২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়োসে বেন ইয়োসের কবিতা

ইয়োসে বেন ইয়োসে শুধু একজন কবি নন, বরং ইহুদি আধ্যাত্মিকতার এক সেতুবন্ধন। তাঁর জীবন অজানা হলেও তাঁর দর্শন দুঃখকে আশায় রূপান্তরিত করে, কার্যকলাপ লিটার্জিকে সমৃদ্ধ করে এবং কবিতা ঈশ্বর-মানুষের সম্পর্ককে কাব্যময় করে।

ইয়োসে বেন ইয়োসের কবিতা
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

সৈয়দ তারিক সৈয়দ তারিক

Published : 09 Jan 2026, 08:48 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

প্রাচীন ইহুদি সাহিত্যের ইতিহাসে ইয়োসে বেন ইয়োসে (Yose ben Yose) এক অনন্য স্থান অধিকার করে আছেন। চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে প্যালেস্টাইনের মাটিতে জন্মগ্রহণকারী এই কবি পিয়্যুত (Piyyut) অর্থাৎ ইহুদি ধর্মীয় গীতিকবিতার আদিতম ও প্রথম নাম-জানা কবি। তাঁর কবিতাগুলি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হয়ে ওঠেনি, বরং ইহুদি চিন্তাধারার গভীরতর দিকগুলি—যেমন দুঃখ, ত্রাণকর্তা বা মসিহের জন্য আশা, ঈশ্বরের করুণা এবং মানবজীবনের নৈতিকতা—প্রকাশ করেছে। তাঁর কাজ ইহুদি ধর্মীয় কাব্যের এক নতুন ধারার সূচনা করে, যা পরবর্তীকালে এলেয়াজার কাল্লির-এর মতো কবিদের জন্য পথ প্রশস্ত করেছিল। এটি মূলত চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে ইহুদিদের বসতিস্থল প্যালেস্টাইনে (রোমান প্রদেশের অংশ) উদ্ভূত ও বিকশিত হয়েছিল। 

ইয়োসে বেন ইওসের জীবন সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। প্রাচীন ইহুদি সাহিত্যের অনেক বড় ব্যক্তিত্বের ক্ষেত্রেও এটা একই রকম ঘটনা। তিনি সম্ভবত চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে (খ্রিস্টাব্দ ৩৫০-৫০০) প্যালেস্টাইনের গালিল অঞ্চলে বাস করতেন। তাঁর জন্মস্থান এবং পরিবার সম্পর্কে কোনো নির্ভরযোগ্য রেকর্ড নেই, তবে ঐতিহ্য অনুসারে তিনি "হা-য়াতোম" (ha-yatom, অর্থাৎ অনাথ বা এতিম) নামে পরিচিত ছিলেন।

তাঁর জীবনকাল ছিল রোমান ও পরবর্তীতে বাইজেন্টাইন শাসনের অধীনে। এই সময় ইহুদি সম্প্রদায় ক্রমাগত নিপীড়নের শিকার হয়। এই প্রেক্ষাপটে তাঁর কবিতা এক ধরনের আধ্যাত্মিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। কোনো সমসাময়িক জীবনীগ্রন্থ না থাকায়, তাঁর ব্যক্তিত্ব আমাদের কাছে কবিতার মাধ্যমেই উদ্ভাসিত হয়। তিনি সম্ভবত একজন ধর্মীয় পণ্ডিত এবং সিনাগগের নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন, যেখানে তাঁর রচনাগুলি প্রথম পাঠ করা হতো। তাঁর মৃত্যু বা পরবর্তী জীবন সম্পর্কে কোনো তথ্য নেই, কিন্তু তাঁর কাজ কায়রো জেনিজাহ (Cairo Genizah) নামক পুরনো নথিপত্রের সংগ্রহ থেকে উদ্ধার হয়েছে। এটি তাঁর প্রভাবের দীর্ঘায়ু প্রমাণ করে।

শুরুতেই বলা হয়েছে, ইয়োসে বেন ইয়োসের বিশেষ খ্যাতি পিয়্যুতের রচয়িতা হিসাবে। পিয়্যুত হলো একধরনের ইহুদি ধর্মীয় কাব্য বা স্তোত্র যা ইহুদি উপাসনালয় সিনাগগে প্রচলিত প্রথাগত প্রার্থনার (Liturgy) অংশ হিসেবে বা সেগুলিকে অলংকৃত করার জন্য আবৃত্তি, পাঠ বা পরিবেশন করা হয়।

পিয়্যুতের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ঈশ্বরের প্রশংসা ও মহিমা; রয়েছে বাইবেল ও ইহুদি ধর্মগ্রন্থের ব্যাখ্যা (মিদ্রাশ) থেকে বিভিন্ন কাহিনি ও ঘটনার কাব্যিক পুনর্লিখন; আছে ইহুদি জাতির ইতিহাস, নির্বাসন ও পরিত্রাণের আকাঙ্ক্ষা; আরও আছে আচার-অনুষ্ঠান ইত্যাদি।

ইয়োসে বেন ইয়োসের মতো আদি কবিরা (যাদের পায়তানিম বলা হয়) এমন জটিল কাব্যিক রূপ তৈরি করেছিলেন, যা আজও উৎসব ও বিশেষ সাবাথের (শনিবার) প্রার্থনায় ব্যবহৃত হয়। তাঁর রচনাগুলো মূলত প্যালেস্টাইনীয় প্রার্থনা রীতির প্রতিফলন ঘটায়। পিয়্যুত কেবল কাব্যিক শিল্পকর্ম নয়, বরং এটি কয়েক শতাব্দী ধরে ইহুদি সংস্কৃতি, ধর্মতত্ত্ব ও ঐতিহাসিক পরিস্থিতির প্রতিচ্ছবি হিসেবে কাজ করেছে।

ইয়োসে বেন ইয়োসের কবিতার প্রধান থিমগুলি হলো দুঃখ-যন্ত্রণা, ত্রাণকর্তা বা মসিহের জন্য আশা, ঈশ্বরের করুণা এবং মানবজীবনের নৈতিক দ্বন্দ্ব। তিনি ইহুদি মিদ্রাশ (Midrash তথা ইহুদি ধর্মগ্রন্থের ব্যাখ্যা) থেকে অনুপ্রাণিত হয়ে একটি চিত্রময় ভাষা ব্যবহার করেন, যা বাইবেলীয় ঘটনাকে পুনর্ব্যাখ্যা করে।

দুঃখের থিম তাঁর কবিতায় কেন্দ্রীয়। ইহুদি ঐতিহ্যে দুঃখকে প্রায়শই জাতির শাস্তি বা পাপের ফল হিসেবে দেখা হয়; কিন্তু ইয়োসে এটিকে একটি পরিশোধনমূলক প্রক্রিয়া হিসেবে চিত্রিত করেন। উদাহরণস্বরূপ, তাঁর কবিতায় ইসরায়েলের নিপীড়নকে ঈশ্বরের পরীক্ষা হিসেবে দেখা হয়, যা শেষ পর্যন্ত মুক্তির দিকে নিয়ে যায়।

তিনি একজন 'দুঃখী মসিহ' (suffering Messiah)-এর ধারণা প্রকাশ করেন, যা পরবর্তী ইহুদি চিন্তায় মেসিয়া বেন জোসেফ-এর ধারণায় প্রতিফলিত হয়। তাঁর কবিতায় মেসিয়াকে একজন যোদ্ধা-সেবক হিসেবে দেখা হয়, যিনি দুঃখের মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত করেন এবং জাতিকে মুক্তি দেন। এই ধারণা ইসাইয়াহ ৫৩-এর 'সার্ভেন্ট অফ গড'-এর সাথে সাদৃশ্যপূর্ণ, যা খ্রিস্টান চিন্তায় প্রভাব ফেলেছে। কিন্তু ইহুদি ঐতিহ্যে জাতির সমষ্টিগত দুঃখ হিসেবে ব্যাখ্যা করা হয়। ইয়োসের কবিতা এই মেসিয়ানিক আশা প্রকাশ করে যে দুঃখের পর পরিত্রাণ আসবে।

তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি হলো 'আভোদা' (Avodah) নামে পরিচিত দীর্ঘ কবিতা, যা কিপ্পুর (Yom Kippur, প্রায়শ্চিত্তের দিন) দিনে মহাযাজক (High Priest) কর্তৃক মন্দিরে সম্পাদিত প্রাচীন বলিদানের আচারের বর্ণনা দেয়। এই কবিতায় মহাযাজককে পবিত্র, নিষ্ঠাবান ও বীরত্বপূর্ণ রূপে চিত্রিত করা হয়েছে, যা প্রচলিত রাব্বিনিক সাহিত্যে পাওয়া বর্ণনার চেয়ে আলাদা – যেখানে মহাযাজককে কখনো কখনও নিষ্ক্রিয় বা কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। তিনি মহাযাজকের ঐশ্বর্যপূর্ণ পোশাক ও শারীরিক মহিমাও বর্ণনা করেছেন, যা ঐ সময়ের আচারের প্রতি এক বিশেষ গুরুত্ব আরোপ করে।

তাঁর কবিতায় অন্যান্য থিমগুলির মধ্যে রয়েছে ঈশ্বরের মহত্ত্ব ও মানুষের নম্রতা। তিনি ঈশ্বরকে এক অপরিমেয় শক্তি হিসেবে চিত্রিত করেন, যাঁর সৃষ্টি 'রব চেসেদ' (rov chesed, অর্থাৎ অসীম করুণা) দ্বারা পরিচালিত। এটি একটি থিওসেন্ট্রিক দর্শন, যেখানে মানুষের ভূমিকা হলো প্রার্থনা ও প্রায়শ্চিত্তের মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন। এই ভাবদর্শন পরবর্তী কবিদের প্রভাবিত করেছে।

তাঁর কবিতার ভাষা বিশুদ্ধ হিব্রু। মাঝে মাঝে নবীন শব্দসমূহের প্রয়োগ কাব্যিক সৌন্দর্য প্রকাশ করে। তাঁর কবিতায় অ্যাক্রসটিক বা নামের বিশেষ বর্ণ বিন্যাস পাওয়া যায়।।

ইয়োসে বেন ইয়োসে শুধু একজন কবি নন, বরং ইহুদি আধ্যাত্মিকতার এক সেতুবন্ধন। তাঁর জীবন অজানা হলেও তাঁর দর্শন দুঃখকে আশায় রূপান্তরিত করে, কার্যকলাপ লিটার্জিকে সমৃদ্ধ করে এবং কবিতা ঈশ্বর-মানুষের সম্পর্ককে কাব্যময় করে। আজও তাঁর পিয়্যুত ইহুদি উৎসবে গাওয়া হয়, যা তাঁর অমরত্ব প্রমাণ করে। তাঁর মতো কবিরা দেখিয়ে দিয়েছেন যে, কবিতা শুধু শব্দ নয়, বরং আত্মার প্রার্থনা।

১. 

আমি ঈশ্বরের মহৎ কার্যাবলি ঘোষণা করব,

যিনি পরাক্রমে মহিমান্বিত।

তিনিই একমাত্র ঈশ্বর,

আর অন্য কেউ নেই;

তিনি ব্যতীত আর কেউ নেই;

তাঁর পরে পৃথিবীতে কেউ থাকবে না,

স্বর্গে তাঁর আগে কেউ ছিল না;

আদিতে তিনি ছাড়া কেউ ছিলেন না,

আর অন্তেও তিনি ভিন্ন অন্য কেউ হবেন না।

চিন্তায় প্রভুর মতো, কর্মে ঈশ্বরের মতো—

যখন তিনি পরামর্শ করেন, কেউ অনুপস্থিত থাকে না;

যখন তিনি আদেশ করেন, কেউ বিলম্ব করে না।

তিনি বলেন এবং করেন, পরিকল্পনা করেন এবং পূর্ণ করেন,

শক্তিতে বিশ্বকে বহন করেন, পরাক্রমে এটিকে ধারণ করেন।

তাঁর সৃষ্টি তাঁকে সঙ্গীতে উদযাপন করে;

ঊর্ধ্বলোক এবং নিম্নলোক থেকে তাঁকে প্রশংসা দেওয়া হয়।

পৃথিবীতে একমাত্র ঈশ্বর,

স্বর্গে পবিত্রতম জন,

ঊর্ধ্বে পরাক্রমশালী—

তিনি জলরাশি থেকে স্তুতি গ্রহণ করেন,

গভীর সমুদ্র থেকে জয়গান,

আলোকোজ্জ্বল বস্তু থেকে আরাধনা,

দিনগুলি থেকে বাক্,

রাত্রিগুলি থেকে সুর।

অগ্নি তাঁর নাম ঘোষণা করে,

বনানীর বৃক্ষরা আনন্দে গান করে,

পশুরা তাঁর ভয়ংকর কাজের শক্তি শিক্ষা দেয়।

২. 

তুমি বিশ্ব স্থাপন করেছ অসীম দয়ায়,

আলোর আগে অন্ধকারকে আদেশ দিয়েছিলে।

পাপীরা যখন পথ ভুলে যায়,

তুমি তাদের জন্য করুণার দুয়ার খোলা রাখো।

মন্দিরের ধোঁয়া উঠতো আকাশে,

যাজকের হাতে পবিত্র রক্ত ঝরতো।

আজ আমরা দাঁড়াই তোমার সামনে খালি হাতে,

প্রার্থনা দিয়ে পাপের বোঝা হালকা করি।

হে রব চেসেদ!

আমাদের দুঃখ দেখো, আমাদের কান্না শোনো,

মেসিয়ার আগমনে আমাদের মুক্তি দাও।

৩. 

আমি স্মরণ করব তোমার মহিমা,

যা পাহাড় ভেঙে, সমুদ্র চিরে দিয়েছে।

তুমি যখন কথা বলো, আকাশ কাঁপে,

কিন্তু আমরা মাটির সন্তান, ধুলোয় মিশে যাই।

আমাদের পিতৃপুরুষ পাপ করেছে,

আমরা তার ফল ভোগ করি প্রজন্ম থেকে প্রজন্ম।

তবু তুমি বলো : "আমি ক্ষমা করি",

যখন আমরা ফিরে আসি তোমার পথে।

এই দিনে, প্রায়শ্চিত্তের দিনে,

আমাদের নাম লেখো জীবনের বইয়ে।

৪. 

হ্যাঁ, আমরা পাপ করেছি,

আমাদের হৃদয় কঠিন হয়েছে পাথরের মতো।

আমরা ভুলে গেছি তোমার নাম,

আমাদের জিহ্বা মিথ্যায় ভরে গেছে।

কিন্তু তুমি, হে করুণাময়,

আমাদের দিকে তাকাও দয়ার চোখে।

আমাদের কান্না শোনো,

আমাদের প্রার্থনা গ্রহণ করো।

যেমন মা সন্তানকে কোলে তুলে নেয়,

তেমনি তুমি আমাদের ক্ষমা করো।