রবীন্দ্রনাথের পথের সঞ্চয়: ইংরেজপ্রীতি ইংরেজভীতি
যখন ব্যথা হইতে কথা আসে না, কথা হইতেই কথা আসে, তখন কথার কারুকার্য ক্রমশ জটিল ও নিপুণতর হইয়া উঠিতে থাকে; আবেগ তখন প্রত্যক্ষ ও গভীর-ভাবে হৃদয়ের সামগ্রী না হওয়াতে সে সরল হয় না; সে আপনাকে আপনি বিশ্বাস করে না বলিয়াই বলপূর্বক অতিশয়ের দিকে ছুটিতে থাকে; নবীনতা তাহার পক্ষে সহজ নহে বলিয়াই আপনার অপূর্বতা প্রমাণের জন্য কেবলই তাহাকে অদ্ভুতের সন্ধান করিতে হয়।’
‘প্রয়োজন না থাকিলে মানুষ অকস্মাৎ কেন বাহিরে যাইবে, এ প্রশ্নটা আমাদের দেশেরই সম্ভব। বাহিরে যাইবার ইচ্ছাটাই যে মানুষের স্বভাবসিদ্ধ, এ কথাটা আমরা একেবারে ভুলিয়া গিয়াছি। কেবলমাত্র ঘর আমাদিগকে এত বাঁধনে এমন করিয়া বাঁধিয়াছে, চৌকাঠের বাহিরে পা বাড়াইবার সময় আমাদের এত অযাত্রা, এত অবেলা, এত হাঁচি টিক্টিকি, এত অশ্র“পাত, যে, বাহির আমাদের পক্ষে অত্যন—ই বাহির হইয়া পড়িয়াছে, ঘরের সঙ্গে তাহার সম্বন্ধ অত্যন— বিচ্ছিন্ন হইয়াছে। আত্মীয়মণ্ডলী অঅমাদের দেশে এত নীরন্ধ্র নিবিড় যে পরের মতো পর আমাদের কাছে আর-কিছুই নাই। এইজন্যই অল্প সময়ের জন্যও বাহির হইতে হইলেও সকলের কাছে আমাদের এত বেশি জবাবদিহি করিতে হয়।’
এই বলে রবীন্দ্রনাথ শুরু করেন তাঁর ‘পথের সঞ্চয়’। এবার তিনি বেরিয়েছেন বিলেত-ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পথে। তখন আষাঢ় ১৩১৯। ইংরেজি সাল ১৯১২। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির আগের বছর। এর আগেও তিনি সমুদ্র পাড়ি দিয়েছেন। পরেও। আগের বর্ণনা আমরা পেয়েছি তাঁর বিভিন্ন গ্রন্থে। এবারের ভ্রমণবৃত্তান্ত নিয়েও একটি বই হবে, এটি বলাই বাহুল্য। কিন্তু সেই বইটি যে শুধু ভ্রমণবৃত্তান্ত, এমনকি ভ্রমণসাহিত্যেরও গণ্ডি পেরিয়ে অসাধারণ একটি চিন্তা-রচনাকর্মে পরিণত হবে, এমন সব চিন্তা এবং পর্যবেক্ষণ সেখানে সন্নিবেশিত হবে, যা কালের সীমা পেরিয়ে অনেক অনেক অনাগত কাল যাবৎ মানুষকে ভাবিয়ে চলবে, তা কি রবীন্দ্রনাথ নিজেও ভাবতে পেরেছিলেন?
তবে শুরুতে শুধু বাইরে বেরোতে চাওয়াকেই বাইরে বেরোনোর কারণ হিসাবে যথেষ্ট বলে ঘোষণা করলেও রবীন্দ্রনাথের এবারের ভ্রমণ কিন্তু নিছক ভ্রমণ ছিল না। এবারের ভ্রমণে তিনি ইউরোপের আত্মাকে খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে বেরিয়েছেন ইউরোপের আধ্যাত্মিকতাকে। সবাই তখন এই মর্মে একমত হয়েছেন যে, ‘য়ুরোপীয় সভ্যতা বস্তুগত, তাহার মধ্যে আধ্যাত্মিকতা নাই’। কিন্তু রবীন্দ্রনাথ সে কথা মেনে নিতে রাজি নন। কেননা তাঁর ধ্রুব বিশ্বাস- ‘উন্নতির মূলে মানুষের আত্মা আছে- কখনোই তাহা জড়ের সৃষ্টি নহে’। আর রবীন্দ্রনাথ প্রশ্নের আকারে আধ্যাত্মিকতার লক্ষণ নিজেই বলে দেন- ‘আধ্যাত্মিকতা কি কেবল জনসঙ্গ বর্জন করিয়া শুচি হইয়া থাকে এবং নাম জপ করে, আধ্যাত্মিক শক্তিই কি মানুষকে বীর্য দান করে না?’ অর্থাৎ ইউরোপের আজকের বীর্যবত্তার পেছনে রয়েছে তার আধ্যাত্মিক শক্তিই। আবারও জোরের সঙ্গে রবীন্দ্রনাথ জানিয়ে দিচ্ছেন- ‘য়ুরোপের ধর্ম য়ুরোপকে সেই দুঃখপ্রদীপ্ত সেবাপরায়ণ প্রেমের দীক্ষা দিয়াছে। ইহার জোরেই সেখানে মানুষের সঙ্গে মানুষের মিলন সহজ হইয়াছে। ইহার জোরেই সেখানে দুঃখতপস্যার হোমাগ্নি নিবিতেছে না এবং জীবনের সকল বিভাগেই শত শত তাপস আত্মাহুতির যজ্ঞ করিয়া দেশের চিত্তে অহরহ তেজ সঞ্চার করিতেছেন। সেই দুঃসহ যজ্ঞহুতাশন হইতে যে অমৃতের উদ্ভব হইতেছে তাহার দ্বারাই সেখানে শিল্প বিজ্ঞান সাহিত্য বাণিজ্য রাষ্ট্রনীতির এমন বিরাট বিস্তার হইতেছে; ইহা কোনো কারখানা ঘরে লোহার যন্ত্রে তৈরি হইতে পারে না; ইহা তপস্যার সৃষ্টি এবং সেই তপস্যার অগ্নিই মানুষের আধ্যাত্মিক শক্তি, মানুষের ধর্মবল।’
এরপরে আসতে থাকে ইউরোপবাসীর (মূলত ইংরেজদের) ব্যক্তিজীবন এবং সামাজিক জীবনে সততা, অধ্যবসায়, শ্রমশীলতা, উদারতা, রুচিশীলতা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতার একের পর এক বিবরণ। টাইটানিক-ডুবির প্রসঙ্গ এলে তো রবীন্দ্রনাথ আপ্লুত হয়ে পড়েন ইংরেজদের মহানুভবতায়। তাঁর ভাষায়- ‘টাইটানিক জাহাজ ডোবার ঘটনায় আমরা এক মুহূর্তে অনেকগুলি মানুষকে মৃত্যুর সম্মুখে উজ্জ্বল আলোকে দেখিতে পাইয়াছি। ইহাতে কোনো-একজন মাত্র মানুষের অসামান্যতা প্রকাশ হইয়াছে এমন নহে। সকলের চেয়ে আশ্চর্য এই যে, যাহারা লক্ষ্ণীর ক্রোড়ে লালিত ক্রোড়পতি, যাহারা টাকার জোরে চিরকাল নিজেকে অন্য সকলের চেয়ে বেশি বলিয়াই মনে করিয়া আসিয়াছে, ভোগে যাহারা বাধা পায় নাই এবং রোগে বিপদে যাহারা আপনাকে বাঁচাইবার সুযোগ অন্য-সকলের চেয়ে সহজে লাভ করিয়া আসিয়াছে, তাহারা ইচ্ছা করিয়া দুর্বলকে অক্ষমকে বাঁচিবার পথ ছাড়িয়া দিয়া মৃত্যুকে বরণ করিয়াছে।’ [রবীন্দ্রনাথের নজর এড়িয়ে গেছে কয়েকটি বিষয়। প্রথমত, টাইটানিক ডুবলেও সকলকেই রক্ষা করার মতো পর্যাপ্ত ছোটযান আছে, এ ব্যাপারে সকল যাত্রীই নিঃসন্দেহ ছিল। ফলে তাদের মধ্যে তাড়াহুড়া করার প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, মৃত্যুর মুখেও সাহসিকতা ও বীর্যবত্তা দেখনোর লোভ মানুষের চিরকালই ছিল, এবং আছে। এই প্রবণতা ভবিষ্যতেও থাকবে।]
বিপরীতে রবীন্দ্রনাথ তাঁর স্বদেশের মানুষের মধ্যে ঠিক বিপরীত প্রবণতার উল্লেখ করেছেন, উদাহরণ হিসাবে দুই-একটা ঘটনার বর্ণনা দিতেও কুণ্ঠিত হন নাই। [এখানেও সরলীকরণ করেছেন রবীন্দ্রনাথ। অথবা নিজের যুক্তির উত্তেজনায় ভুলে গেছেন বিপরীত উদাহরণগুলির কথা। এই দেশের মানুষও আরেক মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে আসছে সেই আর্য আগমনেরও আগে থেকে। অনেকগুলি ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথের সমকালে। সেগুলির কথা তিনি ভুলে গিয়েছিলেন এই লেখা চলাকালীন সময়টিতে।]
তবে একটু পরেই রবীন্দ্রনাথ প্রবেশ করেন তাঁর চিরাচরিত সেই ধারণার জগতে। যেখানে তিনি জোরের সাথে তো বটেই, সর্বান্তঃকরণেই বিশ্বাস করেন যে, পূর্ব ও পশ্চিম, প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের পথই হচ্ছে মানবজাতির চিরস্থায়ী আরোগ্যের পথ। সত্যিকারের মুক্তির পথ। সেখানে তিনি দেখান যে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে দুই জগতেরই একটু শূন্যস্থান রয়েছে। ভারতবর্ষীয় মায়াবাদ-বেদ-পুরাণ-উপনিষদবাহিত জীবের ও জীবনের উদ্দেশ্যের সাথে মেলাতে হবে পশ্চিমের গতিকে। একমাত্র তাহলেই মানবজাতি লাভ করবে প্রকৃত সভ্যতার স্বাদ। পথের সঞ্চয় হিসাবে এই উপলব্ধিও তাঁর আসে যে- ‘আমরা দেখিলাম আনন্দকে, আর দুঃখকে বলিলাম মিথ্যা মায়া; উহারা দেখিল দুঃখকে, আর আনন্দকে বলিল মিথ্যা মায়া। কিন্তু, পরিপূর্ণ সত্যের মধ্যে তো কোনোটাই বাদ পড়িতে পারে না; পূর্ব পশ্চিম সেখানে না মিলিলে পূর্বও মিথ্যা হয়, পশ্চিমও মিথ্যা হয়।’ জাহাজে চলার সময় ইউরোপীয়রা সমুদ্র দেখে না, আকাশ দেখে না, কোনো গভীর উপলব্ধি নিয়ে চিন্তায় বিভোর হয় না। তারা জমজমাট খেলা ও আনন্দের আসর বিছিয়ে বসে। তারা প্রচণ্ড হুল্লোরে মেতে হঠে। রবীন্দ্রনাথও খেয়াল না করে পারেন না যে, ‘ইহারা সর্বদাই চঞ্চল হইয়া আছে।’ কিন্তু সেই চঞ্চলতাকেও তাঁর চোখে সুন্দর মনে হয়। কেননা এটিকে তিনি তাদের জীবনপ্রাচুর্যের বহিঃপ্রকাশ বলে মনে করেন। সেইসঙ্গে সপ্রশংস দৃষ্টিতে লক্ষ করেন যে, ইউরােপীয়রা খেলায়-আনন্দে মেতে উঠেছে বটে, কিন্তু অলক্ষ্যে বেশ কিছু বিধান সকলেই মেনে চলেছে। সেই কারণে খেলা কোনো সময়েই কোনো বিপত্তিতে পরিণত হচ্ছে না। সুশৃঙ্খলায বিধানে সবটাই নিয়ন্ত্রিত ও সুন্দর। কিন্তু এই জাহাজের ডেক যদি শুধুমাত্র বাঙালিদের দ্বারা পরিপূর্ণ থাকত, তাহলে কেমন হতো ডেকের চিত্র? সেই দৃশ্যও কথায় কথায় এঁকে রেখেছেন রবীন্দ্রনাথ- ‘আমরা এই ডেক পাইলে নিজের প্রয়োজন-মতো চলিতাম। পোঁটলা-পুঁটলি যেখানে সেখানে ছড়াইয়া রাখিতাম। কেহ বা দাঁতন করিতাম, কেহ বা যেখানে খুশি বিছানা পাতিয়া পথ রোধ করিয়া নিদ্রা দিতাম, কেহ বা হুঁকার জল ফিরাইতাম ও কলিকাটা উপুড় করিয়া ছাই ও পোড়া তামাক যেখানে হোক একটা জায়গায় ঢালিয়া দিতাম, কেহ বা চাকরকে দিয়া শরীর দলাইয়া সশব্দে তেল মাখিতে থাকিতাম। ঘটিবাটি জিনিসপত্র কোথায় কী পড়িয়া থাকিত তাহার কোনো ঠিকানা পাওয়া যাইত না, এবং ডাকাডাকি হাঁকাহাঁকির অন্ত থাকিত না। ইহার মধ্যে যদি কেহ নিয়ম ও শৃঙ্খলা আনিতে চেষ্টামাত্র করিত তাহা হইলে অত্যন্ত অপমান বোধ করিতাম এবং মহা রাগারাগির পালা পড়িয়া যাইত। তাহার পরে অন্য লোকের যে লেখাপড়া কাজকর্ম থাকিতে পারে, কিম্বা মাঝে মাঝে সে তাহার অবসর ইচ্ছা করিতে পারে, সে সম্বন্ধে কাহারো চিন্তামাত্র থাকিত না।’ এত বড় উদ্ধৃতির পরেও স্বজাতির যে সব দোষের কথা উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ, সেগুলির সংকুলান হলো না। তবে আভাস পাওয়া যাচ্ছে, এই যাত্রায় ইউরোপের আধ্যাত্মিকতা সন্ধানের পাশাপাশি রবীন্দ্রনাথ স্বজাতির ভেতর-বাইরের সমস্ত কুশ্রীতার পোস্টমর্টেমও শুরু করছেন, এবং চেষ্টা করছেন জাতিগত আত্মসমালোচনার ভার একার কাঁধে তুলে নিতে। বাঙালি কি মোটেই নিয়ম-শৃঙ্খলা মানে না? এই পর্যায়ে এসে তাঁর তিক্ত অনুভূতি হচ্ছে- ‘যেখানে আমরা নিয়ম মানি সেখানে দাসের মতো মানি, যেখানে মানি না সেখানে দাসের মতো ফাঁকি দিই।’ কারণ আমরা তো তখন প্রকৃত অর্থে এবং সর্বঅর্থেই দাস। ক্রীতদাস নই, কিন্তু রাষ্ট্রনৈতিক দাস, অর্থনৈতিক দাস। এবং মনোনৈতিক দাসও বটে। সেই দাস্যভাব প্রায়শই আমাদের সকল উদম এবং উদ্যোগকে শূন্যতায় দাঁড় করিয়ে দেয়।
জাহাজে বসে রবীন্দ্রনাথ শুধু যে ইউরোপীয় সহযাত্রীদের দেখবেন তা তো নয়। তাহলে তো তিনি রবীন্দ্রনাথ থাকেন না। মনের গভীরে সবসময় যে ‘আমিত্ব’কে তিনি খুঁজে বেড়ান, সেই আমিত্ব নিয়ে চিন্তার বড় প্রকৃষ্ট সময়। সীমার মাঝেই যিনি অসীমের উপস্থিতি অনুভব করতে জানেন, যিনি অনীর্বচনীয়কে বচনের সীমায় নিয়ে আসার পারঙ্গমতা অর্জন করেছেন, সেই তিনি এই অসীম সমুদ্র-বিস্তারের মাঝখানে নিজের মনটিকে শুধুমাত্র বাহ্য মানব-আচরণ এবং তুলনামূলক বিশ্লেষণের মধ্যে আটকে রাখবেন, তা চিন্তাই করা যায় না। তা তিনি রাখেনও-নি। আর সেইসব জায়গাগুলোতেই ‘পথের সঞ্চয়’-এর আসল ধনরত্নের সন্ধান পাওয়া যায়। পথে কী কী চিন্তার ঐশ্বর্যপ্রাপ্তি ঘটল, সঞ্চিত হলো বাঙালির আবহমান ভাণ্ডারে সেটাও জানা যায়। জানা যায়- ‘আমি বলিতে যাহাকে বুঝি তাহা বাহিরের দিকে কত শব্দ গন্ধ স্পর্শ, কত মুহূর্তের চিন্তা ও অনুভূতি, অথচ এই-সমস্তেরই ভিতর দিয়া যে একটি জিনিস আপন সমগ্রতায় প্রকাশ পাইতেছে তাহাই আমি এবং তাহার বাহিরের রূপের প্রতিরূপ মাত্র নহে, বরঞ্চ বাহিরের বৈপরীত্বের দ্বারাই সে ব্যক্ত হইতেছে।’
রবীন্দ্রনাথের কাছে ‘আমি’ চিন্তার মতোই প্রায় সমান গুরুত্ব পায় শিল্প। সেখানে তিনি গভীর বিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন নিজের শিল্পচিন্তার কথা- ‘আর্ট-জিনিসটাতে সংযমের প্রয়োজন সকলের চেয়ে বেশি। কারণ, সংযমই অন্তরলোকে প্রবেশের সিংহদ্বার। মানবজীবনের সাধনাতেও যাঁহারা আধ্যাত্মিক সত্যকে উপলব্ধি করিতে চান তাঁহারাও বাহ্য উপকরণকে সংক্ষিপ্ত করিয়া সংযমকে আশ্রয় করেন।... এইজন্য প্রবল আঘাতের দ্বারা হৃদয়কে মাদকতার দোলা দেওয়া আর্টের সত্য ব্যবসায় নহে। সংযমের দ্বারা তাহা আমাদিগকে অন্তরের গভীরতার মধ্যে লইয়া যাইবে, ইহা তাহার সত্য লক্ষ্য।’
এই সংযম প্রযোজ্য জীবনের চাওয়ার ক্ষেত্রেও। ‘আরো’ চাই ‘আরো’ চাই যখন প্রতিধ্বনিত হতে থাকে সর্বক্ষণ, তখন তা আর অ্যাডভেঞ্চার নয়, তা হয়ে দাঁড়ায় রোগের লক্ষণ। বলা যায় সর্বরোগের কারণও সেটাই। সকল ক্ষেত্রেই ‘আরো চাওয়া’ রোগ নয়। এই চাওয়া থেকেই মানুষ অনেক অচেনা জগতের দুয়ার খুলতে অগ্রসর হয়। নতুন নতুন আবিষ্কারে মত্ত হতে পারে। স্বর্গে সবকিছুই ছিল। কিন্তু ‘আরো চাই’ বলে আদি পিতা-মাতা শয়তানের ফাঁদে পা দিয়েছিলেন। তার ফলাফল হিসাবে অনন্য এই পৃথিবীতে অনন্য মনুষ্যজীবনপ্রাপ্তি। কিন্তু ‘আরো চাই’ যখন একমাত্র ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায়, তা তখন পৃথিবীর যাবতীয় দুঃখের মূল, যাবতীয় অশান্তির কারণ। রবীন্দ্রনাথ সেই কারণটাও জানিয়ে দিচ্ছেন আমাদের- ‘প্রকৃতির সীমাবদ্ধ ক্ষেত্রে আমাদের এই আরোর ইচ্ছাকে দৌড় করাইতে গেলেই পরস্পরের ঘাড়ের উপর আসিয়া পড়িতে হয়। যেটুকু আমার আছে তাহার চেয়ে বেশি লইতে গেলেই যেটুকু তোমার আছে তাহার উপর হাত দিতে হয়। তখন, হয় গোপনে ছলনা নয় প্রকাশ্যে গায়ের জোর আশ্রয় করিতে হয়। তখন দুর্বলের মিথ্যাচার ও প্রবলের দৌরাত্ম্যে সমাজ লণ্ডভণ্ড হইতে থাকে।’
রবীন্দ্রনাথ সমুদ্রযাত্রা শেষ করে লন্ডন শহরে পৌঁছান। বলাবাহুল্য লন্ডন তাঁর ভালো লাগে। বাস্তবিকই লন্ডনে ভালো লাগার মতো রয়েছেও অনেককিছু। তদুপরি রবীন্দ্রনাথের এবারের সফর তো ইউরোপের অন্তরাত্মার খোঁজ নেবার সফর। তাই তিনি সেখানে মানুষকে পর্যবেক্ষণ করতে থাকেন ভেতরে-বাহিরে। সেখানে পেয়ে যান একজন সত্যিকারের বন্ধু। এমন একজন বন্ধু, যাকে পেলে মনে হয় ‘এইরূপ বন্ধুত্বধনে-ধনী লোককে লাভ করার সুবিধা এই যে, একজনকে পাইলেই অনেককে পাওয়া যায়। কেননা ইঁহাদের, জীবনের সকলের চেয়ে প্রধান সঞ্চয় মনের মতো মানুষ-সঞ্চয়।’ এই বন্ধু হচ্ছেন বিখ্যাত চিত্রশিল্পী রোটেনস্টাইন। তার মাধ্যমে কবি ডব্লিউ বি ইয়েটস, স্টপফোর্ড ব্রুক, ইংলন্ডের ভাবুক সমাজ দেখা হয়ে যায় রবীন্দ্রনাথের। এরপর তিনি দেখতে যান ইংলন্ডের পাদ্রি ও পল্লীগ্রামকে। এখানে কিঞ্চিৎ ভিন্নদৃষ্টির পরিচয় পাওয়া যায়। খৃস্টান পাদ্রিরা যে যীশুর শিক্ষা অনুযায়ী যথাবিহিতভাবে শান্তির সপক্ষে সোচ্চার হন না, এটি রবীন্দ্রনাথের মনে আসে। সেজন্য তাঁকে কিছুটা সমালোচনামুখর হতেও দেখা যায়। তিনি সক্ষোভে উচ্চারণও করেন সেকথা। পল্লীগ্রাম দেখেও রবীন্দ্রনাথ যথারীতি মুগ্ধ। সাধারণ মানুষের গৃহে তিনি আতিথ্য গ্রহণ করেছেন সাধারণ গ্রামবাসীর জীবনযাপন দেখার জন্য। কিন্তু সেই সাধারণ গৃহও তাঁর কাছে অসাধারণ মনে হয়। সেখানেও তিনি ইংরেজ-সুরুচি এবং জীবনযাপনের পারিপাট্য খুঁজে পান। মুগ্ধ হবার মতোই তো সবকিছু। ‘বাড়িটির ঘরগুলি পরিপাটি পরিচ্ছন্ন; লাইব্রেরি সুপাঠ্য গ্রন্থে পরিপূর্ণ; ভিতরে বাহিরে কোথাও লেশমাত্র অযত্নের চিহ্ন নাই।... ইহারা নিজের মনুষ্যগৌরবকে খাটো করিয়া দেখে না বলিয়াই নিজের ঘর-বাড়িকে যেমন সর্বপ্রযত্নে তাহার উপযোগী করিয়া তুলিয়াছে, তেমনি নিজের প্রতিবেশকে সমাজকে দেশকে সকল বিষয়ে সকল দিক হইতে সম্মার্জন করিয়া তুলিবার জন্য ইহাদের প্রয়াস অহরহ উদ্যত হইয়া রহিয়াছে।’
এত প্রশংসা ইংরেজদের সম্পর্কে! মাঝে মাঝে ব্যাপারটি আমার মতো পাঠককে পীড়িত না করে পারে না। মনে হয়, বিলাতের আত্মা বা আধ্যাত্মিকতা অনুসন্ধানের নামে রবীন্দ্রনাথ ইংরেজদের গুণকীর্তনে নেমেছেন কোমরবেঁধে। তিনি যেন জানেনই না যে আমাদের যা দুর্গতি, তার জন্য ইংরেজরাই সবচেয়ে বেশি দায়ী। তিনি বারংবার বলার চেষ্টা করেন যে, রাষ্ট্রের মতো রাষ্ট্র চলুক, রাষ্ট্র পরাধীন বলে সমাজের কাজ থেমে থাকবে কেন? তিনি বার বার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এই কথা বলে যে, প্রাচীন ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রামসমাজ ফিরিয়ে আনার জন্য আমাদের তৎপর হতে হবে। কিন্তু একথা তাঁর মনে হয় না যে, তা অসম্ভব। কারণ গ্রামসমাজের ভিত গুঁড়িয়ে দিয়েছে ইংরেজরা। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে, কুটির শিল্প ধ্বংসের মাধ্যমে, তৃণমূল পর্যায়ে শোষণের হাত এবং যন্ত্র প্রসারিত করার মাধ্যমে বাংলার গ্রামসমাজে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা পূরণ করা যাবে না। আবার এটাও বোধহয় তিনি মনে রাখেন না যে ইংরেজদের এই সমৃদ্ধি, সাধারণ ইংরেজের জীবনযাপনেও যে সুরুচির নিশ্চয়তা তৈরি হয়েছে, তার রসদ আসে এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকার অসংখ্য দেশ এবং জনপদকে অব্যাহত শোষণের মাধ্যমে বিরানভূমিতে পরিণত করার ফলাফল থেকে। আমরা রবীন্দ্রচরিত্রের এই দোদুল্যমানতা, ইউরোপ সম্পর্কে এই মুগ্ধতা দেখব তাঁর জীবনের প্রায় শেষপ্রান্ত পর্যন্ত। একেবারে এই সীমাবদ্ধতা তিনি কাটিয়ে উঠবেন প্রায় মৃত্যুশয্যার অব্যবহিত পূর্বে ‘সভ্যতার সঙ্কট’ নামক অসাধারণ প্রবন্ধবিবৃতির মাধ্যমে।
তাহলে ‘পথের সঞ্চয়’ থেকে আমাদের প্রাপ্তি কী?
আমাদের ফিরে যেতে হবে ইয়েটস বিষয়ক তাঁর রচনাটিতে। এবারের ইংল্যান্ড সফরে ইয়েটস-এর সঙ্গে গভীর কথোপকথনের অবকাশ জোটে তাঁর। কবি ইয়েটস-এর প্রসঙ্গে অলোচনায় উঠে আসে এমন এক সাহিত্য-উপলব্ধির সারাৎসার, যা রবীন্দ্রনাথের অন্য কোনো রচনায় পাওয়া যায়নি। এমন সত্য উপলব্ধি যার ঘটবে, তিনি, যদি প্রতিভাশক্তি থাকে, তাহলে সৃষ্টির জগতে বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সত্যিকারের স্রষ্টার মর্যাদায় আসীন হতে পারবেন। রবীন্দ্রনাথ এখানেই সাহিত্যস্রষ্টাকে দুইটি মোটা দাগে ভাগ করে নিয়েছেন। এর চাইতে সত্য এবং তাৎপর্যপূর্ণ শ্রেণীকরণ আর হয় না, হতে পারে না। রবীন্দ্রনাথ জানাচ্ছেন, লেখক-কবি দুই ধরনের। এক ধরনের হচ্ছে ‘বিশ্বজগতের কবি’। ‘বিশ্বজগৎ ও মানবজীবনের রসকে তাঁহারা নিঃসংশয় ভরসার সহিত নিজের হৃদয়ের ভাষায় প্রকাশ করিতে পারেন; তাঁহারাই নিজের সমসাময়িক কাব্যসাহিত্যের সমস্ত কৃত্রিমতাকে সাহসের সঙ্গে অতিক্রম করিয়া থাকেন।’ আর অন্যদিকে রয়েছেন ‘সাহিত্যজগতের কবি’। তারাই সংখ্যায় বেশি। বাংলাতেও। ইংল্যান্ডেও। তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ‘কবিত্বের জন্য কাব্যের মূল প্রস্রবণে তাদের না মানুষের না গেলেও চলে। কবিরা যেন ওস্তাদ হইয়া উঠিয়াছে অর্থাৎ প্রাণ হইতে গান করিবার প্রয়োজনই তাহার চলিয়া গিয়াছে, এখন কেবল গান হইতেই গানের উৎপত্তি চলিতেছে। যখন ব্যথা হইতে কথা আসে না, কথা হইতেই কথা আসে, তখন কথার কারুকার্য ক্রমশ জটিল ও নিপুণতর হইয়া উঠিতে থাকে; আবেগ তখন প্রত্যক্ষ ও গভীর-ভাবে হৃদয়ের সামগ্রী না হওয়াতে সে সরল হয় না; সে আপনাকে আপনি বিশ্বাস করে না বলিয়াই বলপূর্বক অতিশয়ের দিকে ছুটিতে থাকে; নবীনতা তাহার পক্ষে সহজ নহে বলিয়াই আপনার অপূর্বতা প্রমাণের জন্য কেবলই তাহাকে অদ্ভুতের সন্ধান করিতে হয়।’
‘পথের সঞ্চয়’ থেকে ইউরোপের আত্মার স্বরূপ পুরোপুরি জানা না গেলেও কবিত্বের স্বরূপ জানতে বাকি থাকে না। প্রাপ্তি হিসাবে সেটুকুও কম নয়।
