জীবনদর্শী প্রফুল্ল রায়ের সাহিত্যিক পরিক্রমা
স্বাধীনতা-উত্তর ভারতবর্ষে রাজনৈতিক শাসক বদলালেও, প্রফুল্ল রায়ের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল শোষণের রূপান্তর। ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হলেও সমাজের নিচুতলার মানুষদের জন্য জীবন ছিল আগের মতোই—শ্রমে জর্জর, অপমানে অপমানিত, প্রহসনে বন্দী। শোষণের নাম বদলালেও শরীর বদলায়নি।
প্রফুল্ল রায়ের মৃত্যু যেন একটি যুগের অন্তিম নৈঃশব্দ্য। প্রায় নব্বই বছরের জীবনের যাত্রাপথে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলা কথাসাহিত্যের এক নিবেদিতপ্রাণ পরিযায়ী হিসেবে—যিনি শুধু কলম নয়, নিজের জীবনকে রূপ দিয়েছিলেন এক গভীর বাস্তব অভিজ্ঞতার প্রতিকৃতি হিসেবে।
প্রফুল্ল রায়ের সাহিত্যিক জীবনচর্চার একটি অনন্য দিক হলো—তিনি শুধুমাত্র ইতিহাস বা রাজনীতি নয়, সমাজবাস্তবতার অন্তর্গত দ্বন্দ্ব ও মানুষে-মানুষে ক্ষমতার সম্পর্ককে সাহিত্যিক দৃষ্টিতে বিশ্লেষণ করতে পেরেছেন। ১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর, নদীঘেরা শস্যশ্যামল অবিভক্ত বাংলার বিক্রমপুরে তাঁর জন্ম। শৈশবে যাঁর চেতনা গড়ে উঠেছিল পূর্ববাংলার মনোরম প্রকৃতি ও গ্রামীণ সংস্কৃতির ছায়ায়, পঞ্চাশের দশকে দেশভাগ-পরবর্তী বাস্তবতা তাঁকে ছুড়ে ফেলে দেয় এক নির্মম রাজনৈতিক-সামাজিক পরিসরে—ভারতের উত্তরের বিহারে, যেখানে জমিদারতন্ত্রের প্রতাপ তখনও অব্যাহত।
একটি রাষ্ট্রের জন্ম যখন হয় লক্ষ মানুষের শিকড় উপড়ে ফেলে, তখন তা কেবল রাজনৈতিক ঘটনার পরিসংখ্যান নয়, তা হয়ে ওঠে ইতিহাসের নির্মমতম ডিজাস্টার—যা বহু প্রজন্মের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করে তোলে। “আমি পূর্ব বাংলার একজন উদ্বাস্তু”—এই একটিমাত্র বাক্যেই যেন তিনি ধারণ করেন একটি গোটা জাতির উদ্বাস্তু স্মৃতি, যন্ত্রণার বেদীপিঠ।
১৯৫০ সালে, বাংলা ভাষা আন্দোলনের কিছু আগেই, তিনি দেশান্তরিত হলেন। পূর্ববাংলার নদী-বাঁধা গ্রাম থেকে ছিন্নমূল হয়ে এসে নতুন দেশে, নতুন ব্যবস্থায়, নতুন জীবনের খোঁজে তিনি নিজেকে ছুঁড়ে দিয়েছিলেন পুনর্বাসনের ভূগোলে—বিহার, ছত্তিশগড়, আন্দামান কিংবা দণ্ডকারণ্যের সেই সমস্ত অঞ্চলে, যেখানে রাষ্ট্র শরণার্থীদের জন্য তৈরি করেছিল এক প্রকার নান্দনিক প্রজেক্ট। কিন্তু এই রাষ্ট্রায়ত্ত পরিকল্পনার আড়ালে লুকিয়ে ছিল বাস্তবের নির্মমতা—কাঁটাতারের এপারে এসে মানুষ খুঁজে পেয়েছিল কেবল অস্থায়িত্ব, অনিশ্চয়তা, আর এক গভীর অভিমান।
সেই অভিমানই যেন প্রফুল্ল রায়কে রুখে দাঁড় করায় সাহিত্যের দরজায়। ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি লিখেছিলেন, কীভাবে এক অদম্য জেদ তাঁকে ছুটিয়ে নিয়ে গিয়েছিল ভারতের বিভিন্ন প্রান্তে—দেখবার জন্য, উপলব্ধি করবার জন্য, তাঁর সেই ‘স্বদেশবাসীরা’ কী অবস্থায় আছে। এই জেদের উৎস শুধুমাত্র সহমর্মিতা নয়, এটি ছিল ন্যায়বোধের এক গভীর অনুরণন। যাঁরা কিছুই বোঝেন না, বোঝাতে চায় না, অথচ ক্ষমতার লোভে একসময় লক্ষ লক্ষ মানুষকে ভিটে থেকে উৎখাত করেছিল—তাদের বিরুদ্ধে এক সুদূরান্তরের প্রতিবাদ যেন তাঁর ভিতরে দীপশিখার মতো জ্বলছিল। এই বোধ তাঁকে থামিয়ে দেয়নি, বরং এক ধরনের নৈতিক তাড়না নিয়ে লেখালেখির দিকে ঠেলে দিয়েছে। আসলে, দেশভাগ তাঁকে শুধু বাস্তুচ্যুত করেনি, তাঁকে পরিণত করেছিল একজন গভীর পর্যবেক্ষকে, একজন নথিভুক্ত কথাশিল্পীতে। রাষ্ট্র যেখানে ব্যর্থ, সাহিত্যের মাধ্যমে সেখানেই তিনি তুলে ধরেছেন উদ্বাস্তুর আত্মপরিচয়ের সংকট, ক্ষমতার কৌশলে চালিত ইতিহাসের বিকল্প পাঠ, আর শোষিতের চোখ দিয়ে দেখা স্বাধীন ভারতের রূপরেখা।
আন্দামান কিংবা দণ্ডকারণ্য—এই পুনর্বাসন-অঞ্চলগুলিকে রাষ্ট্র ‘সমাধান’ হিসেবে চিহ্নিত করলেও, প্রফুল্ল রায় তাঁদের দেখেছেন ইতিহাসচ্যুত জীবনের একান্ত ট্র্যাজেডি হিসেবে। শিকড় হারানোর পর মানুষ কিভাবে মাটি খুঁজে ফেরে, পরিচয় নির্মাণ করতে গিয়ে আবারও হারিয়ে ফেলে নিজেকে—এই সব কিছুকে তিনি রূপ দিয়েছেন নিছক নথি নয়, হৃদয়ের রক্তমাখা লেখায়। ইতিহাস তাঁর জন্য ছিল না কোনো ‘গ্র্যান্ড ন্যারেটিভ’, বরং ছিন্নসূত্র মানুষের ছোট ছোট জীবনের পুঞ্জীভূত বাস্তবতা, যা তিনি কুড়িয়ে নিয়েছেন সাহিত্যের পাঁকে নেমে, তুলে এনেছেন এক বিশুদ্ধ মানবিক দৃষ্টিকোণ থেকে।
‘মানবজীবন’ উপন্যাস সংকলনের ভূমিকায় তিনি নিজেই উল্লেখ করেছেন কীভাবে সামন্ততান্ত্রিক ভারতের একঘেয়ে ও নিষ্ঠুর জমি-কেন্দ্রিক শ্রেণিবিন্যাস তাঁকে গভীরভাবে আলোড়িত করেছিল। একদিকে এক ব্রাহ্মণ, কায়স্থ বা রাজপুত পরিবার, যারা শতকরা সত্তর-পঁচাত্তর ভাগ জমির মালিক, অন্যদিকে বৃহৎ সংখ্যক নিম্নবর্গীয় জনগোষ্ঠী যাদের পায়ের নিচে এক 'ধুর' জমিও নেই। এই আর্থসামাজিক বৈষম্য ছিল শুধু ক্ষমতার নয়, ছিল চিন্তার, ছিল মর্যাদার, ছিল মানবিক অধিকার হরণের ধারাবাহিক অনুশীলন।
স্বাধীনতা-উত্তর ভারতবর্ষে রাজনৈতিক শাসক বদলালেও, প্রফুল্ল রায়ের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল শোষণের রূপান্তর। ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হলেও সমাজের নিচুতলার মানুষদের জন্য জীবন ছিল আগের মতোই—শ্রমে জর্জর, অপমানে অপমানিত, প্রহসনে বন্দী। শোষণের নাম বদলালেও শরীর বদলায়নি। এই অভিজ্ঞতা তাঁকে করে তোলে এক রাজনৈতিক সচেতন সাহিত্যিক, যিনি সমাজের ‘উন্নয়নের গল্প’-এর বাইরে থাকা মানুষগুলোর কথাও বলেছিলেন প্রবল সাহসে।
এই উপলব্ধির ধারাবাহিক প্রকাশ আমরা পাই আশির দশকের পরবর্তী প্রফুল্ল রায়ের রচনাসমূহে। ‘ভাতের গন্ধ’, ‘আকাশের নিচে মানুষ’, ‘মানুষের যুদ্ধ’, ‘ধর্মান্তর’, ‘দায়বদ্ধ’, ‘প্রস্তুতিপর্ব’, ‘যুদ্ধযাত্রা’—এগুলো নিছক উপন্যাস নয়, এগুলো এক জাতির অনুচ্চারিত লড়াইয়ের দলিল, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী, বঞ্চিত জাতিগোষ্ঠী এবং সামাজিকভাবে প্রোথিত অসমতা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জীবনমৃত্যুর সংগ্রামে লিপ্ত হয়েছে। এই উপন্যাসগুলিতে উঠে এসেছে শুধু বাহ্যিক দুর্দশা নয়, বরং এক ধরণের ‘অভ্যন্তরীণ জাগরণ’—যা শোষণ মেনে না নিয়ে তার বিরুদ্ধে গর্জে ওঠার সাহসিকতা নিয়ে কথা বলে।
ছোটগল্পগুলিতেও যেমন ‘সাতঘড়িয়া’, ‘মানুষ’, ‘চুনাও’, ‘ভোজ’, ‘কার্তিকের ঝড়’, ‘শনিচারীর ইচ্ছাপূরণ’—প্রফুল্ল রায় স্থানীয়তা অতিক্রম করে এক সর্বজনীন রূপে উপস্থাপন করেন সমাজের বাস্তবতা। বিহারের প্রান্তিক অঞ্চলগুলোতে ঘটে যাওয়া ঘটনা হলেও এগুলো এক নির্দিষ্ট ভূখণ্ডের চিত্র নয়; এগুলো সেই শ্রেণির চিত্র যারা যুগে যুগে ক্ষমতার চক্রে বলিপ্রদত্ত।
বিশেষভাবে আলোচ্য ‘যুদ্ধযাত্রা’ উপন্যাসটি যেন এই সমস্ত অভিজ্ঞতার এক গূঢ় সংশ্লেষ। সেখানে দেখা যায়, কীভাবে অভিজাত শ্রেণি ক্ষমতার প্রয়োজনে নিম্নবর্গীয় মানুষদের কাজে লাগায়, তাদের ব্যবহার করে সিঁড়ির মতো, এবং প্রয়োজনে সেই সিঁড়ি ভেঙেও দেয় নির্মম নিষ্ঠুরতায়। প্রফুল্ল রায়ের সাহিত্যের স্বাতন্ত্র্য এই যে তিনি শুধু দুঃখ ও হাহাকারের বৃত্তে ঘুরে ফিরে যান না, বরং দেখান সেই জাগরণ, সেই উত্তরণের মুহূর্ত, যখন শোষিত মানুষেরা ধৈর্যের সীমা ছাড়িয়ে রুখে দাঁড়ায়, গর্জে ওঠে, ‘অপরাজেয়’ হয়ে ওঠে।
প্রফুল্ল রায় এমন এক লেখক ছিলেন, যিনি নিজের সীমিত পরিসরের অভিজ্ঞতাকে অতিক্রম করে ছুটে গেছেন মানুষের মর্মন্থল যন্ত্রণার কাছে। নাগাল্যান্ডের আদিবাসী গ্রামে কাটানো সময়ে তিনি চোখে দেখেছিলেন রাষ্ট্র ও সংস্কৃতির দ্বন্দ্ব। বিহারের অস্পৃশ্যদের আর্তনাদ, আন্দামানের নির্যাতিত জনজীবন—সবকিছুই তাঁকে করে তুলেছিল আরও সংবেদনশীল, আরও প্রতিজ্ঞ।
এই বহুদূর ঘোরাঘুরি, এই বহুমাত্রিক যাপনই তাঁকে দিয়েছিল সেই চোখ, যা মানুষের ভেতরের গভীর সত্যকে বুঝে নিতে পারে। তাঁর গল্প-উপন্যাস তাই কখনোই শুধু কল্পনা নয়, বরং এক নির্মোহ বাস্তবতার প্রতিচ্ছবি। ‘পূর্ব পার্বতী’, যা তিনি লিখেছিলেন নাগাল্যান্ডেই ১৯৫৬ সালে, কিংবা ‘কেয়াপাতার নৌকো’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, অথবা ‘নোনা জল মিঠে মাটি’—এই সব লেখায় বারবার ফিরে আসে উদ্বাস্তু জীবন, সামাজিক বিভাজন, নিঃস্ব মানুষের আশা-হতাশা আর আত্মমর্যাদার লড়াই।
দেশভাগ নিয়ে পূর্ব ও পশ্চিম দুই বাংলার কথাসাহিত্যে যত গল্প-উপন্যাস রচিত হয়েছে, তা বোধহয় বাংলার ইতিহাস ও সাহিত্যের অন্যতম মর্মস্পর্শী অধ্যায়। খুশবন্ত সিংয়ের ‘ট্রেন টু পাকিস্তান’, অমৃতা প্রীতমের ‘পিঞ্জর’, কিংবা মান্টোর ছিন্নভিন্ন গল্পগুলি একদিকে যেমন পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্তের রক্তাক্ত বিভাজনকে তুলে ধরেছে, তেমনি অপর প্রান্তে অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, অমিয়ভূষণ মজুমদার বা সমরেশ বসুর কাহিনিতে উঠে এসেছে পূর্ব বাংলার উদ্বাস্তু জীবনের দীর্ঘশ্বাস।
তবু, এই বিপর্যয়কে যারা দেখেছেন নিজেদের চোখে, যারা কাঁটাতারের এপারে দাঁড়িয়ে হারিয়ে যেতে দেখেছেন ঘর, আত্মীয়, ভাষা, নদী—তাদের কথা যে ভাষায় এবং যত গভীরতায় তুলে ধরেছেন প্রফুল্ল রায়, তা তুলনাহীন। আমার বিশ্বাস, স্বাধীনতা-পরবর্তী বাংলা সাহিত্যে দেশভাগের বাস্তবতাকে যিনি সবচেয়ে গভীরভাবে ধারণ ও রূপান্তরিত করেছেন, তিনি হলেন প্রফুল্ল রায়। তিনি শুধুমাত্র এক কথাকার নন, তিনি এক জীবনদর্শী—যিনি নিজের ভেতর লালন করেছেন সেই ছিন্নমূল মানুষের ক্ষোভ, কান্না ও সংবরণ।
প্রফুল্ল রায়ের ‘রাজা যায় রাজা আসে’ গল্পটি দেশভাগ নিয়ে লেখা সাহিত্যে এক ব্যতিক্রমী সংযোজন। যেখানে অধিকাংশ দেশভাগকেন্দ্রিক রচনাই ট্র্যাজেডির আবহে নির্মিত—ছিন্নমূলতা, ক্ষয়, মৃত্যু, পারিবারিক ভাঙন, স্থানচ্যুতি—সেখানে প্রফুল্ল রায় এই গল্পে দেশভাগকে দেখিয়েছেন এক জটিল ও বহুমাত্রিক অভিজ্ঞতা হিসেবে। শুধু ভাঙন নয়, সেখানে আছে নির্মাণ; শুধু ক্ষয় নয়, আছে কিছু মানুষের জীবনে উত্থানের আলোর রেখাও।
গল্পটি একপ্রকার আর্থসামাজিক রূপান্তরের আখ্যান। দেশভাগ কিছু মানুষের জন্য হয়ে উঠেছিল স্বপ্নপূরণের সুযোগ। যারা আগে অবহেলিত, প্রান্তিক, কিংবা কেবল মধ্যবিত্তের একঘেয়ে জীবনযাপনে বন্দী ছিল—দেশভাগ তাদের সামনে খুলে দেয় এক নতুন দরজা। পরিত্যক্ত সম্পত্তি, সরকারি সুবিধা, প্রশাসনিক নৈরাজ্যের ফাঁকফোকর দিয়ে কেউ কেউ হঠাৎ করে ভাগ্যবদলের রাস্তায় উঠে আসে। তারা কেউ স্থায়ী সাফল্য পায়, কেউ বা অল্প সময়ের জন্য সুখের স্বাদ নিয়ে আবার বাস্তবের কঠোরতায় ফিরে আসে দুর্দশার ছায়ায়।
গল্পের শিরোনাম ‘রাজা যায় রাজা আসে’ যেন এই অস্থির পরিবর্তনের প্রতীক। এক অর্থে, এটি শাসন ও আধিপত্যের প্রতীকী ব্যঞ্জনাও বটে—যেখানে এক রাজা মানে এক সমাজব্যবস্থা, এক আর্থিক শ্রেণি পতিত হচ্ছে, এবং তার জায়গায় আরেক ‘রাজা’ উঠে আসছে, সমাজের পেছনের সারি থেকে। এই ওঠানামার ভিতর দিয়েই প্রফুল্ল রায় দেখিয়েছেন দেশভাগ-পরবর্তী বাস্তবতা—যেখানে নৈতিকতার সংজ্ঞা ঘোলাটে, লাভ-লোকসানের হিসেব অনিশ্চিত, আর জীবনের গতি নির্ভর করছে কেবল ভাগ্যের ওপর নয়, সামাজিক চতুরতার ওপরও।
তবে গল্পটি কখনওই দেশভাগকে গৌরবময় বা কেবল আশীর্বাদ হিসেবে দেখায় না। বরং এটিকে দেখায় এক বিপুল মানবিক রদবদলের খেলা হিসেবে, যেখানে কেউই নিরাপদ নয়। আজকের ‘রাজা’ কাল হতে পারে পথের ভিখারি, আর এক অবাঞ্ছিত পরিযায়ী হঠাৎই হতে পারে জমিদার, ঠিক যেমন ইতিহাসের মোড় ঘোরে এক অদৃশ্য ঘূর্ণির টানে।
এই গল্পে আমরা দেখতে পাই, দেশভাগ কেবল সীমান্ত বদলের গল্প নয়, এটি মানসিকতা, মূল্যবোধ, আত্মপরিচয়েরও এক পুনর্গঠনের আখ্যান। প্রফুল্ল রায় সেই আখ্যানকে নির্মাণ করেছেন নির্মোহ, অথচ গভীর বোধসম্পন্ন ভাষায়। সেই কারণেই, ‘রাজা যায় রাজা আসে’ দেশভাগকে দেখার এক নতুন দৃষ্টিকোণ এনে দেয় বাংলা সাহিত্যে—যেখানে ধ্বংস ও সৃষ্টির সহাবস্থান রয়েছে একই পরিসরে, একই গল্পে।
এই কারণেই, তাঁর লেখনীতে দেশভাগ কোনো স্থূল রাজনৈতিক ঘটনা নয়—তা হয়ে ওঠে ব্যক্তিগত, সামাজিক, এমনকি অস্তিত্বগত ট্র্যাজেডি। যেখানে মানুষ শুধু দেশ হারায় না, হারায় তার ভুবন, তার ইতিহাস, তার ভবিষ্যৎ। আর সেই হারানোর কথাই যেন তাঁর কলমে রূপ পেয়েছে এক দীর্ঘশ্বাসের মতো—যেটি বাংলা সাহিত্যের মানচিত্রে চিরস্থায়ী হয়ে থাকবে।
প্রফুল্ল রায় শুধু যে দেশভাগের মতো ঐতিহাসিকভাবে জটিল ও বেদনাময় বিষয়কে সাহিত্যে দক্ষ হাতে তুলে ধরেছেন, তা-ই নয়—তিনি গল্প নির্মাণের নিজস্ব ভঙ্গিমা ও রূপেও এক স্বতন্ত্র কথাশিল্পী। তাঁর গল্পে বিষয়বস্তুর গভীরতা যেমন প্রশংসার দাবি রাখে, তেমনি গল্পের গঠন, ভাষা ও বিন্যাসেও স্পষ্ট তাঁর শৈল্পিক কুশলতা। তিনি জানতেন কীভাবে একটি গল্পকে ধীরে ধীরে গড়ে তুলতে হয়—প্রথমে চরিত্রের সূক্ষ্ম মনস্তত্ত্ব নির্মাণ, তারপর ধাপে ধাপে সমাজ, রাজনীতি, ইতিহাসের ছায়াপাত ঘটিয়ে তাতে এক বৃহত্তর ব্যঞ্জনা আনতে হয়।
এই নির্মাণের মধ্যে কখনোই কৃত্রিমতা নেই, নেই অতিনাটকীয়তা। বরং আছে অভিজ্ঞতার কঠিন মাটি থেকে উঠে আসা এক অনাড়ম্বর বাস্তবতা। তাঁর সাহিত্যবোধ যেমন সূক্ষ্ম, তেমনি তাঁর ভাষার ভঙ্গি সজীব ও হৃদয়গ্রাহী। দেশ-কাল-মানুষ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল গভীর এবং নিরপেক্ষ। তিনি কেবল শহরের শিক্ষিত শ্রেণিকে নয়, গ্রামবাংলার অনামী মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, ছিন্নমূল উদ্বাস্তুদেরও সাহিত্যে স্থান দিয়েছেন সম্মানের সঙ্গে।
এই কারণেই প্রফুল্ল রায়ের দেশভাগ-নির্ভর গল্পগুলি কেবল ঐতিহাসিক দলিল নয়, হয়ে উঠেছে এক বৃহৎ দেশের ইতিহাস ও মানসিক ভঙ্গির সাহিত্যিক ভাষ্য। এই ভাষ্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, তা সমষ্টিগত চেতনার বহিঃপ্রকাশ—যেখানে ব্যক্তির গল্প এক হয়ে যায় জাতির গল্পের সঙ্গে।
তাই, সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে, নিছক বিষয় কিংবা চরিত্র নয়—গল্পের রূপায়ণে, শৈলীতে, কাঠামো নির্মাণে—প্রফুল্ল রায় নিঃসন্দেহে এক মহৎ কথক। তাঁর সাহিত্যে দেশভাগ যেমন কেন্দ্রীয় প্রেক্ষাপট, তেমনি তা এক বৃহত্তর মানবিক পরিসরে পরিণত হয়েছে, যেখানে বেদনাও আছে, বোধও আছে, এবং ইতিহাসের গভীর অনুরণনও। এই ঐকান্তিক সাহিত্যসাধনার ফলেই তিনি বাংলা কথাসাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন—একজন সত্যিকারের কথাশিল্পী হিসেবে।
প্রফুল্ল রায়ের সাহিত্যে যে রাজনৈতিক চেতনা ও শ্রেণি-সংগ্রামের নৈতিক বোধ প্রবলভাবে উপস্থিত, তা তাঁর সময়ের বাংলা সাহিত্যে বিরল ও বিশিষ্ট। তিনি কেবল ইতিহাসের ভাষ্যকার নন, তিনি তাঁর সময়ের অন্তর্গত শক্তির ভেতরের সংঘাতের ভাষ্যকার। তাঁর কলম সেই দর্পণ হয়ে ওঠে, যেখানে সমাজ নিজেকে দেখবে—নির্মমতার মুখোমুখি হয়ে, এবং সাহসী প্রত্যুত্তরের মুখোমুখি হয়ে।
তাঁর ভাষা ছিল সহজ, অথচ হৃদয়স্পর্শী। লেখক হিসেবে তাঁর সাফল্যের অন্যতম কারণ ছিল এই—মানুষের মনে পৌঁছে যাওয়ার সহজাত ক্ষমতা। শহর হোক কিংবা গ্রাম, তাঁর পাঠক কখনও তাঁকে দূরের লেখক মনে করেনি। তাঁর গল্পের মানুষগুলো যেন পাশের বাড়ির লোক—চেনা, ছোঁয়া যায়, অথচ তাদের জীবন অনেক বড়, অনেক গভীর।
আজ সেই কলম থেমে গেল। কিন্তু বাংলা সাহিত্যের হৃদয়জুড়ে প্রফুল্ল রায় রয়ে যাবেন তাঁর লেখনীর মধ্য দিয়ে। তাঁর মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, লেখকের দেহ চলে গেলেও তাঁর শব্দেরা থেকে যায়—পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে থাকা শূন্যতা আর সংগ্রামের সাক্ষী হয়ে।
