২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অফুরন্ত অশোকে সৈয়দে

যোনি ও নিতম্বে/ মৃত্যু ক্ষুধার শিল্পকলা একাডেমি/ লাল সৌষ্ঠব দেখিয়ে/ অঘ্রানের অনাঘ্রাত নীল দিনাবলি/ গাছেরা সবুজ মশাল নিয়ে নিভছে/ জ্বলছে আঁধারবন

পিয়াস মজিদ

Published : 03 Aug 2025, 12:55 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

মেঘ তামা হয়ে গেছে

দস্তা হয়ে গেছে

জেগে থাকা চোখের ভূমিকা 

বড় বিশ্রি ও বদমাশ

অন্ধত্বের জয়ন্তী কোথায়

পরোক্ষে পরিরা নাচে

কিন্তু মুদ্রা হাট হয়ে নিজেরে দেখায়

কী অশ্লীলতায়

জীবন বোন হয়ে গেছে

ভাইসব, যার যার নুনু সামলাও

লড়াই জারি রেহে গা

যোনি ও নিতম্বে

মৃত্যু ক্ষুধার শিল্পকলা একাডেমি

লাল সৌষ্ঠব দেখিয়ে

অঘ্রানের অনাঘ্রাত নীল দিনাবলি

গাছেরা সবুজ মশাল নিয়ে নিভছে

জ্বলছে আঁধারবন

সমস্ত টানাগদ্যের জানাজা চলছে

কবিতা ভূতের তনু ধারণপূর্বক

মরুভূমির পেট থেকে

বের করি আনি বৃষ্টিবাদল

অ-তে অজগর

দশ দিগন্ত হেজেমেজে আছে

কোন সে করতলে, মহাদেশে

সত্য তার শয়তানিতে

হে সংসারে লতিয়ে ওঠে

উদ্বাস্তু আত্মার ফুটনোটে

দরোজার পর দরোজা ভেজিয়ে

নেকড়ে হায়েনা আর তিন পরিতে

তুমি এখনও বাস করছ তো

এই মাতাল মানচিত্রে

পার্ক স্ট্রিটে হেঁটে হেঁটে

জীবন দাশের কলকাতাতে 

কিংবা

ঢাকার আলী বাবাতে

অথবা

হাফিজের রোকনাবাদে

অশুদ্ধতম কবির কান্নাতে

পাগল কবিতা মাতাল গদ্যে

স্মৃতি থাকলে সেই নোটবুকে

ভাঙা ভেলায় ভেসেটেসে

জল আর আগুনের তরঙ্গ

তোমার সংবেদনকে

৫১ গ্রিনরোড থেকে তাড়িয়ে

মাছ সিরিজের মাংসাশী কন্দরে

আল্লাহু আকবার বল হরিবোল

সাতচল্লিশ একাত্তর গুলিয়ে খেয়ে

সাঁইপাড়া-জালালপুর-ফলশাগাছে ঢুকে আর বের না হতে পেরে কোনওমতে

স্বপ্নে বায়ুচড়া রোগে

বাস্তবের বমিতে

মৃত্যুকে জয়জিন্দাবাদ বলে

নীরবতা খানখান

গভীরতা জায়মান

হোমারের মতো অন্ধ হলে

বিটোভেনের মতো বধির হলে

শেষপর্যন্ত কী থাকে

আবহমান শব্দমদে?

পানশালায় কারা শুধু

সলিড খেতে ভালোবাসে

রাস্তায় রাস্তায়

শিল্পের চিন্তায়

শেষ হয়ে গিয়ে

মাস্টারবেশন না সফল সঙ্গমের

তৎপরতা চলছে চলবে

শ্বাস নিয়ে এখনও দাঁড়িয়ে থাকা

প্রগাঢ় বিপ্লবী তৎপরতা

জ্যোৎস্না তার রৌদ্রের চিকিৎসা

কোন ক্লিনিকে পাবে

ছায়াতরু ছেয়ে আছে

তোমার স্তনাঞ্চল

বনাঞ্চলের প্রায়

চাকাটা চলছে অবিশ্রাম

ডায়েরিতে টু্কে রাখছি নিজেকে

খ্যাপা খুঁজে মরে পরশপাথর

জনসাধারণ অসহ্য হতে হতে

একসময় অসাধারণ 

আমার শব্দ একসময় তার নিজেরই

বিরোধিতায় নামে

বিবেচনা কত পুনর্বিবেচনা টেনে আনে

আর্টগ্যালারির বারান্দা হয়ে

যে নির্বাচিতা উড়ে গেছে অনির্বচন-ঝড়ে

জীবনবেদনা বলে আবারও

শব্দসম্মোহে তাকে আর না আটকে

এবার আমিও-তুমিও মুক্ত হবো

আকাশের নীলশাদা শেকল ছাড়িয়ে...