্গলাল ইত্যাদিকে মনে করিয়ে দিলেও তাঁর সফলতর লেখা--বিশেষ করে কয়েকটি গান--লোকগাথা লোককবিতার খানিকটা সার্থক উত্তরসাক্ষ্য হিসেবে টিকে থাকবে মনে হয়।’ পরিহাসপ্রিয়তা দাদার যে শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, চাকরবাকরদের সঙ্গে তাঁর অন্তরঙ্গ পরিহাস তাদের হাসিয়ে মারত।

আসলে কৌতুকপ্রিয়তা তাঁর এমনই সাধারণ স্বভাব যে, অনেক বিরূপতাতেও তিনি নিছক কৌতুক উপভোগ করেছেন, আর তার ফলে উপেক্ষা করতে পেরেছেন সহজে। সাহিত্যক্ষেত্রে তাঁকে নিষ্ঠুরতা কম সইতে হয়নি, তাঁর প্রথম দিকের সাহিত্যসাধনার কালে যে সব অতিপণ্ডিত সমালোচকগণ সমালোচনার নামে, তাঁদের নিজেরই কথায় ধাঙড়ের কাজ করতে নেমেছিলেন এবং যাঁরা নিজেরাই এখন উল্টো ভ‚মিকায় পতিত হয়েছেন, তাঁদের সেইসব লেখার উৎসাহী পাঠকও ছিলেন তিনিই, কেননা সেসব প্রলাপে হাসির উপকরণ যথেষ্টই থেকে যেত, তেমন করে নিতে পারলে। তাই গায়ে পড়ে বাদ- প্রতিবাদের প্রয়োজন হয়নি তার। সব কিছুই প্রাণখোলা হাসির মত সহজ ছিল, অনাবিল ছিল, উপেক্ষার হাসিতেই উড়িয়ে দেওয়া চলত সব প্রতিবন্ধকতা। এই সহজ পরিহাসের স্বচ্ছতার জন্যেই রাস্তায় মোটরকারের অভদ্রতার কথা বলতে গেলে দেখা যায় :

‘একটি মোটরকার গাড়লের মত গেল কেশে

অস্থির পেট্রল ঝেড়ে -

তবু, গাড়লের মত মোটরকারও না হোক, তারই স্বজাতি ট্রামকার অনেক কিছু ভীষণতরো দুর্ঘটনা ঘটাতে পারে। এই ‘কার’ জাতিটা যে মাত্র নির্বোধ ‘গাড়ল’ই নয়, তার চাইতে অনেক অনেক বেশি ক্ষমতাবান, সেইটের প্রমাণ দেবার তাগিদ ছিল হয়ত তাদের। নইলে সবকিছুই ঠিকঠাক আগের মত থাকবে শুধু একজন যাঁর আরো অনেকদিন এখানে থাকার কথা ছিল, পৃথিবীকে ভালোবাসার কথা ছিল, কথা ছিল বাংলার ত্রস্ত নীলিমার শান্তিতে মগ্ন থাকার, ‘সত্য আলো’র বেদনায় দীর্ণ হবার, সেই শুধু রইল না কেন? ধানসিড়ি নদীটি তেমনি প্রাণকল্লোলে বয়ে চলবে, সবুজ প্রান্তর মরকতের মত উজ্জ্বল হবে, অর্জুন ঝাউয়ের বনে বাতাস তেমনি করেই বইবে, সোনালি রোদ ডানায় মেখে শঙ্খচিল উড়ে যাবে, গোধূলির রঙ লেগে অশ্বত্থ বটের পাতা নরম হবে, খয়েরি শালিক খেলবে বাতাবী গাছে, কিন্তু সেই একজন, সেই একটি প্রাণময় সত্তা যে এই বিচিত্র রূপরাজ্যের পথে পথে হারিয়ে হারিয়ে গেছে, ‘সত্য আলো’র বিস্ময়ে বেদনায় ভেঙ্গে ভেঙ্গে গেছে তাকেই শুধু খুঁজে নেওয়া যাবে না এদের মাঝে। এই শিশিরঝরা ধানের গন্ধে ভরা হেমন্ত রাতে- গাছের পাতারা যখন হলুদ হয়ে এসেছে, জোনাকির আলোয় দূরের মাঠ বন যখন ঝিলমিল, তখন নতুন করে সেই পুরোনো গল্পের পাণ্ডুলিপির আয়োজন চলছে আজ। সেই গল্প। আজ আর আমাদের পূর্বপুরুষরা সে গল্পের নায়ক নন্, নন্ তাঁরা জ্যোৎস্না-মোছা, রাতে শিশিরে ধানের দুধে ভিজে ভিজে হাওয়ার শরীরে স্বপ্নময় পরীদের হস্তগত। আজ যিনি, তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না শিশির ঝলমল সোনার ধানক্ষেতের পাশে ভোরের আলোয়। পৃথিবীর ভালোবাসায় চিরতরে যতি টেনে স্বপ্নের পরীদের হাতে নিঃশেষে তুলে দিলেন নিজেকে, তাঁর শয্যায় কাঁচা লবঙ্গ এলাচ দারুচিনি থাকবে না ছড়ানো, থাকবে তাঁর কাব্যে দূরতর সায়াহ্নের সমীপবর্তী সবুজার্দ্র দ্বীপের দারুচিনি লবঙ্গ এলাচের বনের রহস্যময় ধূসর ইশারা। নিজে তিনি নিদ্রার নির্জনে চিরপ্রিয় স্বপ্নের বলয়ে নিমগ্ন হয়ে থাকবেন--হয়তো:

“চাহিয়াছে অন্তর যে ভাষা

যেই ইচ্ছা যেই ভালোবাসা 

খুঁজিয়াছে পৃথিবীর পারে পারে গিয়া

স্বপ্নে তাহা সত্য হয়ে উঠেছে ফলিয়া।”