বোশেখি এলিজি
বোশেখি বিউগল আজ বেজে চলে অবিরাম ঘরে ধূপ-ধোঁয়া
বছরের আদিক্ষণে মরলো কে? চারদিকে শোকের চাঁদোয়া
পলাশেরা হতবাক শিমুলের লাশ ঢাকা রক্তাক্ত কাফনে
গ্রহের গ্রহণকথা ছড়িয়েছে মৌমাছিরা আমলকি বনে
বসেছে গানের মেলা এ-জন্মের ভোরবেলা বোধি বটমূলে
হিংসা আর বিস্ফোরণে সংস্কৃতির বিহগেরা বেতাল বেভুলে
ইলিশ মরিচে মাখা সাঁতরায় কাতরায় পান্তাভাত পাতে
এ বঙ্গের অহংকার ভেঙে পড়ে এলোকেশি মেঘের আঘাতে
নিমকি বাতাসা খই গুড়মুড়ি চিড়াদই টকটক লাগে
ভেজাল সময়ে তুমি দণ্ডিত মিছিলেরেই ঠিক পুরোভাগে
কনজিউমার গুডস ভেরি গুড ভেরি গুড ফাঁকা হালখাতা
বিলাসের মরুদ্যানে বেমানান খদ্দেরের হাওয়া ভরা মাথা
এরকম অমঙ্গল করতে পারে কি দূর মঙ্গলের শোভা
আমাকে ফিরিয়ে দাও হে উত্তাল নদনদী খালবিলডোবা
স্মর্ণচূড়া ক্ষয়ে যায় অগত্যা কঙ্কালসার স্যাঁতসেঁতে কালে
তিরোহিত কারুকাজ আকবরী প্রাসাদের ফাঁটল দেয়ালে
আমাদের হাতগুলো নেই আর দৃঢ়ভাবে একসাথে বাঁধা
কোরাসেও ক্ষান্ত দিয়ে অজানা অচেনা রাগে হেঁড়ে গলা সাধা
সুরের সাম্রাজ্য আজ নিয়েছে দখল করে পাতাল অসুরে
যাও যাও হে বৈশাখ হৃদয় প্রদেশ ছেড়ে চলে যাও দূরে!
